৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ: যেভাবে আবেদন করবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের ৫ম বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬। মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়। আজ বৃহস্পতিবার (৯ মে) আবেদনের শেষ দিন। তবে ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা।

যেভাবে আবেদন করা যাবে
অনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪–এ ৩৫ বছর বা তার কম হতে হবে।

পছন্দক্রমে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান
প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত Other Option নামের বক্সে Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন, তবে No Click করতে হবে।

প্রতিষ্ঠান পছন্দের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এনটিআরসিএ।

যেসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্যসংখ্যক শিক্ষার্থী নেই, সেসব প্রতিষ্ঠানের এমপিও পরবর্তী সময়/ ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে কাম্যসংখ্যক শিক্ষার্থী নেই, সেসব পদে পরবর্তী সময়/ ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না।

কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাঁকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না।

আবেদনের ফি
সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে একবার সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের কোনো স্কুলে কর্মরতদের (এমপিওভুক্ত/ইনডেক্সধারী) সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী (এমপিওভুক্ত/ইনডেক্সধারী) প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত কলেজ পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তাঁর নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ের পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করা প্রতিষ্ঠানে নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে।




দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও স্কুল বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল বির্তক অনুষ্ঠানে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।

বির্তকের বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ.এম শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম প্রমুখ।

আরো পড়ুন : শখের বসে কোয়েল পালনে সফল নাহিদ

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার অয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান সুপন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.ফারুক হোসেন, সদস্য মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. আবু হোসেন মিরন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মু.আবদুল জলিল তালুকদার।




চন্দ্রদীপ নিউজে সংবাদ প্রকাশের পর ববির ক্যান্টিন চালু

বরিশাল অফিস :: চন্দ্রদীপ নিউজে  সংবাদ প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্যান্টিন চালু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) থেকে হলটির ক্যান্টিন নতুনভাবে চালু করা হয়৷ হলের ক্যান্টিন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

এর আগে গত ৩১ মার্চ ঈদুল ফিতরের ছুটি শুরুর হওয়ার পর বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ছেড়ে দেন তৎকালীন ক্যান্টিন পরিচালক। তবে, ২১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ছুটি শেষ হয়ে দীর্ঘ ১৫ দিন পার হলেও বন্ধ ছিল হলটির ক্যান্টিন। যার কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে চড়ামূল্যে খাবার কিনে খেতে হচ্ছিল।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী পূণ্যব্রত মণ্ডল বলেন, হলের ক্যান্টিন বন্ধ থাকায় আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল। হল প্রশাসন ক্যান্টিন চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাচ্ছি।

এক মাস বন্ধ থাকায় গত ৪ঠা মে চন্দ্রদীপ নিউজেকে ‘হল চালু ক্যান্টিন বন্ধ, বিপাকে ববির আবাসিক শিক্ষার্থীরা’ শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর ৭ মে সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল আবারও চালু করা হয়।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলন ‘আঞ্চলিক ইতিহাস সম্মেলন-২০২৪’ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান শুরু হবে।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ ছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।




সংসদে জনপ্রশাসনমন্ত্রী : সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই বলে জানান তিনি।

সোমবার (০৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে দুটি সম্পূরক প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী এসব কথা জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিন এ সংক্রান্ত প্রশ্ন করেন।

রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে, তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল ৬২ বছর থেকে ৭২ বছরে পৌঁছেছে।

এখন এটি অত্যন্ত যৌক্তিক, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা শিথিল করে অন্তত ৩৫ বছরের কাছে নিয়ে যান।

তিনি বলেন, বয়সসীমা বাড়ালে কর্মসংস্থানের অভাবে আমাদের হতাশাগ্রস্ত তরুণ ও যুবসমাজ প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে।

আমি সরকারকে অনুরোধ করব, বয়সসীমা শিথিল করার সময় এসেছে। সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টির সময় হয়েছে। আমাদের ‘না’ মনোভাব থেকে বেরিয়ে এসে ‘হ্যাঁ’-তে আসতে হবে।

এ প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাকরির বয়স ছিল ২৭ বছর, সেখান থেকে বৃদ্ধি করে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে জনবল কাঠামো ও নিয়োগ প্রক্রিয়ার আধুনিকায়ন করে থাকি। যুগের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি। চাকরিতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার (অবসর) বয়সটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি চাকরিতে এখন বেশ আকর্ষণ তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ক্যাডার সার্ভিসে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারি চাকরির পরিবেশ থেকে শুরু করে বেতন কাঠামো, নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ তৈরি করেছে। সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ততা একটি সম্মানের বিষয়। আবার চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বেতন কাঠামোও অত্যন্ত সুন্দর হয়েছে, কাজের পরিবেশও সুন্দর হয়েছে।

মন্ত্রী বলেন, এটি (চাকরির বয়সসীমা বাড়ানো) নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা সবসময় বলে আসি, ফ্রেশ গ্রাজুয়েটদের রিক্রুট করতে চাই। এটি সরকারের একটি পলিসি। ২২-২৩ বছর বয়স থেকেই শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তারা ৬-৭ বছর সময় পান। তারা যোগদানের যথেষ্ট সময় পাচ্ছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সংসদে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সব সময় যুগের প্রয়োজনে, নতুন যা করলে ভালো হবে, তা চিন্তা করে থাকি। তবে মনে করি, এটি নীতিগত সিদ্ধান্ত- চাকরির বয়স আগামীতে বাড়াব কি বাড়াব না। বাড়ালে ভালো হবে কি না, তা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে ভবিষ্যতে আরও আলাপ-আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

ফরিদা ইয়াসমিন তার প্রশ্নে বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষামন্ত্রী একটি ডিও লেটার দিয়েছেন। এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে?

জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে এ ধরনের একটি পত্র আমরা ইতোমধ্যে পেয়েছি। আগেই বলেছি এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও আলাপ-আলোচনা করব। তবে আপাতত চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেই। এটি নিয়ে আরও আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো




স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে পতাকা উত্তোলন

পটুয়াখালী প্রতিনিধি :: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১১

পরে মহিলা কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে বকুল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব আজ শোশক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবিতে জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।




প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে : শিক্ষামন্ত্রী




আজ খুলেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান




এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে




অপতথ্য রোধে একসঙ্গে কাজ করতে পারে সরকার, পেশাদার গণমাধ্যম ও সুশীল সমাজ’

চন্দ্রদ্বীপ ডেস্ক :অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ অংশীদার হয়ে একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে দক্ষিণ এশিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। ‘বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউনেস্কো, টিআইবি এবং আর্টিকেল নাইন্টিন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের সমালোচনা করা সমস্যা নয়। সত্য তথ্যের ওপর ভিত্তি করে যেকোন সমালোচনা করলে সেটা সরকার স্বাগত জানায়। যখন পরিকল্পিতভবে অপতথ্যের প্রচার করা হয়, দেশের উন্নয়ন থামানোর জন্য সাংবাদিকতার অপব্যবহার করা হয়, অপতথ্য প্রচারের জন্য পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, সেটিই সমস্যা তৈরি করে। এক্ষেত্রে অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে, উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিকতা বন্ধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ একসাথে অংশীদার হয়ে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে চায়। মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংগতিপূর্ণ। আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের মাধ্যমে এ বিষয়গুলোর সুরক্ষা দেওয়া হয়েছে। আমরা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছি, জীবন উৎসর্গ করেছি এবং একটি দেশ তৈরি করেছি।

প্রতিমন্ত্রী বলেন, যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো, তখন সেটা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা যাতে কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য অপব্যবহার না হয়। যখনই আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা চিন্তা করবো, তা যেন গণমাধ্যমের সঠিক ব্যবহারের ক্ষেত্রে হয়, অপব্যবহারের ক্ষেত্রে নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জলবায়ু ও পরিবেশের বিষয়টি মাথায় রেখে একশো বছরের পরিকল্পনা ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে। নেদারল্যান্ডস সরকারের সহায়তার ২১০০ সালে এটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে দায়ী না হলেও, বাংলাদেশ এর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। যেহেতু জলবায়ু পরিবর্তন রোধে কেন্দ্রীয়ভাবে সরকারের অঙ্গীকার রয়েছে, তাই যারা এর বিরুদ্ধে কাজ করছে তাদেরকে সরকার মেনে নেওয়ার কোনো কারণ নেই। তাই পরিবেশ সুরক্ষা পক্ষে প্রতিবেদন বা সাংবাদিকতা সরকার অবশ্যই স্বাগত জানাবে। কারণ ডেল্টা প্ল্যান অনুযায়ী আগামী একশো বছরে দীর্ঘ মেয়াদে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই পানি ব্যবস্থাপনা, ভূমি সম্পদ ব্যবস্থাপনা, বাস্তুসংস্থান ও পরিবেশ নিয়ে সরকার কাজ করছে।

সরকার শুধু উন্নয়নে বিশ্বাস করে না বরং টেকসই উন্নয়নে বিশ্বাস করে, যা পরিবেশগত সুরক্ষাকে অন্তর্ভুক্ত করে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে মৌলিক সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যে কোনো ধরনের সমালোচনা সব সময় স্বাগত জানাবে এবং দেশের যেকোনো প্রান্তের প্রতিবেদক বা সাংবাদিককে সুরক্ষা দেবে। সত্য ও বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করলে এমনকি সরকারের সমালোচনা করলেও সেটি সরকার প্রশংসা করবে ও স্বাগত জানাবে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক।প্যানেল আলোচনা সঞ্চালনা করেন আর্টিকেল নাইন্টিন-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম। এর আগে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন দি বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস এবং ফ্রিল্যান্স সাংবাদিক উসরাত ফাহমিদা।