বরিশাল নভোথিয়েটারে ‘একাডেমিক ভবন’ ঘোষণা ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত সংকট ও পরিবহন সমস্যার সমাধান না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নবনির্মিত বরিশাল নভোথিয়েটারকে দখল করে ‘একাডেমিক ভবন’ ঘোষণা করেছেন। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা সেখানে ‘একাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে উল্লাস প্রকাশ করেন।
এর আগে বিকেলে তাঁরা ক্যাম্পাসের প্রধান ফটকসংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এতে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ১৪ বছর পার হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ন্যূনতম ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। ফলে অনেক সময় খোলা মাঠে পাঠদান করাতে হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট, আবাসন সমস্যা, পরিবহনের ঝুঁকি ও লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাবসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “আমাদের শ্রেণিকক্ষের সংকট ভয়াবহ। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। অথচ ইউজিসি থেকে কোনো সাড়া মেলেনি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, “নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডি শিগগিরই শুরু হবে। জমি অধিগ্রহণ ও পরিবহন কেনার প্রক্রিয়াও চলছে।”
এদিকে, সরকারি স্থাপনা নভোথিয়েটার শিক্ষার্থীরা দখল করতে পারেন কি না—এমন প্রশ্নে প্রক্টর জানান, শিক্ষার্থীরা আবেগের বশে এ কাজ করেছেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








