বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল বা পরিষদ বা সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। অর্থাৎ সব প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।




পদত্যাগ করলেন সাদেকা হালিম, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি

চন্দ্রদ্বীপ নিউজ :: পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক তানভীর আহসান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম।

তিনি বলেন, উপাচার্যসহ আমি, প্রক্টর ও প্রক্টরিয়াল বডি, জনসংযোগ ও প্রকাশনায় দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট সবাই পদত্যাগ করেছি।

এর আগে গত ৩০ নভেম্বর ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

একই সঙ্গে তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন।

 




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

চন্দ্রদ্বীপ নিউজ :: এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মশিউর রহমান। আজ রবিবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি‌।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।’

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন ভিসি মশিউর রহমান।




দুই উপদেষ্টার দপ্তর বণ্টন




একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন।

বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে। আগামী ১৭ আগস্ট রাতে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ মাদরাসায় সিট খালি থাকায় ও কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চতুর্থ ধাপেই ভর্তির আবেদনের সর্বশেষ ধাপ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি তারা এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি তারা চতুর্থ ধাপে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষার্থীদের কলেজের আসন সংখ্যা দেখে ৫টি থেকে ১০টি কলেজে আবেদনের পছন্দ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর আগামী ১৮ ও ১৯ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ২০ আগস্ট কলেজে ভর্তি হতে পারবেন।




ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে অধ্যাপক কাজী শহীদুল্লাহ উল্লেখ করেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।

তিনি আরও লিখেছেন, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

কাজী শহীদুল্লাহ ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান ছিলেন তিনি।

১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এ নির্বাচিত হয়েছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে জয় লাভ করেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেন। এর পর প্রথমবারের মতো ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

 




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

চন্দ্রদ্বীপ নিউজ :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

আজ শনিবার বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আজকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’

ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। বাকি যারা আছেন, সবাই পদত্যাগ করবেন।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুন শাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে ২১ আগস্ট উপাচার্য হিসাবে যোগদান করেন তিনি।

 




পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। তার সঙ্গে আরও সাতজন হল প্রাধ্যক্ষও পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ই-মেইল বার্তায় তিনি পদত্যাগ করেন।

পদত্যাগপত্রের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও পাঠিয়েছেন তিনি। রেজিস্ট্রার দপ্তর সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, উপাচার্যের সঙ্গে বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগ করেছেন। এছাড়া জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন। তাছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানও পদ ছেড়েছেন বলে জানা গেছে।




ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি : অনতিবিলম্বে পদত্যাগ না করলে করুণ পরিণতির হুঁশিয়ারি আসিফ মাহমুদের

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু তাতে সায় দেয়নি বিচারপতিদের কেউ।  উল্টো ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে শনিবার প্রধান বিচারপতিকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

জানা গেছে, চলমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এতে আপত্তি তুলেছেন আসিফ মাহমুদ।

শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। ’

দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতি ভোগের ব্যাপারে হুশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

আসিফ মাহমুদ আরও লিখেন, ‘পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

শনিবার সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ‘ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। ’

দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতি ভোগের ব্যাপারে হুশিয়ারি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

আসিফ মাহমুদ আরও লিখেন, ‘পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।’

ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।  সরকার পতনের তিনদিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।




প্রধান উপদেষ্টা আজ আবু সাঈদের গ্রামের বাড়িতে যাচ্ছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পীরগঞ্জের গ্রামের বাড়িতে আসছেন আজ।
প্রধান উপদেষ্টার পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে আসার বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জের বাবনপুর আসবেন। এখানে এসে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।’