শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ সারজিসের

চন্দ্রদ্বীপ নিউজ :: শিক্ষার্থীদের আগামী রবিবারের মধ্যে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মের ভাই-বোনদের ধন্যবাদ জানাই। তারা এই সংকটে, এই দুঃসময়ে রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এখন সময় এসেছে তাদের আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে।’

বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের মো. আমানতের জানাযায় অংশগ্রহণ শেষে সার্কিট হাউজে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই-বোনদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথ করে দিতে হবে। ফিরে আসলে তাদের স্বাগত জানাতে হবে। সবাই যখন কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে, তখনই দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি, রবিবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের দেশ গড়ার পালা। এই দেশ গড়ার জন্য আমাদের সবার সহযোগিতা লাগবে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নেই। সেই জায়গা থেকে বাংলাদেশ গঠনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। দেশকে স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।’

সারজিস আলম আরও বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় থাকবে, এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না, এটিও কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। বরং দেশকে যদি আমরা স্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যেতে চাই, তাহলে যার কর্মক্ষেত্র যেটি, তাকে সেই জায়গা কাজ করতে হবে।’

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ভারতকে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। যে দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দেবে, কারা সরকার প্রতিষ্ঠা করবে নির্ভর করে দেশের জনগণের ওপর। ১৬ বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন, এখনো মনে হয় সেটিই রয়েছে। কিন্তু সেই যুগ এ দেশের ছাত্র-জনতা পরিবর্তন করে দিয়েছে।

 




এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ :;কোটা সংস্কার আন্দোলনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা এ সময়সূচি অনুযায়ী চলবে।

গত মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিন অবনতি ঘটলে ১৬ জুলাই রাতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা স্বাপেক্ষে ৪ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

 




নামাজের ১৪টি ওয়াজিব কী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ।

প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইমান গ্রহণের পর প্রথম এবং প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি।

কেননা, পরকালে সব মুসলমানের কাছে প্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তির নামাজের হিসাব দিতে সহজ হবে, তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে।

নামাজের সব বিধান মেনে সঠিকভাবে নামাজ আদায় করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহতায়ালার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, ‘সেসব মুমিনরা সফলকাম, যারা তাদের নামাজে বিনয়াবনত থাকে।’ -(সূরা মুমিনুন, আয়াত : ১-২)।

নামাজের মধ্যে রয়েছে ১৪টি ওয়াজিব কাজ। ওয়াজিব কাজ বলতে ওই সব কাজকে বুঝায়, যার কোনো একটিও ছুটে গেলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সিজদায়ে সাহু আদায় করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়তে হয়। তাই নামাজের ওয়াজিবগুলো যথাযথ আদায় না করলে নামাজ হবে না।

নামাজের ওয়াজিব বা আবশ্যক ১৪টি কাজ হলো:

১. প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পূর্ণ পড়া। (বুখারি ১/১০৪, হাদিস: ৭৫৬)

২. প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা বা ছোট তিন আয়াত পরিমাণ মেলানো। (বুখারি ১/১০৫, হাদিস : ৭৭৬, মুসলিম ১/১৮৫, হাদিস : ৪৫১)

৩. ফরজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা। (বুখারি ১/১০৫, হাদিস : ৭৭৬, মুসলিম ১/১৮৫, হাদিস : ৪৫১)

৪. সুরা ফাতিহা অন্য সুরার আগে পড়া। (বুখারি ১/১০২, ১০৩, হাদিস : ৭৪৩, মুসলিম ১/১৯৪, হাদিস : ৪৯৮, তিরমিজি, হাদিস : ১/৫৭, হাদিস : ২৪৬ সহিহ)

৫. নামাজের সব রুকন ধীরস্থিরভাবে আদায় করা (অর্থাৎ রুকু, সিজদা ও রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দেরি করা)। (বুখারি ১/১০৯, হাদিস : ৭৯৩, মুসলিম ১/১৭০, হাদিস : ৩৯৭, আবু দাউদ ১/১২৪, ১২৪, হাদিস : ৮৫৬, ৮৫৭, ৮৫৮)

৬. প্রথম বৈঠক করা (অর্থাৎ তিন অথবা চার রাকাতবিশিষ্ট নামাজের দুই রাকাতের পর বসা)। (বুখারি ১/১১৪, হাদিস : ৮২৮)

৭. উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। (বুখারি ১/১১৫, হাদিস : ৮৩০, ৮৩১, মুসলিম ১/১৯৪, ১৭৩, হাদিস : ৪৯৮, ৪০২, ৪০৩, তিরমিজি ১/৮৯, হাদিস : ৩৯১)

৮. প্রতি রাকাতের ফরজ ও ওয়াজিবগুলোর তারতিব বা ধারাবাহিকতা ঠিক রাখা। (বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩)

৯. ফরজ ও ওয়াজিবগুলো নিজ নিজ স্থানে আদায় করা। (যেমন—দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সঙ্গে করা। প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শেষ করে তত্ক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি। (বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, ৬৭, হাদিস : ৩০২, ৩০৩)

১০. বিতর নামাজে তৃতীয় রাকাতে কিরাতের পর কোনো দোয়া পড়া। অবশ্য দোয়া কুনুত পড়লে ওয়াজিবের সঙ্গে সুন্নতও আদায় হয়ে যাবে। (বুখারি ১/১৩৬, হাদিস : ১০০২, তিরমিজি ১/১০৬, হাদিস : ৪৬৪১ হাসান, ইবনে মাজাহ ১/৮৩, হাদিস : ১১৮২)

১১. দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলা। (আবু দাউদ ১/১৬৩, হাদিস : ১১৫৩ হাসান, মুসনাদে আহমাদ ৪/৪১৬, হাদিস : ১৯৭৩৪ হাসান, মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ২/১৭২, হাদিস : ৫৬৯৪ হাসান, মুসান্নাফে আবদুর রাজ্জাক ৩/২৯৩, হাদিস : ৫৬৮৬)

১২. দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবির বলার পর রুকুতে যাওয়ার সময় ভিন্নভাবে তাকবির বলা। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ১/৪৯৫, হাদিস : ৫৭০৭ সহিহ, মুসান্নাফে আবদুর রাজ্জাক ৩/২৯৩ হাদিস : ৫৬৮৬ সহিহ, তাহাবি ৪/৩৪৮, হাদিস : ১৬৭৪)

(এই তাকবিরটি অন্যান্য নামাজে সুন্নত)

১৩. ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে কিরাত আস্তে পড়া। আর ফজর, মাগরিব, এশা, জুমা, দুই ঈদ, তারাবি ও রমজান মাসের বিতর নামাজে কিরাত শব্দ করে পড়া। (মুসলিম ১/২৯১, হাদিস : ২৫৯, নাসায়ি ১/১১২, হাদিস : ৯৭০ সহিহ, তিরমিজি ১/১০৬)

মনে রাখতে হবে, আস্তে পড়ার অর্থ মনে মনে পড়া নয়। কেননা এতে নামাজ শুদ্ধ হয় না; বরং আওয়াজ না করে মুখে উচ্চারণ করে পড়া জরুরি)।

১৪. সালামের মাধ্যমে নামাজ শেষ করা। (বুখারি ১/১১৫, হাদিস : ৮৩৭)।




রোববার খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়




একাদশে ভর্তির সময় আবারও বাড়লো

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষরা সময় বাড়ানোর আবেদন করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কবে ক্লাস শুরু হবে, তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—সর্বশেষ ধাপে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার, যা চলবে আগামী ১৮ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ২১ আগস্ট এ ধাপে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে। ২২-২৪ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন শেষে ২৫ আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে। সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে।




আজ সকাল ১০টায় শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: খুনি শেখ হাসিনার বিচারসহ’ চার দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয়ভাবে সকাল ১০টায় রাজধানী শাহবাগে মোড়ে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রেরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে। ১৫ আগস্ট ঘিরে ‘ক্যু’ হওয়ার আশঙ্কার মধ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা পিলখানা হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে আলেম ও মাদরাসা ছাত্র হত্যা, গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করাসহ কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাসিনার বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে।

এদিকে চট্টগ্রামের নিউমার্কেটে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালিত হবে। রাজশাহীর তিনটি পয়েন্টে তালাইমারী, রেলগেট এবং সিএন্ডবি মোড়ে জড়ো হবেন ছাত্রজনতা। সেখান থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অ্যালায়েন্স জানিয়েছে, তারা বুধবার রাত থেকে ধানমন্ডি ৩২ ঘিরে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিবেশ অস্বাভাবিক গতিবিধি যেন না হয়, সেজন্য পাহারায় থাকবেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ ইউনিভার্সিটি, ড্যাফোটিল ইনস্টিটিউট অব আইটিসহ ধানমন্ডির আশেপাশের সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তারা ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।

আওয়ামী সরকারের সময়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হত, দিনটি সরকারি ছুটি ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীসভা এই ছুটি বাতিল করেছে।

কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তবে এখনও প্রতিবিপ্লবের আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। এজন্য গত তিনদিন থেকে মাঠে রয়েছেন তারা। গত সোমবার তারা ‘রেজিস্ট্যান্স উইক’ ঘোষণা করেছেন। প্রতিদিনই তারা সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন।




২৮-৪২তম বিসিএস : ভূতাপেক্ষ নিয়োগ পেলেন বাদ পড়া ২৫৯ জন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৮তম হতে ৪২তম বিসিএস পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৫৯ জন প্রার্থীকে ভূতাপেক্ষিকভাবে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়োন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের শর্তে বলা হয়, সরকারি কর্ম কমিশনের মেধাক্রম অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হয় বিধায় এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পাওয়াদের ক্ষেত্রে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগ পাওয়াদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। তাদের মূল ব্যাচের যোগদানের তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে তার ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না।




১১ সেপ্টেম্বর থেকে হতে পারে এইচএসসির স্থগিত পরীক্ষা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা আগামী মাসের ১১ তারিখ থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছি। এর মধ্যে সব গুছিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছি। সরকার যদি এ প্রস্তাবে সাড়া দিয়ে নির্দেশনা দেয় তাহলে আমরা নতুন সংশোধিত সময়সূচি করে শিক্ষার্থীদের জানিয়ে দেবো। তারা প্রস্তুতি নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে, সেই সময়ও তাদের দেওয়া হবে।

এর আগে সোমবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই অনুষ্ঠিত হবে। শিগগির এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে।




বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামীকাল বুধবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রায় একমাস বন্ধ থাকার পর খুলছে প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।




স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন এক সপ্তাহের মধ্যে