দক্ষ ও যোগ্য উপাচার্য খুঁজছে শিক্ষা প্রশাসন

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে উপাচার্যদের নিয়োগ দেওয়া হচ্ছিল রাজনৈতিকভাবে। দক্ষতা ও যোগ্যতার চেয়ে উপাচার্যদের রাজনৈতিক অবস্থানকেই প্রাধান্য দেওয়া হতো এতদিন। অনেক সম্মানের পদ হওয়ার পরও এই উপাচার্যরা সরকারের মদদে নানাবিধ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এসব অনিয়মের বিরুদ্ধে বছরজুড়ে শিক্ষক-শিক্ষার্থীরাও আন্দোলন করেছেন, ক্যাম্পাসগুলোতে ব্যাহত হয়েছে পড়ালেখা। গণ-অভ্যুত্থানের পর বিশ^বিদ্যালয়গুলোর উপাচার্যদের পদত্যাগের কারণে অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের শীর্ষ এই পদটি শূন্য হয়ে গেছে। এক সঙ্গে এতগুলো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়াটা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি বড় চ্যালেঞ্জ। আগের ধারা ভেঙে এ পদে অরাজনৈতিক একাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষ ও যোগ্য জ্যেষ্ঠ অধ্যাপকদের খুঁজছে শিক্ষা প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য প্রসঙ্গে গতকাল রবিবার নিজ দপ্তরে অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। আমরা চাইব সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যেন আসেন। শিক্ষক-ছাত্র সম্পর্ক- এটাও দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কের অবনতি হয়েছে। এখন অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সঙ্গে আমরা যেন আবার ওই পরিবেশটা নিয়মমাফিক ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টা করব।

জানা গেছে, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে পদত্যাগ করা উপচার্যদের মূল পদে (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) যোগদানের অনুমতিও দিয়েছেন। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দৈনিক আমাদের সময়কে বলেন, নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আমরা একাডেমিক দক্ষতার পাশাপাশি প্রশাসনিক দক্ষতার দিকে নজর দেব।

জানা গেছে, দেশের পুরনো ও বড় চারটি বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। সেখানে সিনেটে উপাচার্য নিয়োগের প্যানেল নির্বাচনের বিধান আছে। এ বিধান অনুসারে সিনেট সদস্যদের ভোটে উপাচার্য পদের জন্য তিনজনের প্যানেল নির্বাচিত হয়। নির্বাচিতদের মধ্য থেকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য যে কোনো একজনকে নিয়োগ দেন। এ চারটি বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি পছন্দে উপাচার্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী বলেন, একাডেমিক স্কলার ও প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা এবং সততার অতীত ট্র্যাক রেকর্ড না দেখে উপাচার্য নিয়োগ করায় বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নীল, সাদা, গোলাপি রঙের নানা ধারায় বিভক্ত। উপাচার্য নিয়োগের একটি সুনির্দিষ্ট নীতিমালা ও বিধান থাকা প্রয়োজন। সার্চ কমিটি গঠনের মাধ্যমেও উপাচার্য নিয়োগ করা যেতে পারে।

রাজনৈতিক লেজুড়বৃত্তি বাদ দিয়ে একাডেমিক দক্ষ ও প্রশাসক হিসেবেও যে দায়িত্ব নিতে পারবে- এমন ব্যক্তিদের উপাচার্য নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, উপাচার্য নিয়োগ প্রক্রিয়া খুব স্বচ্ছ হওয়া উচিত। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেল করা যেতে পারে। তারা দেখে উপাচার্য নিয়োগের সুপারিশ করবে।




ববি ছাত্রলীগের দুই কর্মীর ছাত্রত্ব বাতিল

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত নামের দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফি নামে এক শিক্ষার্থীকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশও করা হয়।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শনিবার রাতের একটি শৃঙ্খলা কমিটিতে তিন শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করা হয়েছে। এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত বছরের ১৪ অক্টোবর ছাত্রলীগের পরিচয়ধারী দুই কর্মীর অমানবিক নির্যাতনের স্বীকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮ নম্বর কক্ষে রাতভর নির্যাতন করা হয় তাকে।

তবে এ ঘটনার প্রায় এক বছর পর বিচার পেতে যাচ্ছেন মুকুল আহমেদ।




বরিশালে ক্লাসে ফিরেছে ৬৫ শতাংশ শিক্ষার্থী

বরিশাল অফিস :: এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে খুলেছে বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১৮ আগস্ট) সারা দেশের সঙ্গে নির্ধারিত সময়েই চালু হয়, তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখা গেছে, ক্লাস শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা বেশ আনন্দিত। তবে অনেকেই বলছেন, পাঠক্রমে পিছিয়ে পরার কথা।

বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাহমিনা কবির মিম জানান, অনেক দিন পর স্কুলে আসতে পেরে অনেক ভালো লাগছে। স্কুলে এসে বান্ধবীদের সঙ্গে দেখা করতে পেরে অনেক আনন্দ লাগছে। তবে এতদিন স্কুল বন্ধ থাকায় ঠিকভাবে পড়াশোনা করতে পারি নাই। যার ফলে অনেকটা পিছিয়ে গেছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল, এখন আমাদের বাড়তি ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হলে ভালো হবে।

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. নেসার জানান, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা তুলনামূলক অনেক কম। প্রথম দিন হওয়ায় হয়তো শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। তবে সামনের দিনগুলোয় এর সংখ্যা আরও বাড়বে। যেহেতু অনেকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তাই পড়াশোনায় অনেক ঘাটতি পরেছে, যাতে করে বাড়তি ক্লাস করিয়ে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করে দ্রুত পরিক্ষায় বসানো যায় সে ব্যবস্থা করা হবে।

বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, বিদ্যালয় চালুর প্রথম দিনেই আশাব্যাঞ্জক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমি বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, গড়ে ৬৫ শতাংশ শিক্ষার্থী প্রথম দিনেই ক্লাসে ফিরেছেন। বাকি শিক্ষার্থীরা দু-এক দিনের মধ্যে ফিরবেন। মাঝখানে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে গেছেন। আমরা পরিকল্পনা করছি, কীভাবে সেই অবস্থা পূর্ণ করা যায় বলে জানান এই কর্মকর্তা।

এর আগে, বুধবার (১৪ আগস্ট) চালু হয় প্রাথমিক বিদ্যালয়।




এইচএসসি ২০২৪ স্থগিত পরীক্ষার রুটিন

চন্দ্রদ্বীপ ডেস্ক:

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু আগামী ১১ সেপ্টেম্বর থেকে।




শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের সবগুলো বিভাগে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রতিটি বিভাগের শ্রেনীকক্ষগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রায় ২ মাস পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।

দীর্ঘ সময় বন্ধ থাকার কারনে শিক্ষাক্রম পিছিয়ে পড়ায় বাড়তি ক্লাস নেয়ার মাধ্যমে তা পুরন করার সহ দ্রুত পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের।

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের মিক্সা কার্যক্রম স্থবির হয়ে পরে। ৬ আগষ্ট থেকে প্রতিষ্ঠানটি খুলে দেয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।




এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান,




ক্ষমা চাইলেন ববি উপাচার্য, দুঃখ প্রকাশ প্রক্টরের

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আন্দোলনের সময় তার কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও আলোচনা সভায় উপাচার্য ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা প্রার্থনা করে উপাচার্য বলেন, বক্তব্যের শুরুতে আমি আমার শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তোমরা আমার পরিবার, আর পরিবারের কাছে ক্ষমা চাওয়াটা লজ্জাজনক নয় বরং আন্তরিকতার পরিচয়।

উপাচার্য বলেন, আমাদের অনেক ভুল ছিল। আমরা সেই ভুলগুলো শুধরে নিব। তিনি শিক্ষকদেরকেও শিক্ষার্থীদের ব্যাপারে আন্তরিক হওয়ার কথা বলেন।

উপাচার্য শিক্ষার্থীদের বলেন, যে ২২ দফা দাবি তোমাদের পক্ষ থেকে আমার কাছে আসছে সেগুলোর কিছু কিছু ইতোমধ্যে পূরণ করেছি। বাকিগুলো দ্রুত পূরণের চেষ্টা করব। এ সময় বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির প্রচেষ্টা চলমান বলে জানান তিনি।

উপাচার্য বলেন, অতিদ্রুত ছাত্রসংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আমরা প্রত্যেকটা ঘটনাবলির সঠিক বিচার করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইউম বলেন, কোটা আন্দোলনের সময় আমাদের সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে সমন্বয় করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আমি সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করেছি। তারপরও শিক্ষার্থীদের ওপরে হামলার মতো ঘটনা ঘটেছে, যা আমার জানা ছিল না। সার্বিক বিষয়ের জন্য শিক্ষার্থীদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।




চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল অফিস :: চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল করেছে পরীক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা এখন আর কোনো পরীক্ষা দিতে চান না।

তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না।

তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।
তারা আরও বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না।

এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরীক্ষার্থীরা।




নগর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি

বরিশাল অফিস :: বরিশাল নগরের রুপাতলী টার্মিনাল থেকে বাসযোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর ভাড়ার প্রয়োজন হবে না।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কালাম চৌধুরীর সই করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই নোটিশের শুরুতে শ্রমিক ইউনিয়নের সব শ্রমিকদের (চালক, সুপারভাইজর, হেলপার) উদ্দেশে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতির ওপর বিবেচনা করে বিশেষ করে ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আমরা একটি দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পেশাদারি শ্রমিক নেতারা এবং সব পেশাদারি শ্রমিকদের সমন্বয়ে গঠিত একটি জরুরি বৈঠকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার মাধ্যমে সব বাস শ্রমিকদের (চালক, সুপারভাইজর, হেলপার) প্রতি নিম্নোক্ত নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার জন্য বলা হলো।

নির্দেশনাগুলো হলো:

১. রুপাতলী বাস টার্মিনাল হইতে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত গাড়িতে থাকা সব ছাত্র/ছাত্রীদের বাস ভাড়া নেওয়া যাবে না।

২. রুপাতলী বাস টার্মিনাল হতে বরিশাল বিশ্ববিদ্যালয় এরিয়া পার হওয়ার পরে সুপারভাইজাররা যাত্রীদের ভাড়া নেওয়া শুরু করবে।

৩. রুপাতলী বাস টার্মিনাল হতে কর্ণকাঠি ব্রিজ এরিয়া পর্যন্ত যাওয়া এবং আসায় বাস চালকরা কোনো অবস্থাতেই ওভারটেকিং করবেন না।

৪. সব ছাত্র/ছাত্রীদের সহিদ আপনি সম্বোধন করতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের তুই/তুমি বলে ডাকা যাবে না।

৫. বাসস্ট্যান্ডে ছাত্র/ছাত্রী গাড়িতে উঠানোর সময় হেলপার ও সুপারভাইজাররা অবশ্যই বিনয়ের সহিত ২-৩ মিনিট অপেক্ষা করতে বলবেন। আগে যাত্রীদের উঠিয়ে এরপর সব ছাত্র/ছাত্রীদের ওঠানোর নির্দেশনাও দেওয়া হয় ওই নোটিশে।

নোটিশের শেষে বলা হয়েছে- সব পেশাদারি শ্রমিকরা যাত্রাপথে গাড়ি চালানোর সময় সব যাত্রীদের সহিদ এমনভাবে আচরণ করবেন যাতে পেশাদারি শ্রমিকদের সম্মান বাড়ে এবং শ্রমিক ইউনিয়নের সুনাম অক্ষুণ্ন থাকে।

অপরদিকে বিআরটিসি বাসে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবে বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে এ সুবিধা চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।

শুধু বরিশাল ডিপো থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে। ফিরতি পথে দক্ষিণাঞ্চলের বিআরটিসি বাসের ক্ষেত্রেও একই সুবিধা মিলবে। তবে টিকিট সংগ্রহের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এর আগে বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ সাধারণ শিক্ষার্থীরা ডিপো ম্যানেজারের সঙ্গে মিটিং করেন। সেই মিটিংয়ে ভাড়া মওকুফের দাবি তোলা হলে তা মেনে নেয় বিআরটিসি কর্তৃপক্ষ।

ববি সমন্বয়ক সুজয় শুভ বলেন, বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বাড়ানোসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মওকুফের দাবি করা হয়। বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন। ভাড়া মওকুফের ফলে শিক্ষার্থীরা কম ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসা করতে পারবেন বলে জানান তিনি।

বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন, বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সব শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে ৩০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। বরিশাল থেকে দেশের যেকোনো গন্তব্যে আসা যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে।




শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

চন্দ্রদ্বীপ নিউজ : পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক কলেজ শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে আজ শহরের পটুয়াখালী চত্বরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলন নস্যাৎ করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা হাজী আক্কেল আলী কলেজ এর শিক্ষার্থী মিরাজের ওপর ১৩ আগস্ট  হত্যার উদ্দেশ্যে মাথায় এবং গলায় মারাত্মক জখম করে।

পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্হায় তার অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে রেফার করা হয়।