বরিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

বরিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদের বেপারী। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দেশপ্রেমে উজ্জীবিত করে।

পরে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মন জয় করে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ডাকসু নির্বাচন: শেষ হলো প্রচারণা, উৎসবমুখর ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ দিন কাটল উৎসবমুখর পরিবেশে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন, যা ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উত্সবের আমেজ।

প্রচারণা শুরু হয়েছিল গত ২৬ আগস্ট থেকে। এর পর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা মধুর ক্যান্টিন, টিএসসি, কার্জন হল, বিভিন্ন অনুষদ এবং আবাসিক হলে প্রচারণা চালান। আজ (রোববার) রাত ১১টা পর্যন্ত প্রার্থীদের প্রচার চালানোর সুযোগ ছিল।

সবচেয়ে চোখে পড়েছে লিফলেট ও হ্যান্ডবিলের ব্যবহার। প্রচারণার জন্য হাতে হাতে বিলি করা এসব কাগজ মুহূর্তেই রাস্তায় পড়ে থেকে টিএসসি, কার্জন হল ও বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সামনের রাস্তায় কাগজের স্তূপ তৈরি করেছে। এতে একদিকে যেমন প্রচারণার ব্যাপকতা বোঝা যাচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণ নিয়ে সমালোচনা উঠেছে শিক্ষার্থীদের মাঝে।

এবারের নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য নানান সৃজনশীল পদ্ধতি অবলম্বন করেছেন। কার্যকরী সদস্য পদে এক প্রার্থী এক হাজার টাকার নোটের আদলে লিফলেট ছাপিয়ে বিতরণ করেছেন, যা শিক্ষার্থীদের কৌতূহল জাগিয়েছে। আরেক প্রার্থী তৈরি করেছেন মার্কিন এক ডলারের আকৃতির প্রচারপত্র। কেউ আবার বিড়ালপ্রেমীদের জন্য বিড়ালের ছবি ব্যবহার করেছেন, আবার কেউ প্রচার চালিয়েছেন হাতপাখা ও খেলার ব্যাড-বল দিয়ে।

শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের আকৃষ্ট করতে এসব অভিনব কৌশল প্রশংসা কুড়ালেও লিফলেটের আধিক্য পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকের।

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রচারণা তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বড় কোনো সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যা শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষক অপসারণের দাবি

বরিশালের নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক দাবিতে বিক্ষোভ করেছেন। প্রধান অভিযোগের কেন্দ্রবিন্দুতে তিন শিক্ষক—আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম—আছেন, যাদের তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে আজীবনের জন্য বিরত রাখার দাবি জানিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা আন্দোলন পরিচালনা করেন। তারা জানান, গত ৬ মে আন্দোলনের সময় বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছিল, এবং এর পেছনে ওই শিক্ষকদের মদদ থাকার অভিযোগ আছে। কিন্তু চার মাস অতিবাহিত হলেও কলেজ প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।

শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, অভিযুক্ত শিক্ষকদের ক্লাস রুটিন থেকে অপসারণের পাশাপাশি অন্য তিন শিক্ষক—জাকির হোসেন, হাসিনা বেগম ও আনোয়ারা—রুটিনে থাকলেও বিকল্প শিক্ষক যুক্ত করা হোক।

শিক্ষার্থী শাকিল বলেন, শনিবার (৬ সেপ্টেম্বর) নার্সিং কলেজের পুরাতন হোস্টেলের ছাদের অংশবিশেষ ভেঙে পড়ায় একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হোস্টেলের দুরবস্থা ইতোপূর্বে প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য শিক্ষার্থীরা হোস্টেলের সার্বিক সংস্কার এবং নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনে নেমেছেন।

তাদের অন্যান্য দাবি অন্তর্ভুক্ত—

  • হোস্টেলের প্রধান গেটে সার্বক্ষণিক একজন দারোয়ান থাকা এবং রেজিস্টার খাতার মাধ্যমে শিক্ষার্থীদের যাওয়া-আসা নিয়ন্ত্রণ করা।
  • শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা।
  • কলেজের সাতটি ইয়ারের জন্য ন্যূনতম ১৪টি রেফ্রিজারেটর।
  • হোস্টেলের বৈদ্যুতিক লাইনসহ সব বৈদ্যুতিক ত্রুটি দ্রুত মেরামত।
  • হোস্টেলের প্রতিটি রুমের দরজা, জানালা, লাইট ও ফ্যানের অব্যবস্থাপনা দ্রুত ঠিক করা।
  • বেসরকারি বাবুর্চিদের বেতন এবং মেসের প্রতি মাসের গ্যাস বিল কলেজ কর্তৃপক্ষ বহন করবে।
  • হোস্টেলে দ্রুত ক্যান্টিন ব্যবস্থা।
  • প্রতি মাসে হোস্টেলের পানির ট্যাঙ্কি পরিষ্কার ও বিশুদ্ধ পানির জন্য ফিল্টার ব্যবস্থা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শিক্ষা-স্বাস্থ্য এটা জাতীয় বিষয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ

একটা দেশের জনগণের উন্নতির জন্য শিক্ষা এবং স্বাস্থ্য খাত কখনো প্রাইভেট বিষয় হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সাক্ষরতায় বাংলাদেশের অর্জন এবং আগামীর পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজক ছিল নিমো লার্নিং।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের সাবেক পরিচালক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। মূল প্রবন্ধে তিনি অভিযোগ করে বলেন, নিম্নমানের প্রাথমিক শিক্ষা পদ্ধতি, কিছু এনজিওর প্রশ্নবিদ্ধ কার্যক্রম, গণসচেতনতার অভাব এবং দুর্বল সাক্ষরতা কার্যক্রমের কারণে নব্য সাক্ষরকারী অনেকেই আবার নিরক্ষতায় ফিরে যাচ্ছেন। তাই সাক্ষরতাকে সফল করতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের সংস্কার প্রয়োজন। ‘গ্রাম শিক্ষা ও বিনোদন কেন্দ্র’ নামক পাইলট প্রকল্প নেওয়ার পাশাপাশি বর্তমানে চলমান সরকারের কারিগরি শিক্ষাভিত্তিক ‘স্কিলফো’ প্রকল্প সারা দেশে ব্যাপক প্রসার ঘটাতে হবে।

প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, একটা জাতি উন্নতি করতে হলে প্রথমত, শিক্ষা এবং স্বাস্থ্য এইগুলো কখনো প্রাইভেট বিষয় হতে পারবে না। এগুলো রাষ্ট্রীয় বিষয় হওয়া দরকার। দুই নম্বর হচ্ছে, এই যে গভর্মেন্টের পাশাপাশি হওয়া দরকার ভলান্টিয়ার সার্ভিস। যদি আমরা এগুলো কার্যকর করতে পারি, তাহলে আশা করতে পারেন যে আমাদের জাতীয় ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব।

তিনি বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে কাগজে কলমে অনেক পরিবর্তন ঘটে গেছে। কিন্তু প্রকৃত অর্থে ব্রিটিশরা আমাদের যা শিখিয়েছে তার থেকে এক চুলও আগায়নি। আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? কেরানি তৈরি করা। এবং এখনো তাই এর বেশি কিছুই না। প্রসঙ্গ হতে পারে আমরা অন্যভাবে বিষয়টা দেখবো কেন? এখন প্রাক্টিক্যালি বিষয়টাকে ভাবেন। ধরুন আমাদের ইনকামের একটা বড় সোর্স হচ্ছে আমাদের প্রবাসীদের ইনকাম এবং আমাদের পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর বলে গেছেন যে, আমাদের প্রবাসীরা সবচেয়ে কম আয় করেন অন্যদের তুলনায়। কারণ, তাদের শিক্ষাগত বৈশিষ্ট্য দুর্বল। তাহলে আমি যদি এইভাবে আয় করতে চাই, আমি যদি জাতীয়ভাবে বিষয়টা চিন্তা করি তাহলে কিন্তু শিক্ষার প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা আরও উপদেষ্টা বলেন, আমরা ক্রমেই স্বাস্থ্য এবং শিক্ষাকে একটা প্রাইভেট বিষয় করে তুলেছি। জাতীয় বিষয় থেকে ক্রমেই প্রাইভেট বিষয় করে তুলেছি।  এতে কার লাভ হয়? এতে মুষ্টিমেয় কিছু ব্যক্তির এবং গোষ্ঠীর লাভ হয়।  জাতীয় স্বার্থ কখনোই রক্ষিত হয় না।

গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান বলেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে কম গুরুত্ব দেওয়া হয়। আমাদের শিক্ষকরা বিসিএসে না যেতে পেরে শিক্ষক হন। স্বাধীনতার পর ১০ থেকে ১২টি শিক্ষা কমিশন হলেও একটিও বাস্তবায়ন করা হয়নি। ।বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা নিয়ে একটি কমিশন করেছে। হয়তো তারা দৃশ্যমান কিছু করবেন। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ানো উচিত। তাছাড়া বর্তমানে বারোমুখী শিক্ষা ব্যবস্থা চালু আছে, তা অবৈজ্ঞানিক। এখানে একমুখী শিক্ষাব্যবস্থা চালু করা যায় কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী বলেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্প থেকে শিক্ষা নিয়ে প্রায় ৬ হাজার মানুষ শোভন কাজে যুক্ত হয়েছে। শিক্ষা এক ব্যাপার, একই সঙ্গে শিক্ষায় নৈতিকতা দরকার। আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা প্রচলিত রয়েছে। এর মধ্যে সমন্বয় করা দরকার। এছাড়া প্রান্তিক বা দুর্গম এলাকায় শিক্ষাকে নিয়ে যেতে হবে।




জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধাসহ তিন দফা দাবিতে টানা আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস খাইয়ে তাদের আমরণ অনশন কর্মসূচি শেষ করান। এর আগে শিক্ষার্থীদের লিখিতভাবে দাবি পূরণের আশ্বাস দেন তিনি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাতজন শিক্ষার্থী অনশন শুরু করলে উপাচার্য তাদের রাজি করানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা প্রথমে রাজি না হলে তিনি তাদের পাশে মশারি টানিয়ে রাত কাটান। পরে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা আশ্বাস পেয়ে অনশন ভাঙতে রাজি হন।

উপাচার্য লিখিত প্রতিশ্রুতিতে জানিয়েছেন—

  • উন্নয়ন প্রকল্পের পরিচালক নিয়োগের পর ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে।
  • শিক্ষার্থীদের বাস সংকট নিরসনে রুটভিত্তিক সিট সংকট নির্ধারণ করে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন বাস সংযোজন করা হবে।
  • বিশেষ বিবেচনায় দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নেওয়া হবে।
  • ১৫ কার্যদিবসের মধ্যে জমির পুনঃঅ্যাসেসমেন্ট সম্পন্ন করা হবে।

অনশন ভাঙানোর সময় উপাচার্য বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করছি, তবে কিছু সীমাবদ্ধতা আছে। দাবি পূরণে ব্যর্থ হলে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আশা করি, আপনারা আমার প্রতি আস্থা রাখবেন।”

শিক্ষার্থীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আবারও আন্দোলনে নামবেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই মানববন্ধন ও গণস্বাক্ষরের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। পরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধের পরও দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




অনশনরত শিক্ষার্থীদের পাশে রাত কাটালেন ববি উপাচার্য

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাত শিক্ষার্থীর পাশে মশারি টাঙিয়ে রাত কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে অনশনকারীদের অনশন ভাঙাতে ব্যর্থ হয়ে তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে কর্মসূচিস্থলেই রাতযাপন করেন। এর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি বাস্তবায়নের অগ্রগতি এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে বলে আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অনশনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৩৬ দিন ধরে আন্দোলন চললেও রাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের প্রধান দাবি—বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ এবং পরিবহন সংকট সমাধান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। জমি অধিগ্রহণসহ উন্নয়ন কার্যক্রম এগোচ্ছে। আস্থার সংকটের কারণেই শিক্ষার্থীরা অনশনে বসেছে।”

অনশনে থাকা শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজ উন্নয়নের ফিজিবিলিটি টেস্ট ছয় মাসের মধ্যে শেষ করে একনেক অনুমোদন নিশ্চিত করা এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করা।
  • বরাদ্দ ২০০ একরের মধ্যে বাকি ১৫০ একর জমি দ্রুত অধিগ্রহণ করে পরিকল্পনা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা।
  • শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং নিজস্ব পরিবহন না হওয়া পর্যন্ত বিআরটিসির বাস ব্যবহারের ব্যবস্থা করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অনশনের বিষয়টি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

সরকারি প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি হঠাৎই গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করেন। আকস্মিক এই পরিদর্শনে তিনি শুধু বিদ্যালয়ের পরিবেশ ঘুরে দেখেননি, বরং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের পাঠদানও করেন।

বিকেল তিনটার দিকে ইউএনও বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত হয়ে তাকে বরণ করে নেয়। শ্রেণিকক্ষে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনায় আগ্রহী হতে উৎসাহ দেন। শিক্ষার্থীরা জানান, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা অনুপ্রাণিত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার বলেন, “ইউএনও ম্যাডামের হঠাৎ পরিদর্শন ও ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ জাগিয়েছে। তিনি শিক্ষকদের সাথেও মতবিনিময় করেছেন এবং বিদ্যালয়ের সমস্যাগুলো শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।”

ইউএনও রিফাত আরা মৌরি জানান, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করছেন এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে।”

এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গণধর্ষণের হুমকির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে রিটকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ‘গণধর্ষণের হুমকি’ এবং নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমিক ভবনের নিচতলায় সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সিহাব, সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন, সাবেক সদস্য মোশাররফ হোসেন, সংগঠক সোহানুর রহমান সিফাত, আজমাইন সাকিব, তাহমিদা রহমান রাকা, সৃষ্টি প্রমুখ।

শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, “নারী নির্যাতন কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাষ্ট্রীয় অভিশাপ। প্রতিটি ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের দায়িত্ব। নারী নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদ ও নারীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।”

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং বিভিন্ন স্থানে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং চলছে।

তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা ও চলমান সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জে অবস্থিত এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের BSc. Vet. Sc. & A.H. প্রোগ্রামে কম্বাইন্ড ডিগ্রি চালুর যৌক্তিক দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ছিল পরিকল্পিত ও ন্যাক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দিতে হবে।”

বক্তারা দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন, ম্রীধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম, জামিন, রুশমিলা জাহান রুপা, শাহরিয়ার ইসলাম রাফি, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্জুন দাশ, মুজাহিদুল ইসলাম তন্ময়সহ বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ আন্দোলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে একাডেমিক ভবন-১ এবং রোববার সকালে একাডেমিক ভবন-২ তালাবদ্ধ করে তারা এ কর্মসূচি শুরু করেন।

অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। সকাল থেকে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। এতে চাকরির ক্ষেত্রে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে একক ডিগ্রি দেওয়া হচ্ছে, ফলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি জানান, “আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এমনকি একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে শাটডাউনের ঘোষণা দিয়েছি।” তিনি আরও বলেন, “একাডেমিক কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস ও সীমান্তসহ অনেকেই।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী আজগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। শিক্ষার্থীরা দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও প্রশাসনের সুস্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫