১০ম গ্রেডের দাবিতে পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শিক্ষকেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। জাতি গঠনে শিক্ষার প্রথম স্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা।

অথচ কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীতকরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক লিমন আনসারী, ইসমাইল হোসেন, গাজী শফিকুল ইসলাম, লাভলী ইয়াসমিন প্রমুখ।




বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল অফিস :: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল
ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এসএম হাসান রাজু, লাবন্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন,
আকবর মমিন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক
সেবনকারীদের প্রতিহত করতে হবে। পাশপাশি একটি পক্ষ ক্যাম্পাস দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা
সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে। বক্তারা

আরও বলেন, শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাস দখল করে রেখেছে। তাদেরকে প্রতিহত করার জন্যই সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি।




এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলছে, এবারের এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বেশি উদ্বিগ্ন। সে জন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা।

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দফতরে পাঠানো হয়েছে। পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে। আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে।


প্রস্তাবনা অনুমোদন হয়ে গেলে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১১ আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তী সময়ে এসব পরীক্ষা বাতিল করা হয়।



গলাচিপায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ মঈন উদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ইং উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন।

বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। তাকে মঙ্গলবার সকাল ১০ টায় নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।

উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচিত প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দিন জেলা পর্যায়ে প্রতিদ্বন্দিদ্বতা করবেন। তিনি জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। তার এই সাফল্যে জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান, গলাচিপা প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সাঈমুন রহমান এলিট, মু. জিল্লুর রহমান জুয়েল, বেসরকারি টেলিভিশন আনন্দ টিভি‍‍`র গলাচিপা প্রতিনিধি মোঃ সোহেল আরমান, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন বাবুল, মোঃ জহিরুল ইসলাম চয়ন, শিশির রঞ্জন হাওলাদার, মোঃ তালাল মাহমুদ সহ বিভিন্ন গণমাধ্যম বৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ঢাকার শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি বড়াল, সিনিয়র শিক্ষক মো. শওকত হোসেন, সিনিয়র শিক্ষক মুর্শিদাই রাইহান, মো. জাহাঙ্গীর আলম সবুজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক বাবুল আক্তার প্রমুখ।

বক্তব্যে শিক্ষকরা বলেন, ২০১৫ সালের পূর্বের সকল শিক্ষকদের বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে প্রদান করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের শূন্য পদে নীতিমালা অনুসারে শীঘ্রই পদোন্নতি প্রদান করতে হবে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক শূন্য পদোন্নতি ত্বরান্বিত করতে হবে এবং চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। চাকরি স্থায়ীকরণসহ ২০১০ ও ১১ ব্যাচের শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে শিগগিরই পদন্নোতি দিতে হবে। মাধ্যমিকের সকল প্রশাসনিক পদে শিক্ষকদের নিয়োগ দিতে হবে। অশিক্ষিত কিংবা প্রকল্পের কোন লোক শিক্ষক সমাজ মেনে নিবেনা।

মানববন্ধনে শিক্ষক বক্তারা আরো বলেন, ১৭ সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবনে শিক্ষকদের ওপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা।




অন্তর্বতী সরকারের প্রথম একনেকের বৈঠক আজ: সাড়া জাগানো তথ্যআপাসহ পাঁচ প্রকল্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের ৪৩ দিন পর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভা (একনেক) করতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম একনেক সভায় পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প উত্থাপন করা হবে:

ভৌত অবকাঠামো বিভাগের ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ (১ম সংশোধিত)’, শিল্প ও শক্তি বিভাগের ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত ‘, ‘২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প’, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ‘মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)’ প্রকল্প।

এছাড়া কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে ‘লাঙ্গলবন্ধ মহাষ্টমী পূণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে মোট পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন ও পুরাতন এ সব প্রকল্পে নতুন করে ৫৫৬৩.৬৮ কোটি টাকা বিনিযোগ করা হবে। এর মেধ্য ৫২০৩.২১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। অবিশিষ্ট ৩৬০.৪৭ কোটি টাকা সংগ্রহ করা হবে বিদেশি উৎস থেকে।

এর বাইরে ব্যয় বৃদ্ধি ব্যতিরেখে আরও একটি প্রকল্পের মেয়াাদ বাড়াতে বিশেষ সংশোধনী প্রস্তাব উঠছে নতুন সরকারের প্রথম একনেক সভায়।

পর্যালোচনায় দেখা গেছে, একনেকে উপস্থাপনের অপেক্ষায় থাকা পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটিউ পুরাতন প্রকল্পের সংশোধনী প্রস্তাব।

এই তিন প্রকল্পের ব্যয় প্রাথমিক প্রাক্বলন ৩৬২৮.৩৯ কোটি টাকা থেকে বেড়ে দাড়াচ্ছে ৮২১৯.৩১ কোটি টাকায়। এই হিসাবে এই তিনটি প্রকল্পে সরকারের ব্যয় বাড়ছে ৪৫০৯.৯২ কোটি টাকা, যা প্রাথমিক প্রাক্বলনের চেয়ে ১২৬.৫৩ শতাংশ বেশি।

১৫৭০.৭৭ কোটি টাকা ব্যয় ধরে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব উপস্থাপন হচ্ছে একনেকে।

চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করতে ১৩০৪.৬২ কোটি টাকা ব্যয় ধরে ২০২১ সালের জুলাইয়ে প্রকল্পটি অনুমোদন করেছিল একনেক। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির ব্যয় ২৬৬.১৫ কোটি টাকা বা ২০.৪০% বাড়ছে। ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকালও বাড়ছে দুই বছর।

২০১৭ সালে অনুমোদন করা “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব উঠছে একনেকে। এই প্রস্তাব অনুমোদন পেলে পাঁচ বছরের জন্য অনুমোদন করা প্রকল্পটি বাস্তবায়ন করতে ৯ বছর তিন মাস সময় লাগবে।

আন্দোলনের মুখে পদত্যাগ করা বিগত আওয়ামীলীগ সরকারের গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এই প্রকল্পটি বাস্তবায়নে ৬৪.২৬% অর্থ বেশি ব্যয় করবে সরকার।

শুরুতে ৪৫৫.৯১ কোটি টাকা ব্যয় ধরে নেয়া প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৪৮.৮৭ কোটি টাকা। এর বাইরে নোয়াখালী, কুমিল্লা ও জামালপুরে প্রাকৃতিক গ্যাসের দুইটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ ও দুইটি অনুসন্ধান কূপ খনননের একটি প্রকল্প উঠছে একনেকে।

৫৮৮.৪০ কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স।

অন্য দিকে ৪০০ কোটি টাকা ব্যয় ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক একটি প্রকল্প উঠছে একনেকে। এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা অনুদান দেবে ইউনিসেফ।




বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কয়েকশত শিক্ষার্থী ব্যানার ও বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে কালাইয়া বন্দর ঘুরে ৬ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাউফল সরকারি কলেজ ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও মিছিলে অংশগ্রহণ করেন।

ফলে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে বাউফল পৌরএলাকা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বরাবর একটি স্মরকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিদ্যালয়ের মূল ফটকের পাশের দেয়াল ভেঙে দোকান ঘর তৈরি করে সেগুলো ভাড়া দিয়েছেন। বিদ্যালয়ের ছাদে ডিস লাইন স্থাপন করা হয়েছে। সেই লাইনে বিদ্যুতায়িত হয়ে গত বছর ১২ মে দশম শ্রেণির বিল্লাল হোসেন নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় কোনো বিচার পায়নি নিহতের পরিবার।

এ ছাড়াও তার বিরুদ্ধে রযেছে জোর করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়সহ বিদ্যালয়ের আর্থিক অনিয়মের অভিযোগ। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, শিক্ষার্থীর স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউঅ্যাসি) উদ্যোগে নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের ৪তলায় আইকিউঅ্যাসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা শুরু হয়।

ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় আইকিউঅ্যাসির পরিচালক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানসহ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ৩০ জন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ক্ষেত্রেই আমরা কিছু না কিছু ক্রয় করে থাকি তাই আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সুষ্ঠু নীতিমালা জানা সবার জন্যই অপরিহার্য।

তিনি আরো বলেন, সবার স্বচ্ছতা এবং দায়বদ্ধতার ফলেই তৈরি হতে পারে সুন্দর সমাজ, দেশ এবং বিশ্ববিদ্যালয়।

আইকিউঅ্যাসির পরিচালক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় সম্পর্কিত জ্ঞান প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক লেনদেন এবং রেকর্ডের ক্ষেত্রে প্রযোজ্য আইনি, নৈতিক প্রয়োজনীয়তা এবং মানগুলো মেনে চলতে সাহায্য করে। যেমন- ট্যাক্স, অডিট বা প্রবিধান। প্রকিউরমেন্টের জ্ঞান ছাড়া কোনো সংগঠন, প্রকল্প, প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারে না। কারণ এর সঙ্গে সেন্স অব পারপাস বা গোল জড়িত। প্রকিউরমেন্টের সঙ্গে সরকারি আইন এবং রুলস জড়িত।




কাওয়ালি আসরে মেতে উঠবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইন্তিফাদা মঞ্চের আয়োজনে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা।

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকেল ৫টা থেকে এ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা শুরু হবে। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে হবে এ আয়োজন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইন্তিফাদা মঞ্চের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় আজাদী মঞ্চ পারফরম্যান্স করবে । কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালি গানের পাশাপাশি দেশাত্মবোধক গানের আয়োজনও থাকবে।

কাওয়ালি সন্ধ্যার আয়োজন নিয়ে আয়োজক রফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসের আশপাশের যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চায়, তাদের সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করছি। চট্টগ্রাম থেকে জনপ্রিয় কাওয়ালি দল আজাদী মঞ্চ আসবে।বরিশালের ইন্তিফাদা মঞ্চও কাওয়ালী সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবে।

একাউন্টিং বিভাগের বিভাগের শিক্ষার্থী শামীম আহসান বলেন, বিগত স্বৈরশাসনের সময়ে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার তেমন কোনো সুযোগ ছিল না। অশ্লীলতা, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সংস্কৃতির সয়লাব ছিল সর্বত্র। সেই জায়গা থেকে ববিতে প্রথম বারের মতো কাওয়ালী সন্ধ্যা আয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও সুস্থ ধারার ইতিবাচক মনোভাবের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এমন ইতিবাচক সভ্য সংস্কৃতি চর্চা চলমান থাকবে৷

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় শিল্পী গোষ্ঠী কলরবের আয়োজনে আজাদী মঞ্চ অনুষ্ঠিত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে৷




যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। হত্যা মামলাটিতে যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুনও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজছাত্র ইমাম হাসান তাইম। তিনি নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার মা মোছা. পারভীন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেন ও পরিদর্শক জাকির হোসেন।

হত্যা মামলাটিতে আজ শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।