পটুয়াখালীর দুমকিতে নতুন বছরে বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন বই না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও কোনো বিদ্যালয়ে তা সম্ভব হয়নি।

উপজেলার প্রাণকেন্দ্র দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবক বইয়ের জন্য অপেক্ষা করলেও বই পৌঁছায়নি। বিদ্যালয়টি বই বিতরণের প্রস্তুতি নিলেও উপজেলা শিক্ষা অফিসে বই না আসায় বিতরণ সম্ভব হয়নি।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা রানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ইভা, আবিদ ইসলাম এবং নবম শ্রেণির ইসরাত জাহান মার্জিয়া ও জান্নাতুন নেছা জানান, বছরের শুরুতে নতুন বই পাওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। দ্রুত বই না পেলে তাদের পড়াশোনায় সমস্যা হবে বলে আশঙ্কা করেন তারা।

অভিভাবক নাজমুন নাহার বলেন, “সন্তানদের পড়ার টেবিলে বসাতে বই না থাকলে অসুবিধা হবে। আমরা দ্রুত বই দেওয়ার দাবি জানাই।”

দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহামুদা আখতার হেপি বলেন, “নতুন বই দিতে না পারায় আমরা দুঃখিত। তবে শিগগিরই বই বিতরণ করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন জানান, “পটুয়াখালী জেলায় এখনও বই পৌঁছায়নি। আশা করছি, দ্রুতই বই আসবে এবং তা বিতরণ করা হবে।”

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, “জেলায় বই আসতে কিছুটা দেরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই বই পাওয়া যাবে। বই আসা মাত্র তা উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি, যা বলছে কর্তৃপক্ষ

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোয়াখালীর চাটখিলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমি আজকেই প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আমাদের প্রধান শিক্ষক গতকাল অবসরে গেছেন। মূলত আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে। আমরা বিষয়টির জন্য দুঃখিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়নি।




উৎসব ছাড়াই বরিশালে আংশিক বই বিতরণ

বরিশালে যথাযথ উৎসব আয়োজন ছাড়াই বছরের প্রথম দিনে সীমিত পরিসরে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। পুস্তকের স্বল্পতা, লজিস্টিক সঙ্কট এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ছাত্রছাত্রীদের মাঝে পূর্ণাঙ্গ বই বিতরণ করা সম্ভব হয়নি।

এদিকে, দেশে অন্যান্য স্থানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই উৎসব আয়োজন করলেও বরিশালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর কোনো আয়োজন হয়নি।

কেন উৎসবহীন বরিশাল?::

প্রধান শিক্ষকদের একাংশ অভিযোগ করেছেন, বরিশালে এবার বই বিতরণের জন্য প্রয়োজনীয় পুস্তক সরবরাহে প্রশাসনিক বিলম্ব ও অসংগঠিত কার্যক্রম প্রভাব ফেলেছে। এর ফলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য বই সরবরাহ করা হলেও পূর্ণাঙ্গ সিলেবাস কাভার করা সম্ভব হয়নি।

কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীরা প্রাথমিকভাবে বই হাতে না পেলে তাদের মানসিক প্রস্তুতি ও আগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বরিশাল শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কেন্দ্রীয় পর্যায় থেকে পাঠ্যবই পাঠানোর সময় কিছু প্রযুক্তিগত বাধা সৃষ্টি হওয়ায় বরিশালে সঠিক সময়ে সব বই পৌঁছানো সম্ভব হয়নি। বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে, একই দিনে রংপুরে জাতীয় পার্টি তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপে ডাকুক বা না ডাকুক, জাতীয় পার্টি এতে তোয়াক্কা করে না। আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”

বরিশালের বই বিতরণে প্রশাসনিক জটিলতা এবং রংপুরে জাতীয় পার্টির রাজনৈতিক দৃঢ়তা দেশের বর্তমান রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বরিশালের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

২০২৫ সালের প্রথম দিনে পটুয়াখালী জেলার সকল প্রাথমিক স্কুলে ১ম থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে রশিদ কিশলয় এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিশুরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশুনা করার প্রত্যয় ব্যক্ত করে এবং নতুন বছরের শুরুতে নতুন উদ্দীপনা নিয়ে তাদের শিক্ষাজীবন শুরু করে।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিশুরা তাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে, সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২০২৪ সালে যাদের হারিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

দরজায় কড়া নাড়ছে নতুন আরেকটি বছর। এরইমধ্যে অনেকে নতুন বছরের পরিকল্পনাও সাজাতে বসে গেছে। আনন্দ-বেদনা, আশা-নিরাশায় ভেলায় চড়ে সবাই ২০২৪ সালকে বিদায় জানাতে যখন প্রস্তুত তখন একটু পেছন ফিরে দেখা যাক ফেলে আসা দিনগুলো।

চলতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয় হারিয়েছে বেশ ক’জন মেধাবী শিক্ষার্থীকে। যারা কোনোদিন ফিরবেন না। চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। চলতি বছরে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক ঘটনাগুলো নিয়ে এই প্রতিবেদন।

বছরের শুরুর দিকে (১৭ জানুয়ারি) রাতে মেসের নিজ কক্ষে বৃষ্টি সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত শিক্ষার্থী বৃষ্টি সরকার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরায়। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠির এমএম টাওয়ারের ষষ্ঠতলায় একটি মেসে থাকতেন।

৯ জুন রাত ১১টার দিকে শেফা নূর ইবাদি নামের এক ছাত্রীকে হলের পাঠকক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। শেফা নূর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে পড়তেন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। তিনি বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন।

৬ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পনা দাস শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাড়িতে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন। হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৩০ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম । বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় তিনি নিহত হন। এই ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে ছয়টি দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও মাইসা ফৌজিয়া মিম।

এই মর্মান্তিক ঘটনাগুলো বিশ্ববিদ্যালয় পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




১৫ বছর পর শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান

চন্দ্রদ্বীপ নিউজ: সকাল আটটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সম্মেলন।

১৫ বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের সদস্যরা এতে অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল (সোমবার) রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, সদস্য সম্মেলন উপলক্ষ্যে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই উচ্ছ্বসিত। সারা দেশ থেকে আসা সদস্যরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহিদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হবে।




সম্পূর্ণ বিনা মূল্যে ইউরোপের চার দেশে অধ্যয়নের সুযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়।
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ফুল-ফান্ডেড এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদস্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪।

গত বছর সবচেয়ে বেশি (১৯২টি) স্কলারশিপ পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। ফলে দেশটি ছিল প্রথম স্থানে। স্কলারশিপের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটির শিক্ষার্থীরা পেয়েছেন ১৭৪টি স্কলারশিপ। এরপরই মেক্সিকো ১১৮, নাইজেরিয়া ১০৯, ব্রাজিল ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন ৭২টি করে, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২ ও কাজাখস্তান ৫১টি করে স্কলারশিপ পেয়েছে।




‘জুলাই বিপ্লব’র ঘোষণাপত্র স্থগিত হলেও সমাবেশ হবে

চন্দ্রদ্বীপ নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লব’ এর ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার জুলাই ঘোষণা পত্র ঘোষণার যে অবস্থান নিয়েছে তাতে সমর্থন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে। তবে ঘোষণাপত্র সরকারই দেবে।

মঙ্গলবার শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি কেমন হবে তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান সমকালকে বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ মিনারে তাঁরা সমাবেশ করবেন। সেখানে তাঁরা সবাই জড়ো হয়ে জুলাই অভ্যুস্থানের পক্ষে প্রস্তাবনা তুলে ধরবেন।




অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, মিলবে শতভাগ শিক্ষাবৃত্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা ও উচ্চশিক্ষার দারুণ সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছে। এছাড়া, স্নাতক শেষে চাকরি পাওয়ার সুযোগ ও স্থায়ী বাসস্থান লাভের সম্ভাবনা থাকায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগগুলো সম্পর্কে জানার জন্য এডুকেশন কনসালটেন্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’। শিক্ষা মেলাটি আগামী ৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা আগামী সোমবার সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে জানতে পারবেন।
আয়োজকদের দাবি, ভর্তিইচ্ছুরা কোর্স, স্কলারশিপ, ভর্তির প্রক্রিয়া কিংবা গ্রাজুয়েশন পরবর্তী চাকরির সুযোগ নিয়ে সব প্রশ্নের উত্তর জানতে পারবেন অনুষ্ঠান থেকে।

শিক্ষার্থীরা ইভেন্টে অ্যাপ্লিকেশন ফি ছাড়া সরাসরি তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন শতভাগ স্কলারশিপের সুযোগ।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ বলছে, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ।

এখানে শিক্ষার্থীরা শীর্ষ অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন। তারা তাদের পছন্দের প্রোগ্রাম, বিষয় ও টিউশন ফি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন।
অনুষ্ঠানে যারা অন স্পট অ্যাপ্লিকেশন করবেন তারা পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে ভিসা গ্রান্ট পাবেন তারা উপহার হিসেবে পাবেন একটি অ্যাকশন ক্যামেরা।




শিশুর প্রথম স্কুলে ভর্তির জন্য সঠিক বয়স কোনটি

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক শিশুপালনবিষয়ক ওয়েবসাইট বেবি সেন্টার ডট কম বলছে, তিন বছর বয়সের আশপাশেই শিশু প্রাক্‌-প্রাথমিক ধাপ শুরু করতে পারে। যদিও শিশুভেদে বয়স কিছুটা কমবেশি হতে পারে। এ ক্ষেত্রে দেখতে হবে শিশুর ব্যক্তিত্ব, তার চাহিদা কেমন। সে অনুযায়ী বাবা-মাকে সিদ্ধান্ত নিতে হবে, শিশুর ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট কেলি ইয়স্ট আব্রামস বলেন, ‘বয়সের পাশাপাশি আপনার শিশুর কতটুকু বিকাশ হয়েছে, তা বিচার–বিবেচনা করেই তার স্কুলে যাওয়ার সময় নির্ধারণ করা উচিত।’

শিশু স্কুলে যাওয়ার জন্য উপযোগী কি না, তা কিছু মাইলফলক দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন। তার মধ্যে প্রধান হলো পটি ট্রেইনড হওয়া, কারও সাহায্য ছাড়া খেতে পারা। খেয়াল করুন আপনার শিশু আপনাকে ছাড়া থাকতে পারছে কি না, যদি বেশ খানিকটা সময় মা–বাবাকে ছাড়া থাকতে পারে, তার অর্থ সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত। এ ছাড়া শিশু নির্দেশ পালন করতে পারে কি না, অন্যদের সঙ্গে নিজের মনের ভাব বিনিময় করতে পারছে কি না, দলগত কাজে স্বচ্ছন্দ কি না, এগুলোও স্কুলে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।