এস আলম সুপার রিফাইন্ড সুগার মিলে আগুন পুড়ছে রমজানের জন্য রাখা ১ লাখ টন চিনি, প্রভাব পড়বে বাজারে

চন্দ্রদীপ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি সুগার মিলে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কারখানাটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনী কাজ করছে।

সোমবার (৪ মার্চ) আগুন নিয়ন্ত্রণে ৪টা থেকে একে একে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরাসহ বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট কাজ করলেও রাত ১১টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। এবং রাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসারও কোনো লক্ষণ দেখা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

জানা গেছে, কর্ণফুলী নদীর পাশে ইছানগর এলাকায় চিনি কারখানাটিতে বিপুল পরিমাণ চিনির কাঁচামাল মজুত ছিল। সম্প্রতি ব্রাজিল থেকে আনা ১ লাখ টন অপরিশোধিত চিনি সেখানে রাখা হয়েছিল। যেগুলো পুড়েছে বলে জানিয়েছেন কারখানাটির কর্মকর্তারা।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, এতো বড় দুর্ঘটনায় চিনি পুড়ে যাওয়ার কারণে রমজানের বাজারে অবশ্যই এর প্রভাব পড়বে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে প্রতি মাসে কম-বেশি ১ দশমিক ৩৫ লাখ টন চিনির চাহিদা রয়েছে। তবে শুধু রমজান মাসে চাহিদা দ্বিগুণ বেড়ে ৩ লাখ টন হয়ে যায়। এ থেকে বোঝা যায় সাধারণ এক মাস এবং রমজান মাসের প্রায় আধা মাসের চিনি এই আগুনে পুড়েছে।




ভেবেচিন্তেই হচ্ছে কুয়াকাটা বিমানবন্দর

অনেক কিছু ভেবেচিন্তেই কুয়াকাটা বিমানবন্দর

পটুয়াখালী প্রতিনিধি :

প্রাথমিকভাবে স্থান নির্বাচন সৈকত থেকে ২২ কিমি. দূরে কলাপাড়া ও আমতলীতে শুধু পর্যটনকেন্দ্রিক না করে বৃহত্তর জনগোষ্ঠীকে রানওয়ের সুবিধা দেওয়ার পরিকল্পনা।

নামে কুয়াকাটা বিমানবন্দর হলেও প্রাথমিকভাবে এর স্থান নির্বাচন হয়েছে সৈকত থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে।

পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলার ৩ হাজার একর জমিতে এটি নির্মাণের প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে বিমানবন্দরের জন্য সম্ভাব্য ওই স্থান পরিদর্শন করেছে বেবিচকের বিশেষ টিম। কেবল পর্যটন নির্ভর বন্দর পরিচালনা লাভজনক হবে না বিবেচনায় সৈকত থেকে এতটা দূরে এটি করার পক্ষে তারা। সেক্ষেত্রে কুয়াকাটার পাশাপাশি দক্ষিণ উপকূলের উদীয়মান শিল্প এলাকার কেন্দ্রে হবে এর অবস্থান। ফলে বন্দর লাভজনক হওয়ার পাশাপাশি রানওয়ের সুবিধা পাবে সবাই।

১৯৯৮ সালে পর্যটনকেন্দ্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় কুয়াকাটা সমুদ্রসৈকত। এরপর থেকেই মূলত সেখানে শুরু হয় সরকারি পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড। পদ্মা সেতু চালু হওয়ার পর কম সময়ে যাতায়াতের সুবাদে প্রতিদিনই হাজার হাজার পর্যটক যাচ্ছেন কুয়াকাটায়। ছুটির দিনে সেখানে থাকা ২শ’র মতো হোটেল-মোটেল ছাপিয়ে সৈকতেও রাত কাটাতে হয় অনেককে। সৈকতভিত্তিক পর্যটন জমে ওঠার পাশাপাশি কুয়াকাটা সংলগ্ন কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রসহ গড়ে ওঠে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে কেবল কলাপাড়ায়ই রয়েছে ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র। পার্শ্ববর্তী বরগুনার তালতলীতে রয়েছে একটি। প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেডের অবস্থানও এগুলোর বেশ কাছে। পদ্মা সেতুকেন্দ্রিক নয়া অর্থনৈতিক অঞ্চল হিসাবে সেখানে গড়ে উঠছে আরও নানা শিল্পপ্রতিষ্ঠান। ক্রমবর্ধমান এই পর্যটন ও শিল্প এলাকায় একটি বিমানবন্দর স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে ওঠে আলোচনা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গত বছরের ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমন্বয় সভায়ও আলোচিত হয় বিষয়টি। সেখান থেকে কুয়াকাটায় বিমানবন্দর স্থাপন বিষয়ে তথ্য চাওয়া হয় নগর উন্নয়ন অধিদপ্তরে। অধিদপ্তর এই বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে বললে তারা চিঠি দেয় বেবিচককে। পুরো বিষয়ে ধারণা পেতে ৮ সদস্যের একটি কমিটি গঠন করে বেবিচক। সংস্থার পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলামকে করা হয় এর প্রধান। ১৭ ফেব্রুয়ারি কমিটির সদস্যরা আসেন কলাপাড়ায়। পরিদর্শন করেন বিমানবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান। যার অবস্থান কলাপাড়া ও আমতলী উপজেলায়। দুই উপজেলার দুটি ইউনিয়নের ৪টি গ্রামকে পছন্দ করেন তারা।

কমিটির প্রধান জহিরুল ইসলাম বলেন, বিমানবন্দর তো ছোটখাটো কোনো বিষয় নয়। আমাদের প্রস্তাবনায় এর দৈর্ঘ্য ও প্রস্থ ধরা হয়েছে যথাক্রমে ৬ ও ২ কিলোমিটার। এজন্য দরকার হবে ৩ হাজার একর জমি। যে জায়গাটি আমরা দেখেছি সেখানে এই জমির সংস্থান করা সম্ভব। সেক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি খুব একটা নিতে হবে না। আলোচ্য স্থানে সরকারের বিপুল আয়তনের জমি রয়েছে। ঘরবাড়িসহ তেমন কোনো স্থাপনাও ভাঙা পড়বে না। বিপুল আয়তনের এই জমি যদি কিনতে না হয় তাহলে সরকারের ব্যয় অনেক কমে যাবে।

পরিদর্শন দলের সঙ্গে থাকা কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, কলাপাড়া ও আমতলীর সীমান্তবর্তী চাকামইয়া এবং নীলগঞ্জ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই বিমানবন্দর নির্মাণের চিন্তা করছে বেবিচক। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় এটাই সঠিক। চাকামইয়া ইউনিয়নটি কলাপাড়ার সবচেয়ে বড় ইউনিয়ন। এর দৈর্ঘ্য ১৫ কিলোমিটারের বেশি। বিশাল এলাকা হলেও ভোটার সংখ্যা মাত্র ১৪ হাজার। জনবসতি কম হওয়ার পাশাপাশি এখানে সরকারের বিপুল আয়তনের খাস জমি রয়েছে। যতদূর জানি পার্শ্ববর্তী আমতলী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নেরও প্রায় একই অবস্থা। এর বিপরীতে কুয়াকাটায় এত বিপুল আয়তনের খাস জমি যেমন নেই তেমনি পর্যটন কেন্দ্র হওয়ায় সেখানে জমির দামও অনেক বেশি। কুয়াকাটায় করতে গেলে এই বিমানবন্দর নির্মাণ ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে।

কলাপাড়া ও তালতলী মিলিয়ে বিমানবন্দর স্থাপনের প্রস্তাবে কুয়াকাটার সাধারণ মানুষের মধ্যে খানিকটা অসন্তোষ দেখা দিলেও তার উত্তর দিয়েছেন সেখানকার সংসদ-সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
তিনি বলেন, কুয়াকাটায় যে ২শর মতো হোটেল-মোটেল রয়েছে তার মাত্র ২৮ ভাগ আধুনিক সুবিধাসম্পন্ন। এসব হোটেলের গ্রাহকরাই প্রধানত হবে বিমানের যাত্রী। তাও কেবল ছুটি আর পর্যটন মৌসুমের দিনগুলোয়। এই স্বল্পসংখ্যক যাত্রী দিয়ে বিমানবন্দর চলবে না। প্রকারান্তরে কলাপাড়ার চাকামইয়ায় বিমানবন্দর হলে সেটা কুয়াকাটা সমুদ্রসৈকতের পাশাপাশি পুরো শিল্পাঞ্চলকে সংযুক্ত করবে। চাকামইয়া থেকে কুয়াকাটা যেতে সময় লাগে ২০-২৫ মিনিট। এর আশপাশেই অবস্থান পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্রসহ পুরো শিল্প এলাকার। প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেড আর বরগুনা জেলাও কাছে হবে। সেক্ষেত্রে পায়রা বন্দরের পণ্য কার্গো বিমানে পরিবহণসহ শিল্প এলাকার সঙ্গে সংশ্লিষ্টদের যাতায়াত মিলে টিকে যাবে বিমানবন্দর। এজন্যই কলাপাড়ার চাকামইয়াকে বেছে নেওয়া হয়েছে।

পরিচয় না প্রকাশের শর্তে বেবিচকের এক কর্মকর্তা বলেন, স্থান নির্বাচনসহ প্রাথমিক পর্যায়ের কাজগুলো সম্পন্নের সঙ্গে সঙ্গে কুয়াকাটাকেন্দ্রিক বিমানবন্দর স্থাপনে দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। সেখানে এবং একনেকে এটি অনুমোদন পেলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ শুরু করা যাবে বিমানবন্দরের কাজ। কেবল কুয়াকাটা কিংবা উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল নয়, ভবিষ্যতের অনেক কিছু মাথায় নিয়ে এগোচ্ছে সরকার। সমুদ্র সীমান্তের নিরাপত্তা প্রশ্নে ভবিষ্যতে এখানে এয়ার ফোর্সের বেইজও হতে পারে। এসব বিবেচনায় নিয়ে এগোচ্ছি আমরা।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, পর্যটন কেন্দ্র হিসাবে কুয়াকাটার ক্রমবর্ধমান জনপ্রিয়তাসহ ওই এলাকায় শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক অর্থনৈতিক যে হাব তৈরি হচ্ছে তাতে সেখানে বিমানবন্দর প্রয়োজন। সেই বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছে সরকার। স্থান নির্বাচনসহ প্রকল্পের কাজ এগিয়ে নিতে ৮ সদস্যের কমিটি করা হয়েছে। তাদের দেওয়া রিপোর্ট আর অর্থ সংকুলান হলেই পরবর্তী ধাপের কাজ শুরু করব আমরা।

 




দেশে শিক্ষিত বেকার ২৩ লাখ ৫০ হাজার: বিবিএস

চন্দ্রদীপ নিউজ: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি শেষের সাত দিনে এক ঘণ্টা কাজ করার সুযোগ না পান, তাহলে তাঁকে বেকার হিসেবে ধরা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোও (বিবিএস) এই সংজ্ঞা ব্যবহার করে।

বিবিএসের তথ্য মতে, দেশে মোট বেকারের ১২ শতাংশই এমন উচ্চশিক্ষিত। অথচ যাঁদের আনুষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের বেকারত্বের হার মাত্র ১.০৭ শতাংশ। অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারের হার ৮.৭৮ শতাংশ। মাধ্যমিক শেষ করা বেকার ২.৪২ শতাংশ। প্রাথমিক শেষ করা বেকারের হার ১.৬৯ শতাংশ। অন্য কোনো মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের বেকারত্বের হার ৪.৮৭ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা ৬৬ শতাংশই বেকার থাকছেন। ২১ শতাংশ শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পান। ৭ শতাংশ শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর বা কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ নিচ্ছেন। ৩ শতাংশ নিজ উদ্যোগে কিছু করছেন।

লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) তথ্য মতে, বাংলাদেশে ১০০ জন স্নাতকধারীর ৪৭ জনই বেকার। আইএলওর ২০১৮ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে বেকারের সংখ্যা তিন কোটি। তখন সংস্থাটি আভাস দেয়, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ছয় কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯.৪০ শতাংশ হবে।

বিবিএসের সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০২২-এর হিসাব বলছে, দেশে শ্রমশক্তির মোট পরিমাণ সাত কোটি ৩০ লাখ ৫০ হাজার। এর মধ্যে কাজ করছেন সাত কোটি চার লাখ ৭০ হাজার জন। অর্থাৎ দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা ২৫ লাখ ৮০ হাজার। আর ২০২৩-এর চতুর্থ কোয়ার্টারের তথ্য মতে, বর্তমানে দেশে বেকার ২৩ লাখ ৫০ হাজার।

বিশ্লেষকরা বলছেন, বেকারত্বের হিসাবের এই পদ্ধতিতে গলদ আছে। এই সংজ্ঞা বাংলাদেশে বেকারত্বের দৃশ্যমান ও অদৃশ্য আংশিক কর্মসংস্থান সম্পর্কিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এই সংজ্ঞা দেশের মোট উৎপাদনের অন্যান্য উপাদানের মধ্যকার মৌলিক ভারসাম্যহীনতাকেই প্রতিফলিত করে।

উচ্চশিক্ষিত বেকারদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে বা নেওয়া উচিত, জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মামুন-আল-রশীদ গণমাধ্যমকে বলেন, ‘সরকার তাঁদের সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি দিয়েছে, আর কী দিতে পারে। সরকার কম শিক্ষিতদের জন্য বিভিন্ন কারিগরি ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, প্রকল্প নিচ্ছে। বেকার বেড়ে যাওয়ায় চীন যেমন উচ্চশিক্ষা বন্ধ করে কারিগরি শিক্ষা চালু করেছিল, সরকারেরও এখন সেটা করা উচিত। যদিও সেটা করা সরকারের জন্য কঠিন। তবে আমাদের যেসব বিষয়ে শিক্ষা দেওয়া হয়, তার পরিবর্তে কর্মমূলক শিক্ষার ব্যবস্থা করা উচিত। এখানে কিছু বিষয়ে যে শিক্ষা দেওয়া হয়, সে অনুযায়ী বাজারে কর্ম নেই।’




আরো ব্রিটিশ জাহাজ ডোবানোর হুমকি হুতিদের

চন্দ্রদীপ ডেস্ক : ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী শনিবার নিশ্চিত করে, ১৮ ফেব্রুয়ারি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজ রুবিমার ডুবে গেছে।

হুতি নেতৃত্বাধীন সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘ইয়েমেন আরো ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেবে এবং ব্রিটেনের তালিকায় যেকোনো প্রতিক্রিয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতি যোগ করা হবে। এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র, যেটি ইয়েমেনে আক্রমণ করে এবং গাজার বেসামরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হয়।

সূত্র : রয়টার্স।




অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।



যাকাত ফেয়ারের আজ শেষ দিন




হুথিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজটি ডুবে গেছে: ইয়েমেনি সরকার

চন্দ্রদীপ ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে হুথিদের হামলার শিকার ব্রিটেনের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। নভেম্বরে হুথিরা বাণিজ্যিক শিপিং লক্ষ্যবস্তু করা শুরু করার পর এটিই হবে প্রথম কোনো জাহাজডুবির ঘটনা। খবর রয়টার্সের।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে জাহাজটি ডুবে গেছে। এর ফলে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আগে বলেছিল, হামলার সময় জাহাজটিতে ৪১ হাজার টনের বেশি সার ছিল।

ইয়েমেনের হুথিরা নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা চালাচ্ছে বলে দাবি করেছিল।

সোমবার ইয়েমেনি সরকারের একটি দল বেলিজ-পতাকাযুক্ত যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজ পরিদর্শন করেছে। দলটি বলেছিল, জাহাজটি আংশিকভাবে ডু্বেছে। কয়েক দিনের মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারে।

মার্কিন সামরিক বাহিনী আগে বলেছিল, হামলার ফলে মালবাহী জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এমনকী জাহাজ থেবেক ২৯ কিলোমিটার পর্যন্ত তেল ছড়িয়ে পড়েছে।

  1. তবে খবর নিশ্চত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সঙ্গে শনিবার যোগাযোগ করেছিল রয়টার্স। তাতে কোনো সাড়া পাওয়া যায়নি।



বিদায়ের সুর, শেষবেলায় প্রাণবন্ত বইমেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অমর একুশের বইমেলার পর্দা নামছে আজ। বিদায়ের সুর বাজছে মাসব্যাপী বইমেলায়। অন্যান্য দিনের চেয়ে শেষবেলায় দর্শনার্থী কম থাকলেও পাঠকদের সমাগম রয়েছে। আজকেই ছুটি পাবেন স্টল কর্মীরা। কেউ কেউ বই গোছানো শুরু করছেন।

শনিবার (২ মার্চ) সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতো ভিড় জমেনি মেলায়। স্টলে স্টলে পাঠকদের ভিড় দেখা গেলেও দর্শনার্থীদের সংখ্যা কম দেখা গেছে। শেষবেলা বইপ্রেমীরা খুঁজে খুঁজে বই কিনছেন। তবে আজ অধিকাংশ পাঠকদের হাতে বই নিয়ে ঘুরতে দেখা গেছে। খালি হাতে মেলা প্রাঙ্গণ থেকে বের হচ্ছে না পাঠকরা।

এদিকে আজ মেলার শেষ দিন হওয়ায় বই গোছাচ্ছেন কর্মীরা। প্রদর্শনী থেকে বইগুলো প্যাকেজিং করে বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিক্রয়কর্মীরা জানান, আজকে মেলায় দর্শনার্থী কম হলেও বেচাকেনা ভালো। যারা স্টলে আসছেন তাদের ৯০ শতাংশই বই কিনছেন। ঘুরতে আসা মানুষের সংখ্যা কম।

ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি  বলেন, মেলার সময় বাড়ানোর কারণে কাল থেকে ভালো বিক্রি হয়েছে। বই কেনেননি এমন পাঠক দেখিনি। প্রবন্ধ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য-বিষয়ক ও বাচ্চাদের নৈতিকতার বই বেশি বেচাকেনা হয়েছে।

তৃপ্তি প্রকাশের প্রকাশক সাব্বির আহমেদ বলেন, মেলার সময় বাড়ানোয় বড় প্রকাশনীগুলো লাভবান হয়েছে। আমাদের বেচাকেনা নেই। শুক্রবার কিছু ক্রেতা এলেও আজ তো একদম নেই, সন্ধ্যার পর হয়তো বাড়বে।

মেলায় আসা দর্শনার্থী সেলিম রহমান বলেন, ‘মাসজুড়ে ভালো বইয়ের সংখ্যা খুবই কম পেয়েছি। এখনো আগের ফিকশনগুলোই চলছে। ফেসবুকে যা দেখি, কিন্তু এখন সব লেখক সৃজনাল। মেলা উপলক্ষে বই লিখে ভাইরাল হওয়ার জন্য। পরিশ্রম করে ভালো কোনো নন-ফিকশন বই লিখছেন না তারা।

জানা যায়, রীতি অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রকাশকদের আবেদনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে মেলার সময় দুদিন বাড়ানো হয়।




রোববার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৬৩ টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।

শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। টেরিফ কমানোর পরে কত মাল তারা আমদানি করেছে এবং তাদের বাফারস্টোক তৈরির জন্য যে সময় দেওয়া হয় তা কতটা কাজে লাগিয়েছে সে বিষয়ে এরই মধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।

তিনি বলেন, দিপাক্ষিক বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের পেঁয়াজ ছাড় করণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।

তিনি বলেন, আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ প্রকার রয়েছে। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর। বস্তায় আসা জায়েদি খেজুর আগামীকাল দাম নির্ধারণ করে দেওয়া হবে। আশা করছি এরপর দাম কমে আসবে অর্থাৎ এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, এতে দাম কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেব কিন্তু কোনো অজুহাত শুনবো না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। টিসিবির এক কোটি মানুষ তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবেন।




৩ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র ও পরোয়ানার বিষয়ে হাজিরা ও আত্মসমর্পণ করতে ৩ মার্চ বিচারিক আদালতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১ ফেব্রুয়ারি উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও অভিযোগপত্রে জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম যুক্ত করা হয়।