মার্চে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছরের মার্চে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৫১০ কোটি ২৫ লাখ ডলার। এ সময় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, মূলত তৈরি পোশাক পণ্যের চালান বৃদ্ধি পাওয়ায় রপ্তানি বেড়েছে।

তবে, মার্চের রপ্তানি ১০ শতাংশ বাড়লেও মাসিক লক্ষ্যমাত্রা ৫১৪ কোটি ডলারের চেয়ে শূন্য দশমিক ৮৮ শতাংশ কম।

রপ্তানি আয় বেড়েছে তৈরি পোশাক, কৃষি ও প্লাষ্টিক খাতে। বিপরীতে আয় কমেছে হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্যে। চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি।




প্রবৃদ্ধি অর্জনে ভারতের পরের অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক




ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ




নন–ক্যাডারে বড় নিয়োগ, পদ ২৫০০ এর বেশি

চন্দ্রদ্বীপ ডেস্ক : অভিজ্ঞ ও অনভিজ্ঞদের জন্য দুটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। নন–ক্যাডারের এই বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েব সাইটে প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাতে ২৭টি পদ রয়েছে। এগুলো অভিজ্ঞরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন বা চাকরির অভিজ্ঞতাও নেই, বিভিন্ন পদে তাঁদের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পদ আছে ২ হাজার ৫০০–এর বেশি।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

সিনিয়র কনসালট্যান্ট (এনেস্থেশিয়া), সিস্টেম এনালিস্ট, জুনিয়র কনসালট্যান্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রোগ্রামার সহকারী, প্রোগ্রামার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী প্রভৃতি পদে আবেদন আহ্বান করা হয়েছে।

অপর আরেক বিজ্ঞপ্তি অনুসারে নেওয়া হবে যেসব পদে, সেগুলো হলো—সহকারী পরিচালক (প্রশাসন), সহকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), সহকারি পরিচালক (সাধারণ), হাইড্রো মারফোলজিস্ট, হাইড্রলজিস্ট, সহকারি প্রকৌশলী, সহকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), সহকারি পরিচালক (মাইনিং), সহকারি পরিচালক (আইসিটি), সহকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারি পরিচালক টেলিভিশন, প্রকৌশল প্রশিক্ষণ, ইনস্ট্রাক্টর রসায়ন, ও পদার্থ, নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, আইন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, উপসহকারী পরিচালক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা।

আবেদন করার বিভিন্ন নিয়ম ও বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিপদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন জমা দিতে হবে। ফি জমাদানের আগপর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফ্রি সমাধানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।




৪০ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি আজ থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১ এপ্রিল) টিসিবি জানায়, ২ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে।

প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

এর আগে রবিবার বকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। গতকাল সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

সকাল ৯টা থেকে ওই পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়।

এখান থেকে ট্রাকে করে পেঁয়াজ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।




আজ থেকে বাস ভাড়া কমছে কিলোমিটারে ৩ পয়সা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ডিজেলের দাম কমার পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ মঙ্গলবার থেকে এটা কার্যকর হচ্ছে।

এর আগে সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো: মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে।

এ ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙ্গিয়ে রাখতে হবে।




পটুয়াখালী ইপিজেডে ১৩৫০ মিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্পের অধিগ্রহণকৃত জমি বেপজা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোড়ালিয়া মৌজায় এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী সংস্থা বেপজার পরিচালনা কমিটির সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুর রহমান,প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম।

আরো পড়ুন : পায়রা বন্দরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক জানান, পটুয়াখালী ইপিজেড পূর্নাঙ্গ চালু হলে এখানে প্রায় এক হাজার ৫৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। প্রতি বছর এখান থেকে এক হাজার ৮৬০ মিলিয়ন ডলার আয় হবে। বিদেশি বড় বড় কোম্পানি পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগ করার জন্য উম্মুখ হয়ে আছে।




রাতেই আসছে ভারতের পেঁয়াজ, ৪০ টাকা কেজিতে বিক্রি করবে টিসিবি: বাণিজ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ বলেছেন, আজ রোববার রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। এরপর শিগগির এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে প্রতিকেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভা শেষে তিনি এ কথা বলেন।

প্রথম রোজা ও ১৮তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যে তুলনামূলক দাম উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দাম অনেক কমে গেছে। তাছাড় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তাই আগামীতেও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ভারত থেকে মোট ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির কথা রয়েছে। পর্যায়ক্রমে এ পেঁয়াজ আনবে সরকার। বাজারে বর্তমানে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে মসলাজাতীয় এই পণ্য।




ঈদের আগে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক : শিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিনদিন সীমিত পরিসরে কিছু এলাকার ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ৫, ৬ ও ৭ এপ্রিল খোলা থাকবে।

এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫, ৬ ও ৭ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




সেই দুলাল ফকিরের জালে এবার ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারো পিরোজপুরের ইন্দুরকানীর জেলে সেই দুলাল ফকিরের জালে এবার ধরা পড়েছে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে শনিবার (১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।

জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে মাছ ধরার দুটি ট্রলার ১৪ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে।

প্রতিটি লাক্ষার ওজন তিন থেকে সাত কেজি।

ট্রলারের জেলেরা জানান, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও রসদ বোঝাই করে সাগরে যাই। আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য মাছের সঙ্গে আরো ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছ বিক্রি হয়েছে।

ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। 

এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারি বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে তিনি আশা করছেন।

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বার জানান, শনিবার দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে।

পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।