ইসলামী ব্যাংকের মুনাফায় বড় পতন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি ২০২৫ সালের প্রথম নয় মাসে উল্লেখযোগ্যভাবে মুনাফা হারিয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হিসাবে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের তুলনায় প্রায় ৬৩ শতাংশ কমেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে মাত্র ৬২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যাংকের আয় কমেছে ১ টাকা ৪ পয়সা বা প্রায় ৬২ দশমিক ৬৫ শতাংশ।
তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। এ সময় ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে ২০ পয়সায়, যা গত বছরের একই সময়ের ৫৫ পয়সা লোকসানের বিপরীতে ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে।
ব্যাংকের নগদ পরিচালন প্রবাহেও বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ৩ টাকা ২ পয়সা।
আরো পড়ুন : দুমকিতে ৩২ লাখ টাকার সেতু দুই বছরেও ব্যবহারের অনুপযোগী, ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৪৫ টাকা ৩৭ পয়সার তুলনায় সামান্য কম। বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংকের আমানত প্রবাহ, বিনিয়োগ ঝুঁকি এবং অর্থনৈতিক মন্দার চাপ এ মুনাফা হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছরের শেষ প্রান্তিকে আমানত পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়লে মুনাফার হার কিছুটা উন্নত হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








