এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও ২ ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন

চন্দ্রদ্বীপ নিউজ ::বেসরকারি খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার ব্যাংক দুটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে।

দুই ব্যাংকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য থেকে চেয়ারম্যানও নির্দিষ্ট করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়া। তার সঙ্গে থাকা অপর চার স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ ও হিসাববিদ মোহাম্মদ আশরাফুল হাছান।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান। তার সঙ্গে থাকা অপর চার স্বতন্ত্র পরিচালক হলেন মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা ও হিসাববিদ শেখ আশ্বাফুজ্জামান।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের হাতে। আর আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল তার ভাই আবদুস সামাদের হাতে। তবে দেশের পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের ব্যাংকগুলো নিয়ে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রেক্ষাপটে নিজেই পদ ছেড়ে দিয়েছেন আবদুস সামাদ।

এরপর ব্যাংকটিতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ ছিল। কারণ চেয়ারম্যানের দায়িত্বে আসেন সেলিম রহমান। তিনি কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের ছেলে। খলিলুর রহমানের সঙ্গে এস আলমের সখ্য ছিল। এই দুটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মাধ্যমেও এস আলম মুক্ত হলো।

এর আগে বেসরকারি খাতের সাত ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর মধ্যে প্রথম ছয়টি এস আলম গ্রুপের মালিকানাধীন। তবে পর্ষদ পুনর্গঠন করে গ্রুপটির নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে এসব ব্যাংক।




রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

চন্দ্রদ্বীপ নিউজ :: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ রিটটি দায়ের করেন। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন‌ নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনে বলা‌ হয়, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও‌ বেশি আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীসহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এ বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি।

রিট দায়ের পর তিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছি।



৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  : পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেসপিরিয়ড হবে অভিন্ন।

সার্কুলারে আরও বলা হয়, পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন পাবে তিন শতাংশ সুদে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে।

এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে ছয় শতাংশ।

 




রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে শর্তপূরণ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশে ঘটনাবহুল আগস্ট মাসের শুরুতে রেমিট্যান্স সংগ্রহ তলানিতে নামলেও মাসের শেষের দিকে ঊর্ধ্বমুখী হয়েছে। যার ফলে জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ৩১ কোটি ডলার। আগস্টে প্রতিদিন গড়ে ৭ দশমিক ৬৬ কোটি ডলার আসায় মাস শেষে রেমিট্যান্স দাঁড়িয়েছে ২২২ কোটি ১৪ লাখ ডলার। জুলাই মাসে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার। এদিকে রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। সেপ্টেম্বরে ব্যয়যোগ রিজার্ভ সংরক্ষণে আইএমএফের ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের শর্ত অতিক্রম হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগস্টের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার। ৪ থেকে ১০ আগস্ট এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার। প্রথম ১০ দিনে এসেছে মাত্র ৪৮ কোটি ২৮ লাখ ডলার। প্রথম ১০ দিনে গড়ে এসেছে ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু ১১-১৭ আগস্ট আসে ৬৫ কোটি ১৫ লাখ ডলার। আর ১৮-২৪ আগস্ট এসেছে ৫৮ কোটি ৪১ লাখ ডলার। এই ৭ দিনে গড়ে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার। আর শেষ ৭ দিনে (২৫ থেকে ৩১) এসেছে প্রায় ৫০ কোটি ৩০ লাখ ডলার। গড়ে এসেছে ৭ কোটি ১৯ লাখ ডলার।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে রেমিট্যান্স সংগ্রহ স্বাভাবিক ছিল না। এ সময় ব্যাংকিং কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। অপর দিকে প্রবাসীদের একটা বড় অংশ রেমিট্যান্স না পাঠানোর ঘোষণা দেয়। যার প্রভাবে জুলাইতে রেমিট্যান্সে ধাক্কা লাগে, যা ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত চলমান ছিল। এতে রেমিট্যান্সে বড় ধাক্ক লাগে। আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স আসা তলানিতে নেমে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে পর্যায়ক্রমে বাড়তে শুরু করে রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই-তিন মাসে রেমিট্যান্স সংগ্রহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে।

এদিকে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ডলারের সরবরাহ বেড়ে গেছে। গত ৩১ আগস্ট মোট রিজার্ভ প্রায় ২৬ বিলিয়নের কাছাকাছি চলে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। আর ব্যয়যোগ রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ডলার পরিস্থিতির উন্নতি ঘটায় ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা নির্ধারণ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, এপ্রিল মাস থেকে টানা তিন মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। তবে জুলাইয়ে কিছুটা কমে যায়। মূলত ব্যাংক ঠিকমতো চালু ছিল না। আবার প্রবাসীদের একটা অংশ ঘোষণা দিয়ে রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকে। তবে সম্প্রতি ব্যাপক হারে রেমিট্যান্স আসছে। এতে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।




পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার-প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা।

সোমবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

টবি ক্যাডম্যান ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার কর্মী, প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং লন্ডনভিত্তিক দ্য জেনোসাইড ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান।

ক্যাডম্যান ড. ইউনূসকে জানান, গত জুলাই ও আগস্ট মাসে সাধারণ ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করেছে তা সরাসরি গণহত্যা। বিপ্লবের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে জানান তিনি। এসব হত্যাকাণ্ডের বিচারের জন্য দেশীয় ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শ দেন তিনি।

ক্যাডম্যান বলেন, বাংলাদেশকে দ্রুত সত্য, ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য একটি কার্যকর অভ্যন্তরীণ আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যা যথাযথভাবে আন্তর্জাতিক মহলে সমর্থন পাবে এবং বাংলাদেশের জনগণ গ্রহণ করবে।

প্রধান উপদেষ্টার কাছে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করার সময় ব্রিটিশ আইনজীবী বলেন, তারা মানবতাবিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য একটি কাঠামো তৈরির প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রস্তুত। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করতে চাই।

প্রধান উপদেষ্টা তার প্রস্তাবগুলো লিখিত আকারে দাখিল করতে বলেন। তিনি বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় যারা গণহত্যার নির্দেশ দিয়েছেন এবং পরিচালনা করেছেন তাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা।




ইলিশের দাম কেজিতে কমেছে ৫০-১০০ টাকা

পটুয়াখালী প্রতিনিধি :: গত ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে গিয়ে ঠিকভাবে জাল ফেলতে না পারায় ভরা মৌসুমেও পটুয়াখালীর হাট বাজারে ছিলো না তেমন ইলিশের উপস্থিতি।

জুলাই থেকে অক্টোর মাস ইলিশের ভরা মৌসুম। প্রতিবছর এসময়ে নদী ও সাগরে ধরা পড়ে বড় বড় রূপালী ইলিশ। এবার সাগরেও দেখা মিলছে ইলিশের। বিভিন্ন কারণে ইলিশ কম ধরা পরায় বাজারে তুলনামূলক দামও ছিলো চড়া। বিগত তিন মাস ঘাটে নোঙর করে ছিল অনেক জেলে। বড় ইলিশের কম পাওয়ায় লোকসানের মুখে পরতে হচ্ছে জেলেদের।
তবে আবহাওয়া অনুকূলে আসায় গত ২/৩ দিন ধরে সাগরে যাচ্ছেন জেলেরা। কিছু কিছু জেলে টলার নিয়ে ঘাটে ফিরেছে। বাজারে এসেছে বিভিন্ন সাইজের কিছু ইলিশ। এতে কেজিতে কমেছে সর্বোচ্চ ৫০-১০০ টাকা।




বদলে যাচ্ছে যেসব টাকার নোট

চন্দ্রদ্বীপ নিউজ :: টাকার তিনটি নোট পবির্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরএ তথ্য জানান তিনি।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

দেশের মানুষকে টাকার নোট যত্নে রেখে ব্যবহার করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, এগুলো আমরা চেষ্টা করেছি, সময় থাকতে টাকা আরও ডিউরেবল করা যায় কি না। সেজন্য অনেক আগে আমি চিন্তা করেছিলাম, ধাতব মুদ্রা ব্যবহার করতে।’

চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।



দাম বাড়ল এলপিজির

চন্দ্রদ্বীপ অর্থনীতি :: ভোক্তাপর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৪ টাকায় ৬২ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসেএ মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। তার আগের মাস জুলাইয়ে ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

উল্লেখ্য, এখন প্রতি মাসে এলপিজির দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।




শুক্রবারও চলবে মেট্রোরেল




১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ।এখন ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা। ফেসবুকে এমন পোস্ট ভাইরাল হয়েছে। যদিও বাজারে এই দামে বোতলজাত গ্যাস বিক্রি হচ্ছে না।

এর বেশি নিলে ভোক্তা অধিকারের ১৬১২১ নাম্বারে ফোন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম ২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে কার্যকর l