ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক: এনবিআরের নির্দেশনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীন আয়কর সার্কেলগুলোর সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (e-Return) দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা/কর্মচারীদের জন্যও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে এনবিআর ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু করেছে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে সহজেই নিজেদের রিটার্ন তৈরি এবং অনলাইনে দাখিল করতে পারছেন।

এই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধের সুবিধা পাচ্ছেন। করদাতারা দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, ও টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও পাচ্ছেন।

e-Return সংক্রান্ত যেকোনও সমস্যায় সহায়তা প্রদান করতে এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে, যেখানে করদাতারা অফিস চলাকালীন সময়ে ফোন করে সমস্যা সমাধান করতে পারেন।

এখন পর্যন্ত www.etaxnbr.gov.bd পোর্টালের e-Return অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।




৭ লাখ ২০ হাজার গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হোন্ডা

চন্দ্রদ্বীপ অর্থনীতি :: জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তার দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মডেল দুটি হচ্ছে, ‘সিআর-ভি হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক।

হোন্ডা তার ওয়েবসাইটে একটি ট্যাব খুলে এ ঘোষণা দিয়ে জানায়, এই দুই মডেলের ৭ লাখ ২০ হাজার ৮শটি গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এ গাড়িগুলোতে ত্রুটি খুঁজে পাওয়ার প্রেক্ষিতে কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে খবরে বলা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এক ঘোষণায় জানিয়েছে, তাদের তৈরি দুটি মডেলের গাড়ি মার্কিন বাজার থেকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। মডেল দুটি হচ্ছে- ‘হোন্ডা সিভি-আর হাইব্রিড’ ও ‘হোন্ডা সিভিক’ (২০২৩-২০২৫)।

এই মডেল দুটির মোট ৭ লাখ ২০ হাজার ৮শ গাড়ি প্রত্যাহার করে নেবে। তবে এর কারণ সম্পর্কে কোম্পানিটি কিছু জানায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, হোন্ডা এই দুটি মডেলের গাড়ির পাম্প উচ্চচাপে তেল সরবরাহে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে করে তেল ট্যাংকে ছিদ্র হওয়ার ঝুঁকি হতে পারে। সে কারণে হোন্ডা তাদের এই দুই মডেলের গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। তবে এ বিষয়ে হোন্ডা কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।




কৃষিখাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের কৃষিখাতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০৩০ সালের পর্যন্ত ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হবে এই অর্থ।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি সংবাদমাধ্যম আরব নিউজকে এ প্রসঙ্গে বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে তেলভিত্তিক অর্থনীতি থেকে বের করে আনার লক্ষ্য নিয়েছেন। এই লক্ষ্যকে সফল করতে পর্যটন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী কৃষিতে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে।




১৫৭.৯০ টাকা দরে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৫৫ লাখ লিটার সয়াবিন তেল এবং দেড় লাখ মেট্রিক টন (এমটি) সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) অষ্টম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

রাষ্ট্র পরিচালিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় ৮৬ কোটি ৮৪ লাখ টাকা দিয়ে সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে স্থানীয় ওপেন টেন্ডার মেথড (ওটিএম) এর আওতায় ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৭.৯০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের প্রদত্ত নথি অনুযায়ী, সচিবালয়ে অনুষ্ঠিত এসিসিজিপি সভায় মোট পাঁচটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৮৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় চীন, মরক্কো ও সৌদি আরবের তিনটি কোম্পানি থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। কোম্পানি তিনটি হলো- চীনের বনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড, মরক্কোর ওসিপি এবং সৌদি আরবের মা’আদেন।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছর (অর্থবছর ২৪) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে ৪র্থ লটে প্রায় ৩০ হাজার মেট্রিক টন দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার ক্রয়মূল্য ১২৯ কোটি ৩৫ লাখ টাকা। এ সারের প্রতি টনের দাম পড়বে ৩৫৯.৩৩ মার্কিন ডলার।




অতীতের ভুলে পুঁজিবাজার আজ দুর্বল অবস্থানে: ডিএসই চেয়ারম্যান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, অতীতের অনেক ভুল সিদ্ধান্ত, অনিয়ম ও অদক্ষতার ফলস্বরূপ পুঁজিবাজার আজ একটি দুর্বল অবস্থানে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাজার সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজ এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের সঙ্গে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ হাম্মদুল করীম, মোহাম্মদ ইশহাক মিয়া, শাহনাজ সুলতানা, মো. শাকিল রিজভী, রিচার্ড ডি রোজারিও, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্ত্বিক আহমেদ শাহ।

ডিএসইর চেয়ারম্যান বলেন, এটি আমাদের জন্য একটি দুর্লভ সুযোগ পুঁজিবাজারকে দক্ষতা, স্বচ্ছতা ও অর্থনীতির জন্য কল্যাণকর লক্ষ্যে গড়ে তোলার। এর জন্য দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন, অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের পাশাপাশি বিনিয়োগকারী এবং মধ্যস্থতাকারীদের আস্থা অর্জনে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোর দায়িত্ব অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে দেশের পুঁজিবাজার একটি অস্বাভাবিক সময় অতিক্রম করছে। এ অবস্থা থেকে বাজারে কীভাবে উত্তরণ ঘটানো যায় সে বিষয়ে সকলের সহযোগিতা ও পরামর্শ জরুরি।

তিনি ডিবিএ ও ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর কর অব্যাহতি সুবিধা পুনঃপ্রতিষ্ঠা, লভ্যাংশের উপর উৎসেকর কর্তনকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা এবং ক্যাপিটাল লসের সমন্বয় বিষয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বাজারে আস্থার অভাব রয়েছে। পুঁজিবাজার উন্নয়নে আস্থা বৃদ্ধি করতে হবে। তিনি অগ্রিম আয়কর (এআইটি) গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স ব্যক্তিগত পর্যায়ে রোহিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা বর্তমান বাজার পরিস্থিতি থেকে উত্তরণ এবং ভবিষ্যতে বাজারকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, তারল্য সংকট, ক্যাপিটাল গেইন ট্যাক্স, মার্কেট মেকার, ক্যাটাগরি, পলিসি সাপোর্ট, নগদ উত্তোলনের সুবিধা দেওয়া, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, ফ্লোর প্রাইজ প্রয়োগ না করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আইপিও পদ্ধতির সংস্কার, মার্জিন লোন সংস্কার, সিসি অ্যাকাউন্টের ইন্টারেস্ট, সিসিবিএল, মন্দ আইপিও না আনা, মার্জিন ঋণ রেশিও, ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনা এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড সম্পর্কে আলোচনা করেন।




মিয়ানমার থেকে ৬০০ টন পেঁয়াজ আসলো টেকনাফে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিয়ানমার থেকে আরও ৬০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। সোমবার বিকেলে ইয়াঙ্গুন বন্দর থেকে ছেড়ে আসা দুটি কার্গো ট্রলারে পেঁয়াজসহ অন্যান্য পণ্য পৌঁছেছে টেকনাফে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফের ব্যবস্থাপক সৈয়দ মো. আনোয়ার হোসেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের প্রতি কেজির দাম ৭৮ টাকা, যা পরিবহন খরচসহ ৮৬ থেকে ৯০ টাকায় বিক্রি করা হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পেঁয়াজের আমদানি হয়েছিল। এরপর মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমদানি বন্ধ ছিল।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা চলছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আরও দুই হাজার টনের বেশি পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে।

পণ্য খালাসে শ্রমিকরা ব্যস্ত থাকলেও, দীর্ঘদিন সীমান্ত বাণিজ্যে অচলাবস্থার কারণে শ্রমিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় শ্রমিকনেতা আলী আজগর মাঝি বলেন, বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

 




ডিবি হারুনের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ সোমবার সিআইসি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়, যাতে পুনরায় আদেশ না আসা পর্যন্ত তাঁর হিসাব জব্দ রাখা হয়।

হারুন অর রশীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, মা, দুই ভাই এবং শ্বশুরসহ আত্মীয়। এনবিআর সূত্রে জানা গেছে, তাঁদের কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে এবং সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। যদি কর ফাঁকির প্রমাণ মেলে, তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া দেশের শীর্ষ ছয় ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে নামা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহানসহ অন্য ব্যবসায়ীরা।




১৯ দিনে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে বৈধ পথে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার (১.৫৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, দৈনিক গড়ে ৮ কোটি ডলার বা ৯৬৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ডলার এসেছে। এছাড়া, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার ডলার এসেছে।

তবে উল্লেখযোগ্যভাবে, ১১টি ব্যাংকে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাননি। এর মধ্যে রয়েছে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি এবং বিদেশি ব্যাংক।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সের আগমন আরও আশাব্যঞ্জক ছিল, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসে মাসে বাড়তি রেমিট্যান্স দেখা গেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড তৈরি হয়েছিল ২০২০-২১ অর্থবছরে, যখন প্রবাসীরা দুই হাজার ৪৭৭ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

 




৬ সরকারি ব্যাংকের নতুন এমডি নিয়োগ

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশের রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বিডিবিএল এবং বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত ছয়টি পৃথক চিঠি ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানি বিভাগ।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডিও) শওকত আলী খান, রূপালীতে মো. আব্দুর রহিম, অগ্রণীতে আনোয়ারুল ইসলাম, জনতায় মজিবর রহমান, বিডিবিএলে জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকে কামরুজ্জামান খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর একসঙ্গে রাষ্ট্রায়ত্ত্ব ৬ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে (এমডি) অপসারণ করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত এক মাস রাষ্ট্রায়ত্ত্ব সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এমডি ছাড়াই চলেছে। এতে করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে জটিলতাও সৃষ্টি হয়েছে বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগে বাধ্য হন। আর ব্যাংকটির এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয় আফজাল করীমকে। সোনালী ব্যাংকে সদ্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামে।

জানা গেছে, সরকারি ব্যাংকের মধ্যে নাজুক অবস্থায় আছে বেসিক ব্যাংক ও জনতা ব্যাংক। বেসিক ব্যাংকের ৬৫ শতাংশ ঋণ এরই মধ্যে খেলাপি হয়ে পড়েছে, যার পরিমাণ ৮ হাজার ২৫৬ কোটি টাকা। গত জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক শতাংশ বা ৪৮ হাজার কোটি টাকায়। এরই মধ্যে ৭০ শতাংশ ছাড়িয়েছে খেলাপি ঋণ।




বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে: তিন মাসে ৮৪ কোটি ডলার ঋণ ও ১১২ কোটি ডলার শোধ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে যত বিদেশি ঋণ এসেছে, পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, এই প্রান্তিকে বাংলাদেশ মোট ১১২ কোটি ৬৫ লাখ ডলার পরিশোধ করেছে, কিন্তু নতুন ঋণ এসেছে ৮৪ কোটি ৬১ লাখ ডলার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ শোধ বৃদ্ধি পেয়েছে এবং ঋণ ছাড় কমেছে। গত অর্থবছরের (২০২৩-২৪) প্রথম প্রান্তিকে ১২৮ কোটি ডলার বিদেশি ঋণ এসেছিল, যা এবারের চেয়ে ৪২ কোটি ডলার বেশি। অন্যদিকে, এই সময়ে ২৫ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কয়েক শ কোটি ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। তবে, অর্থ ছাড় কমেছে এবং ঋণ পরিশোধ বেড়েছে, ফলে ঋণ প্রাপ্তি ও পরিশোধের ভারসাম্য নেতিবাচক হয়ে পড়ছে।

গত জুলাই-সেপ্টেম্বর মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি খুবই কমে গেছে। এই তিন মাসে আনুষ্ঠানিকভাবে মাত্র ২ কোটি ৭৪ লাখ ডলারের ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। একই সময়ে, মোট পরিশোধিত অর্থের মধ্যে ১৮ কোটি ২৫ লাখ ডলার অনুদান এবং ৬৮ কোটি ৫৫ লাখ ডলার ঋণের মূল এবং ৪৪ কোটি ১০ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে।