রেমিট্যান্স পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম

চন্দ্রদ্বীপ ডেস্ক: মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক রিপোর্ট বুলেটিনে উঠে আসে এমন তথ্য।

তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে দেশটিতে বাংলাদেশি একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি প্রবাসী বাংলাদেশিদের। ২০২৩ সালে মালদ্বীপ থেকে বিদেশি কর্মীদের পাঠানো তহবিল ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। ৮৪ শতাংশ বিদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই পাঠিয়েছে ৫৪ শতাংশ।

ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৬ লাখ, এর এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি। চলতি বছর বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা চালু করলেও জালিয়াতির অভিযোগে ফের বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ।

তার ওপর প্রতিদিনই চলছে বৈধ ও অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। দেশটিতে প্রবাসীরা সংকটে থাকলেও প্রভাব পড়েনি রেমিট্যান্সে। বরং ক্রমান্বয়ে বাড়ছে এর প্রবাহ। আর সেই হিসাব প্রকাশ করেছে মালদ্বীপ মনিটরিং অথরিটি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট রিপোর্টে দেখা যায়, মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম স্থানে।

যা আগের তুলনায় ৬০ শতাংশ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে। যদি দ্বিপাক্ষীয় কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানো যায়, তবে এই সংখ্যা তিনগুণ বেড়ে যাবে বলে মত সংশ্লিষ্টদের।

মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের মাধ্যমে যেমন প্রবাসীদের সমস্যার সমাধান হবে, তেমনি অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান প্রবাসীরা।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মালদ্বীপের সঙ্গে আরও জোরালো কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে।




১০ বছর পর্যন্ত সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে। এই সুবিধাটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে আসা কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী, বেসরকারি খাতে পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এর আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হচ্ছে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে যেসব কোম্পানি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে, তারা এই কর অব্যাহতির সুবিধা পাবেন। শুরুতে কোম্পানিগুলো বাণিজ্যিক উৎপাদন আরম্ভের পর প্রথম ৫ বছরের জন্য (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবেন। এরপরের ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) ৫০ শতাংশ কর অব্যাহতি এবং পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

কর অব্যাহতির এই সুবিধা গ্রহণের জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলোকে আয়কর আইনের সকল বিধান মেনে চলতে হবে এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসির আওতায় নির্ধারিত সকল শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, তাদের পরিচালনা পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে করতে হবে।

সরকারের এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উন্নয়ন ও বহুমুখীকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে দেশের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি, অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগও আকর্ষণ করবে।




২৮ সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিএফআইইউ সাংবাদিকদের ব্যাংক হিসাব, লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ড এবং অন্যান্য আর্থিক উপকরণের বিষয়ে তথ্য জানতে চায়।

যেসব সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:

নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক)

ফরিদা ইয়াসমিন (জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি)

জায়েদুল হাসান পিন্টু (ডিবিসি নিউজের হেড অব নিউজ)

সুভাষ সিংহ রায় (এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক)

হায়দার আলী (কালারের নির্বাহী সম্পাদক)

জি মামুন (এটিএন)

সৈয়দ বোরহান কবীর (বাংলা ইনসাইডারের সম্পাদক)

শাবান মাহমুদ (বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার, নয়াদিল্লি)

মির্জা মেহেদী তমাল (বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর)

জুলকারনাইন রনো (চিফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন)

আলমগীর হোসেন (সমকাল)

মধুসূদন মণ্ডল (বাসস)

মাসুদ আইয়ুব কার্জন (ডিবিসি)

মইনুল ইসলাম (আমাদের সময়)

ফরাজী আজমল হোসেন (সাংবাদিক)

অশোক চৌধুরী (বৈশাখী টিভি)

রাহুল রাহা (ইডির এক্সিকিউটিভ এডিটর)

রেজাউল করিম লোটাস (ডেইলি সান)

আশিকুর রহমান শ্রাবণ (নিউজ টোয়েন্টিফোর)

আবদুল্লাহ আল মামুন (যুগান্তরের বিশেষ প্রতিনিধি)

রফিকুল ইসলাম রতন (স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক)

শেখ জামাল হোসেন (দৈনিক মুখপাত্রের সম্পাদক)

আদিত্য আরাফাত (ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি)

তাওহিদুল ইসলাম সৌরভ (এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি)

শেখ মামুনুর রশীদ (যুগান্তরের বিশেষ প্রতিনিধি)

শ্যামল সরকার (সাংবাদিক)

আবুল খায়ের (দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক)

সন্তোষ শর্মা (দৈনিক কালবেলার সম্পাদক ও প্রশাসক)




যমুনা ও এনসিসি ব্যাংকে নতুন চেয়ারম্যান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি খাতের ব্যাংক এনসিসি ও যমুনা ব্যাংকে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন ঘটে।

এনসিসি ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান মো. আবুল বাশার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়ে পড়েন। এ কারণে বাংলাদেশ ব্যাংক তার পরিচালকের পদ শূন্য ঘোষণা করে। এর পর সোমবার ব্যাংকটির পরিচালনা সভায় মো. নূরুন নেওয়াজকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ইলেকট্রোমার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

অপরদিকে, যমুনা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান সাইদুল ইসলাম সাবেক সরকারের একজন মন্ত্রীর ছেলে। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচালকেরা তার নেতৃত্বে ব্যাংক পরিচালনায় অস্বস্তি বোধ করছিলেন। এ পরিস্থিতিতে রবিন রাজন সাখাওয়াতকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি জার্মানির গ্যেটে ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশে ফিরে এসে রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।




চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে চালের আমদানিতে প্রযোজ্য সকল শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করার সুপারিশ করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি খাতে চাল আমদানির প্রতি ব্যবসায়ীদের তেমন আগ্রহ না থাকায় এই সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বন্যার কারণে চাল উৎপাদনে সমস্যা সৃষ্টি হয়েছে, ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল করতে শুল্ক প্রত্যাহারের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত আগস্ট ও অক্টোবরের মধ্যে দুই দফা বন্যায় ৮ লাখ ৩৯ হাজার টন চালের উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে, দেশের বাজারে চালের দাম বেড়ে গেছে; সরু চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৯.৯ শতাংশ, মাঝারি সরু চাল ৯.৩৫ শতাংশ এবং মোটা চাল ৭ শতাংশ বেশি বিক্রি হচ্ছে।

সরকার ২০ অক্টোবর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ৬২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়েছিল। এরপর বিশ্ববাজারে চালের দাম বাড়তে থাকায় আমদানিকারকদের উৎসাহিত করতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হলো।




শিল্প কারখানার গ্যাস সংযোগ পুনরায় চালু করার কথা ভাবছে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: শিল্পপ্রতিষ্ঠানের চাকা সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে শিল্প কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া শুরু করবে বলে ভাবছে সরকার।

তবে নতুন করে গৃহস্থালির গ্যাস সংযোগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসির কাছে প্রায় ৪৬ হাজার গৃহস্থালির গ্যাস সংযোগের আবেদন ঝুলে রয়েছে।

শিল্পভিত্তিক গ্রাহক ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সংযোগের আবেদনের সংখ্যা ৩৬৮টি।

২০১০ সালে গৃহস্থালি গ্রাহকদের জন্য নতুন গ্যাস সংযোগের উপর স্থগিতাদেশ জারি করেছিল সরকার। এরপর এটি ২০১৩ সালে অল্প সময়ের জন্য প্রত্যাহার করা হয়েছিল এবং ২০১৪ সালের প্রথম দিকে আবার স্থগিত করা হয়।

এরপর থেকে গৃহস্থালি পর্যায়ে গ্রাহকদের নতুন করে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা।

তারা বলেন, ২০২১ সালের এপ্রিল থেকে অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কের বাইরের শিল্পপ্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ করতে ২০২০ সালে একটি পরিপত্র জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন সংযোগের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, তার প্রতিষ্ঠান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন গ্যাস সংযোগ দেয়ার কথা ভাবছে।

সম্প্রতি জ্বালানি বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমরা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে আমাদের ইতিবাচক মতামত জানিয়েছি। এখন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

জনেন্দ্রনাথ বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় গ্যাস সংযোগ পাওয়ার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান সব সময় অগ্রাধিকার পায়।




পাটকে ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ হিসেবে জিআই করার উদ্যোগ: সাখাওয়াত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পাটকে ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ‘গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ’ হিসেবে পরিচিত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে মন্ত্রণালয়ের আয়োজনে দুটি মিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “বন্ধ থাকা মিলগুলো উদ্যোক্তাদের মাধ্যমে দ্রুত উৎপাদনের আওতায় আনা হবে। পিপিপি বা দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে বিনিয়োগকারীরা টেক্সটাইলসহ অন্যান্য ক্ষেত্রে কাজ করতে পারবেন। বর্তমানে পাটের চাহিদা ও দাম বৃদ্ধি পাচ্ছে এবং পাটের অবৈধ মজুতদারি কঠোরভাবে নজরদারি করা হবে।”

তিনি আরও জানান, “বন্ধ মিলগুলোর ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থান, রাজস্ব আয় এবং সামাজিক উন্নয়নের পাশাপাশি শিল্পায়নের প্রসারে সুফল পাওয়া যাবে।” বিনিয়োগকারীদের বন্ধ থাকা মিলগুলোতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, “বর্তমানে বিটিএমসি’র নিয়ন্ত্রণে ২৫টি মিল রয়েছে। বস্ত্র খাতের সঙ্গে পাট খাতের বহুমুখী পণ্যসমূহ সমাদৃত।”

চুক্তির আওতায় প্রাণ গ্রুপ আগামী ৩০ বছর মেয়াদে এই দুটি মিল পরিচালনা করবে। এ চুক্তি ১০ বছর বর্ধিত করার সুযোগও রয়েছে। চট্টগ্রামের আর আর টেক্সটাইল মিলের আয়তন ১৯ একর এবং রাজশাহী টেক্সটাইল মিলের আয়তন ২৬ একর। প্রয়োজনীয় সংস্কার করে আধুনিক টেক্সটাইল মিল হিসেবে প্রতিষ্ঠানের দুটিকে গড়ে তোলা হবে। মিল দুটিতে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদার, এএনএম মঈনুল ইসলামসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কেজিতে ২১ টাকা লাভ করতে গিয়ে জরিমানা ৫০ হাজার টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিরপুরের শাহআলী থানাধীন শাহ স্মৃতি মার্কেট এলাকায় পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ১২৯ টাকায় কিনে ১৫০ টাকায় বিক্রি করায় এক দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৭ অক্টোবর) ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

অভিযানকালে দেখা গেছে, এক খুচরা ব্যবসায়ী ১২৯ টাকা দামে পেঁয়াজ ক্রয় করে খুচরা ১৫০ টাকা দরে বিক্রি করছেন, অর্থাৎ প্রতি কেজিতে ২১ টাকা বেশি নিচ্ছেন। এর ফলে অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, একটি আড়তকে পেঁয়াজ ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সর্বমোট ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।




দেশে দিনে আসছে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৪ লাখ (১ দশমিক ৯৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশের মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৩৯২ কোটি টাকা, যা প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব করা হয়েছে। এর মানে হলো, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৯০০ কোটি টাকা।

এই তথ্য জানা গেছে রোববার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

আলোচিত সময়ে ৯টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স পাঠানো হয়নি। এসব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক), কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হিসেবে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বর্তমান (২০২৪-২৫) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরে (২০২৩-২৪) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকার সমান। এই রেমিট্যান্সের পরিমাণ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বাধিক রেকর্ড রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে, যেখানে ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল।




বিশ্ববাজারে চালের দাম হ্রাস পাচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত সম্প্রতি সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে চালের দাম কমতে শুরু করেছে। খবর প্রকাশ করেছে নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে থাইল্যান্ডের চাল রপ্তানির গড় মূল্য টনপ্রতি ৫২৯ ডলারে নেমে এসেছে, যা আগের মাসের তুলনায় ৮ শতাংশ কম। চলতি বছরের জানুয়ারিতে থাই চালের রপ্তানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তবে এখন তা ২১ শতাংশ কমেছে। একইসঙ্গে, ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে টনপ্রতি ৪৫০ থেকে ৪৮৪ ডলারের মধ্যে ছিল, যা গত বছরের আগস্টের পর থেকে সর্বনিম্ন।

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভিয়েতনামে চালের দাম জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সেখানে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৫৩২ ডলারে বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহে ৫৩৭ ডলার ছিল।

গত বছরের জুলাইয়ে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলস্বরূপ গত এক বছরে চালের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়।

জাপানের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের গবেষক মাইইউকি আইয়ামা বলেন, বৈশ্বিক চালের বাজারে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২২-২৩ অর্থবছরে ভারত ২০.২৫ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে, যা বৈশ্বিক চাহিদার ৩৭ শতাংশ। এরপরেই স্থান রয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামের।