এসআইবিএলের ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত, বিতর্কিত নিয়োগ বাতিল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড (এসআইবিএল) তাদের বর্তমান পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন পূর্ববর্তী পর্ষদ এ নিয়োগ দিয়েছিল, যা ব্যাংকের বর্তমান পর্ষদ আইনসম্মত বলে মনে করেনি। গত বৃহস্পতিবার এসআইবিএলের মানবসম্পদ বিভাগ এই কর্মকর্তাদের বরখাস্তের চিঠি প্রদান করে।
এসআইবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বরখাস্তকৃত কর্মকর্তাদের অধিকাংশই চট্টগ্রামের পটিয়া এলাকার এবং এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের পরীক্ষা, সার্টিফিকেট যাচাই কিংবা সার্কুলার প্রকাশ করা হয়নি। মূলত, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি নিয়মবহির্ভূত ছিল।
২০২৪ সালে এই কর্মকর্তারা শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ব্যাংকের সাম্প্রতিক এক পর্ষদ সভায় নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রক্রিয়াটি বাতিল করার সিদ্ধান্ত হয়। ব্যাংকের মানবসম্পদ বিভাগ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের চিঠি প্রেরণ করে।








