সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম

চন্দ্রদ্বীপ ডেস্ক : ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামের। এ অবস্থায় গতকাল তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

এর একদিন পর নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন তিনি। আজ (বুধবার) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলামের ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে দেওয়া হলো—

উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

উক্ত হিসাবে ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।




কয়েকটি ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব নয়: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কিছু ব্যাংক সুশাসনের মাধ্যমে টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও, তা সম্ভব হচ্ছে না। তিনি বলেছেন, কয়েকটি ব্যাংককে বাঁচানো সম্ভব নয়, কারণ সেখানে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। তিনি আরও বলেন, এক পরিবার ১০০ টাকা ঋণ নেওয়ার পর ৮৭ টাকা দিয়ে দিয়েছে, যার ফলে ব্যাংক খাত লুট হয়ে গেছে।

ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্গঠন সংক্রান্ত টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের কর্মশালার শেষ দিনে ‘ব্যাংকিং সেক্টরে সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন’ শীর্ষক অধিবেশনে গভর্নর এ কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংক খাতকে উদ্ধার করতে বাংলাদেশ সরকার ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রণয়ন করছে। তিনি আরো জানান, সরকারি এবং বেসরকারি সকল ব্যাংকেই সমস্যা রয়েছে এবং তাদের মনিটরিং করা হচ্ছে। কয়েকটি সরকারি ব্যাংকেও প্রচুর সমস্যা আছে, যা দ্রুত সমাধান প্রয়োজন।

আহসান এইচ মনসুর এও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) যাতে ব্যাংকিং খাতে প্রভাব ফেলতে না পারে, সে জন্য নিয়মকানুন তৈরি করা হচ্ছে। তার মতে, এই ধরনের প্রতিষ্ঠান যাতে বাংলাদেশের ব্যাংকিং খাতে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অ্যাপল যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিশাল বিনিয়োগের মাধ্যমে অ্যাপল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তি খাতেও বড় ধরণের পরিবর্তন আনবে।

তারা জানায়, আগামী চার বছরে এই বিনিয়োগের মাধ্যমে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হবে এবং টেক্সাসে নতুন একটি সার্ভার কারখানা প্রতিষ্ঠা করা হবে।

এর পাশাপাশি, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ট্রাম্প প্রশাসনের সাথে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি তার উৎপাদন কার্যক্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করবে। এমন সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব রয়েছে, যা বিদেশে তৈরি পণ্যগুলোর দাম বাড়িয়ে দিতে পারে। ফলে, অ্যাপল বাধ্য হয়ে উৎপাদন প্রক্রিয়া মার্কিন মুলুকে নিয়ে আসছে।

অ্যাপলের এই পদক্ষেপ দেশটির অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত, যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গ্যাসের মূল্যবৃদ্ধি: শিল্প খাতে বিপর্যয়ের আশঙ্কা

দেশের শিল্প খাত বর্তমানে নানা কারণে গভীর সংকটে। গ্যাস-বিদ্যুতের অভাব, উচ্চ সুদের হার, ডলার সংকট এবং ঋণপত্র খোলার হার কমে যাওয়ার মতো সমস্যা বাড়ছে। এর ফলে কয়েক শ কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানা কার্যক্রম চালাতে পারছে না। অনেকেই নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না, ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

এদিকে, সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যা শিল্প খাতে আরও চাপ সৃষ্টি করবে। গত রবিবার রাজধানীতে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, গ্যাসের দাম দ্বিগুণ হলে বিনিয়োগ কমবে এবং আমদানিনির্ভরতা বাড়বে। এভাবে গেলে দেশের অর্থনীতি সংকটে পড়বে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ জানান, গ্যাসের দাম বাড়ানোর কারণে উৎপাদন খাতে ব্যয় বৃদ্ধি পাবে, যা প্রতিযোগিতা কমাবে। নতুন বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে সিমেন্ট, ইস্পাত ও সিরামিক খাতে আমদানিনির্ভরতা আরও বাড়বে।

বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিসিআই) এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতে আরও সংকট সৃষ্টি করবে। তিনি দাবি করেন, সরকার যদি শিল্প খাতে সহায়তা না করে, তবে বর্তমান শিল্পগুলোও টিকিয়ে রাখা যাবে না।

ব্যবসায়ীরা বলছেন, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্প এলাকায় গ্যাসের সংকটের কারণে উৎপাদন কমে গেছে। ৫০ থেকে ৬০ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে, যার ফলে সরবরাহ চেইনেও বিপর্যয় সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায়, গ্যাসের দাম বৃদ্ধি করলে শিল্প খাতের বিপর্যয় নিশ্চিত। ব্যবসায়ীরা দাবি করছেন, এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা দেশের শিল্প খাতের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: শীর্ষ মার্কিন ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তি স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের স্টারলিংকের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কথা জানান বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ‘ডিজিটাল রূপান্তর এবং এমএসএমই বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেকগুলো ধাপ পার হয়ে ভোক্তাদের কাছে ইন্টারনেট-সেবা পৌঁছায়। প্রতিটি ধাপেই ভালো অঙ্কের অর্থ কেটে রাখা হয়। ইন্টারনেটের দাম না কমার পেছনে এটি অন্যতম বাধা। আশা করছি মার্চ-এপ্রিলের মধ্যে এ বিষয়ে কিছু অগ্রগতি দেখা যাবে।

১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেন।

পরে ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালু করার বিষয়ে আগ্রহের কথা উল্লেখ। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ এবং আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।




রমজানে ব্যাংক লেনদেনের সময় কমবে

রমজান মাস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন সময়সূচি ঘোষণা করেছে। ব্যাংকগুলোতে লেনদেনের সময়সূচি এবার পরিবর্তিত হয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৫ ঘণ্টা হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সময়সূচি জানানো হয়। নতুন নির্দেশনায় শুধু লেনদেনের সময়ই নয়, ব্যাংকের অফিস সময়ও পরিবর্তন করা হয়েছে। রমজানে ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।

এছাড়াও, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে এই বিরতির সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন চালু রাখা যাবে।

বর্তমানে ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লেনদেনের সময় সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: অনিশ্চয়তার মুখে বাংলাদেশের স্বপ্ন

বাংলাদেশের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে গত কিছুদিন ধরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৭টি বহুজাতিক প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা না দেওয়ায় বিষয়টি বর্তমানে ঝুলে রয়েছে। এর পেছনে অর্থনৈতিক কারণের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও মনে করা হচ্ছে।

দেশের গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন কমে আসার পর গভীর সমুদ্রের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও বিদেশি কোম্পানিগুলোর উদ্যোগ সীমিত থাকে। মার্কিন কোম্পানি এক্সোন মবিল, চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি), শেভরন বাংলাদেশসহ আরও ৬টি কোম্পানি দরপত্র কিনে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই তা জমা দেয়নি।

এক্সোন মবিল কোম্পানি তাদের প্রস্তাবে প্রধান তিনটি বিষয় তুলে ধরেছে। প্রথমত, গ্যাসের দাম তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। দ্বিতীয়ত, গভীর সমুদ্র থেকে পাইপলাইনের খরচে সঞ্চালন চার্জ অন্তর্ভুক্ত করা হয়নি। তৃতীয়ত, ডব্লিউপিপিএফ (ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড) নিয়ে আপত্তি রয়েছে।

এছাড়া, পেট্রোবাংলা সূত্র জানিয়েছে যে, দরপত্র না জমা দেওয়ার কারণে পেট্রোবাংলা আরও আকর্ষণীয় ডাটা প্যাকেজ তৈরির দিকে মনোযোগী হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শর্ত ও দামের সমস্যা কাটাতে হবে, অন্যথায় বাংলাদেশ তার সমুদ্র অঞ্চল থেকে তেল-গ্যাস উত্তোলনের সুবিধা হারাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে গ্যাসের উৎপাদন কমতে থাকা এবং আন্তর্জাতিক বাজারের তেল-গ্যাস দামের ওঠানামা, দুই-ই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। দেশের জাতীয় চাহিদা ও উৎপাদন ঘাটতির মধ্যে সমন্বয় আনতে নতুন উদ্যোগের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে, ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার’

চন্দ্রদ্বীপ ডেস্ক : ‘ গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশে শিল্প কারখানা থাকবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থা চলতে থাকলে দেশে নতুন কারখানা হবে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে পলিসি কনসিডারেশন ফর এনার্জি এফরডিবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রিয়াজ। শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। প্রধান অতিথি ছিলেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

বক্তব্য দেন বুয়েটের ডিন প্রফেসর ইজাজ হোসেন, বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, ইউরোচ্যামের সভাপতি নুরিয়া লোপেজ, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, জ্বালানি বিষয়ক আইনজ্ঞ ব্যারিস্টার তানিম হোসেন শাওন প্রমুখ।

মূল প্রবন্ধে বলা হয়, এখনকার চ্যালেঞ্জিং সময়ে গ্যাসের দাম দ্বিগুণ করা হলে উৎপাদনমুখী খাতে পণ্য উৎপাদনের ব্যয় বাড়বে। কমবে প্রতিযোগিতা সক্ষমতা। নতুন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে সিমেন্ট, ইস্পাত ও সিরামিক খাতে নতুন করে আমদানি নির্ভরতা বাড়বে। ফলে আর্থিক খাতে চাপ পড়বে। আমদানি বাড়লে বৈদেশিক মুদ্রা বেশি লাগবে।




সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা




পটুয়াখালীতে কাঁকড়া শিকারের উজ্জ্বল সম্ভাবনা

পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে কাঁকড়া শিকারির সংখ্যা দিন দিন বাড়ছে। সমুদ্র ও নদী মোহনা থেকে প্রাকৃতিকভাবে কাঁকড়া সংগ্রহের পাশাপাশি এখন চাষও করা হচ্ছে। যদিও দেশের বাজারে কাঁকড়ার চাহিদা কম, তবে আন্তর্জাতিক বাজারে এটি বেশ জনপ্রিয়। ফলে কাঁকড়া শিল্পে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

কাঁকড়া শিকারের চিত্র

সকাল হতেই কাঠের ট্রলার নিয়ে কাঁকড়া শিকারিরা নদী ও সমুদ্র মোহনার দিকে রওনা দেন। পটুয়াখালীর সোনার চর, চর হেয়ার ও তুফানিয়া চর সংলগ্ন এলাকায় শত শত ট্রলার কাঁকড়া শিকারে ব্যস্ত থাকে। সন্ধ্যার পর তারা ফিরে আসেন, এবং সংগ্রহ করা কাঁকড়া স্থানীয় বাজারে বিক্রি করা হয় কিংবা সরাসরি রফতানির জন্য প্রস্তুত করা হয়।

বিশ্ববাজারে কাঁকড়ার চাহিদা

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, রফতানি খাতে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বারো প্রজাতির কাঁকড়া রফতানি হয়। ২০০ থেকে ৫০০ গ্রাম ওজনের পরিপক্ব কাঁকড়া রফতানিযোগ্য হলেও, কোনো কোনো কাঁকড়া দুই কেজি পর্যন্ত ওজনের হয়। কাঁকড়া রফতানির কারণে এর দামও বেশ চড়া, যা এই শিল্পকে আরও লাভজনক করে তুলছে।

কাঁকড়া শিকারিদের অভিজ্ঞতা

চর হেয়ারের কাঁকড়া শিকারি বাপন দাস বলেন, কাঁকড়া শিকারই তার একমাত্র জীবিকা। প্রতিদিন সকালে নৌকা নিয়ে নদীতে গিয়ে কাঁকড়ার চাই (ফাঁদ) ফেলেন। আধা ঘণ্টা পর চাই তুলে কাঁকড়া সংগ্রহ করেন এবং আবার চাই ফেলে দেন। এভাবে দিনে ১০-১৫ বার চাই ফেলে শিকার করেন। ভালো দিনে ৪-৫ হাজার টাকার কাঁকড়া বিক্রি করা যায়।

কাঁকড়া ব্যবসায়ী বাবুল মিয়া জানান, বিদেশে রফতানি হওয়ায় কাঁকড়ার দাম এখন অনেক বেশি। মাছ শিকারের তুলনায় কাঁকড়া শিকার অধিক লাভজনক। পাশাপাশি এ খাত কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে। সরকার এ শিল্পের প্রসারে কার্যকর পদক্ষেপ নিলে বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন রেকর্ড তৈরি হতে পারে।

সরকারের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “পটুয়াখালীতে প্রাকৃতিক কাঁকড়া সংগ্রহকারীর সংখ্যা বেশি। বঙ্গোপসাগর ও নদী মোহনায় প্রচুর কাঁকড়া পাওয়া যায়। প্রতিবছর কোটি কোটি টাকার কাঁকড়া বিদেশে রফতানি হয়। আমরা রফতানিযোগ্য কাঁকড়া উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছি এবং শিকারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছি।”

 

কাঁকড়া শিল্পের প্রসার ঘটলে এটি দেশের অর্থনীতিকে আরও চাঙা করতে পারে। পটুয়াখালীর জেলেদের জন্য এটি এক সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠছে। সরকার যথাযথ উদ্যোগ নিলে কাঁকড়া রফতানি শিল্প আরও বিকশিত হবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম