মূল্যস্ফীতির হার কমে ৯.৩২ শতাংশে, ২২ মাসের মধ্যে সর্বনিম্ন

দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারি মাসে কমে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশে, যা গত ২২ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে সর্বশেষ মূল্যস্ফীতি ছিল ৯.২৪ শতাংশ

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৪ শতাংশ। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে এই হার ছিল ৯.৬৭ শতাংশ

খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতের অবস্থা

  • খাদ্যখাতে মূল্যস্ফীতি: ফেব্রুয়ারিতে কমে ৯.২৪ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ১০.৭২ শতাংশ
  • খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি: কিছুটা বেড়ে ৯.৩৮ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ

মূল্যস্ফীতি কমার কারণ

বিবিএসের তথ্য অনুযায়ী, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম কমার ফলে খাদ্য মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে শীতকালীন ফসলের সরবরাহ বাড়ায় খাদ্যপণ্যের দাম কমেছে।

তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, যা বিভিন্ন সেবামূল্যের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সোনার দাম বাড়লো, এক ভরি ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা

দেশে সোনার দাম টানা তিন দফা কমানোর পর এবার আবারও বাড়ানো হয়েছে। বুধবার (৫ মার্চ) থেকে কার্যকর নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম কেমন?

  • ২২ ক্যারেট: ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা (৩,৫৫৭ টাকা বাড়ানো হয়েছে)
  • ২১ ক্যারেট: ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা (৩,৩৯৪ টাকা বাড়ানো হয়েছে)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ২৪ হাজার ৩৯৭ টাকা (৩,২১ টাকা বাড়ানো হয়েছে)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা (২,৪৮৫ টাকা বাড়ানো হয়েছে)

এছাড়া, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

  • ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম: ২ হাজার ৫৭৮ টাকা
  • ২১ ক্যারেট রুপার দাম: ২ হাজার ৪৪৯ টাকা
  • ১৮ ক্যারেট রুপার দাম: ২ হাজার ১১১ টাকা
  • সনাতন পদ্ধতির রুপার দাম: ১ হাজার ৫৮৬ টাকা

ভ্যাট ও মজুরি
বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এটি সোনার দাম কমানোর পর টানা তিন দফা বৃদ্ধি হওয়া প্রথম ঘোষণা।

মো: তুহিন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ব্যাংকের নগদ জমার হার কমালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক তফসিলভুক্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার দশমিক ৫০ শতাংশ কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলোকে এখন থেকে দৈনিক ৩ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে হবে, যা আগামী ৫ মার্চ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোয় উৎকর্ষতা আনয়ন এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে দৈনিক ভিত্তিতে নগদ জমার হার ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে দ্বি-সাপ্তাহিক গড় ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মুদ্রানীতি আধুনিকায়নের সুপারিশ করেছিল, যার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে তারল্য ব্যবস্থাপনা সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসহ, তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং দৈনিক ভিত্তিতে ৩.৫ শতাংশ নগদ জমা সংরক্ষণ করে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক হার ৩ শতাংশ নির্ধারণ করা হলো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



এলপি গ্যাসের দাম কমলো




এডিপির ব্যয় কমলো ৪৯ হাজার কোটি টাকা




ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ২৫২ কোটি ডলার, গত বছরের তুলনায় বৃদ্ধি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ২৫২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে গড় হিসেবে প্রতিদিন ৯ কোটি ৩ লাখ ডলার দেশে এসেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা

গত জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। সেই তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এবছর রেমিট্যান্স ২৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার

চলতি অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) প্রথম ৮ মাসে ১ হাজার ৮৪৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় ২৩.৮ শতাংশ বেশি

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির এ ধারা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




টিসিবির ট্রাক সেলে ৬৪ জেলায় পণ্য বিক্রি শুরু বুধবার

নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির খবর, আগামী বুধবার থেকে দেশের ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমানে ছয় জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে, নতুন করে আরও ৫৬ জেলা এতে যুক্ত হবে।

রোববার (২ মার্চ) দুপুরে এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি এসব তথ্য জানান। সভায় তিনি বলেন, “আমরা এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। এজন্য জেলা প্রশাসকদের প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে হবে এবং চলতি মাসের ১৭ তারিখের মধ্যে তাদের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।”

সরকার ইতোমধ্যে ৫৭ লাখ উপকারভোগীকে স্মার্ট কার্ড দিয়েছে, যারা এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন। যাদের স্মার্ট কার্ড এখনো হাতে পৌঁছেনি, কিন্তু তালিকায় নাম রয়েছে, তারাও পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ৬৪ জেলায় ট্রাক সেল পরিচালনার মাধ্যমে সর্বসাধারণের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হবে।

বাণিজ্য উপদেষ্টা জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, রমজানে কেউ যেন খাদ্যপণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। একইসঙ্গে ভোক্তাদের সচেতন করতে হবে, যাতে তারা একসঙ্গে পুরো মাসের বাজার না করেন।

তিনি আরও বলেন, “আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না।” পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানান তিনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ




রমজানে নতুন সূচিতে চলবে পুঁজিবাজারের লেনদেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে রোববার (২ মার্চ) শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষ্যে দেশের পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সে হিসেবে রোজায় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’। তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

সাধারণত পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। এরপর ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।




দুমকির পায়রা পয়েন্টে ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র ৬১১তম আউটলেট চালু হলো পটুয়াখালীর দুমকীর পায়রা পয়েন্টে। ঢাকা-কুয়াকাটার হাইওয়েতে পায়রা ব্রিজের পাদদেশে অবস্থিত লেবুখালীর পায়রা পয়েন্ট মার্কেটে শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন নিউভিশন গ্রুপের এমডি মো. তারিকুল ইসলাম মনির।

এসময় তিনি বলেন, “দুমকির লেবুখালীতে আধুনিক আউটলেটের পরিকল্পনা দীর্ঘদিনের। আশা করছি, এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে এবং গ্রাহকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে নিয়মিত বাজার করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্বপ্ন’র অপারেশনস ম্যানেজার মো. নাইম খান জানান, নতুন এই আউটলেটে মাসব্যাপী বিশেষ অফার থাকবে। এছাড়া, গ্রাহকদের সুবিধার জন্য হোম ডেলিভারি সেবাও চালু করা হয়েছে।

অনুষ্ঠানে পরে যোগ দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম।

এদিকে আসন্ন ঈদের আগে স্বপ্ন’র আউটলেট হওয়ায় খুশি স্থানীয়রা। তাদের আশা এবার আর জেলা শহরে যেতে হবেনা। ‘স্বপ্ন’র নতুন শাখা তাদের বাজারের অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করবে।