দোহার আর্থনা সম্মেলনে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার শক্তির কথা শোনালেন অধ্যাপক ইউনূস

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে কীভাবে দরিদ্র মানুষের জীবন বদলে যেতে পারে, সেই অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এই বক্তব্য দেন।
সম্মেলনে তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা একটি কার্যকর পদ্ধতি হিসেবে কাজ করছে। এটি বৈষম্য কমিয়ে পৃথিবীকে আরও টেকসই করে তুলতে পারে।”
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, যুব সমাজ, উদ্যোক্তা এবং সামাজিক সংগঠনগুলোকে এই ক্ষেত্রগুলোতে বেশি করে সম্পৃক্ত করলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বাসসকে বলেন, “অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে শুধু তাত্ত্বিক কথা বলেননি, বরং বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরেছেন, কীভাবে ক্ষুদ্রঋণ ও সামাজিক উদ্যোগ মানুষের জীবন বদলে দিতে পারে।”
এদিকে, একই সফরে এলএনজি আমদানি ব্যয় পরিশোধ নিয়ে সরকারের অগ্রগতির বিষয়েও প্রেস সচিব জানান। তিনি বলেন, “শেখ হাসিনার সরকারের আমলে কাতার থেকে আমদানিকৃত এলএনজির বিপরীতে শত শত মিলিয়ন ডলার দেনা পড়ে থাকলেও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দেনা পরিশোধে সক্রিয় হয়েছে। এখনো ৩৭ মিলিয়ন ডলার বাকি রয়েছে, যা আগামী ২-১ দিনের মধ্যে পরিশোধ করা হবে।”
প্রসঙ্গত, ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিতে অধ্যাপক ইউনূস চার দিনের সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন।







