আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ জুলাই পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫ লাখ ডলার, যা প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২৪ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভের পরিমাণ ৩০০০৪.৫০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ২৪৯৮৮.২৪ মিলিয়ন ডলার।
এর আগের হিসাব অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০০২৬.৬২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪৯৯৫.৪৫ মিলিয়ন ডলার।
উল্লেখযোগ্য যে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ হিসাব করা হয়, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত মজুত অর্থের হিসাব দেওয়া হয়। এই পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ তুলনামূলক কম হলেও এটি আন্তর্জাতিক মান অনুযায়ী রিজার্ভের প্রকৃত অবস্থা নির্দেশ করে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণের ডলার ছাড়ে এই রিজার্ভ উন্নয়নের প্রতিফলন দেখা যাচ্ছে।








