বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে জড়িত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সাধারণ ডায়েরি থানায় গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এই জিডি দায়ের করেছেন। ডায়েরিতে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ইংরেজি বিভাগের রাকিন খান, মিজানুর রহমান, এনামুল হক, তরিকুল ইসলাম; সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী; লোক প্রশাসন বিভাগের মোকাম্মেল শেখ; আইন বিভাগের তরিক হোসেন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমডি শিহাব; কোস্টাল স্টাডিজ বিভাগের অপূর্ব রকি এবং রসায়ন বিভাগের রফিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনিক কার্যক্রমে বাধা প্রদান করেছে। গত ২৭ এপ্রিল তারা প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দেয় এবং পরে রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ভয় দেখিয়ে বের করে দেয়। পরে রেজিস্ট্রারের কক্ষে তালা লাগানো হয় এবং ভবনের কলাপসিবল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হয়।

সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে জিডি করা হয়েছে। আমি একজন ছোট কর্মকর্তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার নেই। উপাচার্যের নির্দেশে আইনজীবীর মাধ্যমে জিডি প্রস্তুত করা হয়েছে, আমি শুধু দায়িত্ব পালন করেছি।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ মুহসিনকে পুনরায় দায়িত্বে ফেরানো, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, আওয়ামী লীগ সমর্থিত কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলায় ২৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলায় প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকালে জরুরি সভার পর বাস শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ওই সভায় বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন, সিএনজি মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, “জেলা প্রশাসকের উদ্যোগে আমরা উভয়পক্ষ একমত হয়েছি। আর কোনো মারামারি বা হাতাহাতি হবে না। আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি। কিছুক্ষণের মধ্যেই বাস চলাচল স্বাভাবিক হবে।”

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “জরুরি সভায় উভয় পক্ষের কথা শোনা হয়েছে এবং মীমাংসা করা হয়েছে। বাস শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।”

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। বিশেষ করে ভোলা-চরফ্যাশন, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা রুটের হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন। সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন। অনেক যাত্রী অভিযোগ করেন, অটোরিকশা, মোটরসাইকেল ও মাইক্রোবাসের চালকরা সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।

উল্লেখ্য, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন বাজারে বাসের যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের শ্রমিকরা আহত হন এবং পরবর্তীতে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

জরুরি সভায় অতিরিক্ত পুলিশ সুপার, নৌবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাস ও সিএনজি মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /।




ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে মোসা. আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ দুঃখজনক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন আসমা আক্তার। ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আসমা আক্তার একই এলাকার রুবেল মাঝির স্ত্রী।

এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জুমার খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন নেছারাবাদের ইউএনও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। তার খুতবার ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

গত শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে গিয়ে খুতবা প্রদান করেন এবং ইমামতি করেন।
খুতবার আগে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা এবং প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। এরপর তিনি নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ইউএনও মো. জাহিদুল ইসলাম খুতবায় বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষার চর্চা কমে যাচ্ছে। পরিবার থেকে ধর্মীয় অনুশাসনের শিক্ষা দেওয়া জরুরি, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।”

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রশংসায় ভাসান তাকে। অনেকে মন্তব্য করেন, এমন দ্বীনদার এবং সচেতন কর্মকর্তার মাধ্যমে নেছারাবাদ আরও সুন্দর হবে।
জাহারুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, “আমরা গর্বিত এমন একজন ইউএনও পেয়ে। তার হাত ধরেই উপজেলায় সুন্দর পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং গত ২৩ মার্চ নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




পিরোজপুর চোর ধরার ফাঁদে প্রাণ গেল শ্রমিকের

পিরোজপুরের মঠবাড়িয়ায় বরই বাগানে চুরি ঠেকাতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মনির সরদার উপজেলার পাতাকাটা গ্রামের আকসার সরদারের ছেলে। তিনি ঢাকায় কাঠের কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরই চাষি দুলাল ফরাজি চুরির আশঙ্কায় বাগান ঘিরে বৈদ্যুতিক তার পেতে রাখেন। সোমবার সকালে মনির সরদার বরই চারা সংগ্রহ করতে গিয়ে ওই ফাঁদে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইয়াকুব সরদার জানান, মনির বৈদ্যুতিক ফাঁদের কথা জানতেন না। গাছের চারা আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

মঠবাড়িয়া থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




তালতলীতে কিশোরীকে রাতভর গণধর্ষণ, ভাবিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবির সহযোগিতায় এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইব্রাহিমসহ তার চার বন্ধু। দীর্ঘ পাঁচদিন থানায় ঘুরেও মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ওসি শাহজালাল মামলা গ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) তালতলী থানা পুলিশ ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করে। এসময় অভিযান চালিয়ে প্রধান আসামি রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, নিশানাবাড়ি ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার রিনা বেগম তার আত্মীয় ইব্রাহিমের সঙ্গে এক কিশোরীর বিয়ের প্রস্তাব দেন। ২২ এপ্রিল রাতে কিশোরী ও তার মাকে নিজের বাড়িতে ডেকে আনেন রিনা। পরে কিশোরীর মায়ের অজান্তে কিশোরীকে ইব্রাহিমের হাতে তুলে দেওয়া হয়। ইব্রাহিম কিশোরীকে মোটরসাইকেলে করে নকরী খেয়াঘাট এলাকার একটি মাছের ঘেরে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করেন। তার সঙ্গে আরও চারজন সহযোগী ছিল।

পরদিন সকালে দুইশ’ টাকা ভাড়া দিয়ে কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে মামলা নথিভুক্তই হতো না। এখন তিনি দোষীদের কঠোর বিচার দাবি করেছেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, “গণধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মাছের সাথে শত্রুতা! বিষ প্রয়োগে ৮৪ হাজার পোনা নিধন

ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮৪ হাজার কৈ মাছের পোনা মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আলমগীর হোসেন।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুপা মিয়ার ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে জড়িত। তিনি মানিক ফরাজির কাছ থেকে ১৫ বছরের জন্য কিছু জমি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। লিজ নেওয়া জমির ১২ শতাংশ এলাকায় তার একটি হ্যাচারি রয়েছে।

এক মাস আগে ময়মনসিংহ থেকে আনা ৮৪ হাজার কৈ মাছের রেনু পোনা তিনি হ্যাচারিতে ছাড়েন। হঠাৎ করে রবিবার রাত থেকে পুকুরের মাছ মারা যেতে শুরু করে। সকাল হলে দেখা যায়, সব মাছ পানিতে ভেসে উঠেছে।

আলমগীর হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী নুরুদ্দিন পুকুরে বিষ প্রয়োগ করেছেন। স্থানীয়রা রাতের বেলা নুরুদ্দিনকে পুকুরের পাশে দেখতে পেয়েছিলেন। এর আগেও নুরুদ্দিন বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন বলে জানান আলমগীর। থানায় অভিযোগ দিয়েও ন্যায় বিচার পাননি বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে নুরুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং ক্যামেরা দেখে পালিয়ে যান।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহা জানান, খবর পেয়ে প্রতিনিধি পাঠানো হয়েছে। কী কারণে মাছ মারা গেছে তা পানি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়, তবে ভোলায় পরীক্ষা করার মেশিন নেই বলেও তিনি উল্লেখ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে ছাগল হত্যার ঘটনায় থানায় মামলা

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কান্ডপাশা গ্রামে পাট খেত নষ্টের অভিযোগে একটি ছাগল পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার।

জানা গেছে, গত ২৭ এপ্রিল দুপুরে সবুজ হাওলাদার তার ছাগলটি ঘাস খাওয়ানোর জন্য আবু কাজীর বাড়ির পাশের অনাবাদি জমিতে বেঁধে রেখে যান। বিকেলে ছাগলটি আনতে গিয়ে সেটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আবু কাজীর পাট খেতের পাশে একটি বটগাছের সঙ্গে ছাগলটিকে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন।

সবুজ হাওলাদার অভিযোগ করেন, পাট খেত নষ্টের অভিযোগে আবু কাজী ছাগলটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন। প্রতিবাদ করলে আবু কাজী তাকে বিভিন্নভাবে হুমকি দেন। উপায় না দেখে তিনি সন্ধ্যায় মৃত ছাগল নিয়ে গৌরনদী মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অভিযুক্ত আবু কাজী অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং সবুজ হাওলাদার মিথ্যাচার করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




কীর্তনখোলা নদীতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

বরিশাল নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাসটারবাইন এলাকায় অবৈধ ড্রেজিং বন্ধ এবং নদী ভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৮ এপ্রিল) সকালে বরিশালের ব্যস্ততম সদর রোডে ‘নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অনেক বাড়িঘর, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, রুপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত দ্রুত একটি টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। বক্তারা আরও জানান, বারবার অভিযোগ দিয়েও সুফল মিলছে না। বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ড্রেজিং কার্যক্রম বেড়েই চলেছে। ফলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (গ্র্যাজুয়েট) সমমানের দাবি জানিয়ে বরিশালে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সরকারি ও বেসরকারি সাতটি ডিপ্লোমা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সাদা অ্যাপ্রোন পরে, মাথায় সবুজ ও গোলাপি ওড়না বেঁধে এক কাতারে বসে স্লোগান দেন। হাতে ছিল ব্যানার ও কালো পতাকা।

বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতি সংকটের কারণে পেশাগত জীবনে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত এই ডিপ্লোমাগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দিয়ে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বিক্ষোভ চলাকালে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছে। যান চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরো এলাকার পরিবেশে অস্বস্তি নেমে আসে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, সারাদেশেই নার্সিং শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বরিশালের শিক্ষার্থীরাও আন্দোলনকে আরও বেগবান করছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /