স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়ির সামনে অনশন

ভোলা জেলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি আদায়ের দাবিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতার বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে এওয়াজপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে গিয়ে তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

তরুণীর দাবি, তিন বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে গোপনে বিয়েতে পরিণত হয়। ঢাকায় কাবিননামা দেখিয়ে তারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে দীর্ঘদিন বসবাসও করেন। পরে সাইফুল্লাহ গ্রামে ফিরে গিয়ে আর ফিরেও তাকাননি তার ‘স্ত্রী’র দিকে। এখন পরিবার ও সমাজের চাপে এসে তরুণীকে অস্বীকার করছেন বলে অভিযোগ অনশনরত তরুণীর।

তিনি বলেন, “সাইফুল্লাহ আমাকে বিয়ে করে ঢাকায় সংসার করেছে, খরচ পাঠিয়েছে, সব প্রমাণ আমার আছে। এখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিলে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না।”

তরুণীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর বাড়ি ছেড়ে আত্মগোপনে যান সাইফুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মূল ফটক তালাবদ্ধ এবং তরুণী বাড়ির সিঁড়িতে বসে অনশন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ বলেন, “ঘটনাটি ষড়যন্ত্রমূলকও হতে পারে। তারা আত্মীয়স্বজন, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এদিকে শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




ভোলায় পাঁচ দফা দাবিতে উত্তাল মশাল মিছিল

ভোলার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২ মে) সন্ধ্যায় শহরে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল মশাল মিছিল। গ্যাসভিত্তিক শিল্পকারখানা ও মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।

শহরের বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে মিছিল শুরু হয়ে চকবাজার, সদর রোড, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন
২. ভোলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা
৩. ভোলা-বরিশাল সেতু নির্মাণ
৪. গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় পাঠানো বন্ধ
৫. স্থানীয় জনগণের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা

আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয় ভোলা প্রেসক্লাবে। আন্দোলনকারীদের প্রতিনিধি দল ২৮ এপ্রিল ঢাকায় সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেও আশানুরূপ অগ্রগতি না পাওয়ায় ভোলায় ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

গত এক মাস ধরে ভোলায় মিছিল, সমাবেশ, অবস্থান এবং দাবির পক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরগুনায় ধর্ষণ মামলার আসামির স্বীকারোক্তি, পাঠানো হলো কারাগারে

বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (২ মে) বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম ইব্রাহীম ওরফে জসিম (২২)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালেই পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২৮ এপ্রিল রাতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যায় জসিম। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “ঘটনার পর থেকে আসামিদের ধরতে অভিযান চালানো হয়। প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা প্রায়শই ঘটলেও বিচার না হওয়ায় অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বহুমূল্য শিশু হাসপাতাল পড়ে আছে অব্যবহৃত, উদ্বোধনের অপেক্ষায় ১ বছর

বরিশালের আমানতগঞ্জ এলাকায় প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতাল এক বছর আগে নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি। বিদ্যুৎ সাবস্টেশন, জেনারেটর স্থাপন না হওয়া এবং জনবল নিয়োগ না থাকায় কোটি টাকার এই অবকাঠামো পড়ে আছে একেবারে অনিশ্চয়তায়।

২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রকল্পে ১০ তলা ফাউন্ডেশনের ওপর প্রাথমিকভাবে ৪ তলা নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালের মার্চে। কার্যাদেশ অনুযায়ী, হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল ২০১৯ সালেই। তবে নানা অবকাঠামোগত ঘাটতি ও পরিকল্পনার অভাবে সেটি বাস্তবায়ন হয়নি।

হাসপাতালটি শেরেবাংলা মেডিকেল কলেজের আওতায় পরিচালিত হওয়ার কথা। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, “চিকিৎসা কার্যক্রম চালাতে হলে অন্তত ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী লাগবে। কিন্তু এখনও একজনও নিয়োগ পাননি। বিদ্যুতের সাবস্টেশন ছাড়া কিছুই করা সম্ভব নয়।”

বরিশাল মেডিকেলের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম জানান, শিশু বিভাগে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৬৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। নতুন হাসপাতাল চালু না হওয়ায় অতিরিক্ত এই চাপ সামলাতে গিয়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, ঠিকাদার প্রতিষ্ঠান অভিযোগ করছে, ভবন পড়ে থাকায় মূল্যবান মালামাল চুরি হচ্ছে। তারা বরিশাল গণপূর্ত বিভাগকে ভবন বুঝিয়ে দিতে প্রস্তুত হলেও বিভাগ সেটি গ্রহণ করছে না।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, “সাবস্টেশন ও জেনারেটর সংস্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শেষ করা যাবে।”

বরিশালের সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী বলেন, “আমি নতুন যোগ দিয়েছি, চেষ্টা করছি দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। বরাদ্দ না থাকায় কাজ আটকে আছে।”

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের নাগরিক সমাজ। বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, “যেখানে শত শত শিশু চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছে, সেখানে কোটি টাকার হাসপাতাল অচল পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত এই অব্যবস্থাপনার অবসান চাই।”

বরিশালের জনগণের দাবি—দীর্ঘসূত্রতা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হাসপাতালটি চালু করা হোক। দেরি মানেই জনগণের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বৈশাখী ঝড়-শিলাবৃষ্টিতে দক্ষিণাঞ্চলে বোরো ধানের সর্বনাশ

বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন দক্ষিণাঞ্চলের কৃষকরা। কিন্তু হঠাৎ বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে সেই স্বপ্ন এখন পানিতে ভাসছে। বরিশালসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পাকা বোরো ধান, সবজির খেত, কলাবাগান ও বসতবাড়ি।

বিশেষ করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের কৃষক শাহিদুল ইসলামের অবস্থা সবচেয়ে করুণ। তিনি জানান, প্রায় ৭৫ মন ধান পানিতে ডুবে গেছে। ধান কাটার আগেই মাঠে ঢুকে পড়ে বৃষ্টি ও পানি। অসহায়ভাবে তিনি শুধু দেখেছেন তার একমাত্র অবলম্বন ধ্বংস হয়ে যেতে।

কৃষক শাহিদুল বলেন, “আমার সব শেষ। ধান উঠাতে পারলাম না, এখন সব পঁচে যাচ্ছে। এই ফসলেই সংসার চলতো, এখন কী করবো বুঝতে পারছি না।”

শুধু ধান নয়, ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় কলাবাগান ও বিভিন্ন সবজির খেতও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে।

মাঠ পর্যায়ের তথ্য বলছে, বরিশাল বিভাগে প্রায় ৮ লাখ ২৫ হাজার হেক্টর আবাদি জমির মধ্যে বোরো ধানের চাষ হয়েছে প্রায় ২ লাখ ২ হাজার হেক্টরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মাত্র ৮১ হাজার ৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এখনও প্রায় ৬০ ভাগ ধান মাঠেই রয়ে গেছে।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার বলেন, “আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যত দ্রুত সম্ভব ভালো ধান ঘরে তুলে ফেলতে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহায়তা ছাড়া কৃষকদের পক্ষে সম্ভব হবে না।”

কয়েকদিন আগেও যে মাঠে ছিল সবুজের হাসি, আজ সেখানে শুধু কৃষকের কান্না। লক্ষ লক্ষ টাকার ক্ষতি নিয়ে তারা এখন দিশেহারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নলছিটিতে মাহেন্দ্র-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)। আহতদের নাম মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই মাহেন্দ্রটি বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানিয়েছেন, “মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




বরিশালে নারী সাংবাদিককে বের করে দিল ইসলামী আন্দোলনের কর্মীরা

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিক মনিকা চৌধুরীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বরিশাল সিটি নির্বাচনের ফল বাতিল করে নিজেকে মেয়র ঘোষণার দাবিতে বক্তব্য দেন।

ভুক্তভোগী সাংবাদিক মনিকা চৌধুরী জানান, অফিস থেকে সংবাদ সংগ্রহের দায়িত্ব পেয়ে নির্ধারিত সময় অনুযায়ী প্রেসক্লাবে উপস্থিত হন। তিনি কিছু ফুটেজ নিচ্ছিলেন, ঠিক তখনই ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তাঁকে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন। মনিকা বলেন, “আমি কারণ জানতে চাইলে তারা বলেন, নারী সাংবাদিকের এখানে প্রয়োজন নেই। আপনি বের হয়ে যান।”

তিনি আরও অভিযোগ করেন, “এই প্রথম নয়, এর আগেও ইসলামী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শুধু নারী হওয়ার কারণে আমাকে বাধা দেওয়া হয়েছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনাটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করিম বলেন, “ঘটনাটি আমার সামনে ঘটেনি, হয়তো আমাদের কেউ করেছে।” তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় বরিশালের সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম ফরিদ বলেন, “মুসলিম নারীরাও অতীতে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। সৌদি আরবেও নারী সাংবাদিক রয়েছেন। নারী বলে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়।” তিনি ইসলামী আন্দোলনকে এই ধরনের মনোভাব থেকে সরে আসার আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিন: ফয়জুল করিম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আদালতের শুনানির দিন (৫ মে) আদালত প্রাঙ্গণ ও আশপাশের সড়কে কোনো ধরনের জমায়েত না করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩ মে) সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিচার বিভাগ যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে সুযোগ দিতে হবে। আদালতের প্রতি আমাদের আস্থা আছে।”

তিনি জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে তাকেই বিজয়ী ঘোষণার দাবিতে ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঢাকা ও চট্টগ্রামের উদাহরণ আমাদের সামনে রয়েছে, যেখানে আদালত পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা চাই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হোক।”

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ফয়জুল করিম অভিযোগ করেন, ভোটের আগেই ইভিএমে ৩০% ভোট ‘নৌকা’ প্রতীকের পক্ষে কাউন্ট করে রাখা হয়েছিল।

তিনি দাবি করেন, “আমি নিজেও হামলার শিকার হয়েছি। আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা বিদ্যালয়ে আমাকে গুরুতর আহত করা হয়। অভিযোগ করলেও কোনো কাগজ রিসিভ দেয়নি পুলিশ বা নির্বাচন কর্মকর্তারা।”

সংবাদ সম্মেলনে ফয়জুল করিম আরও বলেন, “আমরা নির্বাচন বাতিল নয়, সঠিক ভোটের প্রতিফলন চাই। বিপুল ভোট ছিল হাতপাখার পক্ষে, কিন্তু প্রশাসন ও সরকারি বাহিনীর সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার ফুফাতো ভাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, যা জনতার রায়কে অবমাননা করে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




১৮ বছর পর ‘উত্তরণ’-এর নেতৃত্বে নারী, সভাপতি মাহফুজ নুসরাত

সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’ নতুন নেতৃত্ব পেয়েছে। ৩৬ বছরের পথচলার সংগঠনটি ১৮ বছর পর আবারও নারীর হাতে নেতৃত্ব তুলে দিল। নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ নুসরাত মোনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকাশ চন্দ্র পাল।

শুক্রবার (২ মে) ‘উত্তরণ’-এর নিজস্ব কার্যালয়ে ২৯তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি সুদিপ্ত দাস এবং সাধারণ প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য দেবাশীষ কুন্ডু ও মো. জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন—পরিতোষ সরকার, সুজন সরখেল, সুকদেব মন্ডল মিঠু, সৈয়দ মেহেদী হাসান, দিদারুল ইসলাম, উদয় শংকর দাস, মো. শাহেদ, রতন দাস বাপী, দেবদুলাল সম্মাদার, দিপংকর দিপু, সুদেবী মন্ডল, সুব্রত ঢাকি, আরাফাত হোসেন, কাজী তারিফ, সাহাজিদা হিরা, মেহেদী হাসান, সাইফুল ইসলাম শাকিল, অনয় বনিক ও চন্দন দাস।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় সুকদেব মন্ডল মিঠু নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গঠিত হয় ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্যের কার্যকরী পরিষদ। নতুন কমিটিতে সভাপতি মাহফুজ নুসরাত মোনা, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল এবং সাংগঠনিক সম্পাদক উদয় শংকর দাস নির্বাচিত হন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘উত্তরণ’-এ মাহফুজ নুসরাত মোনা হলেন সংগঠনের ইতিহাসে তৃতীয় নারী সভাপতি। এর আগে ১৯৯৭ ও ২০০৭ সালে দুইজন নারী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর পুনরায় নারী নেতৃত্বে ফিরছে উত্তরণ, যা সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যদের মাঝে উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সরকারি বিএম কলেজ প্রশাসন, কালচারাল অফিসার, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




ছুটির আনন্দে মুখর বরিশালের পার্কগুলো

সরকারি তিন দিনের ছুটিতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। ছুটির এই সময়টিতে পরিবার-পরিজন নিয়ে নগরীর মানুষ ভিড় করেছেন বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে। সকাল থেকেই বেলেস পার্ক, প্লাটেন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও ত্রিশ গোডাউনে উপচে পড়া ভিড় দেখা গেছে।

অন্যান্য সময় যে স্থানগুলোতে তেমন ভিড় থাকে না, সেখানে এবার যেন জনস্রোত নেমে এসেছে। নগরবাসীর পাশাপাশি পাশের জেলা ও উপজেলা থেকেও দর্শনার্থীরা এসেছেন ছুটির আনন্দ উপভোগ করতে।

এক দর্শনার্থী সানজিদা ইসলাম মিম বলেন, “সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই সময়টাতে পরিবারকে সময় দিই। বাচ্চারা খুশি, আমরাও শান্তি পাই।”

আরেকজন দর্শনার্থী রিয়াজুর কবির জানান, “আমার সন্তানরা খেলছে, ঘুরছে। আমরাও বেশ স্বস্তি পাচ্ছি।”

পরিবারগুলোর মতে, এমন সময় একসাথে কাটানোই সবচেয়ে বড় আনন্দ। পার্কগুলোতে ছিল প্রাণের স্পন্দন, হাসি-আনন্দে মুখর এক পরিবেশ।

নগরীর নিরাপত্তা ব্যবস্থাও ছিল সন্তোষজনক। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সকল বিনোদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত টহলের ব্যবস্থা নেয়। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “ছুটিতে বাড়তি ভিড় হবে এটা আগেই বুঝে সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা আশা করছেন, ভবিষ্যতেও এমন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /