সোহান ব্যাট হাতে দিলেন জাতীয় দলে ফেরার বার্তা

দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে উপেক্ষিত এক নাম—নুরুল হাসান সোহান। তবে ওয়ানডে ক্রিকেটে মাত্র ৭ ম্যাচ খেলে ৮২.৫০ গড়ে ব্যাটিং করা এই খেলোয়াড় এখন নিজেই ফেরার সংকেত দিলেন, ব্যাট হাতে।
বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন সোহান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১ বলে ১১২ রানের ঝলমলে সেঞ্চুরি তিনি তুলে নিয়েছেন, যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ম্যাচ শেষে সোহান নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং তাঁর জাতীয় দলে ফেরার ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করেছেন।
তিনি বলেন, “অবশ্যই (যদি সুযোগ না আসে) কিছুটা কষ্ট তো থাকে। সবসময় বলি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একটি অন্যরকম অনুভূতি। ওয়ানডে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা। আমি এটি খুব পছন্দ করি। যদি সুযোগ পাই, তবে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার স্বপ্ন দেখতেন সোহান, কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর সেই পথ কিছুটা খোলার ইঙ্গিত মিলেছে। এবার ফর্ম ছাড়াও প্রয়োজন ছিল একটি বার্তা—যেটি সোহান ব্যাট হাতে দিয়ে দিয়েছেন।
কিউইদের বিপক্ষে সিলেটে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ২০ রানের হার না মানা ইনিংস এবং পরের ম্যাচে সেঞ্চুরির ঝলক দেখিয়ে তার নেতৃত্বের গুণও ফুটে উঠেছে। সোহান বলেন, “সুযোগ না পেলে কষ্ট তো থাকে, তবে আমি জানি, সবসময় যা চাই তা হয় না। হয়তো টিম ম্যানেজমেন্টের কিছু পরিকল্পনা আছে।”
তবে তার কণ্ঠে হতাশা নয়, এখন শুধুই প্রস্তুতির বার্তা। জাতীয় দলে ফেরার জন্য প্রয়োজন ছিল আত্মবিশ্বাসের—এবং সেটা এখন তার সঙ্গেই আছে!
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








