ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ছয় লেনে উন্নীত হচ্ছে, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ককে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (১৯ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বরিশাল একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন প্রকল্প বাস্তবায়ন হলে শিল্প, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অগ্রগতি হবে।”

তিনি আরও জানান, আমদানি-রপ্তানিভিত্তিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে দারিদ্র্য বিমোচনে চলমান সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলো অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ এবং এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবির বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

উত্তরে তিনি আশ্বাস দেন—

  • বরিশাল শহরের আশপাশের খাল খনন করা হবে।
  • বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মাণ করা হবে।
  • নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ।
  • শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পদচারী সেতু।
  • উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন।

স্থানীয় সরকারব্যবস্থা আরও শক্তিশালী হলে সাধারণ মানুষ উপকৃত হবে উল্লেখ করে তিনি বলেন, “ভালো, যোগ্য এবং সৎ জনপ্রতিনিধি ছাড়া জনগণের উন্নয়ন সম্ভব নয়। আশা করছি, আগামী নির্বাচনে একটি জনবান্ধব সরকার গঠিত হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন:
বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সৈয়দ হাতেম আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান এবং বরিশাল আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন প্রমুখ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ঈদে ঘরে ফেরা সহজ করতে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস ৩ জুন থেকে শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ, আরামদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে ৩ জুন থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ‘ঈদ স্পেশাল সার্ভিস’।

ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের নির্ধারিত বাস ডিপোগুলো থেকে চালু হচ্ছে অগ্রিম টিকিট বিক্রয় ব্যবস্থা। আগামী ২৪ মে থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত এই সার্ভিস চলমান থাকবে।

বিআরটিসি জানায়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ ডিপো থেকে উত্তর ও দক্ষিণবঙ্গসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করবে বিআরটিসির বাস।

প্রধান রুটগুলো হলো:

  • উত্তরবঙ্গ: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী।
  • দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল: বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, ভাঙ্গা, কুয়াকাটা, মাদারীপুর।
  • মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, ভোলা।
  • বিশেষ সংযোগ রুট: আরিচা, পাটুরিয়া, মাওয়া, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, লক্ষ্মীপুর, শেরপুর, কিশোরগঞ্জ, চিলমারী, পাটগাতী।

বাস রিজার্ভেশনের জন্য সংশ্লিষ্ট বাস ডিপো ম্যানেজারদের সঙ্গে যোগাযোগের জন্য বিআরটিসি নির্দিষ্ট মোবাইল নম্বর সরবরাহ করেছে। বিস্তারিত তথ্য যাত্রীরা সংশ্লিষ্ট ডিপো থেকে নিতে পারবেন।

বিআরটিসি যাত্রীদের এই বিশেষ সেবা গ্রহণে আগ্রহী সবাইকে নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে।

বিঃদ্রঃ বাস রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত ডিপো অফিসে যোগাযোগ করুন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে ব্যাটারি রিকশা বিরোধী চালকদের প্রতীকী অবস্থান

বরিশাল মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে প্রতীকী সমাবেশ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা। সোমবার দুপুরে নগরীর সদর রোডে টাউন হলের সামনে রিকশা সারিবদ্ধ করে অবস্থান নেন চালকরা এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, নগরীর লাইন রোড, কাটপট্টির মুখ, জেলখানার মোড়, কাকলির মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্যাটারি চালিত রিকশা যাত্রী ছিনিয়ে নিচ্ছে। তারা বলেন, “সারাদিন রিকশা চালিয়ে কোনোভাবে ১০০ টাকা রোজগার করতে পারছি না। পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছি।”

চালকরা অভিযোগ করেন, ব্যাটারি চালিত এসব রিকশার কোনো বৈধ লাইসেন্স নেই, তারা অবৈধভাবে চলাচল করে শহরে যানজট সৃষ্টি করছে এবং অদক্ষ চালকদের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অপরদিকে, প্যাডেল রিকশাচালকদের বেশিরভাগের বৈধ লাইসেন্স থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারি রিকশার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বক্তারা অবিলম্বে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আহ্বান জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন মো. কামাল সরদার, শেখ ওমর আলি, নাজমুল খালেক, মোজ্জামেল ও সিদ্দিক ফরাজিসহ আরও অনেকে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত লাহোর, বললেন ‘বাংলাদেশি ভাই ও সেরা অলরাউন্ডার’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে যোগ দিয়ে নতুন করে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা শুরু করেছেন সাকিব আল হাসান। পাকিস্তানে পৌঁছানোর পর তাকে ‘বাংলাদেশি ভাই’ এবং ‘পৃথিবীর সেরা অলরাউন্ডার’ বলে বরণ করে নিয়েছে লাহোর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে দলে তার আগমন ঘিরে আবেগাপ্লুত হয়ে পড়েন দলের মালিক সামিন রানা।

সামিন রানা বলেন, “আমি এবং লাহোর কালান্দার্স পরিবার অত্যন্ত সম্মানিত বোধ করছি, আমাদের ভাই এবং পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের দলে যোগ দিয়েছেন। তার পরিসংখ্যান ও পারফরম্যান্সই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ।”

যদিও সাকিব এর আগেও পিএসএলে খেলেছেন, তবে লাহোর কালান্দার্সের হয়ে এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছেন তিনি। বিশেষ করে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ সময়ের ঠিক আগে সাকিবকে দলে পেয়ে খুশি ম্যানেজমেন্ট। সামিন জানান, আগেও তারা সাকিবকে দলে নিতে চেয়েছিলেন। ষষ্ঠ আসরে ড্রাফট থেকে নেওয়া হলেও সময়ের অভাবে সাকিব খেলতে পারেননি। এবার সেই অপূর্ণতা পূরণ হলো।

তিনি আরও বলেন, “অনেকে জানে না, ষষ্ঠ মৌসুমেই আমরা তাকে ড্রাফট থেকে বেছে নিয়েছিলাম। কিন্তু তিনি তখন ব্যস্ত থাকায় আসতে পারেননি। এবার যখন সুযোগ এল, সাকিব কোনো দ্বিধা না করেই রাজি হয়ে গেলেন। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে পাকিস্তানে এসেছেন তিনি।”

আজ রোববার, বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোর কালান্দার্স মাঠে নামবে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচে সাকিব আল হাসান একাদশে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বিমানবন্দর থেকে আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হলো নুসরাত ফারিয়াকে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার একটি মামলার ভিত্তিতে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “নুসরাত ফারিয়াকে ভাটারা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

সূত্র জানিয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ফারিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তিনি ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে অর্থ সহায়তা দিয়েছেন। মামলায় তাকে ওই ঘটনার সাথে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, “তার বিরুদ্ধে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর প্রক্রিয়াগতভাবে থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার দেখানো হবে কি না, তা তদন্ত ও পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। আপাতত তাকে আটক রাখা হয়েছে।”

এ বিষয়ে নুসরাত ফারিয়ার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে তারেক আল ইমরান

জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করা হয়।

গত ১৭ মে তারিখে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল জেলা ছাত্রদলের সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে সিনিয়র সহসভাপতি তারেক আল ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে, গত ২৭ মার্চ বরিশাল জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি মাহফুজ আলম মিঠুকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ কর্মীকে বালুমহালের ইজারা পাইয়ে দিতে এক সেনা সদস্যকে হোটেল কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল জেলা ছাত্রদলে নেতৃত্ব সংকট দেখা দিয়েছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরানের নেতৃত্বে সংগঠনটি পুনরায় সক্রিয় ও গতিশীল হবে বলে আশা করছেন তৃণমূল নেতাকর্মীরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সন্ধ্যা নদীর ভাঙনে ৮ বসতঘর বিলীন, হুমকিতে শতাধিক স্থাপনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৮টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্থানীয় মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়সহ শতাধিক ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

গত ১৬ মে শুক্রবার বিকেলে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়িয়াল খাঁ নদীর মোহনায় শুরু হয় আকস্মিক ভাঙন। সন্ধ্যার মধ্যে শাহাবুদ্দিন আকন, আলী চৌকিদার, রাসেল মাঝি, হাচেন মাঝি, সাইফুল ঘরামীসহ মোট ৮ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, দিনভর ফাটল দেখা দেওয়ার পর সন্ধ্যার দিকে হঠাৎ করেই মাটি দেবে যেতে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন নিয়ে অনেকে অন্যত্র আশ্রয় নেন।

বর্তমানে মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ ভূতেরদিয়ার একটি মসজিদ, তাবলিকুল ইবতেদায়ি মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে। নদীর তীরে বসবাসরত পরিবারগুলো এখন চরম আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, “দুই বছর আগে ভাঙন ঠেকাতে পাউবো জরুরি প্রকল্পের নামে অর্থ খরচ করলেও কাজের কাজ কিছু হয়নি।”
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী চৌকিদার বলেন, “দুপুরে ফাটল দেখা দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ঘরসহ সব কিছু নদীতে চলে যায়। দিন হওয়ায় প্রাণে বেঁচে গেছি, তবে এখন সর্বস্ব হারিয়ে পথে বসেছি।”

স্থানীয়দের অভিযোগ, আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন দিন দিন ভয়াবহ হচ্ছে।
তারা জানান, কয়েক বছর আগে পাউবো ৩০ লাখ টাকার প্রকল্পে বালুর বস্তা ফেললেও কার্যকর কোনো ফল হয়নি।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, “চলতি অর্থবছরে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ভাঙনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর স্থায়ী প্রকল্প পাঠানো হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হলেন বাবুগঞ্জের তানভীর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ওয়ারী ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট তানভীর মাহমুদ সুমন। উত্তম আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এই পুরস্কারে ভূষিত হন।

গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি সার্জেন্ট তানভীরের হাতে পুরস্কার তুলে দেন।

সার্জেন্ট তানভীর মাহমুদ সুমনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামে। নিজ কর্মদক্ষতা, সততা ও জনসেবার প্রতি আন্তরিকতার মাধ্যমে তিনি নিজ এলাকা তথা বরিশালের মুখ উজ্জ্বল করেছেন।

সভাটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী। এছাড়াও ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




আমতলীতে বাসের সাইট নিয়ে সংঘর্ষ, আহত ৪

বরগুনার আমতলীতে সাইট দেওয়া নিয়ে শ্যামলী পরিবহন ও বিসমিল্লাহ মিনি বাসের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দুই বাসকর্মীসহ মোট চারজন আহত হন। উত্তেজিত স্থানীয় জনতা শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে বরগুনার আমতলী চৌরাস্তার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে।

কী হয়েছিল?

জানা গেছে, বরিশাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী ও ৩ শিক্ষক রোভার স্কাউট প্রশিক্ষণ শেষে দুটি শ্যামলী পরিবহন বাসে করে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। পথে আমতলী চৌরাস্তায় যানজটে পড়ে বাসগুলো। একই জায়গায় ছিল বিসমিল্লাহ পরিবহনের একটি মিনি বাসও।

শ্যামলী পরিবহনের হেল্পার বিসমিল্লাহ বাসকে সাইট দিতে বললে হেল্পারদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শ্যামলী বাসের হেল্পারকে ধাক্কা দেন বিসমিল্লাহ বাসের হেল্পার সালমান। এর জেরে শিক্ষার্থীরা বাস থেকে নেমে এসে সালমানকে মারধর করে। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনতা পাল্টা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। পরে পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীরা বাসে উঠে পড়লেও উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে।

ঘটনায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, বিসমিল্লাহ বাসের হেল্পার ফয়সাল ও সুপারভাইজার বিকাশ ধুপী আহত হন। শিক্ষার্থীরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। অন্যদিকে গুরুতর আহত ফয়সাল ও বিকাশকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাশ ধুপীর দাবি, হেল্পার সালমান এখনও অচেতন।

বিসমিল্লাহ বাসের সুপারভাইজার বিকাশ বলেন, “জ্যামের কারণে সাইট দেওয়া সম্ভব হয়নি, তবুও আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। স্থানীয় জনতা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।”

একজন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী বলেন, “ভুলটা আমাদেরই হয়েছে। সহপাঠীরা মারধর না করলে এই বিশৃঙ্খলা হতো না।”

আমতলী থানার এসআই জলিলুর রহমান জানান, দুই বাসের কর্মীদের মধ্যে সাইট নিয়ে সংঘর্ষ হয়েছে এবং বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাস দুটি থানায় হেফাজতে রয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বরগুনা বাস-মিনিবাস মালিক সমিতির লাইন সম্পাদক মো. হাসান মৃধা বলেন, “শিক্ষার্থীরা যদি হেল্পারদের মারধর না করত, এমন ঘটনা হতো না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 আমন্ত্রণ পেয়েও ওশেন কনফারেন্সে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘ আয়োজিত তৃতীয় ওশেন কনফারেন্সে অংশ নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-এর আমন্ত্রণ পেলেও সেখানে যাচ্ছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল। তবে ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে আগ্রহী বিভিন্ন দেশের অনুরোধ থাকায় আপাতত দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ নেই। এ অবস্থায় শুধুমাত্র অংশগ্রহণের ভিত্তিতে ড. ইউনূসের ফ্রান্স সফর মূল্যায়নের কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ফ্রান্সের পক্ষ থেকে বোঝানো হয়েছে, যদি সম্মেলনের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি বা অর্থনৈতিক অগ্রগতি সংক্রান্ত কোনো বিষয় থাকে, যেমন— স্যাটেলাইট ক্রয়, এয়ারবাস উড়োজাহাজ ক্রয় বা জলবায়ু অর্থায়ন, তাহলে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বাংলাদেশের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে ফ্রান্স পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় যে এসব প্রকল্পের অর্থায়নে তারাই ঋণ দিতো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানায়, “বাংলাদেশ এখনও কনফারেন্সে দেশের প্রতিনিধিত্ব কে করবেন, তা চূড়ান্ত করেনি। প্রস্তুতি চলমান রয়েছে।”

জানা গেছে, প্রধান উপদেষ্টার সফর বাতিলের আনুষ্ঠানিক কারণ হিসেবে ঢাকা প্যারিসকে জানিয়েছে দেশে জরুরি দায়িত্ব পালনের বিষয়টি। একইসঙ্গে তাঁর অনুপস্থিতিতে দুঃখ প্রকাশও করা হয়েছে।

উল্লেখ্য, তৃতীয় ওশেন কনফারেন্স আগামী ৯ জুন থেকে ফ্রান্সের নিস শহরে শুরু হবে। সম্মেলনের আগের দিন অর্থাৎ ৮ জুন, অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য রাষ্ট্রপতি ম্যাখোঁ আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠিত হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /