বরিশাল জেলা ছাত্রদল নেতা বহিষ্কৃত, ধর্ষণ মামলায় অভিযোগ

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ আকনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার (২৫ মে) দুপুরে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা সবুজ আকনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

যদিও বিজ্ঞপ্তিতে সরাসরি কারণ উল্লেখ করা হয়নি, জানা গেছে গত ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সবুজ আকনের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। মামলাটি করেন ভুক্তভোগী কিশোরীর মা।

ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে মহানগরীর কাউনিয়া থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, “আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত সবুজ আকন বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা, তার বাবার নাম আব্দুল মান্নান আকন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জমি নিয়ে প্রতারণা: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, প্রেসক্লাবে অভিযোগের ঝড়

জমি সংক্রান্ত জালিয়াতি ও এক পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা নিয়ে বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন একদল ডেভেলপার পার্টনার ও বিনিয়োগকারী। রোববার (২৫ মে) বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন বিউটি সুপার মার্কেট প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডেভেলপার পার্টনার আবুল হাসান কুদ্দুস জানান, বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে অবস্থিত বিউটি সিনেমা হল সংলগ্ন ৪০ শতক জমি ২০১৩ সালে তারা জুলফিকার উদ্দিন চৌধুরীর কাছ থেকে ৮ কোটি টাকা মূল্যে বায়না রেজিস্ট্রি করেন। নগদ এক কোটি টাকা পরিশোধের পর স্ট্যাম্পে চুক্তিভিত্তিক আরও ১ কোটি ৭ লাখ টাকা দেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জমির মূল দলিল হস্তান্তর না করে মালিক পক্ষ নানা তালবাহানা শুরু করে।

জমি নিয়ে হেবার নাটক, ডেভেলপার পাল্টে প্রতারণার অভিযোগ

পরবর্তীতে মালিকের মেয়ে সৈয়দ কামরুন্নাহার আখি দাবি করেন, তার দাদা ওই জমি তাকে মৌখিকভাবে হেবা দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে বায়না বাতিলের জন্য মামলা করা হয়।

২০১৭ সালে জমির মালিক নতুনভাবে বহুতল ভবন নির্মাণের জন্য ডেভেলপার পাওয়ার দিয়ে চুক্তি করেন, কিন্তু একই সময় তিনি আরেক ব্যবসায়ী আক্তারুজ্জামানের সঙ্গে গোপনে চুক্তি করেন। কুদ্দুস জানান, একাধিক সালিশে জমিতে বিনিয়োগ করা ২ কোটি ৭ লাখ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সেই টাকা ফেরত দেওয়া হয়নি। বরং গ্যারান্টি হিসেবে একটি চেক দিয়ে, পরবর্তীতে নতুন এক ডেভেলপার কাজী মফিজুল ইসলামের সঙ্গে রেজিস্ট্রি চুক্তি করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মালিক জুলফিকার উদ্দিনের ছেলে সৈয়দ আশিক চৌধুরী হেবা দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করেন এবং গত ৯ মে বিএনপির নামধারী ৩০-৩৫ জন সহযোগী নিয়ে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসিকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগে বলা হয়, আশিক চৌধুরী ওসিকে “ম্যানেজ” করে তাকে কুয়াকাটা পাঠিয়ে দেন যেন পুলিশ হস্তক্ষেপ না করে। এমনকি তিনি ওসির স্ত্রীকে একটি ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেন কুদ্দুস।

ভুক্তভোগীরা বলেন, প্রতারণার কারণে তারা পথে বসার উপক্রম হয়েছেন। তারা প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে সৈয়দ আশিক চৌধুরী ও ওসি মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলায় ঘূর্ণিঝড় মন্থা মোকাবিলায় জরুরি সভা, প্রস্তুত আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম

ঘূর্ণিঝড় ‘মন্থা’র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে দ্বীপ জেলা ভোলা। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি প্রস্তুতি সভার আয়োজন করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। তিনি জানান, জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

প্রস্তুত ১৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবক: 

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর অধীনে জেলার ১৩,৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে মাঠে কাজ করার জন্য। ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের অর্ধ লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া, জেলার সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম এবং গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম।

দুর্যোগকালীন সময়ে খাদ্য ও ওষুধ সংকট এড়াতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে বলেও সভায় জানানো হয়। জেলার স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে যাতে যেকোনো জরুরি চাহিদা দ্রুত পূরণ করা যায়।

জেলা প্রশাসক বলেন, “আমরা চাই না কেউ আতঙ্কিত হোক। বরং সবাইকে সচেতন হয়ে আমাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ধ্বংসপ্রায় বরগুনা-বেতাগী সড়ক, দুর্ভোগে যাত্রীরা

বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, যা বর্ষার পানিতে ভরে গিয়ে যাত্রীদের জন্য রীতিমতো যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বেতাগী উপজেলার মোকামিয়া থেকে নিয়ামতি পর্যন্ত এই দীর্ঘ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে পথচারী, চালক ও সাধারণ যাত্রীদের।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় এই গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় গাড়ি চলাচলে তীব্র সমস্যা দেখা দেয়।

🔧 সংস্কারের অভাবে দীর্ঘমেয়াদি দুর্ভোগ ::

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, সর্বশেষ ২০১২ সালে এই সড়কে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় এবং ২০১৫ সালের ৫ মে ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ শেষ করে। এরপর আর কোনো রক্ষণাবেক্ষণ বা সংস্কার হয়নি।

বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেন বলেন, “সড়কটি পুরোপুরি ভেঙে গেছে। প্রতিদিন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার প্রয়োজন।”

একইভাবে মাহিন্দ্রা চালক আব্দুস সেবাহান বলেন, “বৃষ্টির সময় গর্তে পানি জমে গেলে গাড়ি চালানো ভয়াবহ কষ্টকর হয়ে পড়ে।”

🏗 প্রকৌশল বিভাগ বলছে ‘চাহিদা পাঠানো হয়েছে’ ::

বেতাগী উপজেলা এলজিইডির প্রকৌশলী শেষ তৌফিক আজিজ জানান, “সড়কটির সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে।”

তবে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন অবস্থায় থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা হতাশ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চরমোনাই পীর

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই হিসেবে পরিচিত।

আগামীকাল ২৫ মে, রবিবার বিকাল ৫:৪৫ মিনিটে সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশের গুরুত্বপূর্ণ ইসলামী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত থাকবেন:

  • বাংলাদেশ খেলাফত মজলিস
  • আমার বাংলাদেশ পার্টি (আ.ব.প.)
  • জমিয়তে উলামায়ে ইসলাম
  • খেলাফত মজলিস
  • গণঅধিকার পরিষদ
  • নেজামে ইসলামী পার্টি
  • হেফাজতে ইসলামের নেতারা

এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও করণীয়, নিরপেক্ষ নির্বাচনের পথনকশা এবং স্বৈরতন্ত্রের সাথে যুক্তদের বিচারের বিষয়ে আলোচনা হবে। শীর্ষ নেতারা সরকারকে রাজনৈতিক সংস্কার ও জনগণের অধিকার নিশ্চিত করতে কার্যকর পরামর্শ দেবেন বলে জানা গেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 গৌরনদীতে আওয়ামী লীগের ৩ নেতা-নেত্রী গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের তিন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চাঁদশী এলাকায় বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ::

  • গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু
  • উপজেলা মহিলা লীগের সদস্য ছবি বেগম
  • গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকায় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত এবং সন্দেহভাজন আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারের পর শনিবার (২৪ মে) দুপুরে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সীমান্তে পুশ-ইন: বিএসএফ শিখিয়ে দিয়েছিল কী বলতে হবে

বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশ-ইনের নতুন এক অভিযোগ সামনে এসেছে। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে সম্প্রতি বাংলাদেশে ঠেলে পাঠানো ১৭ জনের একজন, জাহানারা খাতুন, দাবি করেছেন—ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে ও অন্যদের গুলি ছুঁড়ে দৌড়াতে বলেছিল এবং কী বললে ধরা পড়লে বাঁচা যায় তাও ‘শিখিয়ে’ দিয়েছিল।

গত শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা থেকে জাহানারা খাতুনসহ ১৭ জনকে আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি জানায়, তারা সবাই ভারত থেকে পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

জাহানারা বলেন, “বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারবো। গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে। তখন আমরা সবাই ভেগে দৌড় মারি। সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি।”

তিনি আরও দাবি করেন, ধরা পড়লে কী বলতে হবে—তাও আগেই জানিয়ে দিয়েছিল বিএসএফ:
“ওরা বললো, যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেয়ায় আবার ফিরে এসেছি।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের পুশ-ইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

এ ধরনের পুশ-ইনের ঘটনা সীমান্ত এলাকায় মানবিক ও কূটনৈতিক জটিলতা বাড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা।

এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




এসএসসি পরীক্ষা থেকে প্রেমিক-প্রেমিকার উধাও

পিরোজপুরের কাউখালী উপজেলায় এসএসসি পরীক্ষার দিন ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পালিয়ে গেছে একই স্কুলের দুই শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের আইরন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী প্রিয়া ও নাঈম হোসেন রোমানের মধ্যে। বুধবার (২১ মে) সকালে তারা কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায়। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী পরীক্ষা না দিয়ে পালিয়ে যায় তারা।

সূত্র জানায়, প্রিয়া মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ে এবং নাঈম জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের ছেলে। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরীক্ষার দিন তারা পরিবারের অজান্তে একসঙ্গে পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া বলেন, “ওই দিন পরীক্ষায় অন্যান্য শিক্ষার্থীরা অংশ নিলেও প্রিয়া ও নাঈম উপস্থিত ছিল না। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়, তারা অসুস্থ। তবে পরে লোকমুখে জানতে পারি, তারা পালিয়েছে।”

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়রাও হতবাক। এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলায় ঘূর্ণিঝড় আতঙ্ক, আশ্রয়হীন চরবাসীর রাত কাটে দুশ্চিন্তায়

ঘূর্ণিঝড় ‘শক্তি’ ও ‘মন্থা’র সম্ভাব্য আঘাতে ভোলার উপকূল ও চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চরফ্যাশনের ঢালচর, কুকরি-মুকরি, মনপুরা, লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখানের বিচ্ছিন্ন চরের কয়েক লাখ মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ঘূর্ণিঝড় ও নদীভাঙনের ভয় একসঙ্গে বয়ে আনছে ভয়াবহ মানবিক সংকট।

“আবারও সব হারানোর ভয়”,বললেন ঢালচরের হোসেনেয়া বেগম

চরফ্যাশনের ঢালচরের বাসিন্দা হোসেনেয়া বেগম বলেন, “গত বছর রিমালে আমার ঘর ভেঙে গিয়েছিল। এখন অন্যের জমিতে ছোট ঘর তুলে কোনোমতে বাস করছি। আবার ঘূর্ণিঝড় আসার খবর শুনে রাতে ঘুম আসে না। জানি না এবারও না আবার ঘর হারাতে হয় কিনা।”

হোসেনেয়ার স্বামী একজন জেলে ছিলেন। তাদের পাঁচ সদস্যের পরিবার এখন নদীভাঙনের ক্ষত ও দুর্যোগের ভয়ে অনিশ্চয়তার মধ্যে বাস করছে। তিনি বলেন, ক্ষতি সত্ত্বেও সরকারিভাবে কোনো সহায়তা পাননি।

আশ্রয়কেন্দ্র নেই, নিরাপত্তা নেই  চরবাসীর একমাত্র ভরসা পুলিশ ফাঁড়ি

ঢালচরে প্রায় ৫০০ পরিবারের ২ থেকে ৩ হাজার মানুষের বসবাস, কিন্তু নেই কোনো আশ্রয়কেন্দ্র। ঝড়ের সময় সেখানে আশ্রয় নেওয়ার একমাত্র স্থান একটি তিনতলা পুলিশ ফাঁড়ি। একই অবস্থা কুকরি-মুকরি, চর নিজাম, চর পাতিলা, চর সিকদারসহ আরও বহু চরে। বিচ্ছিন্ন চর হওয়ায় এখানকার মানুষ ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ স্থানে যেতে পারেন না।

চর কুকরি-মুকরির বাসিন্দা মো. সুমন বলেন, “ঝড় এলে আতঙ্কে থাকি, কিন্তু ঘরবাড়ি ফেলে কোথাও যেতে পারি না। আশ্রয়কেন্দ্র নেই, যাতায়াতের পথ নেই।”

আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ও ‘মন্থা’  প্রস্তুতি কেমন?

ভোলা আবহাওয়া অফিস জানায়, মে মাসের ২৩ থেকে ৩১ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। যদিও এখনো বড় কোনো সংকেত দেওয়া হয়নি, তবে আকাশ মেঘাচ্ছন্ন এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার ৩০০ কিলোমিটার বাঁধের মধ্যে কিছু দুর্বল বাঁধ চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত মেরামতের কাজ চলছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি কিল্লা রয়েছে। শনিবার সব দপ্তর নিয়ে প্রস্তুতি সভা হবে। পর্যাপ্ত খাবার ও ত্রাণ মজুদ রয়েছে এবং বিচ্ছিন্ন চরবাসীদের নিরাপদে রাখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নতুন ভবন প্রস্তুত, তবু চালু নয় পিরোজপুর হাসপাতাল,বাড়ছে রোগীদের ভোগান্তি

পিরোজপুর সদর হাসপাতালের নতুন ২৫০ শয্যার ভবনের নির্মাণ কাজ শেষ হলেও তা এখনো স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেনি গণপূর্ত বিভাগ। ফলে সীমিত সুবিধা নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালে তিনগুণেরও বেশি রোগী ভর্তি থাকেন। হাসপাতাল চত্বরজুড়ে মেঝে, করিডোর ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

প্রায় ৫ বছর বিলম্বে শেষ নির্মাণকাজ, তবু উদ্বোধনের অপেক্ষায়: 

২০১৭ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় সরকার। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে তিনবার সময় বাড়িয়ে তা শেষ হয় ২০২4 সালের ডিসেম্বরে। পাঁচ মাস পার হলেও ভবনটি এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি।

নির্মাণ কাজ সম্পন্ন করে মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে লিফট এবং বিদ্যুৎ সংযোগজনিত সমস্যার কারণে হস্তান্তর বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

সেবা পাচ্ছেন না, অভিযোগ রোগী ও স্বজনদের

সরেজমিন দেখা গেছে, প্রতিদিন গড়ে ৫০০-এর বেশি রোগী আসছেন চিকিৎসার জন্য। তাদের অনেকেই জায়গা না পেয়ে মেঝেতে, করিডোরে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘন ঘন বদলি, পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং জরুরি বিভাগে রোগী এলে তাড়াতাড়ি রেফার করার অভিযোগও রয়েছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুর্শিদ শেখ বলেন, “নতুন ভবন নির্মিত হলেও চালু না হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। রোগী আসলেই বরিশাল, খুলনা বা ঢাকায় রেফার করা হয়।”

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ জানান, “লিফট ও বিদ্যুৎ সংযোগ নিয়ে জটিলতা রয়েছে। লিফটের দাম বাড়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।”

হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী আসেন। আমাদের সামর্থ অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছি। নতুন ভবন চালু হলে সেবার মান বাড়বে এবং রোগীদের কষ্ট কমে আসবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /