ভরসার নাম ‘বরগুনা তথ্যসেবা’ অ্যাপস

রাতের অন্ধকারে হঠাৎ শিশুর শ্বাসকষ্ট—হাতের কাছে না ছিল ডাক্তার, না ছিল অ্যাম্বুলেন্সের নম্বর। সেই সংকটময় মুহূর্তে উদ্ধার করে একটি মোবাইল অ্যাপস—‘বরগুনা তথ্যসেবা’।

এমন অভিজ্ঞতার কথা জানালেন বরগুনা সদরের গৃহবধূ পারভীন আক্তার। তার মতে, “ডাউনলোড করেই অ্যাপস থেকে নম্বর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারি, আমার ছেলেটা বেঁচে গেছে।”

সার্বিক দরকারি তথ্য একত্র করে স্থানীয় মানুষদের সুবিধার জন্য অ্যাপটি তৈরি করেন বরগুনার পাথরঘাটা উপজেলার মো. রিয়াদ হোসাইন। ঢাকায় বসবাস করলেও নিজের জেলাকে ভালোবেসে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি।

রিয়াদ জানান, বরগুনাবাসীর জন্য কিছু করতে চেয়েছিলেন। তাই বন্ধু আবুবকর ছিদ্দিককে সঙ্গে নিয়ে কোনো বড় টিম বা আর্থিক সহায়তা ছাড়াই শুরু করেন তথ্য সংগ্রহের কাজ। নানা চ্যালেঞ্জ পেরিয়ে গুগল প্লে-স্টোরে ‘বরগুনা তথ্যসেবা’ অ্যাপ উন্মুক্ত করেন।

এই অ্যাপে রয়েছে ৪৩টি বিভাগের প্রয়োজনীয় ফোন নম্বর ও তথ্য—হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনসহ আরও অনেক কিছু।

এই অ্যাপ ব্যবহার করে অনেকেই কঠিন মুহূর্তে পাশে পেয়েছেন সাহায্য।
পাথরঘাটার ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “এক বৃদ্ধ বাবার নিখোঁজ মেয়েকে খুঁজে দিতে আমি এই অ্যাপ থেকে থানার নম্বর দিই। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।”

তালতলীর বাসিন্দা হারুন অর রশিদ বলেন, “পাশের বাড়িতে আগুন লাগলে অ্যাপ থেকে ফায়ার সার্ভিসের নম্বর নিয়ে দ্রুত ব্যবস্থা নিই। দেরি হলে বড় ক্ষতি হতো।”

বরগুনা জেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, “এই অ্যাপ শুধু সফটওয়্যার নয়, বরং এটি বরগুনাবাসীর জীবনের অংশ হয়ে গেছে।”

বর্তমানে রিয়াদ হোসাইন ঢাকার একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও কাজের ফাঁকে অ্যাপটির উন্নয়ন কাজে নিয়মিত যুক্ত থাকেন। তার ভাষায়, “এটা শুধু কাজ নয়, এটা আমার স্বপ্ন।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




মুহূর্তেই ডুবে গেল বরগুনার দুটি গ্রাম, পানিবন্দি শতাধিক পরিবার

নিম্নচাপ ও টানা বর্ষণে বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বরগুনার দুটি গ্রাম মুহূর্তেই তলিয়ে গেছে। শুক্রবার (৩০ মে) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর ডালভাঙ্গা এলাকায় নদীর তীরবর্তী রিং বেড়িবাঁধ ভেঙে গেলে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে পানিবন্দি হয়ে পড়ে প্রায় ২৩০টি পরিবারের সহস্রাধিক মানুষ।

প্রবল জোয়ারের চাপে বিষখালী নদীর পানি বেড়ে গিয়ে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। সরেজমিনে দেখা গেছে, ঘরের ভেতরে কোমর সমান পানি জমে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নদীতে পানির উচ্চতা আরও বাড়লে ঘরবাড়ি পুরোপুরি ডুবে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা মালেক বলেন, “গতকাল থেকেই ঘরে পানি ঢুকেছে। এখন আবারও পানি ঢুকছে। স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাবো, কোনো ব্যবস্থাও নেই।”

আরেক বাসিন্দা ছালাম বলেন, “বাঁধ ভেঙে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরে থাকা, রান্না করারও সুযোগ নেই। আমরা দিন এনে দিন খাই, নতুন করে কোথাও যাওয়ার সামর্থ্য নেই।”

এছাড়াও বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মূল্লা এলাকা থেকেও একই ধরনের ভাঙনের খবর পাওয়া গেছে। সেখানেও বিষখালী নদীর জোয়ারের চাপে রিং বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম জানান, “ভাঙা অংশটি মূল বেড়িবাঁধ নয়, এটি নদীসংলগ্ন রিং বেড়িবাঁধ। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মূল বেড়িবাঁধের বাইরে বসবাস করতেন। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, এখনই জরুরি ভিত্তিতে রিং বাঁধ সংস্কার না করলে পুরো এলাকা বড় ধরনের দুর্যোগের সম্মুখীন হতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ঈদের আগে ঝুঁকিপূর্ণ ঢাকা-বরিশাল মহাসড়ক, সংস্কারের দাবি

আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষের ঢল নামার আগেই ঢাকা-বরিশাল মহাসড়কের বেহাল দশা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। দক্ষিণাঞ্চলের লাখো মানুষ রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে এই মহাসড়ক ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তবে সরু এবং জরাজীর্ণ এই মহাসড়কে খানাখন্দ ও গর্তের কারণে যাত্রা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।

সরেজমিনে দেখা গেছে, গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে বরিশাল সদর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও বিটুমিন উঠে গিয়ে বৃষ্টির পানি জমে রয়েছে, যা যান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে রাস্তার অবস্থা সবচেয়ে ভয়াবহ, যেখানে একাধিক গর্তে যানবাহনের চাকা আটকে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

সাকুরা পরিবহনের চালক জাকির কাজী জানান, টরকী বাসস্ট্যান্ডে প্রায় ২০-৩০ ফুট জায়গা জুড়ে বিটুমিন উঠে গেছে। নিন্মমানের ইট দিয়ে সাময়িকভাবে সংস্কার করা হলেও বৃষ্টিতে তা উঠে গেছে। এছাড়া রাস্তাজুড়ে উঁচু-নিচু ঢেউয়ের মতো জায়গা তৈরি হয়েছে, যা যানবাহনের ভারসাম্য নষ্ট করে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত এক মাসে মহাসড়কে অন্তত ১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বার্থী বাসস্ট্যান্ড এলাকায় কলেজ ছাত্র শাহারিয়া এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পরিবহন চালক আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা এমনিতেই ব্যস্ততম মহাসড়ক। তার ওপর এই খানাখন্দে একাকার রাস্তা দিয়ে ঈদের সময় কয়েকগুণ যাত্রী ও যানবাহন চলবে, এতে বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।” তিনি অবিলম্বে রাস্তার জরুরি সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে সড়ক বিভাগের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তারা ফোন রিসিভ করেননি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, “ঈদের আগেই মহাসড়কটি চলাচলের উপযোগী করতে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হবে।”

এখনই সংস্কার কার্যক্রম শুরু না হলে, ঈদযাত্রা দক্ষিণাঞ্চলের লাখো মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

পিরোজপুরে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে সকাল সাড়ে ৬ টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় কোরান খতম করা হয়।

সকাল ১০ টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য অ্যাড. আবুল কালাম আকন, শ্রমিক দল সভাপতি আব্দুস ছালাম বাতেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাড. রহিমা আক্তার হাসি, যুবদল আহবায়ক কামরুজ্জামান তুষার, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মনির শরীফসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এক স্বার্থান্বেষী গোষ্ঠী বিদেশী শক্তির সহায়তায় দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু দেশবাসী জানে যে, এক জিয়া শহীদ হলেও দেশে লাখো কোটি জিয়া রয়েছে। বিএনপি কখনো বিনা ভোটে বা রাতের ভোটে বিশ্বাসী নয়, এবং জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন করে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে, দুপুরে জুমার নামাজের পর মাদ্রাসার ইয়াতিমখানায় খাবার পরিবেশন করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 যুবদল নেতার বাবা-মায়ের কবরস্থান ভাঙার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া এলাকায় খাল খননের কাজ নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছেন, খাল খননের কাজের নামে তার বাবা-মায়ের কবরস্থান ভেঙে ফেলা হয়েছে এবং স্থানীয়দের ব্যক্তিগত জমি কেটে খালে ফেলা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মোয়াজ্জেম হোসেন জানান, মাহিলাড়া থেকে বাসুদেবপাড়া খাল খননের জন্য বিএডিসির ঠিকাদার নিয়োগ করা হয়। তবে মূল ঠিকাদারকে ছাড়িয়ে স্থানীয় ভেক্যু ব্যবসায়ী শওকত সরদার খালটি খননের কাজ শুরু করেন। তিনি আরও জানান, খাল খননের শুরু থেকেই অনিয়ম করা হয়েছে। প্রতিবাদ জানালে তার বাবা-মায়ের কবরস্থান ভেঙে ফেলা হয় এবং স্থানীয়দের জমি কাটার ঘটনা ঘটেছে।

এই বিষয়ে খাল খননের মূল ঠিকাদার মোহাম্মদ আলী বলেন, খাল খননের জন্য তিনি ১৬ লাখ টাকা ব্যয়ে একটি কাজ গ্রহণ করেছিলেন, তবে তিনি জানালেন, তিনি নিজে কাজ বাস্তবায়ন করছেন না, বরং স্থানীয় শওকত সরদার এই কাজ করছেন। মোহাম্মদ আলী জানান, তিনি শওকতকে সরকারি নিয়ম অনুসরণ করতে বলেছিলেন, তবে শওকত যদি অনিয়ম করেন, তার দায় তাঁর নয়।

অপরদিকে, শওকত সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি খাল খননের কাজের সাথে যুক্ত নন এবং স্থানীয় বিএনপি নেতা বাদশা হাওলাদার খালটি খনন করছেন। তিনি আরও জানান, কারো কবরস্থান বা জমি কাটার ঘটনা ঘটেনি।

স্থানীয় বিএনপি নেতা বাদশা হাওলাদারও একই মন্তব্য করেন, দাবি করেন যে, খালের পানি থাকায় খনন কাজ বন্ধ রয়েছে এবং সরকারি নিয়ম মেনে কাজ করা হবে।

এছাড়া, বিএডিসির গৌরনদী উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী বলেন, খাল খননের সময় মানুষের ক্ষতি যাতে না হয়, সেজন্য ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, যদি খাল খননকালে সরকারি নিয়ম লঙ্ঘন হয়, তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননায় ড. ইউনূস

বিশ্বখ্যাত নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এই ডিগ্রি প্রদান করে, সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।

এই উপলক্ষে টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ড. ইউনূস উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন এবং ড. ইউনূসের অবদানকে আন্তর্জাতিকভাবে অনুকরণীয় বলে অভিহিত করেন।

জানা যায়, অধ্যাপক ইউনূস ২৭ মে চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছান। সফর শেষে আগামীকাল (৩১ মে) সকালে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ডক্টর ইউনূস ছাড়া সবাই ডিসেম্বরেই নির্বাচন চায়: মির্জা আব্বাস

মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণ চায় ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হোক, এবং সেই দাবি আদায় করেই ছাড়বে। যদি নির্ধারিত সময়ে নির্বাচন না হয়, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এ মন্তব্য করেন।

তিনি বলেন, “একজন বিদেশি ব্যক্তিকে দেশে এনে তথাকথিত রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু এই সংস্কারের নামে এখন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা বলছি, একটি দল নয়—একজন লোকই নির্বাচন চায় না, আর তিনি হলেন ড. ইউনূস।”

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ সময় বলেন, “সমগ্র জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রত্যাশা, খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দেবে।”




ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান সোবহানের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, “দলকে সংগঠিত করতে হলে দুর্দিনের ত্যাগী, নির্যাতিত ও কারাবরণকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তারেক রহমানেরও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।”

মঙ্গলবার (২৭ মে) বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি মৎস্যজীবী দলের আহ্বায়ক সদ্য প্রয়াত হারুন-অর রশিদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মিলাদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোবহান আরও বলেন, “যেসব নেতাকর্মী বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। একইসঙ্গে যারা জিয়াউর রহমানের পরিবারকে কটাক্ষ করে এখনও দলে সক্রিয়—তাদের চিহ্নিত করে দল থেকে বাদ দিতে হবে।”

তিনি জাতীয় নির্বাচন সামনে রেখে দলের মধ্যে ঐক্যের ওপরও গুরুত্ব দেন।
তার ভাষায়, “বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল অতীতের মতোই ষড়যন্ত্রে লিপ্ত। এমন পরিস্থিতিতে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখা ছাড়া কোনো পথ নেই।”

রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:

  • জেলা উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক ফারুক
  • আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম
  • গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন
  • জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ
  • আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির
  • গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হাওলাদার
  • জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম হীরা
  • উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদার
  • মরহুম হারুন-অর রশিদের ছেলে আব্দুর রহমান

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম  / 




লালমনিরহাট বিমানবন্দর চালু হলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের

বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায় তিন দশক আগের একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পুনরায় সচল করতে পারে—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদ্বীপ চৌধুরী জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দরটি চীনের সহায়তায় পুনরায় চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে গতকাল সোমবার (২৬ মে) সেনাসদরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্স অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা বিমানবন্দরটি কেবল প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে। তিনি আরও জানান, চীনা কোনো সংস্থা সেখানে যুক্ত আছে কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে এনডিটিভির দাবি, চীনের সামরিক সহযোগিতায় বিমানবন্দরটি পুনরায় চালু করা হচ্ছে—এমন আশঙ্কায় ভারতীয় প্রশাসনে সতর্কতা তৈরি হয়েছে। কারণ, লালমনিরহাট ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং এই এলাকায় রয়েছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’, যার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চলে যোগাযোগ রাখা হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারত আশঙ্কা করছে—যদি চীনের সহায়তায় বিমানবন্দরটি চালু হয়, তাহলে সেখানে চীন যুদ্ধবিমান, রাডারসহ নজরদারি সরঞ্জাম স্থাপন করতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতির জবাবে ভারত ত্রিপুরার পুরোনো কৈলাশহর বিমানঘাঁটি সচল করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে এটি বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ভবিষ্যতে এর কাঠামো এমনভাবে উন্নয়ন করা হবে, যাতে যুদ্ধকালীন সময়ে যুদ্ধবিমান চলাচল ও জ্বালানি সরবরাহ করা সম্ভব হয়।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আগের মতো বন্ধুত্বপূর্ণ নয় এবং চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। ফলে ভারতের কূটনৈতিক উদ্বেগ বেড়েছে।

এর মধ্যেই ২৬ মে একটি ভারতীয় প্রতিনিধি দল কৈলাশহর বিমানঘাঁটি পরিদর্শনে যায় এবং বিমানবন্দরটির বর্তমান অবস্থা মূল্যায়ন করে। প্রতিনিধি দলটি পরে জানায়, বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।




মরুভূমিতে উটকে সন্তান মেনে একাকী জীবন কাটাচ্ছেন রুকিয়া

সৌদি আরবের উত্তর সীমান্তের তপ্ত মরুভূমিতে উটের দল নিয়ে একাকী, নির্ভীক ও আত্মমর্যাদাশীল জীবন কাটাচ্ছেন এক নারী – রুকিয়া আল-রুওয়াইলি। শহুরে জীবনের আরাম-আয়েশ নয়, মরুভূমির নিঃসঙ্গতা আর উটের সঙ্গেই গড়ে তুলেছেন নিজের সংসার।

প্রায় ৭০ বছর বয়সী এই বিধবা নারী তার মৃত স্বামীর রেখে যাওয়া উটগুলোকেই পরিবার ও সন্তান মনে করে আগলে রেখেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। স্বামীর সঙ্গে মরুভূমিতে পার করেছেন ২০টি বছর। তার মৃত্যুর পর আর শহরমুখো হননি।

রুকিয়া বলেন, “আমার কোনো সন্তান নেই। উটগুলোই এখন আমার সন্তান, আমার পরিবার। তারা আমার কণ্ঠ শুনেই দৌড়ে আসে। আমি তাদের ভাষা বুঝি, তারাও আমাকে বুঝে। এই টান রক্তের চেয়েও গাঢ়।”

শুধু উটের যত্ন নেওয়াই নয়, প্রতিদিন নিজেই পিকআপ ট্রাক চালিয়ে মরুভূমিতে যান, তাদের খাদ্য-পানির ব্যবস্থা করেন। আধুনিক প্রযুক্তির প্রতি তার কোনো আগ্রহ নেই, বরং নিজেকে খুঁজে পান এই নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশে।

তিনি বলেন, “আমার স্বামীর সঙ্গে এই মরুভূমিতেই জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে। শহরের কোলাহলে তার স্মৃতিগুলো হারিয়ে যাবে। তাই এখানেই থেকে গেছি। উট আর মরুভূমিই আমার ঘর।”

রুকিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন, এমন একটি উট যেন তার হয় যেটি বিক্রি করে ৮০ লাখ টাকা পাওয়া যায়। বলেন, “আমি কিং আবদুল আজিজ উট উৎসবের কথা শুনেছি। সেখানে উট বিক্রি হয় লাখ লাখ টাকায়। আমি চাই, এমন একটি উট যেন আমার হয়।”

তবে তার বড় চাহিদা একটি নিজস্ব পানির ট্যাঙ্কার। মরুভূমিতে পানি সংকট ভয়াবহ। বর্তমানে একজন প্রতিবেশী দয়া করে তার পানির চাহিদা মেটান। রুকিয়া বলেন, “যদি কেউ আমাকে একটি পানি ট্যাঙ্কার উপহার দেয়, আমি তার জন্য আজীবন দোয়া করব।”

“মরুভূমির জীবন অর্ধেক হতাশা, অর্ধেক আশা”—এভাবেই নিজের জীবনকে ব্যাখ্যা করলেন রুকিয়া। তার এই অনন্য গল্প এখন সৌদির নানা প্রান্তে আলোড়ন তুলেছে। যেখানে সমাজে বয়স্কদের দূরে সরিয়ে দেওয়া হয়, সেখানে রুকিয়া হয়ে উঠেছেন বিশ্বাস, ধৈর্য ও আত্মনির্ভরতার প্রতীক


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /