বরিশাল সদর গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের বরিশাল সদর উপজেলা শাখার সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হয় বলে গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর জানান।

দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, বরিশাল সদর উপজেলার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল।




ফেসবুকে বিএনপির প্রার্থী তালিকা প্রচার

গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির একটি প্রেসবিজ্ঞপ্তি নিয়ে বরিশাল জেলার তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে “যে কয়টি আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত” হিসেবে দেশের ৩৯টি সংসদীয় আসনের কথা উল্লেখ করে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থীদের নামোল্লেখ রয়েছে।

বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর শুক্রবার (২০ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রুহুল কবির রিজভীর হুবহুব ওই স্বাক্ষরটি কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করে একটি ভূয়া প্রেসবিজ্ঞপ্তিতে বসানো হয়েছে। পরবর্তীতে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য কয়েকজন বির্তকিত নেতার সমর্থকরা তা ফেসবুকে প্রকাশ করেছে। যার প্রতিবাদ হিসেবে দলীয় পেইজ থেকে ইতোমধ্যে রুহুল কবির রিজভী একটি প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

যেখানে তিনি (রিজভী) “যে কয়টি আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত” শিরোনামে প্রচার করা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং ভুয়া প্রেসবিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

কেন্দ্রীয় বিএনপির ওই নেতা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের বাহিরে গিয়ে মনোনয়ন নিয়ে কারো কোন কথা বলার এখতিয়ার নেই। তারেক রহমান যে পর্যন্ত নিজ মুখে প্রার্থীদের নাম ঘোষণা না করবেন, সেই পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার জন্য তিনি আহবান করেছেন।

তিনি আরও বলেন, বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে ফ্যাসিস্টের ১৭ বছরে যেসব সাবেক এমপি কিংবা মনোনয়ন প্রত্যাশীরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। যারা দলের দুর্দীনে তৃণমূল পর্যায়ে হামলা-মামলার স্বীকার নেতাকর্মীদের পাশে না দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন, তারাই মূলত ফ্যাসিস্টের দোসরদের সমন্ময়ে নিজেদের পক্ষে নির্বাচনী এলাকায় জনসমর্থন তৈরি করতে মরিয়া হয়ে উঠেছেন। ফলশ্রুতিতে এধরনের মিথ্যে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে অপপ্রচার করানো হচ্ছে।

বিষয়টি তারেক রহমানকে অবহিত করা হয়েছে দাবি করে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত ওই নেতা আরও বলেছেন, বিগত ওয়ান ইলেভেনের সময় কোন কোন নেতা ও সাবেক এমপির কারণে শারিরিক অমানুষিক নির্যাতনের পর অদ্যবর্ধি তারেক রহমানকে প্রবাসে থাকতে হচ্ছে তা তিনি (তারেক রহমান) ভুলে যাননি। যাদের কারণে ২০০১ সালের নির্বাচন পরবর্তী দক্ষিণাঞ্চলের বিভিন্ন আসনে সংখ্যালঘু নির্যাতন হয়েছিলো, যাদের কারণে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে সরেজমিনে আসতে হয়েছিলো তা জনগন ও দলের সিনিয়র নেতৃবৃন্দরা ভুলে যায়নি। মূলত সেইসব বির্তকিত ব্যক্তিদের দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অনেক আগেই প্রত্যাখান করেছেন। তারা এখন পালিয়ে যাওয়া হাসিনার দলের বিচ্ছিন্ন নেতাকর্মীদের পূনবার্সন করে জনসমর্থন দেখাতে মরিয়া হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে বরিশালের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীদের নামোল্লেখ করা হয়েছে। যাদের নামোল্লেখ রয়েছে তাদের মধ্যে দক্ষিণাঞ্চলের মর্যাদার আসন হিসেবে পরিচিত বিভাগীয় শহর বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তবে ওই আসনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী হিসেবে দলের দুঃসময় থেকে অদ্যবর্ধি মাঠে কাজ করে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এছাড়াও সম্ভ্রাব্য প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নাম এসেছে। তবে ওই আসনে কঠিন শক্ত অবস্থান করে নিয়েছেন বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিএনপির কঠিন দুর্দীনে হামলা ও একাধিক মামলায় কারাভোগ করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে থেকে তৃণমূলের নেতাকর্মীদের আগলে রাখা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। এছাড়াও সম্ভ্রাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলাম। যেকারণে একাধিকবার হামলা ও মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করতে হয়েছে। তারপরেও কখনও দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ছেড়ে যাইনি। তিনি আরও বলেন, দলের দুর্দীনে গৌরনদী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে নেতাকর্মীদের সংঘঠিত করে রেখেছি। আগৈলঝাড়া উপজেলার শতকরা প্রায় ৬০ পাসেন্ট ভোটার হিন্দু সম্প্রদায়। ২০০১ সালের নির্বাচনের পর এ আসনে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তারা আর সেই পুরনো রূপে ফিরে যেতে চাননা। তাই তারা (হিন্দু সম্প্রদায়) সমাবেশ করে আমাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাই দল আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি শতভাগ বিশ্বাস করছি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর নাম এসেছে ওই ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে। তবে এ আসনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় বিএনপি নেতা কর্নেল (অব.) আনোয়ার হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীনের নাম আসলেও এখান থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সত্তার খান ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনের প্রায় চূড়ান্ত প্রার্থী তালিকার ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের নাম এসেছে। তবে দীর্ঘদিন থেকে ওই আসনে বেশ শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দীন ফরহাদ। এছাড়াও ওই আসনে সম্ভ্রাব্য প্রার্থী হিসেবে রয়েছেন জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আবদুল খালেক হাওলাদার ও জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ।

ভুয়া প্রেসবিজ্ঞপ্তিতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে কোন প্রার্থীর নাম না থাকলেও ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপি নেতা এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম খান মাসুদ এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সোলায়মান সেরনিয়াবাত।

বরিশালের প্রায় প্রতিটি আসনের বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা জানিয়েছেন, বিগত ওয়ান ইলেভেন থেকে বিএনপির অনেক শীর্ষ নেতা ও সাবেক সাংসদগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার তথা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুরো দেশ এবং দলের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। পাশাপাশি অতীতে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন সহ্য করে যারা এলাকায় থেকে দলের হয়ে কাজ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের সঠিক মূল্যায়ন করা না হলে এবার ভোট পাওয়া কষ্টকর হবে।




৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এই ঘোষণা দেন বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে। দিনটিকে জাতীয় স্বীকৃতি দিয়ে এখন থেকে প্রতিবছরই এই তারিখে ছুটি পালিত হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফারুকী বলেন, “এই ঐতিহাসিক দিনটির মর্যাদা রক্ষায় ও জনগণের আত্মত্যাগকে স্মরণে রাখতে আমরা এটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছি।”

তিনি আরও জানান, আগামী ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। একই সঙ্গে ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে এবং ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি।

আগামী ২৩ জুন সাংবাদিকদের সামনে পুরো কর্মসূচির কাঠামো ও পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুকী।

৫ আগস্টকে ঘিরে এই সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই দিনে যারা গণতান্ত্রিক অধিকার আদায়ে জীবন দিয়েছেন বা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই সরকারের এই সিদ্ধান্ত। দেশের বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস

গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়েছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, জামিনে মুক্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে কৌশিক হোসেন তাপস কারাগার ত্যাগ করেন।

এর আগে, গত বছরের ৪ নভেম্বর রাত ৩টার দিকে উত্তরার তাপসের বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গত বছরের ১৮ জুলাই কোটা আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।




মেয়েকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অসহায় হেলাল

শৈশবে মা–বাবা হারানোর পর ভাই–বোনের নির্যাতনে ভিটেমাটি হারিয়েছেন মো. হেলাল। এরপর ঠাঁই হয় বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বালুরমাঠ বস্তিতে। সেখানেই শুরু করেন সংসার। কিন্তু ভাগ্য যেন কখনোই পাশে ছিল না তার।

কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হেলালের স্ত্রী বিউটি বেগম। দুই মেয়ের মধ্যে বড়টির বিয়ে হয়েছে, আর ছোট মেয়েকে নিয়ে এখন বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি।

৪৫ বছর বয়সী এই মানুষটি শরীরে শ্বাসকষ্ট, চর্মরোগ ও হাড়ের ব্যথা নিয়ে এখন কোনো ভারী কাজ করতে পারেন না। রোগের কারণে কোনো স্থায়ী কাজও জোটে না। তার সামান্য ভরসা—a ছোট্ট টিনের বক্স নিয়ে রাস্তার পাশে পান-বিক্রির ভাসমান দোকান।

গত ১৭ জুন, বর্ষার ভেতর কেডিসি সড়কে পান বিক্রি করতে দেখা যায় তাকে। গলায় ঝুলানো টিনের বাক্সে বৃষ্টিভেজা পান–সিগারেটের কিছু জিনিস। দীর্ঘদিন অসুস্থ থাকায় তার পণ্যও পচে যাচ্ছে, তাও বিক্রি হচ্ছে না ঠিকমতো।

হেলাল বলেন, “ভিক্ষা না করে ছোট ব্যবসা করে মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু দোকানে তেমন পুঁজি নেই। কেউ যদি একটু সাহায্য করতেন, তাহলে হয়তো একটু স্বস্তিতে বাঁচতে পারতাম।”

হেলালের অসহায় জীবন দেখে কেউ কেউ একবার এক হাজার টাকার পণ্য দিয়েছিলেন, কিন্তু এখন তা-ও নেই। তার মতো একজন লড়াকু মানুষ সমাজের সহানুভূতি ও সহযোগিতা পাওয়ার দাবি রাখেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগে বরিশালবাসী

বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলায় সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো বা মাঝারি মাত্রায় অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কমেছে তাপমাত্রা, তবে সঙ্গে বেড়েছে নগরবাসীর দুর্ভোগ।

গতকাল রাত থেকেই বরিশালের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কখনো হালকা, আবার কখনো ভারি বৃষ্টি নগরবাসীর স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটায়। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বরিশালে গত ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

এদিকে, সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বরিশাল নগরীতে কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।

বর্ষা মৌসুমের এমন আবহাওয়ায় ভোগান্তি থাকলেও অনেকেই স্বস্তি পাচ্ছেন গরম কমে আসায়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে একটি শক্তিশালী ও কার্যকর কনক্রিট অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হবে। তিনি বলেন, “সুন্দরবন আমাদের একটাই, সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।”

মঙ্গলবার (১৭ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (SEA) বিষয়ক গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুন্দরবনের ঝুঁকি চিহ্নিত হলে বন ও পরিবেশ অধিদফতর দ্রুত বিষয়টি সরকারে জানাবে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুন্দরবন সংরক্ষণে কার্যকর সমন্বয় কাঠামো গড়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিংয়ের দায়িত্ব পরিবেশ অধিদফতরকে প্রদান করা হয়েছে। জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান তৈরি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং সুন্দরবন সংরক্ষণে বটম-আপ পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. কামরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেছাকে

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর ফলে তিনি বর্তমানে মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বরিশাল জেলহাজত থেকে তাকে আদালতে হাজির করা হলে, নতুন তিন মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলাগুলোতেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “জেবুন্নেছা আফরোজ ইতোমধ্যে দুটি মামলায় গ্রেপ্তার ছিলেন। আজ আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, এসব মামলার মধ্যে একাধিক মামলায় হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। সবগুলো মামলাই এখন তদন্তাধীন রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন, পালালেন প্রবাসী যুবক

বরিশালের গৌরনদী উপজেলায় স্ত্রীর স্বীকৃতি দাবি করে এক যুবতী প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে। অভিযুক্ত যুবক জলিল হাওলাদার বর্তমানে সৌদি আরবপ্রবাসী এবং সম্প্রতি ছুটিতে দেশে এসে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, হাপানিয়া গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) ও একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে জলিল সৌদি আরব যাওয়ার পর, মোবাইল ফোনের মাধ্যমে বরিশালের উজিরপুরের বরাকোঠা এলাকার একটি কাজী অফিসে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করেন সাবিনা।

সাবিনার অভিযোগ, দেশে ফিরে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতারিত হয়েছেন বলে মনে করে জলিলের বাড়িতে গিয়ে সোমবার বিকেল থেকে অনশন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জলিল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয়পক্ষকে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জলিল হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে জলিলের বাবা রহিম হাওলাদার দাবি করেন, সাবিনার দেখানো কাবিননামাটি জাল এবং জলিল তাকে বিয়ে করেননি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ইসরায়েল-ইরান সংঘাতে গভীর উদ্বেগ চীনের

ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

মঙ্গলবার (১৭ জুন) কাজাখস্তানের রাজধানী আস্তানায় দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। তিনি জানান, চীন সব সময় অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে।

সি জিনপিং বলেন, “সামরিক সংঘাত কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। এটি কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে সব পক্ষকে দ্রুত সংঘাত প্রশমনের পথে আসা উচিত।”

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায় এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

উল্লেখ্য, ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে চীন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /