দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু

বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।

শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন, সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।




সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।’ ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।




বেগম খালেদা জিয়ার সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় জার্মান রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।




বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুন) সন্ধ্যায় দেহেরগতি ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসেন ।

ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মোঃ ইদ্রিস হাসান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের ইউনিয়নের সন্তান বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ   বাবর।

তিনি বলেন, এবার জনগণ চায় পরিবর্তন। দাঁড়িপাল্লা সেই পরিবর্তনের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জনগণ ইসলামী শক্তির পক্ষে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওঃ কাওছার হামেদী। বক্তব্য দেন, মাওলানা ইদ্রিস হাসান, মুহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন হাওলাদার প্রমূখ।




সাম্রাজ্যবাদের দালালি করার জন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা জীবন দেয়নি : বাসদ

চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানিকে ইজারা দেয়ার পরিকল্পনা বাতিল ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের গুটি বানাবার চক্রান্ত বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে বরিশাল নগরীর সদর রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

এ সময়ে বক্তারা বলেন, বাংলাদেশের আমদানি ও রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হয় এই বন্দর দিয়ে। দেশের মোট কনটেইনার পণ্য ওঠানামার ৫৫ শতাংশই হয় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে। ফলে শুধু চট্টগ্রাম বন্দরই নয়; দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এনসিটি।

বক্তরা আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলো তখন তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইজারা ও সুবিধা দিয়ে ভারতসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশকে খুশি রেখেছে। ঠিক একইপন্থায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দর চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তিদের সুবিধা দিতে চাচ্ছে।

দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের যে বিদেশী কোম্পানিকে নিউমুরিং বন্দর দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এই কোম্পানির সাথে আমেরিকান নেভির সরাসরি চুক্তি রয়েছে। এ কোম্পানি আন্তর্জাতিকভাবে যেসব দেশে বন্দর পরিচালনা করে সেখানে আমেরিকান নেভির জাহাজ ভিড়তে পারবে।

দক্ষিন এশিয়াতে আমেরিকান ঘাঁটি না থাকায় চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে ঘাঁটি বানিয়ে ওই এলাকায় আধিপত্য বিস্তার করার পরিকল্পনা উড়িয়ে দেয়া যায়না। আবার মানবিক করিডোরের নামে রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে সহায়তা করার যে আত্মঘাতী পরিকল্পনা সরকার করছে, সেই পরিকল্পনা মায়ানমারসহ এই অঞ্চলের সাম্রাজ্যবাদী শক্তিদের সাথে আমাদের স্থায়ী দ্বন্দ্বের জন্ম দেবে যা অপ্রয়োজনীয়।

এমনকি জাতিসংঘও বলেছে তারা এই করিডোরের কথা কখনো বলেনি। তবুও অন্তর্বর্তীকালীন সরকার অতিউৎসাহী হয়ে এধরনের আত্মঘাতী পরিকল্পনা করা সাম্রাজ্যবাদী প্রভুদের খুশি করার জন্য কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বক্তারা আরও বলেন, আমেরিকা যে দেশের বন্ধু হয় তাদের নতুন করে শত্রু প্রয়োজন হয় না। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন কিছু চুক্তির মাধ্যমে প্রবেশ করে পরবর্তীতে সেই দেশকে কাজে লাগিয়ে তাদের স্বার্থসিদ্ধি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ ছিলো জুলাই গণহত্যার বিচারের ব্যবস্থা করা ও দেশের অভ্যন্তরীণ আইন পরিস্থিতি ঠিক করে দ্রুত নির্বাচন দেওয়া। তারা সেটা না করে তাড়াহুড়ো করে আমেরিকাকে সুবিধা দিতে বিভিন্ন চুক্তি করতে ব্যস্ত। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, বন্দর ইজারা দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। নিউমুরিং বন্দর ইজারা দেওয়া, মানবিক করিডোর দেয়ার পরিকল্পনার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন বাম, প্রগতিশীল ও দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে রোড মার্চ সফল করার জন্যও বক্তারা আহবান করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম,  শহিদুল শেখ, সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।




নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামীকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা। এর ঘণ্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাবিব সরদার (৫৮)।

পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম  আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও এনামুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।

সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করেন। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন এসে খবর দেয় বাবা স্ট্রোক করেছেন। সকালে খবর আসে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।




উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও, সন্তোষজনক না হলেই বিল বন্ধ

চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

নলচিড়া ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প গত ১৯ জুন দিনভর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রিফাত আরা মৌরি যোগদানের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ নিজে পরিদর্শন করে বিল প্রদান করেন। উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।




ইন্দুরকানীতে ব্রিজ ভঙে পড়েছে কয়লা বোঝাই ট্রাক, বন্ধ যান চলাচল

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এ দূর্ঘটনার ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল।বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানির মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে, আর যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জাদুঘর সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নে জন্ম নেয়া বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের জন্মস্থান ও পৈত্রিক ভিটা সংস্কার ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি পাঠাগার সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার স্মরণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ২০০৮ সালে যে জাদুঘরটি করা হয়েছিল সেটা বরিশাল জেলা পরিষদ থেকে সংস্কৃতি মন্ত্রনালয়ে এনে পুনরায় চালুর দাবীতে স্মারকলিপি দিলাম সংস্কৃতি মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর হাতে স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আব্দুল্লাহ।  বৃহস্পতিবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীর কার্যালয় তার হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় আসাদুজ্জামান ফুয়াদ- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পিতৃভূমি সম্মুখভাবে ক্রমাগত নদী ভাঙন অব্যাহত থাকায় কনক্রীটের ব্লক ফেলে শাসন করে ভাঙন প্রতিরোধের জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন।

এ সময় উপদেষ্টা উপদেষ্টা অন্যান্য প্রাসঙ্গিক মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে কাজটি এগিয়ে নেবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি প্রদান কালে  উপস্থিত ছিলেন বরিশাল সোসাইটির আহবায়ক আমানুল্লাহ খান নোমান, শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু, সুপ্রীম কোর্টের আইনজীবী অ‍্যাড. মোসাদ্দেক বিল্লাহ, অ‍্যাড. ফয়জুল্লাহ ফায়েজ, এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর সদস‍্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী এবং যুগ্ম আহবায়ক সুজন তালুকদার।




তেরো বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেলচালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক মোটরসাইকেলচালকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার সোমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার (১৮ জুন) ভুক্তভোগী ছাত্রীর মামা গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ওই শিক্ষার্থীর জন্মের পরপরই তার বাবা নিরুদ্দেশ হন। এরপর থেকে মেয়েটি মামাবাড়িতে বসবাস করছে। বাবা না থাকায় সে সমাজে অসহায় অবস্থানে ছিল। এই সুযোগে একই এলাকার অভিযুক্ত বাহাদুর হাওলাদার দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নানা প্রলোভন দেখাতে থাকেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্বজন ও ভুক্তভোগীর দাবি, বিয়ের মিথ্যা আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় বাহাদুর। সর্বশেষ, সোমবার রাতে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা বাহাদুর তাকে জোর করে পাশের সোমবাড়িয়া বাজার একটি টেইলারিং দোকানের পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই দোকানটি বাহাদুরের বড় ভাই বাদশার বলে জানা গেছে। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ভুক্তভোগীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। পাশাপাশি, শিক্ষার্থীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।