সৃষ্টিকর্তা নিয়ে আপত্তিকর মন্তব্য: গৌরনদীতে যুবক আটক

সৃষ্টিকর্তা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বরিশালের গৌরনদী উপজেলায় সৈকত বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) সকালে গৌরনদী উপজেলা গেট এলাকায়। আটক সৈকত বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দোয়ারিয়া গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে। তিনি গৌরনদী উপজেলা গেটের একটি স্থানীয় ভাতের হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনদিন আগে সৈকত বিশ্বাস সৃষ্টিকর্তা নিয়ে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা তাকে আটক করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, অভিযুক্ত যুবককে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /







