বরগুনায় “জুলাইয়ের মায়েরা” অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাবেশ আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। সমাবেশের নাম ছিল– “জুলাইয়ের মায়েরা”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত রানা

  • বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ

  • সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান

  • সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন

  • জুলাই যোদ্ধা রনি‘র মা

  • জুলাই যোদ্ধা আইরিন আকতার, হান্নান

  • ছাত্র প্রতিনিধি ইমাম হোসেন, রেজাউল করিম প্রমুখ

সমাবেশে বক্তারা বলেন,

“জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তারা আমাদের গর্ব। যারা গুলি চালিয়ে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংসতা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আহত ও নিহত যোদ্ধাদের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন, প্রতিবাদী এবং প্রত্যয়বদ্ধ— একটি নতুন ভোরের প্রত্যাশায়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের মাঝিবাড়ি পয়েন্টে  শুক্রবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। স্থানীয় জেলেরা জানান, সমুদ্র ছিল কিছুটা উত্তাল, আর সেই জোয়ারেই ডলফিনটি ভেসে এসে আটকে পড়ে সৈকতে।

প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, কিছু অংশ পচে গেছে, আর লেজ ও পিঠে দেখা গেছে স্পষ্ট আঘাতের চিহ্ন। স্থানীয়দের ধারণা, ডলফিনটির মৃত্যু হয়েছে তিন থেকে চার দিন আগে।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় মৃত ডলফিনটি সৈকত থেকে সরিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ‘ইকোফিশ-২’ প্রকল্পের স্থানীয় গবেষক মো. বখতিয়ার উদ্দিন বলেন, “আমরা ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে দীর্ঘদিন ধরে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার কোনো প্রমাণ মেলেনি। আমাদের ধারণা, গভীর সমুদ্রে ট্রলিং নৌকার অসাবধানতা, জাল আটকে যাওয়া কিংবা সমুদ্রের দূষণ—বিশেষ করে প্লাস্টিক বর্জ্য বৃদ্ধি—এর পেছনে দায়ী।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডলফিন রক্ষায় সচেতনতামূলক কাজ করছি। কিছুদিন ডলফিন মৃত্যুর হার কমলেও সম্প্রতি নিয়মিতভাবে মৃত ডলফিন সৈকতে ভেসে আসছে। আমরা চাই, সরকার ও গবেষণা প্রতিষ্ঠানগুলো এই মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধান করুক এবং কার্যকর ব্যবস্থা নিক।”

প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে বঙ্গোপসাগরের প্রাণবৈচিত্র্য। সামুদ্রিক প্রাণীগুলোর নিরাপত্তা এবং তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে এমন দুঃসংবাদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভারতে নাচের ভিডিও করতে গিয়ে আটক হলেন নোয়েল

বাংলাদেশের রাস্তায় নেচে ভাইরাল হওয়া জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারতে গিয়ে পুলিশের জালে পড়েছেন। সম্প্রতি ব্যাঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করার সময় অতিরিক্ত ভিড় জমে গেলে পুলিশ তাকে আটক করে। একই দিনে আরেক জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারুকেও একই কারণে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩০ জুলাই ব্যাঙ্গালুরুতে পারফর্ম করার সময় নোয়েল এবং ইউনেস জনসমাগমের মাধ্যমে জনস্বার্থে বিঘ্ন ঘটান বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ কিছু সময়ের জন্য তাদের হেফাজতে নেয়। ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার রয়েছে নোয়েলের, আর ইউনেসের অনুসারী ২ কোটিরও বেশি

নোয়েল মূলত রাস্তায় আকস্মিক পারফরম্যান্স ও চমকপ্রদ নৃত্যদক্ষতার জন্য পরিচিত। তিনি তাঁর স্ট্রিট ডান্স এবং ‘অ্যাফ্রো হেয়ার’ দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। তবে এদিন তার পারফরম্যান্স এতটাই জনাকর্ষণ সৃষ্টি করে যে পুলিশ বাধ্য হয়ে হস্তক্ষেপ করে।

পরবর্তীতে ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় নোয়েল বলেন, “মাত্র ১৫ মিনিট আটক ছিলাম। ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা দিয়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের জন্য ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!”

এর আগেও মুম্বাইয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে রাস্তায় নাচ করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। ভারত সফরের আগে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং ঢাকার সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, গুলশানসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন ও নাচ করেছেন।

ঢাকায় তার নৃত্যে অংশ নেন জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ, এবং সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও তাকে আড্ডা দিতে দেখা যায়। নোয়েলের বাংলাদেশ সফরের ভিডিওগুলো সেসময় ভাইরাল হয় ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

এদিকে ব্যাঙ্গালুরুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পরকীয়ার সন্দেহ, প্রভাষক স্ত্রীকে গলা কেটে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ

পটুয়াখালীর বাউফলে নির্মম এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। নিজের চার বছরের সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বাউফল থানায় হাজির হন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় খুনের দায় স্বীকার করেন।

নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা ও মৃত রুস্তুম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসায় বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত স্বামী সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

সূত্র জানায়, চাকরির সুবাদে সালমা আক্তার বাউফলের চন্দ্রপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন স্বামী ও সন্তানসহ। তবে দীর্ঘদিন ধরেই তাদের সংসারে কলহ চলছিল। সম্প্রতি সেই দাম্পত্য দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। বুধবার (৩০ জুলাই) বিকেলে সেই দ্বন্দ্বেরই করুণ পরিণতি ঘটে। পারিবারিক কলহের জেরে সরোয়ার হোসেন ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কুপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার।

হত্যার পর দ্রুত বাড়ির দরজা-জানালা বন্ধ করে সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যান সরোয়ার। দীর্ঘ সময় লুকিয়ে থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে তিনি নিজেই থানায় এসে উপস্থিত হন। সঙ্গে থাকা সন্তান সারফারাজকে পুলিশের জিম্মায় দেন এবং নিজেই খুনের ঘটনা খুলে বলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামীর স্বীকারোক্তির ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করি এবং ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা জব্দ করি। শিশুটিকেও আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার হোসেন জানিয়েছেন, স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন—এই সন্দেহেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনা স্থানীয় এলাকাজুড়ে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষককে এভাবে নির্মমভাবে হত্যার বিষয়টি ঘিরে সাধারণ মানুষ, সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক এবং ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, পরকীয়ার সন্দেহ কিংবা দাম্পত্য কলহ কি এমন নির্মম হত্যাকাণ্ডের কারণ হতে পারে?

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মাদরাসার মাঠে ধানের বীজতলা, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদরাসার মাঠ দখল করে ধানের বীজতলা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হরিণখোলা সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদরাসার মাঠটি এতদিন শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। কিন্তু চলতি বছরের জুন মাসে মাদরাসা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই পুরো মাঠে খুঁটি পুঁতে আমন ধানের বীজতলা তৈরি করেন ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা। এতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে।

“রক্ষকই এখন ভক্ষক” — অভিভাবকদের ক্ষোভ

শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, “আমরা এখন খেলাধুলা করতে পারছি না। পুরো মাঠ দখল করে ফেলেছেন। শুনেছি, সভাপতি জসিম মোল্লা নিজেই এই কাজ করেছেন।”
অভিভাবক হানিফ মোল্লাহাবিব খলিফা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে ইউপি সদস্য নিজস্ব ক্ষমতা ব্যবহার করে যা করেছেন, তা অগ্রহণযোগ্য। যিনি রক্ষক, তিনিই এখন ভক্ষকে পরিণত হয়েছেন।”

মাদরাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, সভাপতির প্রভাবের কারণে তারা প্রতিবাদ করেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি। তারা জানান, নিয়মিত অনলাইন ক্লাসসহ শরীরচর্চা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন জানান, “সভাপতি জসিম উদ্দিন মোল্লা আমাকে কিছু না জানিয়েই মাঠে ধানের বীজতলা তৈরি করেছেন। আমি প্রতিবাদ করতে সাহস পাইনি, কারণ তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি।”

অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন মোল্লা বলেন, “আমার এলাকার চাষি আল-আমিন বিপদে ছিল, তাই তাকে বীজতলা করার অনুমতি দিয়েছি।”

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “বিষয়টি আমার জানা আছে। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আমতলীতে বাস খাদে পড়ে আহত ১৫, তিনজন বরিশালে রেফার

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় বাস খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শরীফবাড়ি স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী জেএইচ ক্লাসিক পরিবহনের একটি বাস শরীফবাড়ি স্ট্যান্ডে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

আহত যাত্রীদের মধ্যে রয়েছেন অপরাজিতা (খুলনা), সুলতানা পারভীন (কুমিল্লা), নাহিদা সুলতানা (জয়পুরহাট), নুসরাত জাহান (খুলনা), রনজিৎ ও দুলাল চন্দ্র। স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অপরাজিতা, রনজিৎ ও সুলতানা পারভীনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়।

আহত সুলতানা পারভীন বলেন, ‘কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে বাসটি খাদে পড়ে গেলে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। অনেকে আহত হন।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, ‘প্রাথমিক চিকিৎসা দিয়ে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে বরিশালে পাঠানো হয়েছে।’

আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার খবর পেয়েছি। আহতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সহায়তা চাইল বাংলাদেশ

বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৭ জুলাই ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সহ-সভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এ লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, মালয়েশিয়া বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ২০২০ সালেই আসিয়ান খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে। বর্তমানে সেই প্রক্রিয়া এগিয়ে নিতে মালয়েশিয়ার সমর্থন অত্যন্ত জরুরি।

সাক্ষাৎকালে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সম্প্রতি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের জন্য এক হৃদয়বিদারক ঘটনা, আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি।”

প্রধান উপদেষ্টা তাকে রাজনৈতিক দলের সহ-সভাপতি পদে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান এবং বলেন, “আপনাকে অভিনন্দন জানাই, আপনার রাজনৈতিক অবস্থান নারী নেতৃত্বের জন্য অনুপ্রেরণা।”

এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এখন একটি রূপান্তরের মধ্যে রয়েছি। তরুণদের নেতৃত্বে একটি গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং জনগণের অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিদ্রোহের চেতনায় উজ্জীবিত ছাত্রসমাজ দেশের দেয়াল ও পথঘাট রাঙিয়ে দিয়েছে। এই চেতনা গণজাগরণে রূপ নিয়েছে।”

বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এশিয়ার অনেক দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও, বাংলাদেশ এখনো তরুণ জনগোষ্ঠীতে পরিপূর্ণ। আমাদের অর্ধেক মানুষই ২৭ বছরের নিচে। আপনারা বাংলাদেশে শিল্প স্থাপন করুন, এখান থেকে পণ্য রপ্তানি করুন— এতে উভয় দেশেরই লাভ হবে।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




দ্বিতীয় পদ্মা সেতু সময়ের দাবি: মির্জা ফখরুল

দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে দীর্ঘদিন ধরেই দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানিয়ে আসছে বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৭ জুলাই ২০২৫) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত “পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জনগণের চাহিদা, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ ব্যবস্থার দুরবস্থা এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনে দ্বিতীয় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প সময়ের দাবিতে পরিণত হয়েছে। শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, তার জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের সক্রিয় অংশগ্রহণ।”

তিনি উল্লেখ করেন, বিএনপি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও যোগাযোগে বৈষম্য দূর করার লক্ষ্যে পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা প্রস্তাব বাস্তবধর্মী রূপরেখা হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “বর্তমানে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন সময় পার করছি। জাতীয় ঐক্য গড়ে উঠেছে এবং সঠিক নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ঐক্যকে দেশের উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।”

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। কারণ দক্ষিণাঞ্চলের বহু এলাকা এখন বাস চলাচলের জন্য উপযোগিতা হারিয়েছে, যা নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

শেষে তিনি বলেন, ইতিহাস সাক্ষী, জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অবশ্যম্ভাবী। একাত্তরের মতো ২০২৪ সালেও সেই ঐক্যের ফলেই বড় পরিবর্তনের সূচনা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মুনাফায় ধস, ইতিহাসের সবচেয়ে বড় সংকটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম বড় বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) এবার ইতিহাসের সবচেয়ে বড় মুনাফা সংকটে পড়েছে। ঢাকা মহানগরের কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে কোম্পানিটির ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা প্রায় পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাওয়া তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিএটিবিসি’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ১ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে এই অংক ছিল ৯ টাকা ৪৮ পয়সা। ১৯৭৭ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এটি কোনো একক প্রান্তিকে সবচেয়ে কম মুনাফা।

মুনাফার এই ধস অর্ধবার্ষিক হিসাবেও স্পষ্ট। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা, যেখানে গত বছরের প্রথমার্ধে তা ছিল ১৭ টাকা ১৪ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার মহাখালীর কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং সামগ্রিকভাবে বাজারে বিক্রি কমে যাওয়াই মুনাফায় এই নেতিবাচক প্রভাব ফেলেছে।

গত ১ জুলাই থেকে মহাখালীর ডিওএইচএস এলাকায় বিএটিবিসির তামাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে কোম্পানির রেজিস্টার্ড অফিস স্থানান্তর করে নেওয়া হয় আশুলিয়ার দেওড়া এলাকায়। এই কারখানায় বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন ডানহিল, কেন্ট, পলমল, বেনসন, রথম্যান্স, কুল প্রভৃতি তামাকজাত পণ্য প্রস্তুত করা হতো। কোম্পানিটি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তামাক উৎপাদনকারী হিসেবে পরিচিত।

এদিকে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) দাবি জানিয়েছিল, আবাসিক এলাকায় তামাক কারখানা পরিচালনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। বিশেষ করে শিশুস্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব এবং ডিওএইচএস এলাকায় যানজট, শব্দদূষণ ও বায়ুদূষণ বাড়ানোর মতো প্রভাব তুলে ধরেছিল সংগঠনটি। দাবি ছিল, কীভাবে এই কারখানা পরিবেশ ছাড়পত্র পেয়েছে তা তদন্তের প্রয়োজন রয়েছে।

পবা আরও অভিযোগ করে, তামাক কোম্পানিগুলোর প্রভাবে ২০২৩ সালে তামাক শিল্পকে ‘লাল শ্রেণি’ থেকে ‘কমলা শ্রেণিতে’ নামিয়ে আনা হয় এবং তামাক চাষে শুল্কও শূন্যে নামিয়ে আনা হয়, যা দেশের পরিবেশবিষয়ক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

বিশ্বের বিভিন্ন দেশে আবাসিক এলাকার ভেতরে থাকা তামাক কারখানা ধ্বংস করে সেখানে গড়ে তোলা হয়েছে পাবলিক পার্ক ও সাংস্কৃতিক কেন্দ্র। ব্যাংককের বেঞ্জাকিট্টি ফরেস্ট পার্ক, এথেন্স ও কুর্দিস্তানের প্রাক্তন তামাক কারখানা এখন রূপান্তরিত হয়েছে জনকল্যাণমূলক স্থানে। অথচ বাংলাদেশে এখনো শহরের প্রাণকেন্দ্রে এমন ক্ষতিকর শিল্প প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে, যা দেশের জন্য উদ্বেগজনক।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত কারণে মারা যায়। প্রায় ১৫ লক্ষাধিক মানুষ আক্রান্ত হন ফুসফুস ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ ও অ্যাজমার মতো দীর্ঘমেয়াদি অসুখে। ঢাকার প্রাথমিক বিদ্যালয়ে পড়া ৯২% শিশুর মুখের লালায় উচ্চমাত্রার নিকোটিন পাওয়া যাওয়ার মতো তথ্যও প্রকাশিত হয়েছে।

তামাক উৎপাদন পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। প্রতি একর জমিতে তামাক শুকাতে লাগে প্রায় ৫ টন কাঠ, যা দেশের বনভূমির ৩০ শতাংশ ধ্বংসে ভূমিকা রাখছে। ২০২৪ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, সিগারেটের অবশিষ্টাংশ থেকেই দেশে ৪,১৩৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ১৫.৫২%।

সব মিলিয়ে মুনাফার ধস, সামাজিক চাপ এবং পরিবেশগত উদ্বেগ—সব দিক থেকেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এখন কঠিন চাপে রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সামনে বড় নীতিগত ও বাজারিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল হায়দার

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ জানতে অপেক্ষার প্রহর আর বেশি নয়। চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটা দেশের মানুষের জন্য সবচেয়ে আনন্দের খবর।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, নৈরাজ্যের অবসান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই এখন একমাত্র পথ। নির্বাচন হলে মানুষ স্বস্তি পাবে এবং দেশের সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

এর আগে, বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজকের বৈঠকে আরও ১৪টি দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক শেষে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন দল নির্বাচনমুখী মনোভাব দেখানোয় রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫