দাঁত ও মাড়ি সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৩টি খাবার

উজ্জ্বল হাসি কেবল আত্মবিশ্বাস বাড়ায় না, এটি সামগ্রিক সুস্থতারও প্রতীক। তবে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস দাঁতের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার দাঁত ও মাড়ির মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভারতের অর্থোডন্টিস্ট ডা. জৈনীল পারেখ জানিয়েছেন, দাঁতের যত্নে কিছু নির্দিষ্ট জিনিস এড়িয়ে চলা খুবই জরুরি।
তিনি বলেন, অতিরিক্ত চিনি খেলে মুখে থাকা ব্যাকটেরিয়া তা অ্যাসিডে রূপান্তর করে, যা দাঁতের এনামেল নষ্ট করে। এতে দাঁতের ক্ষয়, ক্যাভিটি ও ব্যথার সমস্যা দেখা দেয়।
যে খাবারগুলো এড়িয়ে চলা জরুরি:
১. চিনিযুক্ত খাবার:
চকলেট, মিষ্টি, ক্যান্ডি, কোক বা চিনিযুক্ত পানীয় বেশি খেলে দাঁতের ক্ষয় দ্রুত হয়। চিনি ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে দাঁতের এনামেল ভেঙে দেয়।
২. কোমল পানীয় ও জুস:
সোডা, ফিজি ড্রিংকস, সাইট্রাস জুসে থাকা অ্যাসিড দাঁতের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। দাঁত সংবেদনশীল হয়ে পড়ে, হলুদ দাগ পড়ে এবং গহ্বর সৃষ্টি হয়।
৩. স্টার্চযুক্ত খাবার:
আলুর চিপস, সাদা পাউরুটি ও প্রেটজেলের মতো স্টার্চজাতীয় খাবার মুখে গিয়ে চিনিতে রূপ নেয়। এতে দাঁতে প্লাক তৈরি হয় যা দাঁতের ক্ষয় বাড়ায়।
করণীয়:
- দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন।
- ফ্লস ব্যবহার করুন।
- চিনি ও কোমল পানীয় কমিয়ে আনুন।
- ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে বিরত থাকুন।
- প্রতি ছয় মাসে একবার দাঁতের ডাক্তারের কাছে যান।
দাঁতের যেকোনো সমস্যা যেমন ব্যথা, মাড়ি থেকে রক্তপাত বা ফোলা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। মনে রাখবেন, নিয়মিত যত্ন ও সচেতনতাই দাঁতের সুস্থতা নিশ্চিত করে এবং আপনাকে দেয় ঝকঝকে সুন্দর হাসি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫










