এমপি নয়, সেবক হিসেবে গণমানুষের পাশে আবু নাসের রহমতুল্লাহ

তারিকুল ইসলাম তুহিন,বরিশাল :: বরিশালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বরিশাল-৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হতে চান। তবে তিনি নিজেকে এমপি নয়, সেবক হিসেবে গণমানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে গত দেড় দশক ধরে কঠিন রাজনৈতিক পরিবেশে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন আবু নাসের। গত ৫ আগস্টের পর আবার সক্রিয় হয়ে সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন। দলের প্রতি আনুগত্য ও নেতাকর্মীদের পাশে থাকার কারণে বরিশাল-৫ এর সাধারণ মানুষ তাকে ‘প্রিয় নেতা’ হিসেবে গণ্য করছে।
আবু নাসের রহমতুল্লাহ জানান, নদীভাঙন সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। যদিও ভাঙন রোধে সরাসরি সমাধান দিতে না পারলেও সরকারের দৃষ্টি আকর্ষণে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছেন, এবং যেকোনো বিপদে মানুষের পাশে থাকছেন।
তিনি বলেন, “রাজনীতির মাধ্যমে জনসাধারণের সঙ্গে সম্পৃক্ততা গড়ে ওঠে এবং এলাকার সমস্যাগুলো সম্পর্কে জানা যায়। তাই নির্বাচিত জনপ্রতিনিধির প্রয়োজন।” এমপির প্রার্থী হওয়ার ব্যাপারে এলাকাবাসী তাকে উৎসাহিত করছে, তবে নির্বাচনের আগেই মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন।
বরিশাল-৫ আসনের বর্তমান অবকাঠামোতে উন্নয়নের তেমন ছোঁয়া না পাওয়া নিয়ে তিনি অভিযোগ করেছেন। “কাদা সড়ক, নৌকা চলাচল আর বাঁশের সাঁকো—এসবের মধ্য দিয়েই ইউনিয়নবাসী চলাফেরা করছে। অথচ আওয়ামী লীগের সরকার উন্নয়ন নিয়ে প্রচারণা চালিয়ে এসেছে, কিন্তু বাস্তবে উন্নয়ন হয়েছে না,” বলেন আবু নাসের।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আবু নাসের রহমতুল্লাহ ১৯৯২ সালে জাতীয় যুব কমান্ড প্রতিষ্ঠা করেন এবং এর পর বিভিন্ন সময় দমন-পীড়ন, হামলা-মামলা ও কারাবরণসহ রাজনৈতিক সংগ্রামে অংশ নিয়েছেন। ২০১১ সালে বিএনপিতে যোগদানের পর থেকে তিনি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন।
বর্তমানে বরিশাল-৫ আসনের সর্বস্তরের জনগণের জন্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন আবু নাসের। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি ও মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








