সেপ্টেম্বরে ২৭ দিনে দেশে রেমিট্যান্স সাড়ে ২৮ হাজার কোটি টাকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সময়ে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যার টাকার অঙ্ক দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য জানান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার, আর এবার এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ ২৪ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী,

  • রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার
  • বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ৬১ লাখ ডলার
  • বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২৩ কোটি ২০ লাখ ডলার

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার (২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)। সেপ্টেম্বরের এই আয় প্রমাণ করে যে প্রবাসীরা নিয়মিতভাবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইসলামি বইমেলা শিশু কিশোরদের কলরবে মুখর

চন্দ্রদ্বীপ নিউজ:   আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১৫তম দিন আজ। সকাল ১১টা থেকে পাঠকের আনাগোনা ছিল বেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টলগুলোতে ছিল বইপ্রেমীদের ভিড়। শিশুদের প্লে জোন মুখর হতে শুরু করে শিশু-কিশোরদের পদচারণায়। শিশুদের কেউবা বাবা-মায়ের হাত ধরে, কেউবা বন্ধুদের সঙ্গে আবার কেউবা শিক্ষকদের সঙ্গে এসেছে মেলায়।

এবারের মেলায় শিশুদের জন্য রয়েছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের বই, সিরিজ, ফ্ল্যাশকার্ড ও বিজ্ঞান বাক্স—এসবের সঙ্গে রয়েছে আনন্দমুখর কিডস প্লে জোন। ফলে বই কেনা ও দেখার পাশাপাশি শিশুরা পাচ্ছে খেলাধুলার পরিবেশও।

মেলা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি প্রকাশনী শিশুদের জন্য নিয়ে এসেছে নানা বিষয়ে বই। শুধু শিশুদের বই নিয়ে স্টল দিয়েছেন, এমন প্রকাশনীর সংখ্যাও চোখে পড়ার মতো। এসব স্টলে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব। তাদের জন্য রয়েছে কোরআন-হাদিসের গল্প, ইসলাম শেখা ও জানা, মাসয়ালা, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরনের বই।

প্রায় প্রতিটি বইয়ের প্রচ্ছদ চমকপ্রদ ও নজরকাড়া। শিশুদের মননের সঙ্গে মিল রেখে এসব প্রচ্ছদ করা হয়েছে। বইয়ের ভেতরেও আছে নানা ধরনের অলঙ্করণ, গ্রাফিক ইত্যাদি।

স্টল ঘুরে ঘুরে দেখা গেছে, শিশু-কিশোরদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে এসেছে বেশ কয়েকটি প্রকাশনী। এর মধ্যে ফিউচার উম্মাহ বিডি, বিজ্ঞান বাক্স, লিটল উম্মাহ, টুন টুন, আতফাল প্রকাশনী, শিশু কানন, গার্ডিয়ান পাবলিকেশনস, সিয়ান, সমর্পণ, সন্দীপন, রাহনুমা প্রকাশনী, সুকুন পাবলিশিং, নাশাত পাবলিকেশন ইত্যাদি উল্লেখযোগ্য।

ঢাকার এক মাদরাসাশিক্ষক সন্তানদের নিয়ে এসেছেন বইমেলায়। জানতে চাইলে তিনি বলেন, শিশুদের জন্য সুন্দর আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। এখানে এলে শিশুরা আনন্দ খুঁজে পায়, বই পড়ার প্রতিও আগ্রহ বাড়ে। তাই তাদের নিয়ে এসেছি। আনন্দ করার পাশাপাশি ওরা বইও কিনেছে।

 




থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিতে ৩১ জন নিহত, আহত অর্ধশতাধিক

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

এই তথ্য শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাজ্যের কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামিপুরম এলাকায়, যেখানে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ প্রচারণা সভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সমাবেশে অংশ নিতে সমর্থকরা ছয় ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন।

সন্ধ্যা ৭.৪৫ টার দিকে, বিজয়কে এক ঝলক দেখার জন্য জনতার একটি বিশাল অংশ মঞ্চের ব্যারিকেডের দিকে ছুটে আসে। এতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয় এবং অনেকজন অজ্ঞান হয়ে পড়ে। জনতার চাপের কারণে অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়।

পদদলিত হওয়া মানুষদের সহায়তার জন্য থালাপতি বিজয় তাঁর বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পুলিশের কাছে সহায়তা চেয়ে আবেদন জানান। কর্তৃপক্ষ জানাচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রোববার কারুর সফর করার ঘোষণা দিয়েছেন। এছাড়া হতাহত পরিবারকে ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের বিষয় বিবেচনা করছে সরকার।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে রাজনৈতিক তর্কে প্রতিপক্ষের হামলায় কৃষক দল নেতা নিহত

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিপক্ষের মারধরে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল লতিফ (৫৫) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এই ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ ছিলেন সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আছরের নামাজ শেষে আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তর্ক হয়। একপর্যায় দেলোয়ার ঘরামী আব্দুল লতিফকে কানে চড় দেন। এতে তিনি নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিনসহ ৭-৮ জন মারধর চালিয়ে আব্দুল লতিফকে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার বলেন, রাজনৈতিক তর্কের জের ধরে এই মারধরের ঘটনা ঘটেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে শারদীয় দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগরীর মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে রংতুলি ও সাজসজ্জার কাজ। বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরিতে ব্যয় কিছুটা বেড়েছে, তবে উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাড়া-মহল্লায় প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত প্রতিমাশিল্পীরা। মাটির কাজ শেষে প্রতিমায় প্রলেপ দেওয়া হচ্ছে, আবার কেউ নিপুণ হাতে রংতুলিতে সাজিয়ে তুলেছেন বিভিন্ন নকশা। প্রতিটি মণ্ডপের জন্য তৈরি হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচাসহ নানা প্রতিমা।

বরিশালের নতুন বাজার শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপেও চলছে বিশেষ প্রস্তুতি। মণ্ডপ চত্বরের পুকুরজুড়ে সাজসজ্জা, ভেতরে ও বাইরে আলোকসজ্জার কাজ শেষ পর্যায়ে। মৃৎশিল্পী অখিল দে জানান, প্রতিমা তৈরির মূল কাজ শেষ, এখন চলছে শেষ মুহূর্তের রংতুলি। শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন সাহা কানু জানান, এবারের আয়োজন গত বছরের তুলনায় আরও জমকালো হচ্ছে।

বরিশাল মহানগরীতে চারটি থানায় ৪৭টি পূজা মণ্ডপ এবং জেলায় ৬৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগরীতে ২টি এবং জেলায় ৩৮টি মণ্ডপ নতুনভাবে সংযোজিত হয়েছে। পূজা কমিটি জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে বলেন, পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আমাদের পক্ষ থেকেও ৫টি পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে।

দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেছেন বরিশাল পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি খারাপের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের খেয়াঘাট-ইটখোলা সড়ক মরণফাঁদ, শিক্ষার্থী ও পথচারীর জীবনের ঝুঁকি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খেয়াঘাট-ইটখোলা সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের এক কিলোমিটারের মধ্যে একটি বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সড়ক সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার শঙ্কা দেখা দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, খেয়াঘাট থেকে ইটখোলা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বর্ষার সময় সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সড়কের ভাঙা অংশগুলো এতটাই বড় যে বর্তমানে কোনো যানবাহন সড়কটি দিয়ে চলাচল করতে পারছে না। এছাড়া স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্কদের জন্য এ সড়ক চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কবাই ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক বাদল তালুকদার বলেন, “ইউনিয়নের ডিসি রোড খেয়াঘাট থেকে ইটখোলা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করা প্রয়োজন। হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্তমান অবস্থায় রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী।”

বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, “এলাকার কেউ এ বিষয়ে অবহিত করেননি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত সড়কের গর্ত মেরামত ও রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, ৫ জন আহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের সময় হামলার শিকার হয়েছেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল। এ ঘটনায় তিনি এবং তার সঙ্গে থাকা চার থেকে পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা তার ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর চালিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সদরের পশ্চিম বাজারে কেন্দ্রীয় মন্দিরের সামনে এই হামলা সংঘটিত হয়। পরে বিকেলে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল ঘটনার বর্ণনা দেন।

আহতরা হলেন মো. জামিল, মো. পার্থিব, মো. রানা, আবির মৃধা, মো. রাকিব ও মো. রাশেদ।

ইব্রাহিম খলিল জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন।

হামলাকারীরা, বোরহানউদ্দিন পৌর বিএনপির সাবেক সহসভাপতি সাইদুর রহমান লিটন ও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাচ্চুর নেতৃত্বে, ৩০-৩৫ জনের একটি গ্রুপ। তারা প্রথমে গাড়িতে ডিম নিক্ষেপ ও গালমন্দ করেন। পরে পুলিশ আসার পরও গাড়ির পিছনের কাঁচ ভাঙচুর করে এবং ইব্রাহিম খলিলকে গাড়ি থেকে টেনে বের করেন। ঘটনাস্থলে তার সঙ্গে থাকা ছোট ভাই ও ভাগ্নেসহ ৪-৫ জন বাধা দিলে তাদেরও মারধর করা হয়। আহতরা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। তবে পুলিশের সামনে কোনো হামলার ঘটনা ঘটেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বোরহানউদ্দিন পৌর বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন বলেন, তার এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি বাসা থেকে বের হয়ে দেখেন একটি গাড়ি ডিম মারা অবস্থায় রয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় মাসব্যাপী শরৎ উৎসব শুরু, পুঁথিপাঠ ও ফানুসে মুখরিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুরঞ্জনা ইকো টুরিজম অ্যান্ড রিসোর্টে চতুর্থবারের মত অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ উৎসবে রয়েছে পুঁথিপাঠ, শরতের গান, নাচ, কবিতা আবৃত্তি, ইলিশ উৎসব, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ আরও নানা বর্ণিল আয়োজন। জেলার পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, “সুন্দরবন ও কুয়াকাটা, দক্ষিণে বঙ্গোপসাগরের তটরেখা এবং অসংখ্য ছোট ছোট দ্বীপবন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। এ সৌন্দর্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাসব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।”

উৎসবের আগে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়, যা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পর্যটন উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক একটি ভিডিওচিত্রও উপস্থাপন করেন।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের বটমূলে হস্তশিল্প ও পর্যটন শিল্পের বিভিন্ন প্রদর্শনী হয়, যা স্থানীয় ট্যুর অপারেটর সংগঠন ‘জলতরণী’ আয়োজন করে।

শরৎ উৎসব মাসব্যাপী চলবে এবং জেলার পর্যটন ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




প্রধান শিক্ষকের হাতে-পায়ে হামলা: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের হাতে-পা ভাঙার ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁনকে গ্রেফতার করে। চাঁন মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে। ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বিপুল মিত্র নিজ মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলযোগে তাকে আটক করেন। পরে হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিপুল মিত্রকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাদী মামুন অভিযোগ করেছেন, চাঁন ও জিয়াউল ইসলাম খানের নির্দেশে ১০-১২ জন যুবক হামলা চালায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, চাঁনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




হজ ও উমরা কখন করবেন: ইসলামিক নির্দেশনা

হজ ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। আল্লাহতায়ালা বলেন, মক্কায় প্রথম ঘর মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে। এটি বরকতময় ও বিশ্বের মানুষের জন্য হেদায়েতবহ। যে ব্যক্তি সামর্থ্যবান, তার জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ পালন ফরজ। -সূরা আলে ইমরান: ৯৬-৯৭

হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইসলামের পাঁচ স্তম্ভ হলো:
১. সাক্ষ্য প্রদান যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল,
২. নামাজ প্রতিষ্ঠা,
৩. জাকাত প্রদান,
৪. হজ সম্পাদন এবং
৫. রমজানের রোজা পালন। -সহিহ বোখারি: ৮

জীবনে অন্তত একবার হজ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ, যদি তার শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকে। হজ সম্পাদনের জন্য খরচ, সফরের সময় নিজের ও পরিবারের স্বাভাবিক খরচের ব্যবস্থা এবং শারীরিক সক্ষমতা থাকলে হজ ফরজ হয়ে যায়।

হজের মৌসুম: ৮ থেকে ১৩ জিলহজ। এই সময়ে মিনা, আরাফাত, মুজদালিফা ও জামারাতে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ পালন করতে হয়। হজের ইহরামের সময় হলো ১ শাওয়াল থেকে ৯ জিলহজ পর্যন্ত। এছাড়া, বারবার হজ সম্পাদন করা সম্ভব।

যদি কেউ হজ ফরজ হওয়ার পর শারীরিকভাবে সক্ষমতা হারান, তবে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজ করানো ফরজ। বদলি হজ করার জন্য পূর্বে নিজে হজ করা আবশ্যক নয়, এবং হজের ব্যয়ের অর্থ অন্য কেউ প্রদান করলেও হজ আদায় হয়ে যাবে।

উমরা: সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার উমরা পালন করা সুন্নত। হজের সময় ছাড়া বছরের যেকোনো সময় উমরার ইহরামের নিয়ত করা যায়। উমরা করার সময় আরাফাত, মুজদালিফা, মিনা ও জামারাতে যেতে হয় না। উমরা হজের বিকল্প নয়। হজ ফরজ হলে তা অবশ্যই আদায় করতে হবে। রমজান মাসে উমরা করলে তা নবী করিম (সা.)–এর সঙ্গে হজ করার সমান সওয়াবের অধিকারী।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫