৫৪ বছর পর আমতলীতে শহীদ মিনার নির্মাণ, তিন মাসেই উদ্যোগ ইউএনও’র

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বরগুনার আমতলীতে শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্ত মঞ্চের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ হয়নি। তবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই এসব প্রকল্প বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা এসব স্থাপনার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা এ বিষয়ে উদ্যোগ নেননি। আমতলীতে যোগদানের পর প্রথম পরিচিতি সভাতেই স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ইউএনও প্রতিশ্রুতি দেন দ্রুত এসব স্থাপনা নির্মাণের। এরপর থেকেই একে একে প্রকল্প বাস্তবায়ন শুরু হয়।

ইতোমধ্যে একটি প্রকল্প উদ্বোধন হয়েছে, আরেকটি উদ্বোধনের অপেক্ষায় আছে চলতি মাসের ৩০ তারিখ। মোট ৫০ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত মঞ্চ, অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ মিলনায়তন, শিশু পার্ক সংস্কার ও নতুন রাইড স্থাপনের কাজ এগিয়ে চলছে।

উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, ইউএনও’র আন্তরিক প্রচেষ্টা ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে অল্প সময়ে এসব কাজ সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, “একটি প্রকল্প উদ্বোধন হয়েছে, আরেকটি উদ্বোধন হবে শিগগিরই।”

ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমতলীতে যোগদানের পর স্থানীয়রা পাঁচটি প্রকল্পের দাবি জানান। আমি গুরুত্ব বুঝে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এর সুফল অচিরেই জনগণ ভোগ করবে।”

স্থানীয়রা আশা করছেন, বহু প্রতীক্ষিত এই উদ্যোগে আমতলী উপজেলার সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

ভোলার লালমোহনে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত লালমোহন পাবলিক লাইব্রেরি দীর্ঘ ৩৩ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। তৎকালীন সময়ে ভোলা জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হয় এই লাইব্রেরি কাম অডিটোরিয়াম ভবন। উদ্বোধনের পর নিয়মিত পাঠাগার কার্যক্রম চালু হলেও মাত্র তিন বছরের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

সূত্র জানায়, ১৯৯৩ সালে ভবনটিতে লালমোহন মহিলা কলেজের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে লাইব্রেরিটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। তবে লাইব্রেরিয়ান নিয়মিত বেতন ভোগ করলেও বই-পত্র পড়া এবং সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

২০১৮ সালে মহিলা কলেজটি নিজস্ব ভবনে চলে যাওয়ার পর লাইব্রেরি ভবন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটির ভেতরে ও আশপাশে আবর্জনার স্তূপ জমে গেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে প্রতিবেদন করলেও প্রশাসনের তেমন উদ্যোগ দেখা যায়নি।

সম্প্রতি একটি সামাজিক সংগঠন উদ্যোগ নিয়ে ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে। তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। তবে এখনো লাইব্রেরি পুনরায় চালু হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, জেলা পরিষদ থেকে লাইব্রেরির জন্য ইতোমধ্যে ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থ দিয়ে বই, টেবিল-চেয়ার কেনা ও ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের চাহিদা অনুযায়ী বই কেনার জন্যও পরামর্শ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এখন প্রশ্ন উঠেছে, তিন দশক ধরে বন্ধ থাকা এই পাঠাগার আবার কবে বইপ্রেমীদের জন্য উন্মুক্ত হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে যুবলীগ নেতা মাসুমসহ দুইজন গ্রেপ্তার

বরিশাল নগরীতে পৃথক রাজনৈতিক সহিংসতার মামলায় যুবলীগ নেতা মাসুম খানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর সাগরদী ও ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খান এবং একই এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আউয়াল খান।

পুলিশ জানায়, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে মাসুম ও আউয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যুবলীগ নেতা মাসুম খানও হামলার সময় দেশীয় অস্ত্র হাতে ছিলেন। এ ধরনের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম শাহীন গ্রেপ্তার

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম শাহীনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে।

৩২ বছর ধরে যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা শাহীনকে বিএনপির অফিসে অগ্নিসংযোগ, বিস্ফোরক আইন লঙ্ঘন এবং মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শাহীনকে জুলাই আন্দোলন পরবর্তী দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফজলুল করীম শাহীন ১৯৯৩ সাল থেকে বরিশাল জেলা যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ২০১৬ সাল থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও বিনামূল্যে টিকা প্রদান

বরিশালের গৌরনদীতে “জলাতঙ্ক নির্মূলে—কাজ করি সবাই মিলে” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করা হয়।

র‌্যালি শেষে হাসপাতালের হলরুমে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসসহ অন্যান্য অতিথিরা। বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে প্রায় দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে দুর্গাপূজায় যানজট রোধে চার দিনের ট্রাফিক সপ্তাহ শুরু

বরিশাল নগরীতে দুর্গাপূজা উপলক্ষে চার দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আয়োজিত র‌্যালি ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম

কমিশনার জানান, নগরীতে দুর্গা পূজার সময় বিভিন্ন পূজা মন্ডপে ভিড় বেশি থাকে। এজন্য উৎসবকালীন যানজট ও ভোগান্তি এড়াতে বিশেষ নজরদারি এবং সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহের মূল উদ্দেশ্য হলো ফিটনেসহীন, লাইসেন্সবিহীন বা অপ্রয়োজনীয় যানবাহন নগরীতে প্রবেশ থেকে বিরত রাখা

তিনি আরও উল্লেখ করেন, ট্রাফিক পুলিশ সারাবছরই সতর্ক থাকে, কিন্তু উৎসবের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে কমিশনার শফিকুল ইসলাম নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ট্রাফিক সপ্তাহ চলবে ২ অক্টোবর পর্যন্ত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে ময়লা ফেলার স্থান না থাকায় নদী দূষণে উদ্বেগ

ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দারা প্রতিদিনের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় সুগন্ধা ও বাসন্ডা নদীতে বর্জ্য ফেলতে বাধ্য হচ্ছেন। ফলে এই নদী দুটি দূষণের কবলে পড়েছে এবং পানিতে রোগজীবাণু ছড়িয়ে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।

শহরের দক্ষিণে বহমান সুগন্ধা নদী এবং পশ্চিমে প্রবাহিত বাসন্ডা নদী যুগ যুগ ধরে মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা সত্ত্বেও বর্তমানে দূষণের সঙ্গে লড়ছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লার গাড়ি ভর্তি বর্জ্য নদীতে ফেলে দিচ্ছেন। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর ওপর বিরূপ প্রভাব পড়ছে।

উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। নদী-খাল রক্ষা কমিটির সদস্য মু. আল-আমীন বাকলাই বলেন, “ঝালকাঠি পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদায় থাকলেও বাস্তবে মনে হচ্ছে কোনো শ্রেণিতেই নেই। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুরক্ষিত স্থান না থাকা এবং যত্রতত্র আবর্জনা ফেলা, পুরো দায় পৌরসভাকেই নিতে হবে।”

উন্নয়নকর্মী মাহাবুব হোসেন সৈকত জানান, নদীতে ছড়িয়ে পড়া প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা মাছ খাচ্ছে। এর ফলে বিষক্রিয়া মানুষের শরীরে প্রবেশ করছে। আগে সুগন্ধার মাছের স্বাদ এখন আর নেই।

ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, ডাম্পিং স্টেশনের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে, যা সমস্যার সমাধান করবে।

ঝালকাঠি পৌরসভা ব্রিটিশ আমলে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৬.৮ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের গৌরনদীতে ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় রবিবার সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। তবে পার্শ্ববর্তী দোকানদারদের তৎপরতায় জনতা অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগী দোকানদার জুয়েল সরদার জানান, একজন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে বিকাশে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। নগদ অর্থ দাবি করলে ব্যাগ থেকে অস্ত্র বের করে কোমরে ঠেকিয়ে বলেন, “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।” জুয়েল চিৎকার করলে আশেপাশের দোকানদাররা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশসেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতা প্রাথমিকভাবে অভিযুক্তকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত যুবক বর্তমানে থানার ও সেনা ক্যাম্পের হেফাজতে রয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবাসিক সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়

২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১২ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে দেশের ৩৪তম পাবলিক বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বয়স ১৫ বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি বরিশাল বিভাগের একমাত্র সাধারণ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় ১০ হাজার ৫০০ জন। কিন্তু আবাসিক সুবিধা পাচ্ছেন মাত্র ২ হাজার ৩১ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন সংকটে ভুগতে হচ্ছে। বর্তমানে চারটি হল রয়েছে—দুটি ছাত্র ও দুটি ছাত্রী হল। তবে প্রতিটি হলে ধারণক্ষমতার অন্তত দ্বিগুণ শিক্ষার্থী অবস্থান করছেন।

প্রতিটি হল মূলত ২৮০ জন শিক্ষার্থীর জন্য নির্মিত হলেও বাস্তবে একেক রুমে চারজনের বদলে আটজন পর্যন্ত থাকতে হচ্ছে। ফলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, পর্যাপ্ত টেবিল-চেয়ার ও আলমারির অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

হলগুলোর অবস্থা:

  • বিজয় ২৪ হল: ৫৪৪ আসন, তবে দ্বিগুণ শিক্ষার্থী থাকেন।
  • শেরে বাংলা হল: মোট ৫৩৬ আসন।
  • তাপসী রাবেয়া বসরী হল: ৪৫০ আসন।
  • কবি সুফিয়া কামাল হল: ৫৩০ আসন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিট বরাদ্দে বৈষম্য ও রাজনৈতিক প্রভাব রয়েছে। অনেক স্বচ্ছল পরিবারের শিক্ষার্থী কিংবা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পরিচয়ে সিট পাওয়া সহজ হলেও প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা সিট পান না।

একজন শিক্ষার্থী নোমান হোসেন বলেন— “আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ছি। কয়েকবার আবেদন করেও সিট পাইনি। অথচ অনেকে জুনিয়র হয়েও রাজনৈতিক প্রভাব বা শিক্ষকদের রেফারেন্সে সিট পাচ্ছে। এমনকি মাস্টার্স শেষ করেও সিট বরাদ্দ পাচ্ছেন কেউ কেউ।”

শিক্ষার্থীরা আবাসিক ফি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। আগে দ্বৈত সিটের জন্য দিতে হতো ১৪২৭ টাকা ও একক সিটের জন্য ২৪০০ টাকা। শিক্ষার্থীরা প্রস্তাব করেছিলেন বছরে সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করার। তবে সম্প্রতি প্রজ্ঞাপন জারি হয়েছে দ্বৈত সিটের জন্য ২৩৭৫ টাকা নির্ধারণ করে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইয়ামিন বলেন— “নতুন ফি কাঠামো শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দাবি না মানা পর্যন্ত আমরা ফি জমা দেব না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম স্বীকার করেছেন যে আবাসিক সংকট প্রকট। তিনি জানান, নতুন কয়েকটি হল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রকল্প পরিচালক নিয়োগ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ফি কাঠামো কমানোর বিষয়টি অর্থ কমিটি ও সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন আবাসিক হল দ্রুত নির্মাণ হলে সংকট কিছুটা হলেও কমবে এবং আবাসিক জীবনে বৈষম্য ও ভোগান্তি থেকে মুক্তি মিলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাজবাড়ীতে বরিশাল থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মডেল জামে মসজিদ থেকে গত শুক্রবার জুম্মার নামাজের সময় সংঘবদ্ধ চোরচক্র দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর গ্রামের মোঃ আঃ মালেক সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম রনি (৩১)

  • একই উপজেলার রনজিত চন্দ্র মন্ডলের ছেলে খোকন চন্দ্র মন্ডল (৩০)

রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার মাহিলারা বাজার এলাকার খোকন মন্ডলের গ্যারেজ থেকে একটি সাদা ও গোলাপি রঙের SUZUKI GIXXER SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ল-৬৫-৩২৭৩, ইঞ্জিন নম্বর BGA5-192860, চেসিস নম্বর RMBL-ED11F-140130। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা

পাংশা মডেল থানার ওসি সালাউদ্দিন জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং যারা মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করেছিল তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫