কলাপাড়ায় প্রশাসনের মানবিক উদ্যোগে টেটাবিদ্ধ কুকুরের প্রাণরক্ষা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দেয় এক অজ্ঞাত ব্যক্তি। নির্মমভাবে টেটা (বর্শার মতো মাছ ধরার যন্ত্র) দিয়ে একটি নিরীহ কুকুরকে আঘাত করে গুরুতর আহত করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে মানবিক পদক্ষেপ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেক।
তিনি ঘটনাটি দ্রুত নজরে এনে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”-কে কুকুরটির চিকিৎসার নির্দেশ দেন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।
সংগঠনটির প্রাণী চিকিৎসা সদস্য মো. কাওসার ওরফে হৃদয় জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি কুকুরটি পুকুরপাড়ে টেটাবিদ্ধ হয়ে কাতরাচ্ছে। দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের নিয়ে যাই।” সেখানে চিকিৎসা শেষে রাত ১০টার দিকে কুকুরটিকে নিজ হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমানে কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং চিকিৎসা ও যত্ন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেক বলেন, “বায়েজিদ মুন্সী ঘটনাটি জানালে আমি সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ বিভাগের সহকর্মীদের সহযোগিতা চাই। পরে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে আহত কুকুরটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ মানবতার প্রকৃত প্রকাশ। কলাপাড়া উপজেলা প্রশাসন ভবিষ্যতেও প্রাণিকল্যাণ, সচেতনতা বৃদ্ধি ও উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাবে।”
প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং প্রাণিপ্রেমী সংগঠনের সহযোগিতায় আহত কুকুরটির প্রাণরক্ষা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসার পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক এ উদ্যোগে এলাকাজুড়ে প্রশাসনের প্রশংসা ছড়িয়ে পড়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








