বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির উদ্যোগ

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর জন্য এবার নতুন নির্দেশনা জারি করে বলা হয়েছে, তারা যেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করে যেসব সংস্থা পাচার করা সম্পদ শনাক্ত, উদ্ধার এবং ফেরত আনার ক্ষেত্রে আইনি সহায়তা দিতে সক্ষম।

গত সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী, গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিলে তা কার্যকরভাবে সম্পন্ন হবে। এসব প্রতিষ্ঠান পাচারকৃত অর্থের উৎস, গন্তব্য ও আইনি প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ফেরাতে সহযোগিতা করবে। সফলভাবে অর্থ উদ্ধারে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কমিশন হিসেবে নির্ধারিত অংশ পাবে।

বৈঠকে জানানো হয়, বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, ব্যাংকগুলো চাইলে নিজেদের বিবেচনায় বিদেশে সম্পদ পুনরুদ্ধারে অভিজ্ঞ অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করতে পারবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে জানা গেছে, সরকার গঠিত ১১টি তদন্ত দল ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও শিল্পগোষ্ঠীর পাচার করা বিপুল অর্থের সন্ধান পেয়েছে। এসব অর্থের একটি বড় অংশ বিভিন্ন দেশে বিনিয়োগের আকারে রয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে, পাচার হওয়া অর্থের মাধ্যমে বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলারও প্রমাণ পেয়েছে তদন্ত দল। ইতোমধ্যে প্রায় ৫৭ হাজার ২৬০ কোটি টাকার সম্পদ ও শেয়ার জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

বৈঠক শেষে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সাংবাদিকদের বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক এ উদ্যোগের নেতৃত্ব দেবে এবং অন্যান্য ব্যাংক তাদের সঙ্গে সমন্বয় করবে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “অর্থপাচারের ঘটনায় ব্যাংকগুলোকে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭টি সম্ভাব্য প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, তবে ব্যাংকগুলো চাইলে নিজস্বভাবে যোগ্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করতে পারবে।”

অর্থপাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা অর্থ ফেরানোর প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে জেলা প্রশাসনের উদ্যোগ

বরিশাল নগরীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। লেকপাড়ে নতুন দৃষ্টিনন্দন দেয়াল, বসার স্থান, হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়ন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়া ছাড়াও সৌন্দর্য বাড়ানো হবে এবং পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। একই সঙ্গে বেলস পার্ক ও ডিসি লেককে নগরবাসীর অবসর যাপনের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। নিয়মিত লেকপাড়ে হাঁটতে আসা সুখেন্দু এদবর বলেন, “কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল কাটানোর জন্য বরিশালে এমন জায়গা প্রয়োজন।”
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, “ডিসি লেকে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়, বাইরের পর্যটকদেরও আকর্ষণ করবে।”

সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজের মতে, লেকপাড়কে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলার মাধ্যমে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, “দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করা হয়েছে। পুরো কাজ শেষ হলে নগরবাসী সর্বাধিক সুবিধা পাবেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে মেধাবী ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে জেলা প্রশাসক

বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্ষুদে ক্রিকেটার রিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। গত ৫ অক্টোবর নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত “প্রতিদিন ১০ কিলোমিটার হেটে অনুশীলনে যায় রিয়ান” শিরোনামের সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে।

সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিয়ানের জন্য নতুন বাইসাইকেল এবং ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক খালিদ সাইফুল্লাহ ও রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন

রিয়ান খানের গল্পটি অনুপ্রেরণামূলক। তিনি বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিদিন ১০ কিলোমিটার পায়ে হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করতে যায়। ছেঁড়া জুতো, ভাঙা ব্যাট ও সীমিত খরচের মধ্যেও সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে সংসারের খরচ চালান। এক বছর আগে তার বাবা মো. খোকনের ঢাকায় থাকা সিএনজি গাড়ি ছিনতাই হওয়ায় পরিবারের খোঁজ-খবরও কম।

রিয়ান ফাস্ট ফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত অর্থে কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছেন। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে কোচিং নিচ্ছেন এবং নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

উপহার পেয়ে রিয়ান বলেন, “নয়া দিগন্ত পত্রিকার সংবাদ প্রকাশের ফলে জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আশা করি, এমন মানবিক সংবাদ দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ২৫ পরিচালক সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেন। সহ-সভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। এর আগে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার পূর্ণ মেয়াদে চার বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার।

নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচিত হয়েছেন যারা :
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন—ইশতিয়াক সাদেক, আদনান রহমান দিপন, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিন, মকসেদুল কামাল, ফয়াজুর রহমান, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী খাদিজা আক্তারকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে পরোয়ানার পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত কার্যালয় থেকে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের তদন্তে জানা যায়, মাসুদ করিমের বৈধ আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা হলেও তার নামে রয়েছে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রীর নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ। সব মিলিয়ে দম্পতির অর্জিত সম্পদ ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা, যার মধ্যে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার উৎস অজানা। এছাড়া তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদক প্রতিবেদনে উল্লেখ করেছে।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, “আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

“ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ” এমন স্লোগানে বিষখালি নদীর ভাঙন রোধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলীয় এলাকার শতাধিক মানুষ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকার বিষখালি নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় কৃষক, জেলে, নারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাস ও নদীভাঙনের সঙ্গে লড়াই করছি। সাধারণ জোয়ারেই ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। আমাদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ, যাতে স্থায়ীভাবে রক্ষা পায় জান-মাল।”

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও নদীতে পানির চাপ বৃদ্ধিতে এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। বিষখালি নদীর পূর্ব-কালমেঘা খাল থেকে বধু ঠাকুরানী ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

তারা আরও বলেন, “সিডর, আইলা, নার্গিস, মহসেন, মিধিলি, রিমাল—প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হই আমরা। অথচ টেকসই বাঁধ নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।”

স্থানীয়রা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠিতে মোটরসাইকেল বাসের নিচে, মুহূর্তে আগুনে পুড়ল যানটি

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসে আগুন লেগে যায়।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের বাসটি। প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। মুহূর্তেই আগুন ধরে পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা শ্রীভাস বলেন, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত বাসের সব যাত্রী নিরাপদে আছেন।”

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় এখনো জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 ঢাকা-বরিশাল রুটে আবারও ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’

নদীমাতৃক বাংলাদেশের একসময়ের ঐতিহ্যবাহী নৌযান প্যাডেল স্টিমার আবারও ফিরছে ঢাকার আকাশচুম্বী ব্যস্ততা থেকে শান্ত নদীপথে। দীর্ঘ তিন বছর পর ঢাকা-বরিশাল নৌপথে পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহাসিক পিএস মাহসুদ স্টিমারটি। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে এর যাত্রা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন চলবে স্টিমারটি, যার গতি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল।

ইনল্যান্ড মাস্টার অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, “তিন বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাহসুদ। সংস্কারের পর এটি এখন পুরোপুরি যাত্রার উপযোগী।”

জুনিয়র ইঞ্জিন অফিসার সাইফুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিকভাবে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত স্টিমারটি নির্ধারিত রুটে নিয়মিত চলবে।

উপ-বাণিজ্য ব্যবস্থাপক খন্দকার মুহম্মদ তানভীর হোসেন বলেন, “পিএস মাহসুদ প্রায় ১০০ বছরের পুরনো। ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে এটি নির্মিত হয়। সংস্কারের সময় স্টিমারের ঐতিহ্যবাহী রূপ অক্ষুণ্ণ রাখা হয়েছে, যাতে যাত্রীরা পুরনো দিনের নৌভ্রমণের স্বাদ পায়।”

জানা গেছে, গত মে মাসে নৌপরিবহন মন্ত্রণালয় স্টিমার সার্ভিস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। সার্ভে, ফিটনেস রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো দিন যাত্রা শুরু করবে এই ঐতিহাসিক স্টিমার।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তিস্তা নদীতে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত চার উপজেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিশাল অংশ প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাস, সড়ক ও ঘরবাড়ি। রাত গভীর হলে এসব এলাকায় আরও পানি ঢুকে দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। আর রাত ৯টায় পানি বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উজানের ঢল আরও তীব্র হতে পারে, ফলে তিস্তা ও আশপাশের নদীগুলোতে বিপৎসীমার ওপরে পানি প্রবাহ অব্যাহত থাকবে।

পানি বৃদ্ধি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পাউবো। এতে ভাটির নিম্নাঞ্চলে হঠাৎ পানি ঢুকে পড়ায় ঘরবাড়ি, রাস্তা ও ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই গবাদিপশু ও শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তিস্তা তীরবর্তী বাসিন্দা শহিদুল ইসলাম জানান, “আমার বাড়ি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। আজকে চুলা জ্বালাতে পারিনি। বাচ্চাদের খাবার নিয়েও চিন্তায় আছি। এখন সরকার ও প্রশাসনের সহায়তা সবচেয়ে বেশি দরকার।”

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, “তিস্তা ব্যারেজের পাশে হওয়ায় আমাদের ইউনিয়নে পানির চাপ সবচেয়ে বেশি। প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা এখন খুবই জরুরি।”

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, “উজান থেকে আসা ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ক্ষয়ক্ষতি কমাতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছে।”

এদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শায়খুল আরিফিন বলেন, “বর্তমানে তিস্তা তীরবর্তী অঞ্চলে রোপা আমন, চিনাবাদাম ও শাকসবজির চাষ হচ্ছে। পানি যদি তিন থেকে চার দিন স্থায়ী হয়, তবে কৃষকদের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এক-দুই দিনের মধ্যে পানি নেমে গেলে বড় ক্ষতি হবে না। আমরা চেষ্টা করছি কৃষকদের ক্ষতি যেন ন্যূনতম হয়।”

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে উজান ও দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নতুন বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিস্তা নদী পাড়ের মানুষ এখন দিনরাত আতঙ্কে সময় কাটাচ্ছে। অনেকের ঘরবাড়ি, ফসল ও গবাদিপশু পানিতে তলিয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে মাওলানা আলমগীর হোসেনের ইন্তেকালে শোকের ছায়া

পটুয়াখালীর দুমকি উপজেলায় জামলা আ. গনি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা মো. আলমগীর হোসেনের ইন্তেকালে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। রোববার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও স্থানীয় রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। শিক্ষার বিস্তারে তিনি ভূমিকা রাখার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও ছিলেন অগ্রণী। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় জামলা আ. গনি দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আলমগীর হোসেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালে তিনি শ্রীরামপুর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার মানুষের আস্থা অর্জন করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম