ইলিশ নিষেধাজ্ঞায় মানবেতর জীবনযাপন: বরাদ্দ আসেনি অনেকের হাতে

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে বরিশাল ও পটুয়াখালীর জেলেরা মানবেতর জীবনযাপন করছেন। জেলেদের খাদ্য সহায়তার জন্য প্রতিজনকে ২৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হতে চললেও অনেকের হাতে বরাদ্দ পৌঁছায়নি। ফলে পরিবারগুলো অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছে।

হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর পাড়ে দেখা যায়, চাচাতো দুই ভাই জয়নাল ও রাজ্জাক ঘরে বসে ছেঁড়া জাল ঠিক করছেন। তাদের অভিযোগ, “মা ইলিশ রক্ষার জন্য সরকার ২২ দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু খাদ্য সহায়তা পাইনি। বরাদ্দ থাকলেও এখনো কোনো সহায়তা আসেনি।”

স্থানীয় সূত্র বলছে, বরাদ্দকৃত খাদ্য সহায়তা ঠিকমতো না পৌঁছানোর কারণে অনেক জেলে বাধ্য হয়ে নদীতে নামছেন মাছ শিকারে। নিষেধাজ্ঞার এই সময়ে কোনো উপার্জন না থাকা পরিবারগুলোতে দুর্ভোগ বেড়েই চলেছে। এছাড়া ভারতীয় জেলেরা দেশের জলসীমায় ঢুকে মাছ ধরছে, কিন্তু বাংলাদেশের জেলেরা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

বরিশাল বিভাগ মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জহিরুল ইসলাম আকন্দ জানান, নিষেধাজ্ঞার সময় চাল-ডালসহ অন্যান্য সহায়তা বিতরণের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানমূলক প্রকল্পেও জেলেদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশ্বাস দেন, দ্রুত নিবন্ধিত প্রত্যেক জেলের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বরিশাল বিভাগের ৬ জেলায় নিবন্ধিত জেলেদের সংখ্যা ৪ লাখ ১৯ হাজারের বেশি। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও মজুত কম থাকায় অন্তত ১ লাখ জেলে বরাদ্দ পাচ্ছে না। এ ছাড়া অনিবন্ধিত আরও লাখো জেলে পুরোপুরি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মনপুরায় সাবমেরিন ক্যাবল সংযোগ: বিদ্যুৎ সমস্যা সমাধানের আশা

ভোলার মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধানে এবার সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত হওয়ার কাজ শুরু হচ্ছে। এটি চালু হলে এলাকায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে, যা গ্রাহকদের জন্য স্বস্তি বয়ে আনবে।

গত শুক্রবার (১০ অক্টোবর) ভোলা জেলা বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কেএম আলী রেজার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মনপুরার বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দুটি প্রযুক্তিগত রুট বিবেচনা করা হয়। একটি হলো তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।

অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষ অন্ধকারে না থাকে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, মনপুরা উপজেলার বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাটসহ আশপাশের এলাকার ৯৬৬ গ্রাহকের জন্য প্রয়োজন ৪ মেগাওয়াট। তবে স্থানীয় উৎপাদন মাত্র ৪২০ কিলোওয়াট, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। বর্তমানে তিনটি জেনারেটর রয়েছে, যার মধ্যে একটি বিকল, বাকি দুটিও দীর্ঘদিনের পুরোনো ও সার্বক্ষণিক চলার অনুপযুক্ত।

মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদনক্ষম সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণাধীন। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপিত হলে মনপুরাবাসীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। সাবমেরিন ক্যাবল সংযোগ বাস্তবায়িত হলে মনপুরা সাগর মোহনার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।




সংস্কারের অভাবে নাজিরপুর মিনি স্টেডিয়াম এখন গরু-ছাগলের চারণভূমি

দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পিরোজপুরের নাজিরপুর মিনি স্টেডিয়াম এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খেলাধুলার মাঠে চলছে গরু-ছাগলের চারণ, গ্যালারিতে ফাটল, ভবনে শেওলা আর ময়লার স্তূপ। ফলে নাজিরপুরের ক্রীড়াঙ্গন আজ ধুঁকছে অবহেলার ভারে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম একসময় নাজিরপুরের তরুণদের ক্রীড়াকেন্দ্র ছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা এ মিনি স্টেডিয়ামে ২০১২ সালের পর থেকে আর কোনো সংস্কার হয়নি। তখন একটি দুই কক্ষবিশিষ্ট ভবন, শৌচাগার ও কয়েকটি বসার বেঞ্চ নির্মাণ করা হয়। এরপর আর কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সদর রোডের পাশে অবস্থিত এই স্টেডিয়ামটি এখন চারণভূমিতে পরিণত হয়েছে। নেই কোনো নামফলক বা সাইনবোর্ড। মাঠজুড়ে উঁচু ঘাস, জায়গায় জায়গায় গর্ত আর জলাবদ্ধতা। ভবনের দেয়ালে ফাটল, ছাদে শেওলা, ভেতরে আবর্জনার স্তূপ। পথচারীরা ব্যবহার করছেন শৌচাগারটি।

স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক সাইদুর রহমান বলেন,
“এখানে আগে প্রতিদিন বিকেলে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ নানা খেলা হতো। এখন মাঠে গরু ছাড়া আর কিছু দেখা যায় না। বৃষ্টিতে জল জমে খেলা বন্ধ থাকে মাসের পর মাস।”

খেলোয়াড়রা জানান, মাঠের ঘাস বড় হয়ে যাওয়ায় খেলাধুলা করা কষ্টকর হয়ে পড়েছে। ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, নেই নিরাপত্তাও।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ড বেড়েছে। আনসার-ভিডিপি অফিসের পাশে ও বেড়িবাঁধ এলাকায় নিয়মিতই এ ধরনের কার্যক্রম দেখা যায়। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সচেতন মহল বলছে, নাজিরপুরে এটি একমাত্র স্টেডিয়াম। অথচ সংস্কারের অভাবে এর অস্তিত্ব আজ বিলীন হতে বসেছে। সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে এটি আবারও যুব সমাজের ক্রীড়াকেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পেতে পারে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান,
“মিনি স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, শৌচাগার ও মাঠ সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণেরও প্রস্তাব পাঠানো হয়েছে।”

নাজিরপুরবাসীর আশা— দ্রুত উদ্যোগ নেওয়া হলে আবারও খেলাধুলার হাসি ফিরবে এ স্টেডিয়ামে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মিরপুরে রূপনগরে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার কেমিক্যাল গোডাউন ও কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুটি কারখানায়—এর মধ্যে একটি হলো “কসমিক ফার্মা” নামে একটি কেমিক্যাল গোডাউন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা কয়েক ঘণ্টা ধরে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরাও সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি বড় বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের কয়েকটি ভবনও তাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “এখনও ধ্বংসস্তূপে মরদেহ অনুসন্ধান চলছে। অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগবে।”

এদিকে, দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও সিটি করপোরেশনের প্রতিনিধি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

রাজধানীতে সাম্প্রতিক সময়ে রাসায়নিক কারখানায় আগুনের ঘটনা বাড়ছে, যা নগর নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বরগুনার তালতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন— পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাঁতিপাড়া গ্রামের আফজাল মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) এবং একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে সজল হাওলাদার (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক দিয়ে ফকিরহাট এলাকায় বড় একটি মাদক চালান যাচ্ছে। পরে শহরের স্লুইজঘাট সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তিন যুবককে আটক করা হয় এবং তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা, দেবরসহ দুইজনের বিরুদ্ধে মামলা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা এবং পিটিয়ে জখম করার অভিযোগে দেবরসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে তালতলী থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বরগুনার তালতলী উপজেলার আলীরবন্দর গ্রামের আ. বারেকের ছেলে মো. রাসেল (২৭) ও তার সহযোগী মো. সাইফুল (২২)

আদালতের বিশেষ পিপি রনজুয়ারা শিপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রী নিজেই আদালতে মামলাটি করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী মালয়েশিয়ায় প্রবাসে থাকেন। সেই সুযোগে দেবর রাসেল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করলে রাসেল আরও উত্ত্যক্ত করতে শুরু করে।

গত শনিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বাথরুমে যাওয়ার পর ফিরে এসে ঘরে প্রবেশ করলে রাসেল তাকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে সহযোগী সাইফুল এসে তাকে এলোপাতাড়ি পেটায় এবং গলাটিপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় গৃহবধূ তালতলী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন।

এ ঘটনায় তালতলী থানার ওসি বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




আগৈলঝাড়ায় পুকুরে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে রীণা বৈষ্ণব (৫০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতিবাট্ট গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত রীণা বৈষ্ণব ওই গ্রামের অখিল বৈষ্ণবের স্ত্রী। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে রীণা বৈষ্ণব একা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে পুকুরে রীণার মৃতদেহ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী অখিল বৈষ্ণব জানান, “আমাদের ধারণা, শাড়ি কাপড়ে পেঁচিয়ে পুকুরে পড়ে রীণা পানিতে ডুবে মারা গেছে।”

এ বিষয়ে ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, “আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ থানায় নিয়ে আসি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




গৌরনদীতে প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খাঞ্জাপুর গ্রামের ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছ থেকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে তরুণী তার বাড়িতে অনশন শুরু করেন। কিন্তু ওই সময় ইসমাইলের পরিবারের সদস্যরা নারী-পুরুষ মিলে তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে।

মারধরের শিকার তরুণী জানান, “আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে। বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু এখনো কোনো সুবিচার পাইনি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে অভিযুক্ত ইসমাইল সরদার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। ভুক্তভোগী তরুণী অভিযোগ করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মানুষবিহীন দ্বীপে আর আশ্রয় কেন্দ্র নয়: ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, “এখন থেকে মানুষবিহীন দ্বীপচরে কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে না। সরকার এমন প্রকল্পই অনুমোদন দেবে, যা সরাসরি জনগণের কাজে আসবে।”

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে ভোলা জেলার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফারুক-ই আজম বলেন,
“আগে বিচ্ছিন্ন চরাঞ্চলে কোটি কোটি টাকা ব্যয়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোতে মানুষ বসবাস করত না। এখন থেকে প্রতিটি প্রকল্প বাস্তব যাচাইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে, যাতে কোনো ধরনের দুর্নীতি বা অর্থ অপচয় না ঘটে। মানুষ না থাকলে সেখানে আর আশ্রয় কেন্দ্র তৈরি হবে না।”

তিনি আরও বলেন,
“সরকার অনেক টাকা ব্যয় করে আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, কিন্তু যদি মানুষের উপকারে না আসে, তবে সেটি রাষ্ট্রের সম্পদের অপচয়। তাই জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে—যে প্রকল্পগুলো জনগণের কাজে আসবে না, সেগুলোর অনুমোদনের আগেই বাতিল করতে।”

এ সময় উপদেষ্টা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি এলাকায় ফাতেমা খানম স্কুল মাঠে নির্মিতব্য সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন পরিদর্শন করেন। পরে তিনি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ত্রাণ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ উপদেষ্টা জানান, নতুন করে ৯০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ভোলায় ১১টি করা হবে। এসব কেন্দ্র এমনভাবে নির্মাণ করা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষ সরাসরি আশ্রয় নিতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বরিশালে ইসলামী আন্দোলনের মানববন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে বরিশাল সদর রোড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের।

মানববন্ধনে বক্তারা বলেন,
“যারা মাত্র ৩৩ থেকে ৪৮ শতাংশ ভোট পেয়ে শতভাগ ক্ষমতা ভোগ করতে চায়, তারাই পি.আর. পদ্ধতির বিরোধীতা করে। যারা বিগত ৫৪ বছরের ক্ষতিকর রাজনৈতিক বন্দোবস্ত ধরে রাখতে চায়, তারাই অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিপক্ষে কথা বলে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির রাজনীতিতে দেশকে জিম্মি করে রেখেছে, তারাই জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বাধা।”

বক্তারা আরও বলেন,
পি.আর. পদ্ধতি হলো দেশের জন্য একটি কার্যকর গণতান্ত্রিক সমাধান। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে হলে অনুপাতিক ভোটব্যবস্থা চালু করতে হবে। এখনই সময়—‘পি.আর. পদ্ধতির পক্ষে জনমত গড়ে তোলার’।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা আবু জাফর সালেহ, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করীম ও ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে পি.আর. পদ্ধতি বাস্তবায়নের দাবিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫