বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘ ২৪ বছর পর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। তাঁরা বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আজ তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের পক্ষে দাবি আদায় ও সমস্যার সমাধান করা যেত। কিন্তু এত বছরেও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত।”

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে নির্যাতিতা সালমা আক্তারের মাথা গোঁজার ঠাঁই

বরিশালের জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেলেন নির্যাতিতা সালমা আক্তার। দীর্ঘ দুই দশকের সংগ্রাম ও অনিশ্চয়তার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত ঘরটি সালমার হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর সংলগ্ন রহমতপুর এলাকায় ঘরটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মহিলা বিষয়ক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

২০০২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের চাচাতো ভাইয়ের হাতে নির্যাতনের শিকার হন সালমা আক্তার। এ ঘটনার পর পরিবারসহ সমাজচ্যুত হন তিনি। মামলার পর ২০১১ সালে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল অভিযুক্ত চাচাতো ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সালমার গর্ভজাত সন্তানকে ২১ বছর পর্যন্ত রাষ্ট্রীয় ভরণপোষণের নির্দেশ দেন।

কিন্তু সেই অর্থের বেশিরভাগই পরিবারের অন্য সদস্যদের পেছনে ব্যয় হয়ে যায়। বর্তমানে সালমার সন্তান স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছে।

জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে সালমার জন্য প্রথমে জমি কিনে দেন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি আধা-পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। বৃহস্পতিবার ঘরটি সালমার হাতে তুলে দেওয়ার সময় আবেগে কেঁদে ফেলেন তিনি।

ঘর পেয়ে সালমা বলেন,এখন আমার ও আমার সন্তানের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আমি শান্তিতে বাঁচতে পারব। এজন্য আমি জেলা প্রশাসকসহ সরকারের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও অনুরোধ জানান, সমাজ যেন তার মতো আর কোনো নারীর জীবনে এমন দুর্ভাগ্যের পুনরাবৃত্তি না ঘটতে দেয়।




নাজিরপুরে শ্যামাপূজায় কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে নদীর শাঁখারীকাঠী বাজার সংলগ্ন এলাকা থেকে নৌকাবাইচ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নদীর দুপাশে কয়েক হাজার মানুষ ভিড় জমায় এবং গ্রামীণ ঐতিহ্য দেখতে নদীতে ট্রলার ও নৌকা দিয়ে ভ্রমণ করেন।

নৌকাবাইচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান লিটন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। এছাড়াও শতাধিক ট্রলার ও নৌকায় কয়েকশ দর্শনার্থী নদীতে নৌকাবাইচ উপভোগ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইলে কথা বলার নিষেধাজ্ঞা ও বাবা-মায়ের বকাঝকা পেয়ে অভিমান করে জান্নাতি আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

ঘটনা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের আবু তালেব হাওলাদারের মেয়ে এবং টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে জান্নাতি মোবাইলে কথা বলছিলেন। এ সময় তার বাবা মোতালেব হাওলাদার তাকে কথা বলতে নিষেধ করেন এবং মা-বাবা দুজনেই বকাঝকা করেন। এতে অভিমান করে জান্নাতি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

জান্নাতিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমানের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় যৌথবাহিনীর তল্লাশি অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

বরগুনার আমতলী পৌরসভায় যৌথবাহিনী সড়ক নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১১টি মামলায় মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট হোসেন মোহাম্মদ বিল্লাল। তার নেতৃত্বে ১০ সদস্যের সেনা দলের পাশাপাশি আমতলী থানা পুলিশের পাঁচ সদস্যের একটি টিম অংশ নেয়।

চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে মোট ৯০টি মোটরসাইকেল, ২৩টি বাস, ১০টি প্রাইভেটকার, ১২টি ট্রাক, ১০টি মাইক্রোবাস, ১৫টি সিএনজি এবং নয়টি মাহিন্দ্রা যাচাই করা হয়।
এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১টি মামলায় জরিমানা করা হয় এবং দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও একটি মাহিন্দ্রা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট হোসেন মোহাম্মদ বিল্লাল বলেন, “চালকদের মধ্যে সড়ক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অপরাধ দমনই আমাদের মূল লক্ষ্য। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৩ পদে নিয়োগ

সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য সুখবর। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়সহ বরিশাল সার্কিট হাউসে ৮৩টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব পদই ২০তম গ্রেডভুক্ত। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর এবং চলবে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে বা সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পদ ও যোগ্যতা:
১️⃣ অফিস সহায়ক: পদসংখ্যা ৩৩টি।
👉 যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

২️⃣ নিরাপত্তা প্রহরী: পদসংখ্যা ২৬টি।
👉 যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং শারীরিকভাবে সুস্থ।

৩️⃣ পরিচ্ছন্নতা কর্মী: পদসংখ্যা ১৬টি।
👉 যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। এই পদের ৮০% কোটা জাত হরিজন প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

৪️⃣ মালি: পদসংখ্যা ১টি।
👉 যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।

৫️⃣ বেয়ারা (সার্কিট হাউস): পদসংখ্যা ৩টি।
👉 যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৬️⃣ বাবুর্চি (সার্কিট হাউস): পদসংখ্যা ১টি।
👉 যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং রান্নায় অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭️⃣ নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউস): পদসংখ্যা ৩টি।
👉 যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা:
১৮ থেকে ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনস্কেল:
সকল পদে বেতন ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

সময়সীমা:
🟢 আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০টা
🔴 আবেদন শেষ: ২৯ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা

এই নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল অঞ্চলের তরুণদের জন্য সরকারি চাকরির একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুর ঘিরে বিতর্ক

বরিশাল নগরীর হৃদয়ে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যের জলাশয় ‘বিবির পুকুর’। একসময় শহরের প্রাণবায়ু হিসেবে পরিচিত এই পুকুরটি এখন নানা কারণে হারিয়েছে আগের সৌন্দর্য। নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পুকুরে ফোয়ারা স্থাপনের কাজ চলছে। তবে এর দক্ষিণ পাশে লোহার গ্রিল ও নেট বসানোয় শহরজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে সরেজমিনে দেখা যায়, বিবির পুকুরের চারপাশে নেট দিয়ে ঘেরার প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, এই গ্রিল-নেট স্থাপন পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য ও খোলা আকাশের দৃশ্যকে বন্দি করে ফেলবে। শহরের নাগরিকরা আশঙ্কা করছেন, এটি বরিশালের ঐতিহ্যের ওপর এক নতুন আঘাত।

তাদের দাবি, আগেও বেলস পার্ক লেক ঘিরে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে নাগরিকরা মানববন্ধন ও প্রতিবাদ করেছিলেন। সংবাদ প্রকাশের পর সেই কাজ স্থগিত হয়েছিল। এবার বিবির পুকুর ঘিরে যেন আবারও সেই পুরোনো বিতর্ক ফিরে এসেছে।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই পুকুরটি ১৯০৮ সালে জিন্নাত বিবি নামে এক মুসলিম নারী খনন করেছিলেন, যাকে খ্রিস্টান ধর্মপ্রচারক উইলিয়াম কেরি পর্তুগিজ দস্যুদের হাত থেকে উদ্ধার করেছিলেন। মানুষের কল্যাণে নিজের জমিতে পুকুর খনন করে তিনি শহরবাসীর পানির চাহিদা মেটাতেন। তার নামেই জলাশয়টির নামকরণ হয় ‘বিবির পুকুর’।

প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্য ও ১৮৫০ ফুট প্রস্থের এই জলাশয়টি একসময় কীর্তনখোলা নদীর সঙ্গে খালযোগে সংযুক্ত ছিল। সময়ের সঙ্গে সেই খাল হারিয়ে গেছে, এখন পুকুরটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে।

স্থানীয় কবি ও ইতিহাসবিদ হেনরি স্বপন বলেন,“বিবির পুকুর একসময় শহরের গর্ব ছিল। এখন এটি অবহেলা আর দখলের শিকার। যে শহর নিজের জলাশয়কে রক্ষা করতে পারে না, সে তার ঐতিহ্যও টিকিয়ে রাখতে পারে না।”

বরিশাল সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা নুরুল ইসলাম বলেন,“কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া তুলছিলেন, তাই উচ্ছেদ করা হয়েছে। বৈধ ব্যবসায়ীদের জন্য প্রতিদিন ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।”

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানান,“ফোয়ারার কাজ প্রায় শেষ। এটি চালু হলে বিবির পুকুর তার পুরনো সৌন্দর্য ফিরে পাবে। পুকুরে ময়লা না পড়তে পারে, এজন্যই গ্রিল ও নেট বসানো হচ্ছে।”

স্থানীয়দের দাবি, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের লাল শাপলার বিল: প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বিস্তীর্ণ জলাভূমি এখন পর্যটকদের কাছে এক নয়নাভিরাম গন্তব্যস্থল হিসেবে পরিচিত। স্থানীয়রা যাকে ‘লাল শাপলার বিল’ নামে চেনেন, সেখানে প্রতিবছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত হাজার হাজার লাল শাপলা ফুল ফুটে দর্শনার্থীদের মন মোহিত করে।

প্রায় ১০ হাজার একর বিস্তীর্ণ এই জলাভূমি দূর থেকে যেন সবুজ পাতার উপর লাল-গোলাপি রঙের চাদরের ভাসমান সমারোহ। ছোট ছোট নৌকা নিয়ে পর্যটকরা বিলের মাঝ দিয়ে ঘুরে বেড়ান, ছবি ও সেলফিতে মুহূর্তগুলো ধরে রাখেন। ভোরের আলোতে বিলের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়, আর বিভিন্ন পাখির কূজন পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।

সাতলার বিলে পর্যটকদের পদচারণা প্রায় এক দশক ধরে চলছে। বিলের জলে ভাসতে থাকা শাপলা দেখতে বিশেষ করে ভোর এবং সূর্যোদয়ের সময় পর্যটকেরা ভিড় করেন। এই বিল ঘিরে স্থানীয়রা নৌকা ও আবাসনের মাধ্যমে নতুন কর্মসংস্থানও তৈরি করেছেন।

তবে পর্যটকরা নৌকা ভাড়ার অতিরিক্ত মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। আগে ২০০-৩০০ টাকায় নৌকা ভাড়া নেওয়া হতো, এখন ৫০০ থেকে হাজার টাকার মধ্যে। অন্যদিকে নৌকা চালকেরা বলছেন, এটি তাদের জীবিকার অন্যতম উৎস, বিশেষ করে ক্ষেত-খামারে কাজ না থাকায়।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলী সুজা জানিয়েছেন, জেলা প্রশাসনের উদ্যোগে শাপলার বিলের সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার এবং ঘাট নির্মাণ করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনও জানিয়েছেন, বিলের নিরাপদ ও সহজ প্রবেশসহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

লাল শাপলার বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটকদের নিরাপদ ও সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ ও স্থানীয় সচেতনতা দুটির সমন্বয় প্রয়োজন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২5




রকস্টার জেমসের তৃতীয় বিয়ে, জন্ম নিল পুত্র সন্তান

বাংলাদেশের রকসংগীতের কিংবদন্তি জেমস তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এবং এবার তিনি বাবা হয়েছেন। দীর্ঘ এক দশক একাকী জীবন কাটানোর পর ২০২৪ সালের ১২ জুন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন।

চলতি বছরের ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম। জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”

জানা গেছে, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলসে এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় জেমস ও নামিয়ার। পরিচয়ের এক বছর পর ঢাকায় ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

এর আগে জেমসের দুটি বিবাহ হয়েছিল। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি; তাদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে সন্তান। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে তার একটি কন্যা সন্তান রয়েছে।

নতুন জীবন ও সন্তানের খবরে সামাজিক মাধ্যম এখন জেগে উঠেছে। ভক্তরা নগরবাউল জেমসকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নতুন সূচনা উদযাপন করছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫



ড্রাইভিং লাইসেন্সে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক, মিলবে ভাতাও

ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণগ্রহণকারীদের ভাতা প্রদান করার বিষয়ও ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি এ কথা জানিয়েছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সড়ক ও জনপথ অধিদফতরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায়। সভার প্রতিপাদ্য ছিল ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’

উপদেষ্টা বলেন, “সড়কে দুর্ঘটনা ও যানজটের মূল কারণ হলো প্রশিক্ষণহীন ড্রাইভার। সড়ককে নিরাপদ করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার প্রয়োজন। তাই ড্রাইভিং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া আমূল পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে প্রশিক্ষণই হবে লাইসেন্সের মূল ভিত্তি।”

তিনি আরও জানিয়েছেন, বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থা হিসেবে পরিণত করা হবে এবং বেশিরভাগ কাজ ড্রাইভিং ইনস্টিটিউটে হস্তান্তর করা হবে। এছাড়া, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ট্রাস্টি বোর্ড গঠনের কথাও তিনি উল্লেখ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫