মির্জাগঞ্জে দোকান ঘরে আগুন, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারে মহাসড়কের পাশের সারিবদ্ধ তিনটি দোকান ঘর ও তিনটি বসতঘরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার সময়ে উপজেলার মহিষকাটা বাজারের বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: সাইয়েমা হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে আমড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম মো: মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাজারের উত্তর দিকে বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের উৎপত্তি হতে দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান, ফার্নিচারের দোকান ও ইলেকট্রনিকের দোকান এবং নসু মৃধা, আনসার ব্যাপারী ও শামিমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয় এবং আরো কিছু দোকান ক্ষতিগ্রস্তসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো: মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহিষকাটা বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মহিষকাটা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: জলিল ব্যাপারী জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও স্যার, ইউপি চেয়ারম্যান পরিদর্শন করেছেন। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।




পটুয়াখালীতে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু, রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে

 

মো: আল-আমিন, পটুয়াখালী। : শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী,  জেলায় এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জন । এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২২ জন।

ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে হাসপাতালের মেঝেসহ বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

রোগীদের অভিযোগ, বারান্দায় এবং মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন তারা। বারান্দার দুপাশ থেকে ড্রেনের দুর্গন্ধসহ মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ রোগীরা।

পটুয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,  দিন দিন আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এতো বেশি রোগী আসছে আমাদের বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন এসএম কবির হাসান জানান, ‘কয়েকদিনের বৃষ্টিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকলেও আবার বাড়তে শুরু করেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সকল প্রকার প্রস্তুতি নেয়া আছে।’




দশমিনায় কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

 

মো: আল-আমিন, পটুয়াখালী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, অবৈধভাবে দালালের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া বন্ধ করুন। জীবনের ঝুঁকি নিয়ে  ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো ৪০ জনের মধ্যে ২০ জনই বাংলাদেশি। তাই দালালের মাধ্যেমে অবৈধভাবে বিদেশ পাঠানোর নামে নিজের প্রিয়জনের জীবন ঝুঁকিতে ফেলবেন না। শুক্রবার দশমিনা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি একথা বলেন। ইমরান আহমেদ আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার মতো অবদান অন্য কোনো সরকারের নেই। শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। দশমিনা কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, এনডিসি’র মহাপরিচালক (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) অতিরিক্ত সচির মো. শহীদুল আলম, টিটিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্পের পরিচালক মো. সাইফুল হক চৌধুরী, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হারুন আর রশিদ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটন প্রমুখ।




পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীর ছড়াছড়ি

মো:আল-আমিন, পটুয়াখালী: গলাচিপা ও দশমিনা উপজেলার গলাচিপা পৌরসভা ও ১৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে পটুয়াখালী-৩ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। সরকারের উন্নয়নের প্রচারণায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা অপরদিকে একদফা দাবিতে আন্দোলনে ব্যস্ত সময় পার করার পাশাপাশি নির্বাচনেও একধরনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগের নিশ্চিত এ আসনটিতে বিএনপি’র দুই সম্ভাব্য  প্রার্থীকে কেন্দ্র করে চলছে ইতিবাচক আলোচনা। পিছিয়ে রাখছেন না সরকারদলীয় প্রার্থীদেরকে। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ বনাম বিএনপি। বিএনপি নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর বিপরীতে একাধিক স্বতন্দ্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় আমজনতার মন্তব্য রয়েছে। দুই দলে জনপ্রিয় প্রার্থী হলে লড়াই হবে সমানে সমান। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আলোচনায় আছেন, বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এড.  মোহাম্মদ ফোরকান মিঞা,  সাবেক বিজিবি প্রধান লে. জে. (অব.) আবুল হোসেন আজাদ, দশমিনা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মো. শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদ ইকবাল মাহমুদ লিটন, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মরহুম আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের পুত্র জাওয়াদ সুজন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দেসহ  আরও অনেকে।




বিনা চিকিৎসায় মারা যাবে আলমগীর?

  • স্ত্রী, নাবালক দুটো সন্তান আর মা ছাড়া কেউ নেই পোশাক শ্রমিক আলমগীরের।
  • দুটো কিডনির ৮০ ভাগ নষ্ট। যেখানে খাবার জোটানোই দায় সেখানে ব্যয়বহুল চিকিৎসা হবে কিভাবে?
  • তাহলে কী বিছানায় ধুকেঁ ধুকেঁই মৃত্যুর দিকে এগিয়ে যাবে ৩০-৩৫ বছরের এই যুবক?

মো. আল-আমিন হোসেন (পটুয়াখালী) : দুই সন্তানের জনক পোশাক শ্রমিক পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী গ্রামের মো. আলমগীর হোসেন খান। এখনো বয়স ৩৫ না পেরোলে-ও রোগে-শোকে র্জীণ-শীর্ণ দেহে বার্ধক্য যেনো চেপে ধরেছে তাকে। বড় মেয়ে ৮ম শ্রেনী আর ছোটো ছেলে এখনো প্রাইমারির গন্ডি পেড়োয়নি।

জীবনের এমন-ই কর্মক্ষম সময়ে কয়েক মাস আগে ধরা পড়ে কিডনি জটিলতা। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানালেন, দুটো কিডনির-ই ৮০ শতাংশ অর্কাযকর হয়ে গেছে। কর্মক্ষেত্রের পরিবর্তে তার ঠাইঁ হয় বিছানা। চিকিৎসার ক্ষেত্রে এখন দুটো পথ খোলা- হয় ডায়ালাইসিস নয়তো ট্রান্সপ্লানটেশন। এ জন্য প্রয়োজন ৮ থেকে ১০ লাখ টাক। কিন্তু চাকুরী থাকা অবস্থায়ই যেখানে দিন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল পরিবারটির। সেখানে এই ব্যয়বহুল চিকিৎসা করানোর কথা ভাবতেই পারছেনা স্বজনেরা। তবু-ও ধারদেনা–আর বাড়ির গাছপালা বিক্রি করে এতোদিন কোনোরকম চিকিৎসা চললে এখন তাও বন্ধ রয়েছে। এদিকে শরীরে তিন ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু তাও দেয়া সম্ভব হচ্ছেনা।

আলমগীরের মা সাহাভানু বেগম জানান, দুই ছেলেকে ছোটো অবস্থায় রেখে ওদের বাবা মারা যান। এরপর বছর কয়েক আগে বড় ছেলেও স্ট্রোক করে মারা যান। এখন ছোটো ছেলের এই অবস্থা। চোখের পানি মুছতে মুছতে তিনি জানালেন, আমার তো ছেলেটা ছাড়া আর কেউ নাই। আমি নিজের কিডনি দিতে প্রস্তুত কিন্তু এ জন্য যে ঢাকা যাওয়া-থাকা-খাওয়া এবং চিকিৎসা খরচ তা বহন করার ক্ষমতা আমার নাই। তিনি আরও জানান, দুই নাতি, ছেলে-ছেলের বউ নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটে তাঁর। এর মধ্যে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে নেয়ার মতো লোকজন-ও তাদের নেই।

‘বেঁচে থাকার আশা ক্রমশ. ক্ষীণ হয়ে আসছে’ জানিয়ে আলমগীরের স্ত্রী নুপূর দেশের সামর্থ্যবান মানুষের কাছে অবুঝ দুটি সন্তানের কথা ভেবে তাঁর স্বামীর চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। কোনো ধরণের সহায়তা দিলে তাঁর বিকাশ একাউন্ট সংবলিত মোবাইল নাম্বারে (০১৭৭৫-২৪৮ ৭০১) পাঠানোর অনুরোধ করেছেন।




মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট আজ

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স:  দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপদেশ মালদ্বীপের প্রেসিডেন্টশিয়াল নির্বাচন আজ (শনিবার)। দেশটির প্রধান দুই দলসহ ৫টি রাজনৈতিক দল ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে রাষ্ট্রপতি প্রার্থীরা হলেন, উমর নাসির (স্বতন্ত্র), হাসান জমিল (স্বতন্ত্র), ইব্রাহিম মোহাম্মদ সোলিহ (মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি) ড. মোহাম্মদ মুইজু (পিপিএম এন্ড পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস), কাসিম ইব্রাহিম (জুমহুরী পার্টি), ফারিস মাউমুন (স্বতন্ত্র), ইলিয়াস লাবীব (দ্য ডেমোক্র্যাট), মোহাম্মদ নাজিম (মালদ্বীপ ন্যাশনাল পার্টি)।

মালদ্বীপের পিএসএম নিউজের বরাতে নির্বাচন কমিশন অব মালদ্বীপ (ইসিএম) এর সভাপতি ফুওয়াদ তৌফিক ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেছেন।

ইসিএম সভাপতি জানিয়েছেন, সব ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে থেকে ভোটগ্রহণ শুরু হবে। ব্যালট বাক্সগুলো বিকেল ৪টায় বন্ধ করা হবে। প্রতিটি ভোট বাক্স বন্ধ হওয়ার ৩০ মিনিট পর ভোট গণনা শুরু হবে।

ইসিএম জানায়, নির্বাচন কোনও একক প্রার্থী শতকরা ৫০ ভাগের কম ভোট পেলে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় গড়াবে ভোট। তবে প্রথম দফায় নির্বাচনের দিন থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনে বাধ্যবাধকতা রয়েছে। পাঁচ লাখ ২১ হাজার জনসংখ্যার ক্ষুদ্র দ্বীপদেশ মালদ্বীপের ভোটারের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৪০৮ জন, নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৩৪৭ জন। এছাড়া নতুন ভোটার হয়েছেন ২১ হাজার।

এদিকে এ নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নির্বাচনে তদারকির জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ বাড়িয়েছে ইসিএম। সেই আমন্ত্রণে মালদ্বীপে রয়েছেন বাংলাদেশের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

দেশটির রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। রাষ্ট্র ও সরকার উভয়ের প্রধান হন রাষ্ট্রপতি।  রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন থেকে সাত দিনের মধ্যে সরকারি গেজেটে প্রকাশিত হয়।

২০০৮ সালে বহুদলীয় ব্যবস্থা চালু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




মেসি-ডি ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা হালান্ড

নরওয়ের প্রথম ফুটবলার হিসাবে এই সম্মাননা পেয়েছেন ২২ বছরের হালান্ড। বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।

ম্যানচেস্টার সিটি সতীর্থ ডি ব্রুইনা এবং আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী মেসিকে পেছনে ফেলে হালান্ড উয়েফার বর্ষসেরার পুরস্কার জিততে পারেন, সেটা অনুমান করা যাচ্ছিল আগেই।

২০২২-২৩ মৌসুমটা যে রীতিমত স্বপ্নময় ছিল হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন নরওয়ের এই ফরোয়ার্ড।

মোনাকোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালান্ড বলেন, ‘আমি ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বাস করছি।’

এদিকে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গী ছিলেন ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ সিমোনে ইনজাঘি ও নাপোলিকে ৩৩ বছর পর সিরি’আ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি এ বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতেছেন।

নারী ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ডাচ ম্যানেজার সারিনা ওয়েগম্যান।

এ ছাড়া আজীবন সম্মাননাসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা




হাসিনা-মোদী বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়নি

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স:  ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি ইন্দো-প্যাসিফিক ইস্যুতেও দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো কথা হয়নি। তবে বাংলাদেশসহ কেউই এ অঞ্চলে অস্থিতিশীলতা চায় না।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারত সফরের প্রথম দিন বিকেলে মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ নিয়ে রাতে নয়াদিল্লির একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না। যখন কি না বিএনপি-জামায়াত জোট সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, সারাদেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং আদালত কক্ষে বিচারকদের ওপর বোমা হামলা হয়েছিল।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে কোনো কথা উঠেছিল কি না, সেটি তার জানা নেই।

তবে আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খুশি। আগামী জাতীয় নির্বাচনে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে নেই। অতএব এটা কোনো আলোচনারও বিষয় নয়। আসন্ন সাধারণ নির্বাচন নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক এবং মানুষে মানুষে বন্ধনসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ অঞ্চলের বর্তমান উন্নয়ন এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকের পর পরই নরেন্দ্র মোদী নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে বাংলায় লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি ও আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে শুক্রবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনার এ সফর। সফরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও রয়েছেন।




ভোলার ইলিশার প্রতিবন্ধী শিশু কামালকে মানবিক সহায়তা প্রদান 

ভোলা প্রতিনিধি : ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মতি চৌকিদার বাড়ির আব্দুস ছালামের ১২ বছরের শিশু কামাল মানসিক প্রতিবন্ধী। শিশু কামালকে নিয়ে প্রতিবেদন প্রচার করেন ভোলা ক্লাব সম্পাদক অমিতাভ অপু। এর পরেই শিশু কামালকে ঢাকায় নিয়ে চিকিৎসা উদ্যোগ নেয় মোরশেদ আলম ফাউন্ডেশন ।

দের মাস চিকিৎসা দেয়ায় কিছুটা উন্নতি হয় প্রতিবন্ধী কামালের। চিকিৎসকরা জানান ওর জন্য বছরজুড়ে চিকিৎসার প্রয়োজন। প্রয়োজন সার্বক্ষনিক তদারকির। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হয়ে ওঠছে না। বাড়ি ফিরে আসার পর ওষুধ কিনার সামর্থ নেই পিতা ছালেম মিয়ার। শুক্রবার বিকালে শিশু কামালের খোঁজ খবর নিতে ওই বাড়িতে যান ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। কামালের জন্য তার পরিবারের কাছে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ লিটার সোয়াবিন তেল, হলুদ, মরিচ , রুই মাছ, মুরগীসহ নানা ধরনের মানবিক সহায়তার প্যাকেট তুলে দেন তিনি।

চিকিৎসা ও মানবিক সহায়তায় এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান কামালের বাবা আব্দুস ছালেম।  কামালের বছর ব্যাপী চিকিৎসার জন্য  স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান উন্নয়ন সংস্থা আইসিডিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মূর্তুজা খালেদ।  মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন এলকার বাসিন্দা কলেজ শিক্ষক মোঃ জাকির হোসেনসহ কামালের স্বজনরা।




ক্যাটরিনাকে বিয়ের খবরে কী বলেছিলেন ভিকির বাবা-মা 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :বলিউডের বর্তমান সময়ের অন্যতম চর্চিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বেশ কিছুদিন লুকিয়ে প্রেমের পর চুপিসারে বিয়ে করেছেন এই জুটি। ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পর দুই বছর হতে চলল তাদের সংসার জীবনের। এই সময়টা একে অপরের পাশে থেকে গেছেন ভালোবেসেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের খবর প্রথমে তার বাবা-মাকেই জানিয়েছিলেন তিনি। ভিকির কথায়, ‘আমাদের সম্পর্কের কথা সর্বপ্রথম আমার বাবা-মাকেই জানাই। ’

অভিনেতার মুখে এই কথা শুনে সঞ্চালক পাল্টা জিজ্ঞেস করেন, ‘ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের রয়েছেন, সেটা আপনার বাবা-মা বিশ্বাস করতে পেরেছিলেন?’ এর জবাবে ভিকি বললেন , ‘হ্যাঁ, বিশ্বাস তো করেই নিয়েছিল।’

ভিকির কথায়, প্রথম দিকে তিনিই বিশ্বাস করতে পারেননি, যে ক্যাটরিনা তাকে পছন্দ করছেন! অভিনেতার মনে প্রশ্ন ছিল, ক্যাটরিনা হঠাৎ কেনই বা তাকে পছন্দ করবেন! তার প্রতি অভিনেত্রীর ভালো লাগার কথা জেনে ভিকির প্রতিক্রিয়া ছিল, ‘তুমি ঠিক আছো তো?’

তবে অভিনেতার ভাষ্য, ‘প্রথম দিকে এই বিষয়টা মেনে নিতে আমারই অসুবিধা হত। আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে ক্যাটরিনার মতো একজন তারকা আমাকে এত পাত্তা দিচ্ছে! তবে আমি ওর সঙ্গে সহজে মিশে বুঝতে পেরেছিলাম, মানুষ হিসাবে কতটা খাঁটি সে। তখনই আমি উপলব্ধি করেছিলাম, নিজের জীবনসঙ্গী হিসেবে ওকেই চাই।’

এদিকে বিয়ের দুই বছর হতে চলায় এই দম্পতির সংসারে নতুন সদস্যর আগমন কবে ঘটছে এমন প্রশ্নও চারদিকে ডালপালা মেলেছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও এ নিয়ে কোনো চাপ রয়েছে কি না? সেই প্রশ্নের উত্তরও জানার চেষ্টা করেন ভক্তরা।

ওই সাক্ষাৎকারে ভিকির কাছে জানতে চাওয়া হয়, ‘পরিবারের কেউ সুখবরের কথা শুনতে চাইলে কীভাবে সামলান?’ এর জবাবে অভিনেতা সাফ জানান, কেউ এই ব্য়াপারে নাকই গলায়নি এখন পর্যন্ত।

খুব শীঘ্রই একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন ভিকি-ক্য়াট। বিষয়টি উল্লেখ করে ঠাঁট্টার ছলে ভিকি বলেন, ‘আমি ওকে বলেছি, তাহলে সেটে আমার দুইজন পরিচালক থাকবে। একটা তুমি, একটা আসল পরিচালক।’