মা ইলিশ রক্ষায় কলাপাড়ায় সচেতনতামূলক আলোচনা সভা

 

বরিশাল অফিস: ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তরের অর্থায়নে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করে।

এতে সভাতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক মো.ইয়াছিন, এসসিএম এফপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সঞ্জীব সন্ন্যামত।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ। এ সময় কুয়াকাটা নৌ-পুলিশ, কোস্টগার্ড, সমুদ্রগামী জেলে, মাঝি, ট্রলার মালিক, আড়ৎদার ও ব্লু-গার্ড সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সমুদ্র দূষণ ও মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে জেলেদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।




পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৫ হিজরি, ৩১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রোববার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আসাদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. শাহরিয়ার হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ই-আলিয়ার আল-কুরআন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।




নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে বরিশালে ৬ ব্যবসায়ীকে জরিমানা

 

বরিশাল অফিস: বরিশাল নগরীর ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বরিশাল নতুন বাজার ও নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় বানিজ্য মন্ত্রণালয়ের কতৃক নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে আলু,পেঁয়াজ ও ডিম বিক্রি করা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি টিম।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বানিজ্য মন্ত্রণালয় থেকে আলু,পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দেয়াতে বরিশাল নগরীর নতুন বাজার ও নথুল্লাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।




ভোলার ইলিশায় ব্লক বাঁধ ধসে লঞ্চঘাট বন্ধ

ভোলা অফিস:  ভোলার ইলিশায় মেঘনা তীররক্ষা সিসি ব্লক বাঁধে আবারও নতুন করে ধস সৃষ্টি হয়েছে। এতে করে ইলিশা নদী বন্দরের দুই নম্বর ঘাটের পল্টুনের হাই ওয়াটার র্যাম থেকে ব্লক ধসে বন্ধ হয়ে গেছে ওই ঘাটটি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ওই ঘাটটি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

ইলিশা ঘাটের ইজারাদারের ম্যানেজার মো. মহসিন জানান, গতকাল রাত থেকে ইলিশা ঘাটের দুই নম্বর পল্টুনের র্যামের ব্লকে ধস সৃষ্টি হয়। শুক্রবার এটি দেড় মিটারের মতো ধসে যায়। এতে করে যাত্রীদের পল্টুনে ওঠানামা অসম্ভব হয়ে পড়ে। পরে আমরা বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করি। তারা আজ সকালে দুই নম্বর পল্টুনের ঘাটটি বন্ধ ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্ণফুলী-৩, কর্ণফুলী-১৪, রাজারহাট বি, দোয়েল পাখি-১০, গ্রীন ল্যান্ড, তাসরিফ-১ ও তাসরিফ-২ ইলিশার দুই নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ও ঢাকা থেকে যাত্রী নিয়ে এ পল্টুনে ভেড়ে। কিন্তু ঘাটটি বন্ধ করে দেওয়ায় এখন বাকি ১ নম্বর ও ৩ নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী ওঠানামা করছে।

ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, ব্লক বাঁধ ধসের কারণে ইলিশা নদীবন্দরের দুই নম্বর ঘাটটি বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড আমাদের কাছে ১০ দিন সময় নিয়েছে। ওই সময়ের মধ্যে তারা ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলবে। তারপর আমরা আবারো দুই নম্বর ঘাটটি চালু করতে পারবো।




অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের, কত পাবেন বিজয়ীরা?

চন্দ্রদ্বীপ ডেস্ক: অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের। গতবারের চেয়ে এ বছরের বিজয়ীরা ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা।

সাম্প্রতিক বছরগুলোতে নোবেল পুরস্কারের অর্থমূল্য বেশ কয়েকবার বাড়ানো-কমানো হয়েছে। দাতাদের মতে, ফাউন্ডেশনের আর্থিক অবস্থা কেমন যাচ্ছে, তার ওপর নির্ভর করেই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়।

২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি থেকে ৮০ লাখ ক্রোনায় নামিয়ে এনেছিল কর্তৃপক্ষ। সেসময় ফাউন্ডেশনের অর্থভাণ্ডার বাড়ানোর চেষ্টা করছিল তারা।

পরে ২০১৭ সালে পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা করা হয়। ২০২০ সালে তা আরও বাড়িয়ে আবারও এক কোটি ক্রোনায় নিয়ে যায় নোবেল ফাউন্ডেশন।

অবশ্য গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। এর ফলে, পুরস্কারের অর্থমূল্য বাড়ালেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, তা বলা যাবে না।

২০১৩ সালে অর্থমূল্য কমে ৮০ লাখ ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছর মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার।

এ বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার




ডেঙ্গু জ্বর কমে গেলেও মৃত্যুর ঝুঁকি থাকে!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডেঙ্গি থেকে সেরে উঠলেই যে পুরোপুরি সুস্থ, বিষয়টি তেমন নয়। জ্বর কমে যাওয়ার পরে ফের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। থাকে মৃত্যুর ঝুঁকিও। কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

বর্ষার মরসুমে ডেঙ্গি বাড়ছে শহরে। শুধু কলকাতা নয়, শহরতলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বগামী। গত বছরও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছিল রাজ্যকে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এ বছর যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে ডেঙ্গিকে গুলিয়ে ফেলে অবহেলা করেই অনেক সময়ে রোগীর অবস্থা আরও গুরুতর হচ্ছে। শিশু থেকে বয়স্ক— বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে। গত কয়েক দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটিও চিন্তার কারণ হয়ে উঠছে। পাশাপাশি, সুস্থতার হারও নেহাত কম নয়।

সাধারণত জ্বর, মাথাযন্ত্রণা, হাত-পায়ের সঙ্গে সারা শরীরে ব্যথা, বমি বমি ভাব, মুখে অরুচি, মলের সঙ্গে রক্তপাত— ডেঙ্গি রোগের অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলি প্রকাশ পেলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া অবশ্যই জরুরি। ডেঙ্গি সেরে গেলেই যে আপনি সুস্থ, এমনটি ভাবার কোনও কারণ নেই। সেরে উঠে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফের অসু্স্থ হয়ে পড়েছেন, এমন উদাহরণও কম নেই। তাই সেরে ওঠার পর রোগীর যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই মত চিকিৎসক সুর্বণ গোস্বামীরও। তিনি বলেন, ‘‘ডেঙ্গির জ্বর বেশি দিন থাকে না। ফলে জ্বর চলে যাওয়ার পরে অনেকেরই মনে হয় সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু আসল বিপদের শুরু হচ্ছে সেই সময় থেকেই। জ্বর কমে যাওয়ার ২-৭ দিন পর ডেঙ্গির সঙ্কটজনক অবস্থা তৈরি হয়। তাই এই সময়টিতে অত্যন্ত সাবধানে থাকতে হবে।’’ অতিরিক্ত দুর্বলতা, বমি, পাতলা পায়খানা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা— জ্বর কমে যাওয়ার পরেও যদি এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে তা হলে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকলে মৃত্যু এড়ানো যাবে। তেমনটাই জানাচ্ছেন চিকিৎসক।

ডেঙ্গি জ্বর কমে যাওয়ার পরে আর কোন বিষয়গুলি মেনে চললে সঙ্কট এড়ানোর সম্ভাবনা বাড়ে?

১) জ্বর কমে যাওয়ার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে রোগীকে বাড়তি নজরে রাখতে হবে। রোগীর নিজেরও খানিক সতর্ক থাকা জরুরি। কোনও সমস্যা হলে তা চেপে না রেখে চিকিৎসককে জানাতে হবে।

২) ডেঙ্গি হলে শরীরে জলের ঘাটতি তৈরি হয়। তাই জলের ঘাটতি কতটা কমেছে সেটা মাপার জন্য দিনে ‘পিসিভি’ পরীক্ষা করা জরুরি। এ ছাড়াও প্লেটলেট পরীক্ষা করানো প্রয়োজন। জ্বর চলে যাওয়ার ২-৩ দিন এই পরীক্ষাগুলি প্রতি দিন করাতে হবে।

৩) ডেঙ্গি শরীর ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই এই সময় পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন। সঠিক ডায়েট মেনে চললে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। তরল খাবার বেশি করে খাওয়া জরুরি। ঘন ঘন জল খেতে হবে। শরীরে জলের পরিমাণ কমতে দেওয়া যাবে না। সেই সঙ্গে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, আয়রন, ভিটামিন ই-তে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।




গলাচিপায় নিজ গলায় বটি চালিয়ে যুবকের আত্মহত্যা

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় গলায় বটি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতি বার সন্ধ্যায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতের নাম আবু বক্কর মুন্সি (৪৫)। তিনি বোয়ালিয়া গ্রামের আব্দুল রব মুন্সির সন্তান ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের তরমুজ চাষী আবু বক্কর মুন্সি পর পর কয়েক বছর তরমুজ চাষে লোকসান দিয়ে দেনা গ্রস্ত হয়ে পড়েছেন ।
এ নিয়ে স্ত্রী মমতাজ বেগমের সাথে তার প্রায়ই ঝগড়া ঝামেলা হতো। গত ৫/৬ মাস যাবৎ আবু বক্কর অসংলগ্ন কথা বার্তা বলতেন। মঙ্গলবার রাতে বোয়ালিয়া নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার শ্বশুরবাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী সিকদার বাড়ি নেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার ঘরের বটি দিয়ে নিজ গলায় আঘাত করলে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গাইন বলেন, পরিবারের লোকজন জানিয়েছে তিনি মানসিক রোগী। এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




পুতিন-কিম একে অপরকে যে উপহার দিলেন

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দেশটিতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তরের প্রেসিডেন্ট কিমকে রুশ প্রেসিডেন্ট পুতিন উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। এছাড়া বন্ধত্বের নিদর্শন হিসেবে দু’জন একে অপরকে দিয়েছেন উপহারও।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে, কিম পুতিনকে একটি রাইফেল; আবার পুতিন কিমকে একটি রাইফেল উপহার দিয়েছেন।

গত মঙ্গলবার উত্তর কোরিয়া থেকে ট্রেনে করে রাশিয়ায় এসে পৌঁছান কিম। এরপর বুধবার রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুরের ভোসতোচনি মহাকাশ ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

রুশ প্রেসিডেন্টের দপ্তরেরর মুখপাত্র দিমিত্রি পেসকোভবে সাংবাদিকরা জিজ্ঞেস করেন কিমকে পুতিন কি উপহার দিয়েছেন। এ প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে নিজেদের তৈরি একটি উন্নতমানের রাইফেল এবং একটি গ্লাভস উপহার দিয়েছেন পুতিন। এই গ্লাভসটি বেশ লম্বা সময় মহাকাশে ব্যবহার করা হয়েছে।

অপরদিকে কিম পুতিনকে উত্তর কোরিয়ার তৈরি একটি রাইফেল ও অন্যান্য উপহার দিয়েছেন।

পেসকোভ আরও জানিয়েছেন, কিম— পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যা সাদরে গ্রহণ করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট দপ্তরের প্রভাবশালী এ কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের উত্তর কোরিয়া সফর আয়োজন করার আগে তারা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পিয়ংইয়ংয়ে পাঠাবেন।

পুতিন যদি উত্তর কোরিয়ায় যান, তাহলে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশটিতে এটি তার দ্বিতীয় সফর হবে। ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। অপরদিকে উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম ২০১৯ সালের পর প্রথমবারের মতো রাশিয়ায় এসেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন কিম। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, যদি পিয়ংইয়ং মস্কোর কাছে অস্ত্র বিক্রির চুক্তি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।




কেরালার নিপাহ ভাইরাসকে কেন ‘বাংলাদেশ ভ্যারিয়েন্ট’ বলা হচ্ছে

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ রাজ্যের বিধানসভায় একটি প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন, যদিও ভারতের কেন্দ্রীয় সরকার বা তাদের সংস্থাগুলো এখনও সেটি নিশ্চিত করেনি।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে বিশেষজ্ঞদের দল ইতোমধ্যেই কেরালাতে গিয়ে পৌঁছেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। মোবাইল ল্যাবরেটরি স্থাপন করে ও বাদুড়দের ওপর জরিপ চালিয়ে তারা ভাইরাসটির প্রকৃতি ও ধরন নিশ্চিত করতে চাইছেন।

কেরালা সরকার জানাচ্ছে এই দফায় তাদের রাজ্যে ভাইরাসের যে ধরন বা ভ্যারিয়েন্টটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেটির সঙ্গে বাংলাদেশ ভ্যারিয়েন্টের মিল আছে। সে কারণেই ‘বাংলাদেশ ভ্যারিয়েন্ট’ বলা হচ্ছে।

নামে বাংলাদেশ থাকলেও কোনো বাংলাদেশির থেকে এই ভাইরাস ছড়িয়েছে— বিষয়টি এমন নয়। কেরালার থোনাক্কালে ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ভাইরোলজির প্রধান ই শ্রীকুমার বলেন, আক্রান্ত এলাকায় কনট্যাক্ট ট্রেসিংয়ের কাজ চলছে, তবে বাংলাদেশ থেকে আগত কারও মাধ্যমে কেরালাতে ওই ভাইরাস ছড়িয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে না। ভাইরাসের ধরনটির সঙ্গে নিপাহর বাংলাদেশ ভ্যারিয়েন্টের প্রচুর মিল আছে বলেই সেটিকে ওই নামে শনাক্ত করা হচ্ছে।

কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এই বাংলাদেশ ভ্যারিয়েন্ট নিপাহ্ ভাইরাসের বৈশিষ্ট্য মূলত তিনটি।

প্রথমত, এটি মানুষ থেকে মানুষে ছড়ানোর ক্ষমতা রাখে।

দ্বিতীয়ত, এই ভ্যারিয়েন্টের সংক্রমণে মর্টালিটি রেট, অর্থাৎ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি।

তৃতীয়ত, এটি কিন্তু তেমন সংক্রামক নয় – সুতরাং ইনফেকশন খুব একটা দ্রুত বেগে ছড়ায় না।

কেরালায় গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে চতুর্থবার নিপাহ্ ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটল, যার মোকাবিলায় রাজ্য সরকার এবার শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে।




কোথায় হারিয়ে গেলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী?

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  গত তিন সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে। তিনি কোথায় আছেন, কী করছেন এ নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। প্রভাবশালী এ মন্ত্রী হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তা নিয়ে চলছে আলোচনা।

তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের চিরপ্রতিদ্বন্দ্বি দেশ যুক্তরাষ্ট্র ধারণা করছে, লি সাংফুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

অপর একটি কূটনৈতিক সূত্র বলছে, ৬৫ বছর বয়সী লি সাংফুকে গৃহবন্দি করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে হঠাৎ করে এমন হারিয়ে যান চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। পরবর্তীতে জানানো হয়, গ্যাংকে বরখাস্ত করা হয়েছে।

লি সাংফুকে সর্বশেষ কবে-কোথায় দেখা গিয়েছিল?

লি-কে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ২৯ আগস্ট। সেদিন বেইজিংয়ে অনুষ্ঠিত আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দিয়েছিলেন তিনি।

এর আগে গত ১৫ আগস্ট রাশিয়ার রাজধানী মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। এর দুই দিন পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাকে।

লি সাংফু কোথায় আছেন

লি সাংফু এমন সময় আড়ালে চলে গেলেন, যখন ঠিক একইভাবে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রকেট ফোর্সের প্রধানও হঠাৎ করে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়।

লি সাংফুর ‘নিখোঁজ’ থাকার বিষয়টি প্রকাশ্যে আসে যখন ভিয়েতনামে গত ৭-৮ সেপ্টেম্বর একটি নিরাপত্তা সম্মেলনে তার অংশগ্রহণ স্থগিত করা হয়। বার্তাসংস্থা রয়টার্স ওই সময় ভিয়েতনামের দু’জন কর্মকর্তার বরাতে জানিয়েছিল, চীন তাদের জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ‘অসুস্থ’ এ কারণে তার সফর স্থগিত করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রাহম এমানুয়েল মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) চীনের প্রতিরক্ষামন্ত্রীর আড়ালে থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর আজ শুক্রবার তিনি জানিয়েছেন, লি-কে তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না এবং তাদে গৃহবন্দি করা হয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘এ ব্যাপারে তারা অবগত নয়।’