এক মাসেই ত্বক সুন্দর করার উপায়

চন্দ্রদীপ ডেস্ক: সুন্দর ত্বক পাওয়ার জন্য নানাজনের থাকে নানা প্রচেষ্টা। কেউ এই পার্লার, সেই পার্লার ঘুরে হাজার হাজার টাকা খরচ করে স্কিন ট্রিটমেন্ট নেন। কেউ আবার বিভিন্ন দামী প্রোডাক্ট কিনে এনে বাড়িতেই যত্ন নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনার ত্বক সুন্দর করার জন্য এসবের দরকার নেই। এর বদলে বাড়িতে বসে মাত্র তিনটি কাজ নিয়মিত করতে পারলেই ত্বক সুন্দর হবে। সেজন্য আপনাকে মেনে চলতে এই উপায়গুলো-

ক্লিনজিং: উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন? এর জন্য আপনাকে করতে হবে সঠিক ক্লিনজিং। দিনে দুইবার মুখ পরিষ্কার করার প্রয়োজন হবে। আপনি যদি মাত্র একমাস এই নিয়মটি মেনে চলতে পারেন তবে হাতেনাতে ফল পাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর একবার রেগুলার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর আবার দিনশেষে বাড়ি ফিরেও এই নিয়মটি মেনে চলুন। ক্লিনজিং করার জন্য পরিমাণমতো ক্লিনজার মুখে লাগিয়ে নিন এবং ভালো করে মাসাজ করুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টোনার: কোনো কারণে আমাদের ত্বকের ভারসাম্য নষ্ট হয়ে গেলে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। হয়তো ত্বক রুক্ষ হয়ে যায় বা হঠাৎ তৈলাক্ত হয়ে ওঠে। আমাদের ত্বকের এই পিএইচ ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টোনার। বিশেষজ্ঞরা বলেন, রূপচর্চার রুটিনে টোনারের নাম থাকে না অনেকের ক্ষেত্রেই। অনেকে আবার এর ব্যবহার জানেন না। ক্লিনজিং করার পরে একটি কটন প্যাডে টোনার নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। কটন প্যাড ত্বকের উপরে ঘষবেন না। সকালে এবং রাতে দুইবার এভাবে টোনার ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত থাকবেন।

ময়েশ্চারাইজিং: ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং-এর গুরুত্ব অনেক। টোনার ব্যবহারের পরবর্তী ধাপ হলো ময়েশ্চারাইজিং। সকালে বাইরে বের হওয়ার আগে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্য়ই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। আপনার ত্বক শুষ্ক ধরনের হলে জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। তবে আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে ত্বকের যেকোনো যত্ন নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।




হিজলায় উপজেলা নির্বাহী অফিসার এর মত বিনিময় সভা

 

বরিশাল অফিস: বরিশালের হিজলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় করেছেন। সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাবাদিকগন হিজলা উপজেলার নানান সমস্যাগুলো তুলে ধরেন এবং এর সমাধানে পরামর্শ প্রদান করেন। নবাগত নির্বাহী অফিসার সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা ও সমাধানের পথ নোট করেন। তিনি বলেন এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ দাপ্তরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ যোগে কাজ করবেন এবং পারস্পারিক সহযোগিতা কামনা করেন। কিছু দাবি দাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, সুমনুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরনবী, আবদুল আলীম, মামুন তালুকদার, সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম, সাংবাদিক মাহাবুবুল আলম সুমন, কাজী মহসিন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল ১০টা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।




বাউফলের এলসিএস কর্মীদের চেক বিতরণ

 

বরিশাল অফিস: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন পল্লী সড়ক, কালভার্ড মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ৩ টি রাস্তায় প্রাপ্ত এলসিএস ৪০ জন কর্মীদের মাঝে ৩২ লক্ষ ৭৫ হাজার সাতশত টাকার চেক বিতরণ করা হয়।

আজ (২৫ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩ ঘটিকায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আলহাজ¦ আ,স,ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিএস কর্মীদের মাঝে চেক বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন, নওমালা ইউ পি চেয়ারম্যান এড, কামাল হোসেন, আদাবাড়িয়ার চেয়ারম্যান মঞ্জুরুল আলম, সাবেক জেলা পরিষদ সদস হারুন অর রশিদ খান, প্রেসক্লাব বাউফল সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, এলসিএস সদস্য ও এলজিইডির কর্মকর্তা কর্মচারী বৃন্ধ প্রমুখ।




আমতলীতে নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ

 

বরিশাল অফিস: বরগুনার আমতলী পৌর শহরের প্রাথমিক বিদ্যালয়ের এক পুরুষ শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী আরেক নারী শিক্ষককে যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এঘটনা এভাবে চলতে থাকলে আফরোজ জাহান তানিয়া আত্মসম্মান বাঁচাতে আত্মহত্যারও হুমকি প্রদান করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ২নং ওয়ার্ডে অবস্থিত আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম বিদ্যালয় চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ের আরেক সহকর্মী নারী শিক্ষক আফরোজা জাহান তানিয়াকে একা পেয়ে প্রায়ই নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। এ ঘটনায় আফরোজ জাহান তানিয়া সহকর্মীর এধরনের আচরনে বিব্রত হলেও লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চুপ করে থাকেন।

একপর্যায়ে মাইনুলের যৌন হয়রানির মাত্রা বৃদ্ধি পাওয়ায় গত ২১ সেপ্টেম্বর আফরোজ জাহান তানিয়া সহকর্মী মাইনুলের বিরুদ্ধে যৌন হয়রানির বিচার চেয়ে বরগুনা জেলা শিক্ষা অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তানিয়া এঘটনা এভাবে চলতে থাকলে আত্মসম্মান বাঁচাতে তিনি আত্মহত্যার হুমকি প্রদান করেন। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস নিশ্চিত করেন।

লিখিত অভিযোগের পর বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে। সদস্য করা হয়েছে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আল আমিনকে।

যৌন হয়রানির শিকার আমতলী হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজ জাহান তানিয়া বলেন, একই বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক মাইনুল ইসলাম বিদ্যালয়ে আমাকে একা পেলেই নানা ধরনের অঙ্গ ভঙ্গি করে অশালীন কথাবার্তা বলত এবং কুপ্রস্তাব দিত। প্রথম দিকে সহকর্মী ভেবে কিছু না বললেও দিন দিন তার মাত্রা বেড়ে যায় এবং এ থেকে তাকে নিবৃত্ত থাকতে বললেও তার মাত্রা আর বেড়ে যায়। একপর্যায়ে বাধ্য হয়ে আমি মাইনুলের বিরুদ্ধে অভিযোগ দেই। মাইনুল শুধু আমাকেই নয় বিদ্যালয়ের ৫ম শ্রেণির নারী শিক্ষার্থীদেরকে যৌন হয়রানি করত। অনেক মেয়েকে অভিভাবকরা মাইনুলের ভয়ে এখান থেকে অন্যত্র নিয়ে গেছে। আমি এঘটনা সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন মাইনুলের এঘটনা এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না।

অভিযুক্ত সহকারী শিক্ষক মাইনুল ইসলাম সহকর্মী শিক্ষীকাকে যৌন হয়রানি বিষয়টি অস্বীকার করে বলেন, এধরনের অভিযোগ আমার বিরুদ্ধে কেন করা হয়েছে তা আমি জানি না। আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান বলেন, এ বিষয়ে সাংবাদিকদের সাথে কিছু বলবো না যা বলার তদন্ত কমিটির সামনে বলবো।

আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আমতলী একেহাইসংলগ্ন সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজ জাহান তানিয়াকে আরেক সহকর্মী শিক্ষক মাইনুল ইসলাম যৌন হয়রানি করার বিষয়ে লিখিত অভিযোগের পর বরগুনার জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
চিঠি হাতে পেয়েছি। খুব দ্রুত তদন্ত কাজ শুরু করা হবে।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, লিখিত অভিযোগের পর আমতলী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




আমতলীতে প্রতিবন্ধীরা পেল উপবৃত্তির টাকা

 

বরিশাল অফিস: আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে ৭ হাজার ২শ’ টাকা করে মোট শিক্ষা উপবৃত্তির ৮৬ হাজার ৪শ’টাকা বিতরন করা হয়েছে।

নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানী ফন্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমন্টে- সিডিডির কারগড়ি সহযোগিতায় এনএসএস এ টাকা বিতরন করে। রোববার সকাল ১০টায় এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে টাকা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত টাকা বিতরন সভায় বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহীদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম।




আমতলীতে জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬

 

বরিশাল অফিস: আমতলীর কুকুয়া ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামে রোববার দুপুরে বিরোধীয় জমিতে ধানের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের শাহ আলম মুসুল্লী ও আনোয়ার হোসেন ফকিরের মধ্যে ৯০ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

বিরোধীয় ওই জমি দখলে নিতে আনোয়ার হোসেন ফকির রোববার দুপুরে জোর করে ধানের বীজ লাগতে জায়। এ সময় খবর পেয়ে শাহ আলম মুসুল্লী বাধা দিলে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়ে দা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৬জন আহত হয়। আহতরা হল শাহ আলম মুসল্লী, স্ত্রী মমতাজ বেগম, ছেলে ওমর ফারুক, নসির আকন, বেল্লাল আকন ও অনোয়ার হোসেন ফকির। আহতদেরকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

শাহ আলম মুসল্লী অভিযোগ করে বলেন, আমার জমিতে আনোয়ার হোসেন ফকির জোর করে দখলে নেওয়ার জন্য ধানের বীজ লাগাতে জায় আমি বাধা দিলে আমার উপর হামলা করে ৫জনকে আহত করেছে।

আনোয়ার হোসেন ফকির হামলার কথা অস্বীকার করে বলেন, আমার ক্রয় করা সম্পত্তি জোর করে শাহ আলম মুসল্লী দখল করে রেখেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকার ট্রাফিক সিগন্যালে এআই, সাদা দাগ পার হলেই অটো মামলা

যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়েছে এ উদ্যোগ। ডিএনসিসির তথ্য বলছে, গত এক মাস এ এলাকার গাড়ি চলাচল পর্যবেক্ষণ করে যে তথ্য পাওয়া গেছে সেটা ভয়াবহ। আইন ভেঙেছে তিন লাখ বাহন। সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে আইন ভঙ্গের হার বলছে, এ সিস্টেম চালু হলে রাজধানীজুড়ে একদিকে ভয়াবহ যানজট কমবে, অন্যদিকে যত্রতত্র পার্কিং কিংবা ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতাও কমবে। স্বয়ংক্রিয়ভাবে তখন সিগন্যাল সিস্টেমে আসবে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরে যেভাবে প্রতিদিন গাড়ির সংখ্যা বাড়ছে সেভাবে ঢাকার রাস্তা বাড়ছে না। বরং অনেকাংশে রাস্তা কমছে। যানজটের কারণে অর্থনৈতিক ক্ষতি যেমন হচ্ছে তেমন কর্মঘণ্টাও বাড়ছে। ঢাকা শহরে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক ছুটির দিনেও রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না হলে ঢাকার যতই উন্নয়ন হোক না কেন তা কাজে আসবে না। পুলিশ সদস্যরা হাত দিয়ে যে ট্রাফিক সিগন্যাল দিতেন এআই চালু হলে সেটা আর দেওয়া লাগবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিসংখ্যান বলছে, শুধু ঢাকা শহরে ২০২০ সালে নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ ১৮ হাজার ২৫৪টি, ২০২১ সালে এক লাখ ৫০ হাজার ৫৬১টি, ২০২২ সালে রেজিস্ট্রেশন হয়েছে এক লাখ ৭৪ হাজার ৮১২টি এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে ৮৭ হাজার ৩৬২টি।

 

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ঢাকায় সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে মোটরসাইকেল, এক লাখ ২০ হাজার ৮৪৮টি। এরপরে রয়েছে প্রাইভেটকার ১৪ হাজার ৯৪৬টি, জিপ গাড়ি ৯ হাজার ৩৫০টি এবং মাইক্রোবাস রেজিস্ট্রেশন হয়েছে ৬ হাজার ৬৯৫টি।

অর্থাৎ, বিআরটিএর পরিসংখ্যানেই দেখা যায়, প্রতি বছর ঢাকা শহরে হু হু করে বাড়ছে গাড়ির সংখ্যা। কিন্তু সেই তুলনায় তৈরি হচ্ছে না নতুন রাস্তা। বিআরটিএর রেজিস্ট্রেশন ছাড়াও ঢাকা শহর দাঁপিয়ে বেড়াচ্ছে আরও অনেক গাড়ি।

ঢাকার বেশকিছু সড়কে সরেজমিনে দেখা যায়, হাত দিয়ে ট্রাফিক পুলিশ গাড়ি থামার সিগন্যাল দেওয়ার পরেও অনেক গাড়ি সিগন্যাল ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করে। অনেক সময় ট্রাফিক পুলিশের সদস্যরা দৌড়ে গিয়ে মামলা দেন, আবার অনেক সময় চালক পালিয়ে গেলে মামলা দেওয়া সম্ভব হয় না।

সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিগন্যাল মেনটেন্যান্স সরঞ্জাম, সিসি ক্যামেরা, ইমেজ ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও অন্য সরঞ্জমাদি দিয়ে এই সিস্টেম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রতিটি পয়েন্ট এআই-এর আওতায় আনা হবে।

গুলশান-২ নম্বর সিগন্যালে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, লালবাতি জ্বলা অবস্থায় সাদা দাগ অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা হবে। এ প্রযুক্তির ফলে অনেকেই সচেতন হয়েছেন। এতে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা কমে আসবে ৯৯ শতাংশ। লালবাতি জ্বলা মাত্র সবাই সতর্ক হয়ে যাবেন। এই আধুনিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের কষ্টও কমে আসবে অনেকাংশে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ জাগো নিউজকে বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের একদিকে যেমন কাজের চাপ কমবে অন্যদিকে এই সিস্টেমের আওতায় আনতে পারলে ঢাকার যানজটও কমে আসবে।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল মোমেন জাগো নিউজকে বলেন, গুলশান-২ নম্বর সিগন্যালে পরীক্ষামূলকভাবে সিটি করপোরেশন এ পদ্ধতি চালু করেছে। তবে আগে যে টাইমিং সিস্টেম ছিল সেটি এখন আর নেই। ফলে সাধারণদের মধ্যে কিছুটা লাল, হলুদ আর সবুজ বাতি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রাফিক সদস্যদেরও কাজের পরিধি বেড়েছে। তবে ইন্টেলিজেন্স ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তিসম্পন্ন এআই সিস্টেম ঢাকা শহরের একযোগে সবকয়টি পয়েন্টে চালু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে। কারণ রাজধানীর প্রতিটি সড়ক একটির সঙ্গে আরেকটি লিংক।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা জাগো নিউজকে বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। এই কমিটি একটি প্রতিবেদন দাখিল করবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এআই প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক ব্যবস্থাপনা চূড়ান্ত হবে। এটি প্রাথমিকভাবে চালু হবে গুলশানসহ ১৭টি পয়েন্টে।




কলাপাড়ায় দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট ও ড্রেনেজ সংষ্কার বন্ধ

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে পাবলিক টয়লেট ও ড্রেনেজ সংস্কারের অভাবে বাজার ব্যাবসায়ীদের ভোগান্তির শেষ নেই। বাজারের দুই প্রান্তে দুটি পাবলিক টয়লেট থাকলেও দীর্ঘদিন ধরে তার সংষ্কার কাজ বন্ধ রয়েছে। অপরদিকে বাজারের একটি টোল ঘর ও ড্রেন লাইন আটকে ঘর তুলে বসবাস করছে কতিপয় অসাধু ব্যক্তি। ফলে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও পানি নিষ্কাশনের অভাবে অল্প বৃষ্টিতে জমে থাকে পানি। অতিদ্রæত টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার করে বাজারটিকে একটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি।

জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতী বাজারটি প্রায় একশ বছরের পুরনো একটি বাজার। পায়রা পোর্ট ও শের-ই-বাংলা নৌঘাঁটি’র মতো দুটি মেঘা প্রজেক্ট এখানে স্থাপন করায় এ বাজারের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। সম্প্রসারণ করা হয়েছে রাস্তাঘাট। কিন্তু দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার সংষ্কার না হওয়ায় বাজারে এখন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন স্থানীয় একাধিক ব্যবসায়ী।




শ্রেণী কক্ষে ক্লাস নিলেন কাউখালীর ইউএনও

বরিশাল অফিস: পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা রোববার সকালে (২৪ সেপ্টেম্বর) তাৎক্ষণিকভাবে উপজেলা সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন। এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেন।

বিদ্যালয় এর প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,ভালো ছাত্রদের যেমন খোঁজখবর নেন তেমনি দুর্বল ছাত্রদের যতœ সহকারে খোঁজখবর নিতে হবে। আপনাদের কাছে সকল শিক্ষার্থী সমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শিক্ষক হল জাঁতি গড়ার কারিগর। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোল্লা সহ শিক্ষকবৃন্দ।




গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের লেকচার দিতে না করলেন গিনির জান্তা

চন্দ্রদীপ ডেস্ক : গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করতে বলেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির জান্তা শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তার দাবি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না। এমনকি নিজের দেশে সামরিক হস্তক্ষেপের পক্ষেও কথা বলেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেন গিনির জান্তা নেতা কর্নেল মামাদি ডুমবুইয়া। সেসময় তিনি বলেন, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া শাসন মডেলের কারণে আফ্রিকা মহাদেশ ভুগছে। এর ফলে আমরা আফ্রিকানরা বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছি না।

তিনি আরো বলেন, এখন সময় এসেছে, আফ্রিকানদের উদ্দেশে লেকচার দেওয়া বন্ধ করার ও আমাদের সঙ্গে শিশুর মতো অবজ্ঞাসুলভ আচরণ না করার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির তত্কালীন প্রেসিডেন্ট আলফা কনডেকে ক্ষমতাচ্যুত করেন ও নিজে ক্ষমতা গ্রহণ করেন কর্নেল ডুমবুইয়া। জাতিসংঘের অধিবেশনে তার এ পদক্ষেপের পক্ষেও কথা বলেন তিনি। তার দাবি, গিনিকে বিশৃঙ্খলা থেকে বাঁচাতেই সামরিক অভ্যুত্থান করা হয়েছিল।

জানা যায়, দুই বছর আগে সামরিক অভ্যুত্থানের খবরে গিনির রাজধানী কোনাক্রিতে উত্তেজিত জনতা সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছিল। কারণ প্রেসিডেন্ট কনডেকে ক্ষমতাচ্যুত করায় অনেকেই স্বস্তি পেয়েছিল। কিন্তু আঞ্চলিক নেতারা গিনিকে বেসামরিক শাসনে ফিরে আসার আহ্বান জানায় ও সামরিক বাহিনীর দখলের কারণে আঞ্চলিক জোট ইকোওয়াসে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়। গত বছর কর্নেল ডুমবুইয়া ইকোওয়াসের সঙ্গে আলোচনার পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য একটি সময়সূচি ঘোষণা করেন। কিন্তু তার পরও দেশটিতে নির্বাচন আয়োজনের কোনো লক্ষণ দেখা যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে গিনিসহ মালি, বুরকিনা ফাসো, নাইজার ও গ্যাবনের মতো পশ্চিম-মধ্য আফ্রিকার বেশ কয়েকটি দেশে সেনা অভ্যুত্থান ঘটেছে। আর সবগুলো অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ।