মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনই চাকরি গেল অন্তঃসত্ত্বা গুগল কর্মীর!

চন্দ্রদীপ ডেস্ক : গত কয়েক মাসে বড় বড় প্রযুক্তি সংস্থা ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সব মিলিয়ে ছবিটা মোটেই আশাপ্রদ দেখাচ্ছে না এই মুহূর্তে। এবার গুগলের যে ছবি সামনে এল তা যেন গোটা পরিস্থিতিটাই তুলে ধরছে। গত বুধবারই বহু কর্মীকে ছাঁটাই করেছে গুগল। এবার টেক জায়ান্টের এক অন্তঃসত্ত্বা কর্মী জানালেন, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ই তাঁকে ছাঁটাই করা হয়েছে। নিকোল ফোলি নামের ওই মহিলার পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।

লিঙ্কডিনে একটি পোস্টে নিকোল জানিয়েছেন, গত সাড়ে ১২ বছর ধরে তিনি গুগলে (Google) কর্মরত। কিন্তু মাতৃত্বকালীন ছুটিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই তিনি অত্যন্ত হতাশ ও বিষণ্ণ। ১০ মাসের অন্তঃসত্ত্বা তরুণী অবশ্য এও জানিয়েছেন, তিনি গুগলের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তাঁর সহকর্মীদের কাছেও। যাঁদের তিনি বন্ধু নয়, আত্মীয় মনে করেন।

তবে এত কিছুর মধ্যেও নিকোল আশা ছাড়তে রাজি নন। তিনি লিখেছেন, ‘আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামীতে আমার জন্য কী রয়েছে, তা জানতেও আমি উন্মুখ।’ তাঁর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন বহু নেটিজেন। সেই সঙ্গে নিজেদের জীবনেও এমন অভিজ্ঞতা ঘটে থাকলে তা সেখানে লিখেছেন অনেকেই। সকলেই নিকোলকে বলেছেন হাল না ছাড়তে। ভাইরাল হয়ে গিয়েছে ওই পোস্টটি।




এলিয়েন খুঁজে পাওয়া ‘সময়ের ব্যাপার মাত্র’ কেন বলছেন বিজ্ঞানীরা?

চন্দ্রদীপ ডেস্ক : মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা, অনেক বিজ্ঞানী এখন আর সে প্রশ্ন করেন না। বরং তাদের প্রশ্ন হচ্ছে, কবে সেই প্রাণের খোঁজ মিলবে? বিজ্ঞানীদের কেউ কেউ আশাবাদী যে, আমাদের জীবদ্দশায়, আগামী কয়েক বছরের মধ্যেই হয়ত দূরের কোন গ্রহে জীবনের সন্ধান পাওয়া যাবে।

বৃহস্পতি গ্রহে মিশন পরিচালনা করছেন, এমন একজন বিজ্ঞানী আরও একধাপ এগিয়ে বলছেন, বরফে ঢাকা এই গ্রহে কোন প্রাণ না থাকলে সেটাও হবে অবাক হওয়ার মতো ব্যাপার।

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরের একটি গ্রহে জীবন থাকা সম্পর্কে ইঙ্গিত শনাক্ত করেছে। সেখানে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে বলে নাসা ধারণা করছে।

পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ পাওয়া হবে সর্বকালের সর্ববৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার। সেজন্য এর মধ্যেই বেশ কিছু মিশন শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে।

স্কটল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ক্যাথরিন থেইম্যানস বলেন, “অসীম নক্ষত্র এবং গ্রহের একটি মহাবিশ্বে আমরা বসবাস করি। সেখানে অবশ্যই আমরাই শুধু একমাত্র বুদ্ধিমান প্রাণী হতে পারি না।”

“এই মহাবিশ্বে আমরাই একা আছি কিনা, সে প্রশ্নে উত্তর খোঁজার মতো প্রযুক্তি এবং ক্ষমতা এখন আমাদের আছে,” তিনি বলেন।

তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, পাঁচ বছরের মধ্যে মহাবিশ্বের জীবন সম্পর্কে আমাদের বোঝাপড়ার ‘একটি বড় পরিবর্তন’ হবে।

কিন্তু যদি এই গ্রহের জীবনের খোঁজ পাওয়া না যায়, তাহলে বিজ্ঞানীদের এই দলের তালিকায় আরও ১০টি গোল্ডিলক্স গ্রহ রয়েছে, যেগুলো নিয়ে তারা গবেষণা করবেন।

এরপরেও আরও কিছু গ্রহের তালিকা রয়েছে তাদের কাছে।

মহাবিশ্বে জীবনের সন্ধানে যেসব গবেষণা চলছে, তার এই প্রকল্প সেগুলোর মধ্যে একটি মাত্র।

অন্য প্রকল্পগুলোর কিছু কিছু সৌরজগতের অন্য গ্রহগুলোয় প্রাণের সন্ধান করছে। আবার কিছু প্রকল্পে নজর দেয়া হচ্ছে মহাকাশের আরও গভীরে।

নাসা ২০৩০ সাল নাগাদ ‘হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি (এইচডব্লিউও) বা বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার একটি অনুসন্ধান কেন্দ্র চালু করার পরিকল্পনা করছে।

সেখানে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর মতো গ্রহগুলোর বায়ুমণ্ডল চিহ্নিত করতে এবং পর্যালোচনা করতে সক্ষম হবে।

চিলির মরুভূমি থেকে সেটা আকাশের দিকে তাকিয়ে থাকবে।

অন্য টেলিস্কোপগুলোর তুলনায় সেটিতে বড় আকারের আয়না থাকবে, ফলে সেটি গ্রহগুলোর বায়ুমণ্ডল আরও ভালোভাবে দেখতে পারবে।

এগুলো এতই অবিশ্বাস্য শক্তিশালী যে, শত শত আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি গ্রহের বায়ুমণ্ডল থেকে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শনাক্ত করতে পারে।

সূত্র বিবিসি বাংলা।




ইলন মাস্কের দায়িত্ব নেয়ার পর থেকে কমছে এক্স ব্যবহারকারীর সংখ্যা

চন্দ্রদীপ ডেস্ক : টুইটার মালিক হওয়ার পর থেকেই নানা ধরনের বদল ঘটিয়ে চলেছেন মাস্ক (Elon Musk)। ব্লু টিকের জন্য আলাদা খরচ নেওয়া থেকে লোগো বা ব্র্যান্ডের নাম বদলানো- নানা এক্সপেরিমেন্ট করেছেন তিনি। কিন্তু এত কিছু করেও ইউজার বাড়াতে পারেননি। বরং লাফিয়ে কমছে সংখ্যা। এমনটাই দাবি সংস্থার সিইও লিন্ডা ইয়াক্কারিনোর।

ঠিক কী জানিয়েছেন তিনি? এক সংবাদমাধ্যমকে দেওযা সাক্ষাৎকারে তাঁর দাবি, এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই দৈনিক অ্যাক্টিভ ইউজার সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে এক্স হ্যান্ডলে। একধাক্কায় ২৫৪.৫ মিলিয়ন থেকে তা কমে দাঁড়িয়েছে ২২৫ মিলিয়নে। অর্থাৎ সব মিলিয়ে ১১.৬ শতাংশ হ্রাস পেয়েছে ইউজার সংখ্যা। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় কম। ২০২২ সালে ইউজার সংখ্যা কমেছিল ১৫ মিলিয়ন। এবারে সেই পরিমাণ শতাংশের হিসেবে ৩.৭ শতাংশ কম।­

কিন্তু এ পরিস্থিতিতেও আশার আলো দেখছেন সংস্থার সিইও। এক্সের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনদাতাদের মধ্যে ৯০ শতাংশই গত ১২ সপ্তাহের ফিরে এসেছে। ২০২৪ সালের মধ্যে বিপুল লাভের স্বপ্ন যে তাঁরা দেখছেন তা জানিয়েছেন লিন্ডা।




সফলতার জন্য ‘টার্গেট’ নাকি ‘হ্যাবিট’ কোনটা গুরুত্বপূর্ণ?

লতিফুর রহমান: ছোটবেলায় পড়েছিলাম নির্দিষ্ট লক্ষ্য না থাকা মানে হচ্ছে লক্ষ্যহীন নৌকার মতো। অর্থাৎ ‘এইম ইন লাইফ’ ছাড়া জীবনে সফলতা সম্ভব না। অথচ লেখক জেমস ক্লিয়ার এটা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বললেন,

১. একই লক্ষ্য থাকার পরও খেলাধুলায় কেউ বিজয়ী ও কেউ পরাজিত হয়। তাহলে নির্দিষ্ট লক্ষ্য ছাড়াও আরও কিছু রয়েছে যা সফলতার ক্ষেত্রে ভূমিকা রাখে।

২. লক্ষ্য অর্জনের পর মানুষ হতাশায় ভুগে। কারণ লক্ষ্য অর্জনের পর কী করবে সেটা বুঝতে পারে না। অলিম্পিকে সোনা জিতে অনেকের নাকি এমন দশা হয়েছে।

৩. অনেক সময় লক্ষ্য অর্জনের পর সেটা ধরে রাখা সম্ভব হয় না। যেমন- পরীক্ষার আগে রাতদিন পড়াশোনা করি কিন্তু পরীক্ষা শেষে বই আর ছুয়েও দেখি না। বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজ পড়ি। বিপদ কেটে যেতেই আল্লাহকে ভুলে যাই।

৪. প্রতিবার আমার লক্ষ্য থাকে ঘর পরিস্কার রাখা। তাই কিছুদিন পরপর সময় নিয়ে পরিশ্রম করি। এর মানে হচ্ছে রেজাল্টকে সমস্যা মনে করছি। অথচ যেই অপরিস্কার অভ্যাসের কারণে ঘর নোংরা হয় সেটাকে সমস্যা মনে করা উচিত।

এজন্য লক্ষ্য অর্জনের চাইতে অভ্যাসকে বেশি গুরুত্ব দিয়েছেন লেখক জেমস ক্লিয়ার।

এদিকে আরেক জনপ্রিয় লেখক সাইমন সিনেক বলেন, Goal বা লক্ষ্য থাকার যে সীমাবদ্ধতা রয়েছে সেটার সমাধান হচ্ছে ‘ভিশন’।

গোল হচ্ছে এমন বিষয় যেটার নির্দিষ্ট মাইলস্টোন রয়েছে। কিন্তু ভিশনের কোনো মাইলস্টোন নেই। যেমন ডাক্তার হয়ে মানুষের উপকার করা। দোকানদারের ভিশন হচ্ছে ক্রেতার কাছে সর্বদা কোয়ালিটি পণ্য বিক্রি করা। অর্থাৎ মরণের আগ পর্যন্ত ভিশনের পেছনে মানুষ ছুটবে।

তাই আগামী একমাসে ৩ কেজি ওজন কমাবো এটা হচ্ছে গোল। কিন্তু ভিশন হচ্ছে সর্বদা সুস্থ থাকা। ফলে ওজন টার্গেটের মধ্যে এলেও সর্বদা স্বাস্থ্যকর ও পরিমিত খাওয়ার অভ্যাস তৈরি হবে।

তাদের কথাবার্তা থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে গোল, ভিশন ও অভ্যাস সবই গুরুত্বপূর্ণ। একেক বিষয় একেক রকম উপকারের জন্য।

শেষ করছি জেমস ক্লিয়ারের একটা কথা থেকে। তিনি বলছেন, মানুষ যদি প্রতিদিন শতকরা এক ভাগ উন্নতি করে তাহলে বছর শেষে তার ৩৭ গুণ উন্নতি হবে।

তাই আসুন, নিজের ভিশন ঠিক করি। সেটাকে ভেঙে ছোট ছোট টার্গেট সেট করি এবং দিনে দিনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলি।




পটুয়াখালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

মো: আল-আমিন (পটুয়াখালী): ‘উপকূলের সংগ্রামে বহমান’, এই স্লোগান নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) জন্মদিনে উন্নয়ন সহযোগী, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং কোডেকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বশাক বাজার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে আলোচনা সভায় সহকারী পরিচালক রাশেদুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহান।

সিনিয়ার জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কোডেকের পটুয়াখালী অঞ্চলের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. সালাউদ্দিন, এ্যাড. আনোয়ার পারভেজ, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, প্রোগ্রাম অফিসার তছলিম ওয়াহিদ, এরিয়া ম্যানেজার শেখ ইসমাইল। কোডেক প্রশিক্ষণ প্রদৗপ কুমার রায়, জোনাল অ্যাকাউন্টস গোলাম কিবরিয়াসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। শেষে কোডেক সাংস্কৃতিক সংগঠক বাদল রহমানের পরিচালনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ স্বাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কোডেকের সহকর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক আইজীবী সুধীজন উপস্থিত ছিলেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ১৯৮৫ সাল থেকে অদ্যবধি সুনামের সাথে কাজ করে আসছে।




কুয়াকাটার পর্যটকদের নতুন আকর্ষণ রাখাইন জাদুঘর

মো: আল-আমিন (পটুয়াখালী): রাখাইনদের জীবন ও সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরতে কুয়াকাটায় নির্মাণ হয়েছে রাখাইন জাদুঘর। এখানে রাখাইন সম্প্রদায়ের ব্যবহারের হাজার বছর আগের তৈজসপত্রসহ নানান শিল্পকর্ম স্থান পেয়েছে। যা দেখতে ভিড় করছেন কুয়াকাটায় বেড়াতে আাসা পর্যটকরা।

রাখাইন জাদুঘর উদ্বোধনকে ঘিরে উৎসবমুখর ছিলো গোটা মিশ্রিপাড়া। সাংস্কৃতিক নানা আয়োজন উপভোগ করতে ভিড় জমায় নানা ধর্ম-বর্ণের মানুষ।

প্রথম ধাপে, রাখাইনদের ব্যবহারের ২০ ধরনের উপকরণ আর তার স্থিরচিত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। রয়েছে রাখাইন ভাষায় তালপাতায় লেখা পুঁথি, সেগুন কাঠের বাক্সসহ বিভিন্ন ধরনের পাত্র। পশুর হাড় দিয়ে তৈরি অস্ত্র, পিতলের ঘণ্টা, হরিণের চামড়াসহ নানান জিনিস। দেয়ালে আঁকা হয়েছে রাখাইনদের প্রথম রাজা চন্দ্রসূর্য ও শেষ রাজা মহাথামান্দার ছবিও।

দর্শনার্থীরা বলছেন, এর মাধ্যমে তারা রাখাইন জনগোষ্ঠীর জীবনযাপন সম্পর্কে জানতে পারছেন।

মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত ও জাদুঘর নির্মাণের উদ্যোক্তা জানান, এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে।
মিশ্রি পাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, আমরা আসা করছি সামনে আরও পর্যটক জাদুঘরে আসতে উৎসাহী হবে।

জাদুঘরের প্রতিষ্ঠাতা রাখাইন মং লাচিং বলেন, রাখাইনদের সংস্কৃতির সাথে অন্যদের পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জাদুঘরে রাখাইন সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ থাকছে। তিনি বলেন, কুয়াকাটায় যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন- তারা সহজেই এ জাদুঘর ঘুরে রাখাইনদের সম্পর্কে জানতে পারবেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ জানান, জাদুঘরের নিরাপত্তায় যতোটুকু নিরাপত্তা দরকার- পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে।

১৭৮৪ সালে আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসার ২৩৯ বছর পর পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় দুই শতাংশ জমির উপর নির্মাণ হলো রাখাইন জাদুঘর।




ভোলার চরফ্যাসনে মৃত্যুর চারমাস পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন

বরিশাল অফিস: ভোলার চরফ্যাসনে দাফনের চারমাস পর কবর থেকে নুরজাহান নামের এক অন্তঃস্বত্ত্বা গৃহবধুর লাশ উত্তোলন করা হয়েছে। নিহত গৃহবধুর বাবার দায়েরকৃত হত্যা মামলায় আদালতের নির্দেশে শনিবার সকালে চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেক মুহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার ও শশীভূষণ থানা পুলিশের উপস্থিতিতে রসুলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ উত্তর আইচা গ্রামের ফজলে রহমান পন্ডিত বাড়ির মসজিদের কবরস্থান থেকে ময়না তদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়।

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানাগেছে, ২০০৯ সালে নুরজাহানকে ইসলামি শরীয়া মোতাবেক চরফ্যাসন উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামের আবদুল মালেকের ছেলে মো. জাকির হোসেনের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য স্বামী-স্ত্রী বিরোধ চলে আসছে। স্বামী জাকির হোসেন তাকে প্রায়ই মরধর করতো । এরই মধ্যে জাকির হোসেন ফাহিমা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায়। পরকীয়া প্রেমিকা ফাহিমাকে বিয়ে করার জন্য স্ত্রী নুরজাহানকে স্বামী জাকির হোসেন হত্যা করেছে বলে মামলায় দাবী করেছেন নিহতের বাবা মো. মোস্তফা।

বাদী মো. মোস্তফা বলেন, নুরজাহানকে হত্যা করে ২২দিন পর জাকির হোসেন পরকীয়া প্রেমিকা ফাহিমাকে বিয়ে করে ঘরে এনেছেন এবং নুরজাহানের ছেলে-মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে। নাতিদের মুখে মেয়েকে হত্যার ঘটনা জানতে পারি আমি।

উলেখ্য, চলতি বছরের ১১ মে নুরজাহানের মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে ৫ জুলাই চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী জাকির হোসেন, পরকীয়া প্রেমিকা ফাহিমা, ভাই নুরুল হক, আইয়ুব আলী, বোন সালমা ও নাছিমাকে আসামী করা হয়েছে।

চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেক মুহিদ জানান, আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধুর লাশটি উত্তোলন করা হয়েছে।




সংযোগ সড়ক না থাকায় বরগুনায় সেতুতে উঠতে লাগে সিড়ি : দূর্ভোগে এলাকাবাসী

বরিশাল অফিস : ৮৪ লাখ টাকা ব্যয়ে খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মিত হলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মিত হয়নি। যে কারণে এই সেতুতে সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয়। এতে ভোগান্তিতে পড়েছেন বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া গ্রামেদুই এলাকার শিক্ষার্থীসহ হাজারও মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, এটা সেতু না, যেন পাহাড়। যেখানে উঠতে হয় সিঁড়ি বেয়ে। অথচ ব্রিজের উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলেই ভয় লাগে। এই সেতু পারাপার হয়ে শিশু শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় প্রায়শ.ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির সময় সিঁড়িগুলো খুবই পিচ্ছিল অবস্থায় থাকে পা ফসকে পড়ে গেলেই প্রায় ২০ হাত নিচে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

এমন বাস্তবতায় সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

ঠিকাদার মারুফ রায়হান তপু বলেন, সেতুর কাজ শেষ হয়ে গেছে এখন সংযোগ সড়কের কাজ বাকি আছে। সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে।

বরগুনা তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম বলেন, সেতুর কাজ শেষ হয়েছে তবে সংযোগ সড়কের কাজ শেষ হয়নি তাই ঠিকাদার প্রতিষ্ঠানের বিল দেওয়া হয়নি সেতুর কাজ সম্পন্ন করলে বিল পাবেন।




সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, ছয়জন আহত

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে গ্রুপ পর্বের ম্যাচ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।
ম্যাচ শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা এক সময় মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা।

কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা।
মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।

এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।
তারকা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন―এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এই বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’




ভারী বর্ষণে নিউ ইয়র্কে বন্যা : জরুরি অবস্থা জারি

চন্দ্রদীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে।

আগের রাতে অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল। খবর বিবিসির।

তিনি বলেন, এটি বিপদজ্জনক এবং জীবন বিধ্বংসী ঝড়।

এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয় জনকে উদ্ধার করা হয়েছে।