বরগুনায় এক ঘণ্টার জেলা প্রশাসক অরনী

বরিশাল অফিস: বরগুনায় এক ঘণ্টার জন্য প্রতীকী জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তাইয়েবা ইসলাম অরনী। আজ রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তার ওপর এই প্রতীকী দায়িত্বভার হস্তান্তর করেন বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।

অরনী সিবিডিপি নামের একটি বেসরকারি সংগঠনের পরিচালিত ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের বরগুনা সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

বরগুনা জেলাকে সকল শিশুর জন্য সুরক্ষিত রাখা, বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সকল পর্যায়ের মানুষের সহযোগিতায় আন্তরিক সহযোগিতা করা, শিশুদের বিকাশে জেলা শহরসহ সকল উপজেলায় শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, ইভটিজিং প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, কন্যাশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পথসমূহ সুরক্ষিত ও নিরাপদ রাখা এবং বরগুনায় নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন প্রতীকী জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনী এবং বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।

এ সময় বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ্ উপস্থিত ছিলেন।




ভূরিভোজ করলেও ওজন থাকবে নিয়ন্ত্রণে, কীভাবে জানুন

চন্দ্রদীপ ডেস্ক : উৎসবের মাঝেও একটু নিয়ম মেনে খাওয়া-দাওয়া করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভাবছেন কীভাবে? চলুন নিম্নে জেনে নেই-

১) পর্যাপ্ত পানি খাওয়া: দিনে কতখানি পানি খাচ্ছেন উৎসবের দিনগুলিতে তার হিসাব রাখা কঠিন। তবে ওজন বাগে রাখতে চাইলে পানি খাওয়ার ব্যাপারে কিন্তু বাড়তি নজর দিতেই হবে। দিনে অন্তত ১০ গ্লাস পানি খান।

শরীরে পর্যাপ্ত মাত্রায় পানি থাকলে খিদে কম পায়। তাই ভাজাভুজি, মিষ্টি খেতে ইচ্ছে করে না।

২) উৎসবের দিনগুলিতে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার সময় হয় না। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে সারা দিনে মিনিট ১৫ কার্ডিয়ো করলেই হবে।

৩) অনেকেই রাতে শেষপাতে একটা মিষ্টি খেতে পছন্দ করেন। এটা একেবারেই ভুল। এভাবে মিষ্টি খাবেন না। এই সময় আমাদের বিপাকক্রিয়া খুব ধীর গতিতে হয়। তাই মিষ্টিতে থাকা চিনি খুব সহজে শরীরে মেদ হিসাবে জমে।

৫) উৎসবের মরসুমে নিমন্ত্রণ লেগেই থাকে। আর সেখানে গিয়েই একের পর এক লোভনীয় খাবার দেখে নিজেকে আটকে রাখা যায় না। চেষ্টা করুন কারও বাড়িতে যাওয়ার আগে এক বাটি স্যালাড বা স্যুপ খেয়ে যেতে। পেট ভরা থাকলে খুব বেশি ভুলভাল খাওয়ার ইচ্ছে করবে না।




যৌন উত্তেজনা রাখতে হবে নিয়ন্ত্রণে, অপ্রাপ্তবয়স্কদের এ বার কর্তব্য পালনের নির্দেশনা দিল ভারতীয় আদালত

চন্দ্রদীপ নিউজ: কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। দু’মিনিটের তৃপ্তির জন্য সেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। আর কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো উচিত। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।

এক কিশোরীর সঙ্গে ‘সম্পর্ক’ ছিল এক যুবকের। সম্পর্কে থাকাকালীন ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠে যুবকের বিরুদ্ধে। তাঁকে বেকসুর খালাস করে বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানায়। কিশোর-কিশোরীদের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। অপ্রাপ্তবয়সে সহবাস করলে যে ধরনের আইনি জটিলতা তৈরি হয়, তা এড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার কথাও বলেছে আদালত।

কী ভাবে যৌন উত্তেজনা তৈরি হয়, তারও ব্যাখ্যা দিয়েছে আদালত। জানিয়েছে, পুরুষদের অন্ডকোষ এবং মহিলাদের গর্ভাশয় থেকে প্রাথমিক ভাবে টেস্টোস্টেরন ক্ষরণ হয়, যা যৌন উত্তেজনার জন্য দায়ী। এই টেস্টোস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি সক্রিয় হলে যৌন উত্তেজনা তৈরি হয়। তবে এই গ্রন্থিগুলি নিজে থেকে সক্রিয় হতে পারে না। উত্তেজক কিছু দেখলে, শুনলে, পড়লে বা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কথা বললে তবেই গ্রন্থিগুলি সক্রিয় হয়। বেঞ্চের পর্যবেক্ষণ, আমাদের নিজের পদক্ষেপের কারণেই এই উত্তেজনা তৈরি হয়। কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। তাদের নিজেদের কার্যকলাপের কারণেই যৌন উত্তেজনা তৈরি হয়। সে কারণে যৌন উত্তেজনা কখনওই ‘স্বাভাবিক এবং আদর্শ’ নয়। যৌন উত্তেজনামূলক কিছু কাজকর্ম বন্ধ করলেই সব স্বাভাবিক হবে। সূত্র আনন্দ বাজার। 




এমপি শাহে আলমকে শোকজ নোটিশ দিলো উপজেলা আওয়ামী লীগ

বরিশাল অফিস: দলীয় ভাবমূতি ক্ষুন্নসহ ১৭ টি অভিযোগে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ। গত ৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত নোটিশের জবাব ১৫ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। কিন্তু সোমবার বিকেলে এমপি মো. শাহে আলম ওই নোটিশ পাননি বলে দাবি করেছেন।

এমপি শাহে আলম বলেন, আমি বিষয়টি জানি না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিবো না। দলের মুখপাত্র হচ্ছে সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলুন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড মো. মাওলাদ হোসেন সানা বলেন, উপজেলা আওয়ামীলীগের একজন সদস্য মো. শাহে আলম এমপি। তাই তাকে দলীয় নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নোটিশের জবাব না পেলে নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গণমাধ্যমে পাঠানো নোটিশে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক এ্যাড. মো. মাওলাদ হোসেন সানার স্বাক্ষর রয়েছে। চার পৃষ্ঠার নোটিশে এমপির বিরুদ্ধে ১৭ টি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এরমধ্যে দলীয় কার্যালয় নির্মাণের জন্য গচ্ছিত টাকা আটকে রাখা, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করে নিজস্ব বলয় তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া, বানারীপাড়া পৌরসভাসহ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া, দলীয় কর্মসূচি এড়িয়ে আলাদা কর্মসূচি করা, অনুসারী ও আত্মীয় স্বজন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে অশোভন আচরণ করা, আত্মীয় স্বজনদের মাঝে ঠিকাদারী কাজ ভাগ করে দেয়া এবং চাঁদা উত্তোলনের অভিযোগ আনা হয়ছে।




হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায়

চন্দ্রদীপ নিউজ: টলটলে মুক্তোবিন্দুর মতো স্বচ্ছ শিশির জমছে ঘাসের ডগায়; ধানের শিষের পরে। আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। চারদিকে ধূসর আবহ ঘিরে রাখছে। দিবসে সোনা ঝরা রোদ্দুর। অখণ্ড নীল আকাশ। হিম হিম, স্বল্পায়ু দিন ক্রমে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। নিস্তব্ধ গভীর নিশিথে টুপটাপ শিশির পতনের হিরণ্ময় শব্দ।’

সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে…

আজ পয়লা কার্তিক। আবহমান বাংলায় ষড় ঋতুর পরিক্রমায় এলো হেমন্ত। শরতের পর কার্তিক-অগ্রহায়ণ মিলে হেমন্ত। নতুন ঋতুর আগমনে রূপ বদলায় প্রকৃতি। প্রকৃতির ম্লান, ধূসর ও অস্পষ্টতার অনুভূতি হানা দেয় চেতনলোকে। কবির কথায় ‘পুলকে আর বিষাদে ভরা’ থাকে এই ঋতু। হেমন্তকে বলা হয় শীতের বাহন। এই কার্তিকে প্রকৃতিতে প্রগাঢ় সবুজ যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় শীতের মিষ্টি আমেজও।

এক্ষণে দেশে গ্রামীণ জনপদের প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের মৃদু আমেজ, সাঁঝ-প্রভাতে কুয়াশার চাদর। আকাশ থেকে খণ্ড খণ্ড পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ সরে গিয়ে নিরাভরণ হয়েছে বিশাল নীল আকাশ।

কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ভাষায়—‘হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা-/ হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।/ সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে মলিন হেরি কুয়াশাতে,/ কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা।/ ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।/ দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে…। হেমন্তের কবি জীবনানন্দ দাশ বিখ্যাত ‘বনলতা সেন’ কবিতায় হেমন্তের চিত্র এঁকেছেন। ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে/ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল/ পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন / তখন গল্পের তরে জোনাকির রং ঝিলিমিল/ সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন/ থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন’।

গতকাল সন্ধ্যায় অস্ত যাওয়া আশ্বিনের শেষ সূর্যটার সঙ্গে নগরের তপ্ত শ্বাসও অস্ত যাওয়ার কথা, কিন্তু জলবায়ুর যে নিত্য বদল, তাতে এ আবহাওয়া আরও ক’দিন থাকবে। অগ্রহায়ণে ধান কাটার সঙ্গে সঙ্গে দশ প্রহরণ মেলতে শুরু করবে শীত। হেমন্তকে সবচেয়ে চেনা যায় ভোরের শিশিরে। খুব ভোরে একটি শীতল বাতাসে। সবুজ পাতার গায়ে জমে থাকা শিশির বিন্দু অপার্থিব দৃশ্যমালা রচনা করে।

জীবনানন্দ দাশের ভাষায়—লিপি কাছে রেখে ধূসর দ্বীপের কাছে আমি/নিস্তব্ধ ছিলাম ব’সে;/শিশির পড়িতেছিল ধীরে-ধীরে খ’সে;/নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি/উড়ে গেলো কুয়াশায়,-কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরও…।




যে ৭ লক্ষণে বুঝবেন ভিটামিন বি১২ এর অভাব

চন্দ্রদীপ ডেস্ক : ভিটামিন বি১২ কোবালামিন নামেও পরিচিত। যেহেতু আমাদের শরীর নিজে ভিটামিন বি-১২ তৈরি করতে পারে না, তাই আমাদের এটি বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। এই ভিটামিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন ভিটামিন বি-১২ কমে গেছে।

১। ভিটামিন বি-১২ এর অভাবের সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে ক্লান্তি এবং দুর্বলতা। এটি ঘটে কারণ এই ভিটামিন রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সারা শরীরে অক্সিজেন বহন করে। পর্যাপ্ত রক্তকণিকা ছাড়া টিস্যু এবং অঙ্গগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে ক্লান্ত এবং দুর্বল লাগে।

২। মস্তিষ্কসহ সুস্থ স্নায়ুতন্ত্র বজায় রাখার জন্য অপরিহার্য ভিটামিন বি-১২। এর মাত্রা কমে গেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। মেজাজের ব্যাঘাত ঘটতে পারে যেমন হতাশা এবং বিরক্তি।

৩। শারীরিক অসাড়তা বিশেষ করে হাত ও পায়ে অসাড়তা ভিটামিন বি-১২ কমে যাওয়ার লক্ষণ। পেরিফেরাল নিউরোপ্যাথি নামে পরিচিত এই অবস্থাটি ঘটে কারণ বি-১২ এর ঘাটতি স্নায়ুকে ঘিরে থাকা একটি উপাদানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলস্বরূপ স্নায়ুগুলো সঠিকভাবে সংকেত প্রেরণ করতে পারে না। যার ফল অসাড়তার অনুভূতি হয়। ধীরে ধীরে এই অবস্থা আরও গুরুতর হতে পারে যেমন পেশী দুর্বলতা, ভারসাম্য এবং সমন্বয়ের সাথে অসুবিধা।

৪। কিছু ক্ষেত্রে ভিটামিন বি-১২ এর অভাবে দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে। অপটিক নিউরোপ্যাথি এমন একটি অবস্থা যেখানে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা বা বিঘ্নিত হতে পারে, রঙ চিনতে অসুবিধা হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।

৫। জিহ্বার প্রদাহ, জিহ্বা ফোলা, লাল হয়ে যাওয়া ভিটামিন বি-১২ এর অভাবজনিত লক্ষণ। এমনকি মুখের আলসারো হতে পারে এই ভিটামিনের অভাবে।

৬। ভিটামিন বি-১২ এর ঘাটতি বাড়ার সঙ্গে সঙ্গে এটি স্নায়বিক উপসর্গের দিকে ধাবিত হতে পারে। যেমন হাঁটাচলা এবং ভারসাম্যের সমস্যা দেখা দিতে পারে।

৭। ত্বকের বিবর্ণ হয়ে পড়া ভিটামিন বি-১২ কম এ যাওয়ার লক্ষণ। এটি ঘটে কারণ পর্যাপ্ত ভিটামিন বি-১২ এর অনুপস্থিতিতে উৎপাদিত লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বড় এবং ভঙ্গুর হতে পারে। এতে সঞ্চালনে সুস্থ লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস পায়। এতে ত্বক ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে যেতে পারে, যা ‘মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া’ নামে পরিচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো: আল-আমিন (পটুয়াখালী): “অসমতার বিরুদ্ধে লড়াই করি: দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে র‍্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এর
আয়োজনে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও র‍্যালিতে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবল আলম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ
সুলতানা হেলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক র্সাবিক শেখ আবদুল্লাহ সাদিদ, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের  শিক্ষার্থী ও সামাজিক  ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় পিডিএস মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে দুর্যোগ কালীন মহরা প্রদর্শন করা হয়।




মা ইলিশ রক্ষায় দাবীতে বরিশালে মানববন্ধন

বরিশাল অফিস : অসহায় জেলেদের জালপুড়ে তাদেরকে দাদনকারী মহাজনদের কাছে ঋণগ্রস্থ না করে দেশে চায়না দুয়ারী, মশারী জাল,বাধা সহ এসকল অবৈধ জাল উৎপাদনকারীদের সমূলে নির্মূল করার মাধ্যমে রুপালী মা ইলিশ ও ঝাটকা রক্ষা করার পাশাপাশি জেলেদের প্রণোদনার চালের সাথে নগদ অর্থ সহায়তা করার দাবীতে চায়না দুয়ারী জাল ও ইলিশের প্রতিকৃর্তি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে করেছে মেহেন্দিগঞ্জের শিশু স্বপ্ন সংগঠন।

শিশু স্বপ্ন সংগঠনের সভাপতি লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে বক্তরা বলেন, জেলেদের শুধু চাল দিলেই কি সব শেষ হয়ে যাবে।

আমাদের জেলেরা মাছ শিকার করার পেশায় জড়িত খাকলেও মহাজন ও দাদন ব্যবসায়ীদের হাতে মাছ তুলে দিয়ে দেনা ও ঋণমুক্ত হওয়ার জন্য ঠিকমত মাছ খেতে পারে না। এখন আবার সরকার কর্তৃক মাছ ধরা নিষিদ্ধ হওয়ার কারনে ভাতের মাড় দিয়ে ভাত খেতে হলে সেখানে একটু লবন ও লংকা মরিচেরও প্রয়োজন আছে তা কিনব কি দিয়ে।

অন্যদিকে এখনো প্রকৃত জেলেরা ঠিকমত চাল পায় না। যারা পাচ্ছে তারা আবার নেতাদের আর্শিবাদ নিয়ে চাল পাচ্ছে তাই জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা যাচাই-বাচাই করে সকল মৎস্য শিকারী জেলেদের চালের সাথে তরিতরকারী ক্রয় করার জন্য নগদ অর্থ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দাবী জানান।

একই সাথে তারা বলেন, অসহায় জেলেদের জাল পুড়ে ক্ষতিগ্রস্থ না করে যেখানে এই অবৈধ জাল উৎপাদন করা হয় সেখানে সরকারীভাবে অভিযান চালিয়ে উৎপাদনকারীদের ধ্বংস করার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন শিশু স্বপ্ন সংগঠনের সাধারন সম্পাদক বরিশাল মহানগর কলেজ লেকচারার সোহেব তালুকদার, সংগঠন সদস্য দিপংকর মিয়া, সদস্য আব্দুস ছালাম ও লেখক সাব্বির আহমেদ প্রমুখ।




মুলাদীতে পুলিশ কর্মকর্তাকে নাগরিক সংবর্ধণা

বরিশাল অফিস: মুলাদীতে সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমানকে নাগরিক সংবর্ধণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তে এই সংবর্ধণা দেওয়া হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার।

ক্রীড়াবিদ দিদারুল আহসান খান ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, হিজলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়ের আহম্মেদ, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস, চরকালেখান ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, জাপা নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম ও হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন। সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান একজন মানবিক ও সংস্কৃতিমনা পুলিশ অফিসার। তিনি ভালোবাসা দিয়ে মুলাদী ও হিজলা উপজেলায় অপরাধ দমনের চেষ্টা করে সফল হয়েছে।




তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে স্কুল ছাত্রীর পরিবার

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে যৌন নিপীড়ন মামলা করে বিপাকে পড়েছে স্কুল ছাত্রীর পরিবার। অভিযুক্ত পনু ঘরামীর ভাড়াটে সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য জীবনাশের হুমকির দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যৌন নিপীড়নের স্বীকার স্কুল ছাত্রীর পিতা নিজাম খান মামলার আসামি পনু ঘরামীর সর্বোচ্চ শান্তির দাবী জানিয়ে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় পনু ঘরামীর মুদি দোকানে গত ৭ অক্টোবর ঝালমুড়ি ক্রয় করতে গিয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বিষয়টি গ্রাম্য শালিসে সমাধানের জন্য গ্রামের মাতবররা একাধিকবার বৈঠক করেন। সেখানে ৩০ হাজার টাকায় মিমাংশার প্রস্তাব দিয়ে মাতবররা সময়ক্ষেপণ করলে ১০ অক্টোবর স্কুল ছাত্রীর বাবা নিজাম খান যৌন নিপীড়নের অভিযোগে পনু ঘরামী (৪২) বিরুদ্ধে মামলা করেন।

এই মামলা থেকে বাঁচতে ও তদন্ত কার্যক্রমকে ব্যহত করতে গত ১১ অক্টোবর পনু ঘরামী ও তার ভাড়াটে সন্ত্রাসী শহিদুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে নিজ বাড়িতে থানার ওসি, তদন্ত ওসি, এক এসআই, দুই ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।

এই ঘটনার পর রাতে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে ফের মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া হয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে পুলিশ যায় ঘটনাস্থলে। জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে যৌন নিপীড়নের শিকার হলে থানায় মামলা দায়ের করে বিপাকে পড়েছি। আসামীপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে সন্তানদের নিয়ে অন্যান্যের বাড়িতে থাকি। আমি নর-পিশাচ পনু ঘরামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।

অভিযুক্ত পনু ঘরামী ও শহিদুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তারা ফোন ধরেনি। তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশের পক্ষ থেকে স্কুল ছাত্রীর পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।