বাউফলে মসজিদের সেপটিক ট্যাংকে মাদ্রাসাছাত্রের লাশ

মো: আল-আমিন (পটুয়াখালী): বাউফলে সেপটিক ট্যাংক থেকে আতিকুর রহমান আতিক (১২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল মুন্সিবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আতিক বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের মধ্য জিরাইল গ্রামের সরোয়ার হোসেন সরদারের ছেলে। সে পাকডাল ফজলুর রহমান দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ভোরে মাদ্রাসার সহপাঠী ও শিক্ষকরা ঘুম থেকে জেগে আতিকুল ইসলামকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মাদ্রাসার অপর এক শিক্ষার্থী ইসমাইল শিক্ষকদের কাছে সেপটিক ট্যাংকে আতিকের লাশ লুকিয়ে রেখে আসার কথা জানায়। সন্ধ্যার পর ওই মসজিদের সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে আতিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমাইলকে (১৮) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, আতিকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আসল রহস্য বের করা হবে।




পার্বত্য শান্তি চুক্তি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল অফিস :: ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালন উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য শান্তি চুক্তির প্রনেতা বঙ্গবন্ধুর ভাগ্নে, সাবেক চীফ হুইপ আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ জন্মভূমি জেলার আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত হয়েছে।

আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় ভেগাই হালদার পালিক একাডেমি মাঠ থেকে ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ভেগাই হালদার পাবলিক একডেমী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম বন্ধের মাধ্যমে বাঙালি ও পাহাড়ীদের মধ্যে শান্তির সুবাতাস বইছে। যা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুখ্যাতি লাভ করেছে।

চন্দ্রদীপ নিউজ/ এসএলটি




দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে বরিশাল কেন্দ্রীয় কারাগার

এস এল টি তুহিন,বরিশাল :: চলমান হরতাল-অবরোধে নাশকতা-মূলক কর্মকান্ড করার অভিযোগে বর্তমানে প্রায় প্রতিদিন বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আটক-গ্রেফতার হচ্ছেন বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী। আইনী প্রক্রিয়ায় এসব নেতাকর্মীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বরিশাল জেলার একমাত্র কারাগার হিসাবে স্বাভাবিকভাবেই সব বন্দীদের আশ্রয় এই কারাগারটিতে। যে কারনে সাম্প্রতিক সময়ে এই কারাগারটিতে চাপ বেড়েছে । বর্তমানে ধারন ক্ষমতার প্রায় দ্বিগুন বন্দী রয়েছে কারাগারটিতে। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বন্দী যুক্ত হয়েছেন গত এক মাসের মধ্যে। বন্দী ও তাদের স্বজনদের অভিযোগ ধারন ক্ষমতার চেয়ে বেশী বন্দী থাকায় দুর্বিসহ নানা সমস্যা নিয়ে মানবেতর অবস্থায় আছেন বন্দীরা। তবে জেল কর্র্তৃপক্ষ বলছে বন্দীদের সংখ্যা বেশী হলেও কোন ধরনের সংকটাপন্ন অবস্থা তৈরী হয়নি।

জেল কোড মেনে সব সুবিধা প্রদান করা হচ্ছে বন্দীদের। গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী বরিশাল কারাগারে মোট বন্দী ছিলেন ১ হাজার ৭৫ জন। যার বিপরীতে ধারন ক্ষমতা রয়েছে মাত্র ৬৩৩ জনের। ফলে স্বাভাবিকভাবেই কারাভ্যন্তরে সংকট তৈরী হয়েছে। এর সাথে রয়েছে খাওয়া,গোসলসহ বসবাসের নানা সমস্যা।

জানা গেছে,বরিশাল কারাগারে স্বাভাবিক সময়ে ধারন ক্ষমতার চেয়ে একটু বেশী বন্দী থাকে। তবে এর সংখ্যা ৮ থেকে সাড়ে ৮’শ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। দেশে রাজনৈতিক সংকট তথা হরতাল অবরোধ ডাকা হলেই বন্দীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। কারাগার সংশ্লিষ্টরা বলছেন গত এক মাস ধরে দৈনিক গড়ে ২০ থেকে অর্ধশতাধিক বন্দী কারাগারে প্রবেশ করছে। যার বিপরীতে দৈনিক মুক্তি পাচ্ছে কম বন্দী। যে কারনে কারাগারে বন্দীদের সংখ্যা বর্তমানে অনেক বেশী। তাদের ধারনা সংসদ নির্বাচনের পূর্বে বন্দীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

বন্দীদের অভিযোগ, ভেতরে তাদের সংখ্যা বাড়লে অনিয়মের মাত্রা বাড়ে। এ ছাড়া বন্দীদের বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করে। যাদের দ্বারা সাধারণ বন্দীরা হয়রানির শিকার হন। এ ছাড়া অসুস্থ নয় এমন বন্দীরা টাকা দিয়ে মাসের পর মাস কারা হাসপাতালে থাকেন। জামিনে বের হওয়া কয়েকজন রাজনৈতিক কর্মী জানিয়েছেন, সবচেয়ে বেশি চাহিদা কারা হাসপাতালের। টাকার বিনিময়ে ওখানে স্বাচ্ছন্দে থাকা যায়। এ কারণে যারা একটু বিত্তশালী এবং প্রভাবশালী তারা ওখানেই থাকেন। জামিনে মুক্ত হয়ে আসা আরো কয়েকজন আসামী বলেন, কারাগারে ধারন ক্ষমতার দ্বিগুণ বন্দির জন্য টয়লেটের ব্যবস্থাও পর্যাপ্ত নয়। দিনে ব্যবহারের জন্য অর্ধশতাধিক এবং রাতে ব্যবহারের জন্য আরো কম টয়লেট রয়েছে। যা মহা দুর্ভোগের সৃষ্টি করে।

বরিশাল কারাগারের জেলার জয়নাল আবেদীন ভুঞা বলেন, কারাগারে মঙ্গলবার মোট বন্দী সংখ্যা ছিলো ১ হাজার ৭৫ জন আর ধার ক্ষমতা রয়েছে ৬৩৩ জনের। বেশী বন্দী থাকায় কারা কর্র্তৃপক্ষ ও বন্দীদের তেমন বেগ পেতে হচ্ছে না। এছাড়া অর্থের বিনিময়ে কাউকে কোন সুবিধা প্রদান করা হচ্ছে না ।

কারাগার সূত্রে জানা যায়, ১৮২৯ সালে বরিশাল শহরের মূল অংশের ২১ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় জেলা কারাগার। ১৯৯৭ সালের ৩ মার্চ এটিকে কেন্দ্রীয় কারাগারের মর্যাদা দেওয়া হয়। কারাগারের ভেতরে ৫৮ শয্যার একটি হাসপাতাল, পাঁচটি বন্দী ভবন, ১২টি সেল এবং একটি লাইব্রেরি রয়েছে।




ভোলার স্কুলছাত্রী তানজিলার কাঁধে বড় দায়িত্ব

এস এল টি তুহিন,বরিশাল : ভোলার লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. তানজিলা। সংসারে নেই কোনো বড় ভাই। তাই ৭ বছর বয়স থেকেই বাবার ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও নুডলসের দোকানে সহযোগিতা করে আসছে সে। আবার বাবা অসুস্থ থাকলে তানজিলাকেই সামলাতে হয় সব। গত বেশ কয়েক বছর ধরে স্কুল শেষে এভাবেই বাবার কাজে সহযোগিতা করছে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার মো. আবুল কালামের মেয়ে তানজিলা।সংসারে ৩ বোন এক ভাইয়ের মধ্যে মেঝ সে। তার বাবার ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও নুডলসের দোকান লালমোহন ডিজিটাল পার্কের মধ্যে।

দোকানের ভেতর পড়ছে শিক্ষার্থী মোসা. তানজিলা

শিক্ষার্থী তানজিলা জানায়, একটু বড় হওয়ার পর থেকেই বাবার দোকানের কাজে সহযোগিতা করছি। প্রতিদিন সকালে এসে দোকান খুলি। ৯ টার দিকে স্কুলে চলে যাই। আবার স্কুল শেষে বাড়িতে গিয়ে খাওয়া-ধাওয়া শেষে দোকানে এসে পড়ি। এসে বাবাকে সহযোগিতা করি। আবার মাঝে মধ্যে নিজেই ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও নুডলস তৈরি করি। ক্রেতাদের খাওয়ার পর প্লেট-পিরিজ ও চামুচ ভালোভাবে পরিষ্কার করে রাখি। যখন দোকানে ক্রেতা থাকেন না তখন দোকানের ভেতর একটি টেবিলে বসে পড়ালেখা করি। ৭ বছর ধরে নিয়মিত পড়ালেখার পাশাপাশি এভাবেই বাবাকে তার কাজে সহযোগিতা করে আসছি। আমার স্বপ্ন; একটু কষ্ট হলেও পড়ালেখা শেষে চাকরি করে পরিবারের পাশে দাঁড়াবো।

বাবার দোকানে কাজ করতেছেন শিক্ষার্থী মোসা. তানজিলা

তানজিলার বাবা মো. আবুল কালাম বলেন, ছোট থেকেই দোকানটি চালাতে আমাকে সহযোগিতা করে আসছে তানজিলা। দোকানে কর্মচারী রাখতে পারছিনা, তাই মেয়েকে সঙ্গে নিয়েই দোকানটি চালাচ্ছি। প্রায় ৭ বছর ধরে তানজিলা আমার দোকানে আমার সঙ্গে কাজ করছে। পাশাপাশি সে পড়ালেখাও করছে। বর্তমানে তানজিলা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছে। আগামী বছর দশম শ্রেণিতে উঠবে। আমার তিন মেয়ে ও এক ছেলে। এই দোকানের আয় দিয়েই পুরো সংসার চলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। আমি এখন অনেক অসুস্থ। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছিনা। যার জন্য মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ি। তখন তানজিলা একাই দোকানটি চালায়।

পার্কে ঘুরতে আসা ঝর্না, আমেনা, মিমি ও ইকবালসহ কয়েকজন দর্শনাথী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই আমাদের পার্কে আসা হয়। এখানে আসলে তানজিলার দোকানে গিয়ে আমরা ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও নুডলস্ খাই। এখানে খুব ভালো এবং মুখোরোচক খাবার তৈরি হয়। পড়ালেখার পাশাপশি বাবার কাজে সহযোগিতা করা এটা অনেকের জন্য অনুকরণীয়। আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, ওই শিক্ষার্থীর পড়ালেখার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা চাই; প্রতিটি শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত হোক।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি




ঝালকাঠিতে ১ টেবিলে তিন রাজনৈতিক দল

বরিশাল অফিস: ঝালকাঠিতে রাজনৈতিক সৌহার্দের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় মিলিত হয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (এমএএফ) এ কর্মশালায় মিলিত হন তারা।

কর্মশালায় রাজনৈতিক দলের নেতারা ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। সহযোগিতায় ছিলেন ইউকেএইড। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।

এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি এমএএফের সভাপতি হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।

অংশগ্রহণকারীরা কর্মশালার মধ্য দিয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনা করে উপস্থাপন করেন। উপস্থিত সবাই রাজনৈতিক সম্প্রীতির পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন। সেই সঙ্গে বিভিন্ন নাগরিক প্রত্যাশা পূরণে যুব সমাজ ও এমএএফের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, আমাদের আদর্শের জায়গা থেকে আমরা অনেক কথা বলব, অনেক কাজ করব; কিন্তু তা হতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য, নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য আছে, কিন্তু আমরা এক জায়গায় আমরা একমত। এই দেশ আমার, আমাদের। অনেক কষ্টের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা যদি দেশ ও মানুষের কল্যাণ মনে রাখতে পারি, তাহলে রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ, রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা অবশ্যই বাস্তবায়ন হবে। দেশের, মানুষের ও আমার এলাকার কল্যাণে আমাকে ডাকলে সব সময় পাবেন। কারণ আমরা সুন্দর একটি দেশ চাই।

ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এমএএফের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকবেই; কিন্তু আমাদের একে অন্যের মতানৈক্যের প্রতি সহনশীল হতে হবে। তাহলে রাজনৈতিক সৌহার্দের সংস্কৃতি ফিরিয়ে আনা সম্ভব।

ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, আমরা তিন দলের নেতারা এখানে একত্রে বসে আছি। কর্মশালা শেষে আমরা আমাদের আলাদা পথে ফিরে যাব; কিন্তু ভালো কাজের চর্চায়, নাগরিক প্রত্যাশা পূরণে একত্র থাকাটা জরুরি।




কলাপাড়ায় জাল টাকাসহ আটক ১

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় জাল টাকাসহ মো.হাবিবুর রহমান (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ২ টার দিকে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৪৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

সে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মোতালেব মোল্লার ছেলে ।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো.জহুরুল ইসলাম জানান, প্রতারক হাবিবুর রহমানের ভাষ্যানুযায়ী সে পুরান ঢাকার একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। সোমবার দুপুরে লঞ্চঘাট এলাকায় একরামুল কফি হাউসে সে কেনাকাটা করতে গিয়ে কফিহাউসের মালিককে ১ হাজার টাকার একটি জাল নোট দেয় । বিষয়টি কফি হাউসের মালিক বুঝতে পেরে জাল টাকাটি পরিবর্তন করে দিতে বলেন। এসময় প্রতারক হাবিবুর রহমানের গতিবিধি সন্দেহজনক হলে কফি হাউসের মালিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার কাছ থেকে ৪০ টি ১ হাজার টাকার এবং ১৩ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।




আলিমে এবারও দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

বরিশাল অফিস:  আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা। এ মাদরাসায় পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। এ বছর এ মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন ২৭৮ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮৬ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদ ছাহেব প্রতিষ্ঠিত এ মাদরাসা প্রতিবছরই আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করে আসছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা থেকে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার ফলাফলে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। ’

ফলাফলের বিষয়ে অধ্যক্ষ জানান, মাদরাসাটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখায় কোনো সমস্যা হয় না। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস, শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি, টিউটর শিক্ষকের ব্যবস্থা থাকা ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।

এদিকে ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৪৩ জন। উত্তীর্ণ ৪১৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। পাশের হার ৭৬ দশমিক ৬১ শতাংশ। ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৯৬ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩১ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৮ জন অংশ নেন। তাদের মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। ঝালকাঠি কুতুবনগর আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ১৪ জন অংশ নেন। তাদের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৪ পেয়েছেন ৩ জন।




নাজিরপুরে ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

বরিশাল অফিস: পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হওয়ায় অশ্রুতা ঘরামী (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের অনিল চন্দ্র ঘরামীর কন্যা।

ঘটনাটি ঘটেছে রোববার (২৬ নভেম্বর) দুপুরে। নিহতের ফুফাতো ভাই সুজন বিশ্বাস জানান, তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় ফেল করায় বাড়িতে এসে বাড়ির পিছনের একটি আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। নিহত ওই কলেজ ছাত্রীর মামারা ভারতে থাকায় তিনি তার পিতা-মাতার সাথে একই এলাকার মামা বাড়িতে থাকতেন।

নিহতের মা মিলন রানী বিশ্বাস জানান, তার কন্যা অশ্রুতা ঘরামী ওই দিন সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে কলেজে যায়। কলেজ থেকে ফিরে ফলাফল খারাপ হওয়ার খবর জানায় ও কান্নায় ভেঙ্গে পরে। কিছু সময় পরে তাকে ঘরে পাওয়া না যাওয়ায় তাকে খোঁজ করতে থাকি। পরে পাশের বাড়ির জবা হাওলাদার তাকে বাড়ির সামনের একটি গাছের সাথে ঝুলতে দেখেন।

সে খুব মেধাবী ছাত্রী ছিলো। তার পিতা পেশায় একজন কৃষক। ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাফর বাহাদুর বলেন, নিহত ওই কলেজছাত্রী অত্যান্ত মেধাবী ছিলেন। তিনি উচ্চতর গনিতে ফেল করেছেন। কিভাবে বা কি কারণে তিনি ফেল করলেন সে ক্ষোভে-কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হমায়ুন কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছে।




ভোলার লালমোহনে বাসচাপায় নিহত ২

বরিশাল অফিস::  ভোলার লালমোহনে বাসচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। রোববার বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। ভোলা পুলিশ কন্ট্রোল রুম ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ৭ বছর বয়সী শিশু মো. হাসান লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাসচাপায় নিহত দুজনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামের একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় আসলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই মো. হাসান ও মো. জব্বারের মৃত্যু হয়।

এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে নান্টু নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার ঘটনার পরপরই গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং আহতদের পরিচয় নিশ্চিত করে পরে বিস্তারিত বলা হবে।




বরিশালের ৬ আসনে মোট ভোটার ২১ লাখ ৩২ হাজার ৭৪জন, কেন্দ্র ৮২৭

এস এল টি তুহিন,বরিশাল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। পাশাপাশি আসন ভিত্তিক ভোট কেন্দ্র,ভোট কক্ষের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক সব প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী।

বরিশাল জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এবার জেলার ৬ আসনে মোট ভোটারের সংখ্যা ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী এবং ৯ জন হিজড়া তথা তৃতীয় লিঙ্গ ভোটার। জেলায় সম্ভাব্য স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৮২৭ টি এবং স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৯৭১ টি। আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা মিলিয়ে বরিশাল-১ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হিসাবে ৫২টি প্রতিষ্ঠান নির্ধারন করা হয়েছে।

 

উজিরপুর-বানারীপাড়া উপজেলা নিয়ে বরিশাল-২ আসন: এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ লাখ ২৪২ জন। এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৪ জন। নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং হিজড়া ভোটার ১ জন।

মুলাদী-বাবুগঞ্জ নিয়ে বরিশাল-৩ আসন: এই আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮০ এবং হিজড়া ভোটার ১ জন।

মেহেন্দীগঞ্জ-হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসন: নদীবেষ্টিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩৬ জন। নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।
বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে বরিশাল সদর-৫ আসন। জেলার ৬ আসনের মধ্যে সব চেয়ে বেশী ভোটার সংখ্যা এই আসনে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন। নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১১ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

মাত্র একটি উপজেলা (বাকেরগঞ্জ) নিয়ে বরিশাল-৬ আসন: এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ। ১ লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।

বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান মুন্সী চন্দ্রদীপ নিউজকে বলেন , যে তালিকাটি আমরা প্রস্তুত করেছি তা ৩০ নভেম্বর কমিশনে প্রেরণ করা হবে। এর পর কমিশন থেকে যে তালিকা পাঠানো হবে সেটাই হবে চূড়ান্ত তালিকা। তবে ভোটার তালিকা অনেকটা চূড়ান্তই বলা চলে। ভোট কেন্দ্র ও ভোট কক্ষে কিছুটা পরিবর্তন আসতে পারে। ঘোষিত তফশিল অনুযায়ী আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আশা করছি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সবার সহযোগীতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।