বাংলাদেশ ডেন্টাল পরিষদের বরিশাল জেলা কমিটি গঠন

বরিশাল অফিস :: বাংলাদেশ ডেন্টাল পরিষদের বরিশাল জেলা শাখার কমল কৃষ্ণ হালদারকে সভাপতি ও মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বরিশাল নগরীর সিএন্ডবি রোডস্থ বরিশালইন রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ডেন্টাল পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোশাররফ হোসেন মোল্লা, সহ-সভাপতি সুদেব চন্দ্র মন্ডল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পলাশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি অনিমেষ হালদার, বর্তমনা সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল আলম আজাদ, বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি অসিত বরণ নাথ, পটুয়াখালী জেলা শাখার সাবেক মো. মতিউল ইসলাম, ঢাকা সোহরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যকারী সদস্য মো. মাহাবুব আলম ও ঝালকাঠি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জ্যোতিষ শিকদার প্রমুখ।

এ সময় কমল কৃষ্ণ হালদারকে পুনরায় সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।




কুয়াকাটায় নির্মিত হবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ট্রেনিং ইন্সটিটিউট

বরিশাল অফিস :: পর্যটন নগরী কুয়াকাটায় আন্তর্জাতিক মানের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।

তথ্যসূত্রে জানা যায়, পর্যটন নগরী কুয়াকাটায় ৫০০-১০০০ ব্যবসায়ী রয়েছেন যারা পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। নিত্যনতুন এ পর্যটন শিল্পের ব্যবসায়ীদের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে কোনো জ্ঞান নেই। নেই দক্ষ কর্মীও। এসব কারণে ঘুরতে আসা পর্যটকরা তাদের সঠিক সেবাটা পাচ্ছেন না। তাদের মধ্যে রয়েছে শুদ্ধ উচ্চারণের অভাবও রয়েছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে সরকারিভাবে ব্যবসায়ীদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসাটা অতীব জরুরি।

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা পর্যটক উত্তম দাস বলেন, ‘অন্যান্য পর্যটন এলাকার স্থানীয় লোকদের ব্যবহার এবং তাদের আতিথিয়তার চেয়ে কুয়াকাটার পর্যটননির্ভর ব্যবসায়ীদের আতিথিয়তার জ্ঞান খুবই কম। সরকারিভাবে তাদেরকে যদি ট্রেনিংয়ের আওতায় আনা যায়, তাহলে কুয়াকাটায় পর্যটকদের আগমন আরও বাড়বে। ভ্রমণপিপাসু পর্যটকদের সেবার মান নিশ্চিত হবে বলে আমি আশা করি।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার  বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে ভ্রমণপিপাসু পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়া। আমরা যত সেবার মান বৃদ্ধি করতে পারব, পর্যটকরা তত সন্তুষ্ট হবেন। এতে পর্যটকদের আগমন আরো বৃদ্ধি পাবে। পদ্মা সেতুর নির্মাণ হওয়ার পরে কুয়াকাটায় পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে, কিন্তু অদক্ষ, দুর্বল, জ্ঞানহীন ব্যবসায়ীদের যদি ট্রেনিংয়ের আওতায় না আনা হয় অদূর ভবিষ্যতে পর্যটকদের চাপ কমতে থাকবে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ গোলাম সাদেক বলেন, ‘ঢাকা -কুয়াকাটা চার -লেন সড়ক এবং রেল সংযোগ চালু হলে কুয়াকাটায় পর্যটকদের চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমনও বৃদ্ধি পাবে। সুতরাং পর্যটকদের সেবার মান নিশ্চিতে ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)আবু তাহের মোহাম্মদ জাবের বলেন,আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে এবং পর্যটন শিল্পে তরুণ শ্রম শক্তিকে কাজে লাগাতে সরকার ট্রেনিং ইনস্টিটিউটের নির্মাণের উদ্যোগ নিয়েছে। কমপক্ষে ৪ একর জমির উপরে এই ইনস্টিটিউটটি নির্মিত হবে,আমাদের কার্যক্রম চলমান রয়েছে, জমিটুকু  পেলেই খুব দ্রুতই নির্মান কাজ শুরু হবে।




সরকারি প্রাথমিক শিক্ষকের আচরণবিধি লঙ্ঘন

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৪ নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য দেওয়াসহ ভোটারদের ভোট দিতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. হাবিবুর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ করেন ।

অভিযুক্ত শিক্ষকরা হলেন পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল শিকদার, পূর্ব টিয়াখালী মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন, উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু শরীফ
এবং উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল শরীফ।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ৪ সরকারি প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করেছেন।

কলাপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকারি শিক্ষকদের চাকরিবিধি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’




পটুয়াখালীর দশমিনায় ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী সদর থেকে সড়ক পথে দশমিনা উপজেলার আউলিয়াপুর লঞ্চঘাট থেকে তেতুলিয়া নদী দিয়ে প্রায় সোয়া ঘণ্টা ট্রলারে গেলে দেখা মেলে দুর্গম চরবোরহান এলাকাটির। চারদিকে নদীবেষ্টিত এই চরে সহজে যাতায়াত করা যায় না। দিনে একটিমাত্র ট্রলার চলাচল করে, যা ওই এলাকার মানুষের ভরসা। সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন এই চরে দেশের অন্তত সাতটি জেলার ভূমিহীন ও নদী ভাঙনে বাড়িঘর হারানো মানুষের বসবাস।

এখানকার মানুষের প্রধান পেশা মাছ শিকার আর কৃষিকাজ। জীবনযাত্রা অত্যন্ত নিম্নমানের। খেয়েদেয়ে কোনোভাবে বেঁচে আছে তারা। চরবোরহানে বেড়িবাঁধ না থাকায় বর্ষা মৌসুমে স্বাভাবিক জোয়ার-ভাটায় রাস্তাঘাটসহ ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যায়।

ওই সময় প্রতিদিনই নদীর তীব্র ঢেউ আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে এই মানুষগুলো। তবু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই নিজেদের উজাড় করে দিতে মোটেই কার্পণ্য করে না চরবোরহানের মানুষ।

নিজের সংসারের খরচ মেটাতে চরবোরহানের শিশুরাও পরিবারের সদস্যদের সঙ্গে মাছ শিকার বা মাঠে কাজ করে। লেখাপড়া তাদের কাছে বিলাসিতার মতো।

বসুন্ধরা গ্রুপ এই শিশুদের কথা চিন্তা করে দক্ষিণ চরবোরহানে ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সেই স্কুলটি শুরু করতেই ঢাকা থেকে আসা বসুন্ধরা শুভসংঘ টিমসহ আমাদের চরবোরহানে আসা। স্কুলটির সামনে জড়ো হয়েছেন এলাকার শত শত নারী-পুরুষ। সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে তাঁদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে।

চরবোরহানের বাসিন্দা রাশিদ রাঢ়ী (৭০) বলেন, ‘আমাগো পোলাপানের এহন (এখন) আর পানি-কাঁদা ভাইংগা স্কুলে যাওন লাগবে না। আমাগো ঘরের ধারে (কাছে) স্কুল দেখলেই মনটা ভইরা যায়। পোলাপানগুলা দেখলেও আনন্দ লাগে। এতক্ষণ পোলাপানগুলা স্কুলের সামনে দেইখ্যা মনটায় বড় আনন্দ লাগছে। মন চায় হারা দিন স্কুলের সামনে বইস্যা থাহি। যারা এই স্কুলডা কইরা দিছে, হেগো লাইগ্যা মন থেইক্যা অনেক দোয়া করি।’

নতুন বই পেয়ে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী পুতুল আনন্দে আত্মহারা।

পুতুল বলে, ‘আইজ রাইতেই আমি বইডা পড়মু। অনেক সুন্দর সুন্দর ছবি আছে। বইডা দেইখ্যা আমার ভালো লাগছে।’

আরেক শিক্ষার্থী রোজিনা বলে, ‘আমাগোরে এমন নতুন বই কেউ আর দেয় নাই। আমরা বই-খাতা পাইলে স্কুলে যাইমু।’

শিক্ষার্থী রুকাইয়ার মা লিপি বেগম বলেন, ‘আমরা লেহাপড়া জানি না। আমারো ইচ্ছা করে মাইয়াডারে লেহাপড়া শিখাই। এই সুযোগ করে দিছে বসুন্ধরা গ্রুপ। আমি কামের ফাঁকে মাইয়াডারে স্কুলে পাডাইতে পারমু। স্কুল কামাই (বন্ধ) যাইবে না। মাইয়ার বাপেও এহন মাইয়াডারে পড়াইবে। এই স্কুলেই আমার মাইয়ারে পড়ামু।’

শিক্ষার্থী রুবিনার মা লাবনী বেগম বলেন, ‘আমার স্বামী নাই। খাওন খরচই জোগাড় করতে কষ্ট হয়। মাইয়ারে পড়ামু কেমনে? এহন বাড়ির ধারে স্কুল হইছে। হেরা খাতা, কলম, জামাকাপড় দিবে। এহন আর চিন্তা করতে হইবে না। মাইয়াডারে পড়াইতে পারলে আমার আর কোনো কষ্টই কষ্ট মনে হইবে না।’

প্রথম শ্রেণির শিক্ষার্থী উজ্জ্বলের মা ময়না বেগম বলেন, ‘আমাগো গ্রাম দিয়া সরকারি স্কুল তিন কিলোমিটার। অত দূরে যাইয়া লেহাপড়া করতে পারে নাই। এহন প্রত্যেক দিন স্কুলে যাইবে। নতুন বছরে বই, খাতা, পেন্সিলসহ পাইবে নতুন জামা। আমাগো পোলাপাইনদের পড়ালেহার সব খরচই হেরা দিব। আল্লায় হেগো ভালা করব।’

সম্প্রতি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরবোরহানে ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’ চালু করা হয়েছে। শুরুতেই ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশু এই স্কুলে ভর্তি হয়েছে। সেদিন উপস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নতুন বই ও পুষ্টিকর খাবার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির ইয়াসির আরাফাত রাফি, শরীফ মাহ্দী আশরাফ জীবন, মো. আবীর খান, শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, আলমগীর, ফরিদ মিয়া, বসুন্ধরা ফাউন্ডেশনের কর্মকর্তা মামুন, দশমিনা উপজেলা শাখার সাফায়েত হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।




রাঙ্গাবালীতে মোটরসাইকেল শোডাউন করায় নৌকার কর্মীকে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): মোটরসাইকেল নিয়ে শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা বাজারে গিয়ে আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এ জরিমানা করেন ।

জরিমানা করা নৌকা প্রতীকের ওই সমর্থক রওশন আহম্মেদ মৃধা উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, রওশন মৃধার নেতৃত্বে মৌডুবিতে মোটরসাইকেল নিয়ে নৌকার পক্ষে শোডাউন করা হচ্ছিল। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, লোকজন নিয়ে মোটরসাইকেল শোডাউন করছিলেন রওশন মৃধা। এটি বিধিসম্মত নয়। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।




বরিশালে ৯৯৯ কল পেয়ে বিদ্যুৎপৃষ্ট মুখপোড়া হনুমানটি প্রাণে বেছে গেল

বরিশাল অফিস :: বরিশাল নগরীর পথচারিদের ৯৯৯’এ কল দেওয়ার সহযোগীতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া প্রানে বেছে গেছে বণ্য প্রাণি মুখপোড়া একটি পুরুষ হনুমান। আজ বুধবার (২৭) ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গিজা মহল্লা জামে কসাই মসজিদের বিপরিতে সড়কের উপর মুখপোড়া হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়কের উপর কাতরাচ্ছিলেন এসময় পথচারিরা পড়ে থাকা হুনুমানটিকে প্রথমে বাচাবার জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করে ৯৯৯;এ কল দেয়। এসময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী মডেল থানা পুলিশ তারা এসে কিছুই বুঝে উঠতে না পেরে এক প্রর্যায়ে তারা প্রাণিসম্পদ কার্যলয় কল দেয়।

এর আগে সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল এনিম্যাল কেয়ার টিম সদস্য সৈয়দ রিমেল।
এসময় রিমেল বাডিং হওয়া হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলে। পরবর্তী সময়ে বরিশাল বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ের ভ্রাম্যমান ভেটেরিনারি গাড়ি নিয়ে ছুটে আসে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ প্রদিপ কুমার বিশ্বাস।

এসময় বিভিন্ন পথচারিদের সহায়তা হনুমানকে নিয়ন্ত্রন করে গাড়িতে তুলে সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে কিকিৎসা দেওয়া হয়। এব্যাপারে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ে হনুমানকে চিকিৎসক ডাঃ সুব্রত সিকদার ও ইন্টান চিকিৎসক অভিজিত মন্ডল বলেন হনুমানটি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ লাগবে ততদিন আমাদের হেফাজতে ওর চিকিৎসা চলবে বলে জানায়।




বরিশাল-২: আওয়ামী লীগের নৌকা নিয়ে মেননের মুখে হাসি

বরিশাল অফিস :: সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণার মাঠ ততোই সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

আবার ভোটব্যাংক যাদের রয়েছে, তাদের গোছাতেও ব্যস্ত সময় পার করছেন অনেক প্রার্থী। যার ব্যত্যয় ঘটেনি বরিশাল-২ আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গেও।

এ আসনের দুটি উপজেলার মধ্যে উজিরপুরে তিনি পূর্ব-পরিচিত সংসদ সদস্য হলেও আসন পুনর্বিন্যাসের কারণে বানারীপাড়ায় মানুষের কাছে নতুন মুখ। আবার এ দুটি উপজেলার মধ্যে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক কার্যক্রম কিছুটা থাকলেও বানারীপাড়াতে নেই ছিটেফোঁটাও।

তবে উভয় আসনে মহাজোটের প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুধু জোরালোই নয়, টানা ১৫ বছরে ক্ষমতায় থাকায় আসনটি এখন দলটির ঘাটিতেই পরিণত হয়েছে। ফলে এ আসনে বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়রসহ জনপ্রতিনিধি যারা রয়েছেন সবাই আওয়ামী লীগের মনোনীত।

সবমিলিয়ে আওয়ামী লীগ নির্ভর হয়েই এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামতে হয়েছে রাশেদ খান মেননকে। যদিও এ আসনে প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে জোটের স্বার্থে তালুকদার মো. ইউনুসের মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে রাশেদ খান মেননকে নৌকার প্রার্থী করা হয়। শুরুতে মেননের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিয়ে শঙ্কা দেখা দিলেও, সেই কুয়াশা কেটে গেছে এখন। তাই কপালে চিন্তার ভাজ কেটে এখন মেননের মুখে জয়ের হাঁসি।

রাশেদ খান মেনন জানিয়েছেন, বরিশাল জেলার সভাপতি-সম্পাদকসহ উজিরপুর ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং নৌকার পক্ষে নির্বাচনী কাজ পরিচালনা করছেন। তিনি বলেন, বিশেষ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েও আমার পাশেই রয়েছেন। অসুস্থ থেকেও তিনি বিভিন্ন সভায় যোগ দিয়ে যেভাবে নৌকার পক্ষে বক্তব্য দিচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, আমি এ আসনে আগে থেকেই পরিচিত আর আমার বাড়িও তো এই বরিশালে। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করেছে, তারা সবাই আমাকে ভোট দেবে বলে আশ্বস্তও করছে।

সাংগঠনিক কাঠামোয় দুর্বলতার কোনো বিষয় নেই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা এখানে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সবার সমন্বিত চেষ্টায় নৌকার জয় হবে।

এদিকে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, জেলা আওয়ামী লীগের নির্দেশ মতো নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েই নির্বাচনের মাঠে নেমেছেন তারা। বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, আমাদের দলীয় প্রতীক নৌকা, সুতরাং নৌকার বিকল্প চিন্তা করার সুযোগ আমাদের নেই। নেত্রী আমাদের নৌকা প্রতীকে রাশেদ খান মেননকে মনোনয়ন দিয়েছেন, তার পক্ষে দুই উপজেলায় আওয়ামী লীগের সবাই জোটবদ্ধ হয়ে কাজ করছে। এ আসনে নৌকার বিজয় নিশ্চিত।

এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন নৌকার প্রার্থী, তাকে তো আওয়ামী লীগ সাপোর্ট করছে এবং যেখানে আমাদের নৌকার প্রার্থী নেই, সেখানেও আওয়ামী লীগ সমমনাদের সাপোর্ট করবে নেতাকর্মীরা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মনোনয়ন দেয়ার সময় থেকেই, আমরা আমাদের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং নেতাকর্মীদেরও সেই নির্দেশনা দেওয়া রয়েছে। তবে অন্য কেউ প্রার্থী হতে চাইলে, সেটা তার অধিকার। এতে আমরা বাধাও দিচ্ছি না।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাউকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেয়ার মতো স্ট্যান্ডে দল নেই। সুতরাং কাউকে জিততে হলে তাকে নিজের যোগ্যতায় জনগণের মন জয় করে জিততে হবে। তবে আমাদের বিশ্বাস দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছেন শেখ হাসিনা, সেখানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তার হাতকে শক্তিশালী করতে হলে জনগণ ভালোবেসে নৌকায় ভোট দেবে। আর আমাদের দলীয় নেতাকর্মীরাও নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, এ আসনে রাশেদ খান মেননের পাশাপাশি কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পাওয়া ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার দৌহিত্র এ. কে ফাইয়াজুল হক এবং সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ঢেঁকি প্রতীকে নির্বাচনী প্রচারণায় জোর দিয়েছেন। ধারণা করা হচ্ছে, মেননের সাথে ভোট যুদ্ধে এগিয়ে থাকবেন এ. কে ফাইয়াজুল হক।

 




দল বেঁধে হাঁটতে থাকায় মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

চন্দ্রদীপ ডেস্ক : মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা বড় জমায়েত নিয়ে হাঁটছিলেন, যা স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি করেছিল।

খবরে বলা হয়েছে, ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীকে (এমএএফ) একই দিন একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

সুপ্ত হুসেন জামোরা বলেন, এমএএফ কর্মীরা যাদের আটক করেছেন তারা সবাই পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তাদের হোস্টেল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত বেউ দামাই থানার দিকে যাচ্ছিলেন। বিদেশি এসব শ্রমিক তাদের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছিলেন।

তাদের অভিযোগ, গত তিন থেকে ছয় মাসেও এজেন্ট তাদের কাজে নিয়োগ দেয়নি।

সোমবার এ ব্যাপারে সুপ্ত হুসেন আরও বলেন, তাদের সবাইকে আটক করা হয়েছে, কারণ তারা গন্তব্য না জেনে তেলুক রামুনিয়া বায়ু দামাই মোড়ের সামনের এলাকায় হাঁটছিল। বড় জমায়েত দেখে স্থানীয়রা ভয় পেয়ে যায়। ধারণা করা হচ্ছে যে তারা থানায় যাচ্ছিলেন।

তাদের সবার কাছে বৈধ নথি ছিল। এ থেকে বোঝা যায়, আটকদের এজেন্টরা এখনো তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পায়নি। 

হুসেন আরও বলেন, আটকরা সবাই ১৮ থেকে ৪৩ বছর বয়সের। আমাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এর অধীনে অতিরিক্ত অবস্থানের কারণে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাদের সবাইকে জোহর বারুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বাংলাদেশিরা একটি বড় জমায়েত নিয়ে হাঁটছে। এতে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়ায়। সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস




নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেয়া হবে: পটুয়াখালীতে র‌্যাব ডিজি

বরিশাল অফিস :: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮-এর আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য।

আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হবে।

এম খুরশীদ হোসেন আরও বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‌্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই।

তিনি বলেন, র‌্যাব শুধু আইনশৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না। পাশাপাশি মানবিক কাজও করে থাকে। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে ২ শতাধিক দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ হলো।




বরিশালে ৬ আসনে ৩৫ প্রার্থী প্রচারণায় ব্যস্ত

এস এল টি তুহিন ,বরিশাল :: বরিশালে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশালের ছয়টি আসনের ৩৫ জন প্রার্থী। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। এ আসনে জাতীয় পার্টি ও এনপিপির প্রার্থী থাকলেও এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের করা রিট সরাসরি খারিজ হওয়ায় বর্তমান এমপি পঙ্কজ নাথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। তার সঙ্গে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিরোধ থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় চিন্তামুক্ত রয়েছেন তিনি। এ আসনে জাতীয় পার্টি ও মুক্তিজোটের প্রার্থী রয়েছে।

বাকি চারটি আসনের মধ্যে ১৪ দলের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেড়ে দেওয়া বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী থাকলেও আওয়ামী লীগ নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। ইতিমধ্যেই সেখানকার দুটি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সেখানকার স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম ও ফায়াজুল ইসলাম নির্বাচনি মাঠে রয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ায় সেখানে নৌকার প্রার্থী নেই। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাফিজ মল্লিকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলম। মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে শামসুল আলম। আগে একাধিক বার জাতীয় পার্টিকে ছাড় দেওয়ায় এ আসনে বারবার মনোনয়নপ্রত্যাশী হাফিজ মল্লিক এবার নৌকা পেলেও চ্যালেঞ্জের মুখে রয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি দীর্ঘদিন এখানকার মানুষের পাশে থাকা জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মহসীনও রয়েছেন শক্ত অবস্থানে। মশাল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাসদ নেতা মহসীনের প্রচার-প্রচারণায় বাড়ছে জন সম্পৃক্ততা। তবে বিগত নির্বাচনে জাপাকে ছেড়ে দেওয়া বর্তমান এমপি নাসরিন জাহান রতনা লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন এ আসনে।

এদিকে জেলার ছয়টি আসনের মধ্যে মর্যাদাপূর্ণ আসন বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন স্থগিত হওয়ায় চিন্তামুক্ত রয়েছেন এ আসনের বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। নির্বাচন কমিশন থেকে বাতিল হওয়া সাদিক আবদুল্লাহর পক্ষে গত ৬ ডিসেম্বর বৈধ ঘোষণা করে হাইকোর্ট। ১৯ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সাদিক আব্দুল্লাহর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়। প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চাওয়া হয় বলে সাদিক আব্দুল্লাহর আইনজীবী জানিয়েছেন।

নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে থাকা জাহিদ ফারুকের পাশে জেলা কিংবা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা না থাকলেও সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও তার স্ত্রী লুনা আবদুল্লাহসহ কর্মী-সমর্থকরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। বর্তমানে এ আসনে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন।

উল্লেখ্য, বরিশাল জেলার ছয় আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলে গিয়ে আরো এক জনের প্রার্থিতা বাতিল হয় এবং দুই জন প্রার্থিতা ফিরে পেলে চূড়ান্ত প্রার্থী ছিলেন ৪৬ জন। সবশেষ ১১ জন প্রত্যাহার করে নিলে এখন প্রার্থী রয়েছেন ৩৫ জন।