বরগুনার বেতাগী-বামনা রুহিতা চরের সীমানা নিয়ে ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেতাগী উপজেলার পাঁচশতাধিক ভূমিহীন কৃষক। বিষ খালি নদীর মধ্যে গড়ে ওঠা রুহিতা চরের মালিকানা ও সীমানা নিয়ে বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।
বেতাগীর তিনটি ইউনিয়নের নারী ও পুরুষেরা জানান, তাদের রেকর্ডকৃত সম্পত্তি নদী ভাঙনে বিষ খালির প্রবাহে চলে যায়। পরবর্তীতে নদীর মাঝে গড়ে ওঠা রুহিতা চর দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে আসলেও ২০২৪ সালে বামনা উপজেলার চর সংলগ্ন স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয়। চলতি বছরের মার্চে প্রশাসনের মাধ্যমে দুই উপজেলার সীমানা নির্ধারণ করা হয়। এরপর চাষাবাদ করলে তাদের ধান কেটে নেওয়া ও একাধিক মামলার অভিযোগ আসে।
সীমানা নির্ধারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বেতাগী উপজেলার তিন ইউনিয়নের ভূমিহীনরা।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া পাঁচজনকে পরে জেলা প্রশাসকের কক্ষে ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস পেয়ে কর্মসূচি শেষে শেষ হয়।
তবে বেতাগীর ভূমিহীনরা অভিযোগ করেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থানকালে বামনা উপজেলার একটি গোষ্ঠী রুহিতার চরে থাকা তিনটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








