বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত

বরিশাল অফিস:: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি বলেন, বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত। আগামী পাঁচ বছরে দুর্যোগ প্রবণ এলাকার অবহেলিত মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। শুক্রবার বিকাল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়ার শেখ কামাল অডিটোরিয়াম সংলগ্ন মুজিব মঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল বিভাগ সবচেয়ে বেশি দূর্যোগপ্রবন এলাকা। প্রধানমন্ত্রীর ঘোষিত আাগামীর স্মার্ট বাংলাদেশের দূর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা গঠন করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমুখ। মো.মহিববুর রহমান এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী এলাকা কলাপাড়ায় আসলে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন।




‘আমার তিন সন্তানের এখন কি হবে’

বরিশাল অফিস:; মালয়েশিয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে আর্তনাত করে বলেছেন আমার নিস্পাপ তিন সন্তানের ভবিষ্যত এখন কি হবে। কে তাদের দায়িত্ব নিবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে নারী নির্যাতনের আইন থাকলেও কেন পুরুষ নির্যাতনের আইন হচ্ছেনা। প্রবাসী মামুন খান জেলার হিজলা উপজেলার বদরপুর গ্রামের মৃত ফজলুল হক খানের ছেলে। তার যথাক্রমে-১০, ৮ ও ৬ বছরের তিনটি ছেলে রয়েছে।

মামুন খানের অভিযোগ, কর্মের সুবাধে বিগত পাঁচ বছর পূর্বে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। এ সুযোগে তার স্ত্রী একই এলাকার আবদুল মান্নান ফরাজীর মেয়ে তানজিলা বেগম পরকীয়ায় জড়িয়ে পরে। গ্রামের যুবকরা সম্প্রতি সময়ে হাতেনাতে তানজিলা বেগমকে তার পরকীয়া প্রেমিক একইগ্রামের রাজ্জাক মুন্সির ছেলে ডালিম মুন্সিসহ আটক করে। এনিয়ে স্থানীয়ভাবে ঘরোয়া শালিস বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। ওইসময় তানজিলা বেগম মুচলেকা দিয়েছে সে আর ডালিম মুন্সীর সাথে যোগাযোগ রাখবেন না। এরপরেও তারা পরকীয়া চালিয়ে যাচ্ছিলো। প্রবাসী মামুন খান আরও জানান, গত একমাস পূর্বে তিনি ছুটিতে গ্রামে এসে তানজিলার মোবাইল ফোনের একমাসের কললিস্ট উঠিয়ে দেখতে পান ডালিমের সাথে তার স্ত্রী প্রতিদিন একাধিকবার যোগাযোগ করেছে।

এনিয়ে তাদের দাম্পত্য কলহ দেখা দিলে তানজিলা জানায় তাকে ডালিম ফোন দিয়ে বিরক্ত করে। পরে উত্যক্তের ঘটনায় তানজিলা বাদি হয়ে হিজলা থানায় ডালিম মুন্সীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৫দিন পূর্বে তিনি (মামুন) মালয়েশিয়ায় যাওয়ার পর তানজিলা তার বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে থানায় গিয়ে ডালিমের বিরুদ্ধে তার পূর্বের দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেয়।

অভিযোগে আরও জানা গেছে, পরকীয়ার ঘটনা ধামাচাঁপা দিতে উল্টো তানজিলা বেগম বাদি হয়ে প্রবাসী স্বামী মামুন খান ও তার বড়ভাই আতাহার খানের বিরুদ্ধে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের (সিনিয়র সহকারী জজ) কাছে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি অভিযোগ দাখিল করেন। একইসাথে ব্র্যাকের লিগ্যাল এইড মুলাদী অফিসে অনুরূপ আরো একটি অভিযোগ দিয়ে প্রবাসীর পরিবারকে হয়রানী শুরু করেছেন।

তিন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে তার স্ত্রীর দুটি অভিযোগ সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন। প্রবাসীর অভিযোগের ব্যাপারে তানজিলা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন (০১৩০৮-১২৪২০৯) ও ডালিম মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোন (০১৭২১-০১৬৮২১) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




বরিশালে ২৩ মামলার আসামি স্ত্রীসহ গ্রেপ্তার

বরিশাল অফিস ::  ২৩ মামলার আসামিকে আধা কেজি গাঁজা নিয়ে স্ত্রীসহ নগরীর পলাশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশপুর এলাকার নিজ বাসা থেকে আধা কেজি গাঁজাসহ দম্পত্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-পলাশপুরের বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে কালাম মোল্লা (৫৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৪২)।

এরমধ্যে কালাম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ২৩টি মামলা রয়েছে।




বরিশালে চলছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা

বরিশাল অফিস:: বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তে’র ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা। মেলার বিভিন্ন স্টলে এসেছে হাতে তৈরি বিভিন্ন রঙ-বেরঙের পিঠা, চকলেট কেকসহ বিভিন্ন শীতকালীন পিঠা, সুস্বাদু মিষ্টি পান।

এছাড়া রয়েছে গ্রামীন রাধাচক্কর, শিশুদের বিভিন্ন খেলনাসহ মৃৎশিল্পের বিভিন্ন আইটেমের আসবাবপত্র। মেলায় ঘুরতে আসা নগরীর বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকগণ আলাপকালে বলেন, ‘এই শীত মৌসুমে পেছনে ফেলে আসা দিনগুলোতে আমরা দেখতাম বরিশাল সহ জেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হত বিভিন্ন গ্রামীন মেলা। আমরা সেসময় পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসে মেলা থেকে বিভিন্ন খেলনা ও বাসা-বাড়িতে ব্যবহারের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতাম। এখন এসব যেন মনের ভিতর সব স্মৃতি হয়ে আছে ।’

এ ব্যাপারে মেলা কমিটির আয়োজক সভাপতি স্নেহাংশুকুমার বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ে এই বরিশালে আগের মত তেমন কোন কিছু হয় না। আমরা প্রতিবছর অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষে নগরবাসীকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করে থাকি। আমাদের দুই দিনব্যাপী মেলায় ৩০ টি স্টল রয়েছে। স্টলগুলোতে বোন-ভাবিরা তাদের হাতের তৈরি শীতের পিঠা উপস্থাপন করেছে, যা আজকাল অনেক বাসা-বাড়িতে তৈরি করে খাবার সময় হয় না।’

আজ শুক্রবার মেলার শেষদিনে মেলার মাঠে ও অশ্বিনী কুমারদত্তের স্মরণে দর্শকদের জন্য থাকবে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, সংগীতসহ নৃত্য পরিবেশনা। আলোচনা সভায় অংশগ্রহণ করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এছাড়া আরও যারা আলোচনায় অংশগ্রহণ করেন বিএম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ূম উদ্দীন আহমেদ, সরকারি বরিশাল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর অলকা রানী সরকার, বীর প্রতীক কে এস মহিউদ্দিন মানিক, সাংবাদিক মুরাদ আহমেদ, উদীচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভঙ্কর চক্রবর্তী ও মিন্টু কুমার প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে অশ্বিনী কুমার দত্তের ১৬৯ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ মাঠে দুই দিনব্যাপী অশ্বিনী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মেলা কমিটি।




দেশে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

চন্দ্রদীপ নিউজ: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক প্রক্রিয়ায় ‘ব্রেইন ডেড’ ঘোষিত মানুষের কিডনি অন্য দুজন কিডনি বিকল মানুষের দেহে প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং মিরপুরস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে এ ধরণরে কিডনি প্রতিস্থাপন করা হয়।

বিএসএমএমইউতে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট পদ্ধতিতে কিডনি প্রতিস্থাপন টিমের প্রধান ছিলেন বিএসএমএমইউর প্রক্টর ও দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

রাতেই ট্রান্সপ্লান্ট টিমের ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লেখেন, Alhamdullilah, just we have completed 2nd cadaveric renal transplantation in Bangabandhu sk Mujib Medical university.

ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের শুরুতে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে আসেন। সেখানে অঙ্গদাতা মো. মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন।

এসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘৩৮ বছরের একজন পুরুষকে বৃহস্পতিবার ব্রেইন ডেড ঘোষণা করা হয়। তিনি মস্তিষ্কে আঘাতজনিত কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।




বরিশালে সেতু নির্মাণ : তিন মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বরিশাল অফিস :: তিন মাসের একটি সেতু নির্মাণ প্রকল্পের কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু আর সংযোগ সড়ক না করায় চরম দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের হাজারো মানুষ। প্রতিদিন সেতুটি পার হতে কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে শিশু শিক্ষার্থী ও বয়স্করা কাঠের সিঁড়ি দিয়ে পরে আহত হচ্ছেন।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ধামুরা থেকে শের-ই বাংলা বাজার সংলগ্ন হাকিম ডাক্তারের বাড়ির সামনের। বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয়।

সূত্রমতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে হাকিম ডাক্তারের বাড়ির সামনে একটি আরসিসি সেতু ও এর দুই পাশে ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ৯০ লাখ ২৮ হাজার ৪৮৭ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১ সালের জুলাই মাসে দরপত্র আহবান করার পর কাজটি পায় মেসার্স মৌ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের সেপ্টেম্বর মাসে কাজ শুরুর পর ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার কথাছিলো। কিন্তু বিভিন্ন অজুহাতে কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার। দুই বছর
আগে সেতুর আংশিক নির্মাণ করলেও প্রকল্পে অধিকাংশ কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ধামুরা, বরাকোঠা ও উত্তর বরাকোঠা গ্রামের বাসিন্দাদের চলাচলের প্রধানতম সড়ক হওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে নির্মানাধীন সেতুরর আশিংক অংশে সুপারি গাছের সিঁড়ি দিয়ে চলাচল করছেন।

ধামুরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, সেতুটি নির্মাণের সময় বিকল্প কোন সড়ক করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলীও তা নজরদারি করেনি। যেকারণে সড়কের বিকল্প ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না করায় দুর্ভোগ আর শেষ হয়নি।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা বলেন, প্রায় দুই বছর ধরে নির্মানাধীন সেতুটি সংযোগ সড়ক ছাড়া পরে রয়েছে। এতে করে ওইসব
এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি লাঘবে ঠিকাদারকে একাধিকার তাগিদ দেওয়া সত্বেও ঠিকাদার তাতে কোন কর্নপাত করেননি। শেষে উপায়অন্তুর না পেয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উজিরপুর উপজেলার প্রকৌশলী সুব্রত রায় বলেন, কাজটি তিন মাসের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার দুই বছরেও কাজটি শেষ করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে সেতুর কাজ কিংবা সংযোগ সড়ক করেনি। তাই ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করার জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তি বাতিল হলেই নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে।

 




বরিশালে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলায় অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার ( ২৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এএইচএম রাসেদ।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী হাকিম সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন।

উপ-পরিচালক রাদেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুপুর দেড়টার দিকে হিজলা উপজেলার চর দুর্গাপুর গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের আরবিসি ইটভাটায় অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করায় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।’পরে একই এলাকার একই অভিযোগে এমএমবি ব্রিকস গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও উভয় ভাটার ২০ লাখ তৈরি ইট ধ্বংস করা হয়েছে।

অভিযানে বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী সহ এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, বরিশাল সহযোগিতা করেন।




মিষ্টি কুমড়া চাষে সফলতা বরিশালের

  1. বরিশাল অফিস :: মিষ্টি কুমড়া চাষে সফলতা বরিশালের সুমনের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কৃষি উদ্যোক্তা বকর সিদ্দিক সুমন যৌবনে ঘুরেছেন পৃথিবির ৩৭টি দেশ। নানা পেশায় করেছেন কাজ জীবনের প্রায় ৩৭ বছর। শেষ বয়সে নিজ দেশে ফিরে শুরু করেন কৃষি কাজ। ২০২০ সালে প্রায় এক একর যায়গা জুড়ে রোপন করেন উন্নত জাতের পেপে গাছ।

পেপে চাষের পাশাপাশি পরিত্যাক্ত জমিতে এবছর চাষ করেন বøাক স্টোন ও স্মল স্টোন জাতের মিষ্টি কুমড়ার। প্রথম বারেই সফল ৭৪ বছর বয়সী এই উদ্যোক্তা। মাত্র ২৫ হাজার টাকা ব্যয়ে কুমড়ার চাষ করে ইতিমধ্যে বিক্রি করেছেন ১ লাখ টাকার বেশি কুমড়া।

 

তবে এবছর বরিশাল জেলায় শীত কালিন সবজি আবাদের যে লক্ষমাত্রা ছিলো তা অর্জন হয়েছে। পাশাপাশি দিন দিন সবজি চাষে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন বরিশাল কৃষি অধিদপ্তর।

উদ্যোক্তা সুমন ছোট বেলা থেকেই বাবার সাথে কৃষি কাজ করতেন। এবং কি বিদেশ গিয়েও কাজের ফাঁকে বিভিন্ন কৃষি খামার ঘুরে ঘুরে দেখাম। সেখান থেকেও অনেক অভিগ্যতা অর্জন করেছি। পরে বাংলাদেশে এসে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজে হয়ে গেলাম কৃষি উদ্যোক্তা।

সুমন মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে, সেই টাকায় নিজ দেশেই কৃষি কাজ শুরু করলে বিদেশের থেকে কম পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। এজন্য শুধু দরকার মনোবল ও ধৃঢ় সংকল্প। কুমড়া চাষ করে সফলতা পাওয়া সুমন শুধু নিজের মুনাফা অর্জনের জন্যই চাষ করেন না। তার লক্ষ্য সমাজের বেকার তরুন শিক্ষিত যুবকদের কৃষি ক্ষেত্রে টেনে এনে, দেশে কৃষিতে একটি অভাবনীয় বিপ্লব ঘটানো। এ জন্য নিজ উদ্যোগেই শুরু করেছেন ট্রেনিং পদ্ধতি, তার কাছে কেউ বীজ সংগ্রহ করতে আসলে প্রথমে বাধ্যতামূলক ভাবে বিনামুল্যে ট্রেনিং করান তিনি।

কুমড়া বাগানে কাজ করা শ্রমিক ও ক্রেতা জানান, কুমড়া চাষে করে এই বাগানের মালিক খুব লাভোমান হচ্ছে। পাশিপাশি আমরাও লাভোমান হচ্ছি। এই বাগান দেখতে প্রতিদিনই দূরদুরান্ত থেকে লোক এসে বাগান মালিকের কাছ থেকে পরামার্শ নিচ্ছে। কৃষি উদ্যোক্তা বকর সিদ্দিক সুমন বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে, সেই টাকায় নিজ দেশেই কৃষি কাজ শুরু করলে বিদেশের থেকে কম পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব।

আমি কুমড়া চাষ করে এখন একজন সফল্য কৃষি উদ্যোক্তা হয়েছি। বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মুরাদুল হাসান জানান, এবছর আমাদের সবজি আবাদের যে লক্ষ মাত্রা ছিলো তা আর্জন হয়েছে। আমাদের ১১ হাজার ৭১৪ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

গতবছরের চেয়ে এবার ফলনও ভালো হয়েছে। বরিশাল জেলায় দিন দিন সবজি আবাদের বৃদ্ধি পাচ্ছে। রাজস্ব খাতে বিজ সার সহ ১৩ শ’ ৪৯ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। সুমন মনে করেন জীবনের শেষ বয়সে এসে তার অভিজ্ঞতা থেকে সমাজ ও দেশের কৃষি ক্ষেত্রে যতটুকু পারেন অবদান রাখবেন।




পায়রা বন্দরে ভিড়ল ক্লিংকার ও ক্রেনবাহী ২ জাহাজ

বরিশাল অফিস :: পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৫৪ হাজার ৪০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভ্যাসেল।

সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদীপথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে।

এছাড়াও ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিক টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের অপর একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রটিতে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) এটি।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একইসঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। এছাড়াও গত ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা।

 




বরিশালে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরিশাল অফিস :: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার ( ২৪ জানুয়ারী) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

সূত্রমতে, কাজিরহাট থানায় দায়ের করা সিআর মামলা আদালত আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।