বরিশালে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা।

অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে পূর্ব বাগদিয়া গ্রামের পান্ডব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ ড্রাম চিমনি ইটভাটাবএ ওয়ান ব্রীকস, বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রীকস ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সঙ্গে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা কাচাঁ ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তিন ইটভাটাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।




২০০ বছরের ঐতিহ্য ভাসমান বেডে সবজি চাষে অনন্য বরিশাল

বরিশাল অফিস :: ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার প্রান্তিক কৃষকদের স্বনির্ভর করছে। যে জলাভূমিতে ময়লা কচুরিপানা কিংবা পরিত্যক্ত ছিলো সেই জমিকে ব্যবহারযোগ্য করতে এবং কৃষির বিপ্লব ঘটাতে ভাসমান বেডে সবজি চাষ অনন্য উদাহরণ। আর বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে দক্ষিণাঞ্চলের যেসব জলাভূমি আছে তার মাঝে চাষাবাদে কৃষকদের হাতে কলমে শিক্ষা দিচ্ছে।

বরিশাল রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে গেলে তার সচিত্র দেখতে পাবেন পুকুরে। পানিতে সারি সারি বেডে ভাসছে নানা জাতের সবজি ও মসলার বেড। দক্ষিণাঞ্চলে সনাতন পদ্ধতিতে বছরের পর বছর এই ভাসমান বেডে চাষ পদ্ধতিকে আরও আধুনিক রূপ দিয়ে তা কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কেন্দ্রটি। সাথে অন্যান্যদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মাঝে এই আধুনিক প্রযুক্তিগত কৃষকের মাঝে বেশ সারা ফেলেছে। তাই দিন দিন আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। টমেটো, পাতা কপি, ফুল কপি, লাউ, করল্লা ও মিষ্টি আলু থেকে শুরু করে মসলা জাতীয় কাঁচামরিচ, পিয়াজ, রসুন আদাসব কিছুই চাষ হচ্ছে ভাসমান বেডে। সহজেই বছরে ১২ মাস চাষ করা যায় এই বেডে। বেড তৈরি থেকে শুরু করে গাছের চারা রোপণ করার উপায় বলছেন এই কৃষক।

 

কৃষক মো. আল আমিন বলেন, প্লাস্টিকের ৬ ইঞ্চির পাইপের দুই মাথা বেঁধে তার সাথে বাঁশের চেড়া বেঁধে নেট দিয়ে কচুরিপানা রেখে বেড তৈরি করেন। এই বেড দুই থেকে তিন ফুট পর্যন্ত উঁচু হয়। মাটিতে যত ধরনের সবজি চাষ করা যায় তা এই ভাসমান বেডে চাষ করা সম্ভব বলে জানান তিনি।

বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, বরিশালসহ বিভিন্ন জেলায় আমরা ভাসমান কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভাসমান কৃষির মাধ্যমে বাংলাদেশে ৫ ভাগের এক ভাগই জলজ যায়গা। সেই জলজ যায়গাকে আমরা কাজে লাগাতে পারি মসলা ও সবজি উৎপাদনে আমরা এগিয়ে যাবো। দক্ষিণাঞ্চলের ২০০ বছরের ঐতিহ্য ভাসমান বেডে সবজি চাষকে সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছে এই প্রকল্প পরিচালক।

প্রযুক্তিগুলো সফল হওয়ায় কৃষকের মাঝে বেশ সারা ফেলেছে বলে জানিয়েছে বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। তিনি বলেন, ২০০ বছরের ঐতিহ্য। আগে এভাবে চারা উৎপাদন করা হতো। সেটিকে আমরা উন্নত করে এখন সবজির চাষ করছি। এভাবে মিষ্টি কুমড়া, শসা, লাউসহ বিভিন্ন সবজি ব্যাপক ভাবে উৎপাদন করা যায়। এর মাধ্যমে আমরা যেমন মাছ পাচ্ছি পাশাপাশি শাকসবজিও পাচ্ছি।

উল্লেখ্য, দেশের ২০ হাজার হেক্টর জলা ভূমিতে কোন আবাদ হয়না। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের মাধ্যমে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ জনপ্রিয় করনে এরই মধ্যে ১৮শ হেক্টর জলাভূমি ভাসমান বেডের চাষের আওতায় এসেছে। এছাড়া জলমগ্ন ও অর্ধ জলমগ্ন ৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারে আগামীতে ২০ হাজার হেক্টর জলমগ্ন জমিতে চাষাবাদ করার আশা ব্যক্ত করেছে কৃষি বিভাগ।




বরিশালে ৩৩ জন শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

বরিশাল অফিস ::বরিশালে বিপ্লবী দেবেন ঘোষের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ৪টায় বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে বরিশাল রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দেবেন ঘোষ ছিলেন, অগ্নি যুগের বিপ্লবী, রাজনীতিবিদ ও সমাজ কর্মী। বিপ্লবী দেবেন ঘোষ আজীবন সংগ্রাম করে গেছেন।

বাংলাদেশের মুক্তিআন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন প্রত্যেকে আন্দোলন সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন এবং জেলও খেটেছেনে তিনি। অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল আলোচনা সভায় বলেন, আমাদের নিজেদের জন্যই এই মহাপ্রাণকে আমাদের প্রয়োজন।

তার কর্ম আগামী প্রজন্মের কাছে বিভিন্নভাবে তুলে ধরতে হবে।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ দাশগুপ্ত আশীষ কুমার, সাংবাদিক অরুপ তালুকদার, সাহিত্যিক তপংকর চক্রর্বতী, বীর মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, পূলক চ্যাটার্জী, নজরুল বিশ্বাস প্রমুখ।




মেহেন্দীগঞ্জ-হিজলায় আগে পঙ্কজের, এখন শাম্মী সমর্থকরা আক্রান্ত

বরিশাল অফিস ::আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে হানাহানির কারণে আলোচিত বরিশালের দুই উপজেলা মেহেন্দীগঞ্জ ও হিজলা। সেখানকার সংসদ সদস্য পঙ্কজ নাথের পক্ষ-বিপক্ষ ঘিরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ২০১৬ সালে সংঘাতের সূচনা। এর জেরে পঙ্কজ দলীয় পদ হারান এবং মনোনয়নবঞ্চিত হন। এবার স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে বিরোধীদের সঙ্গে তাঁর সংঘাত থামছে না দুই উপজেলায়। মেঘনাতীরে মাছঘাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে এসব ঘটনা ঘটছে। ঘাট দখলে থাকলে অবৈধভাবে আয় হয় কোটি কোটি টাকা।

ভোটে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদকে নৌকার প্রার্থী ঘোষণার পর (পরে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়ন বাতিল) পঙ্কজ সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর এবং দখল করে বিরোধীরা। ভোটের পর একই অভিযোগ উঠেছে পঙ্কজ সমর্থকদের বিরুদ্ধে। সবশেষ রোববার হিজলার গৌরবদী ইউনিয়নে সংঘর্ষ হয়।

রোববার রাতে হিজলা-গৌরবদী ইউনিয়নের মান্দাবাজারে পঙ্কজবিরোধী গ্রুপের মিরাজ সরদার ও ইউসুফ মিয়াকে কুপিয়েছে প্রতিপক্ষ। ভাঙচুর করা হয় স্থানীয় ইউপি সদস্য ফারুক মাঝির দোকান। হামলাকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল বেপারি, জসিম সিকদার, কাশেম হাওলাদার, চান শরিফ পঙ্কজ এমপির অনুসারী বলে জানা গেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোজাম্মেল বেপারি, হোসেন মাঝি, হানিফ হাওলাদার ও রুবেল মাঝিকে গ্রেপ্তার করেছে।

গত সপ্তাহে একই ইউনিয়নের খালিসপুর, ওরাকুল ও গঙ্গাচরণে তিনটি মাছঘাটের পাশে নতুন ঘাট স্থাপন করেছেন পঙ্কজ সমর্থক হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও ফখরুল বেপারি। এ ছাড়া গত সপ্তাহে ধুলখোলা ইউনিয়নের মাইট্টালায় হামলা করে একটি মাছঘাট বন্ধ করে দেওয়া হয়। নেতৃত্ব দেন আমির সরদার। আহত হন অন্তত পাঁচজন।

পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেপারি বলেন, ১১ জানুয়ারি থেকে নৌকার কর্মীদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে এমপির লোকজন। মাছঘাট দখলের ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ নেয়নি।

পঙ্কজ সমর্থক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বেপারি বলেন, কারও মাছঘাট দখল হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে পাঁচটি নতুন ঘাট করা হয়েছে।

এ প্রসঙ্গে পঙ্কজবিরোধী আরেক নেতা হিজলার গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন, তিনি বর্তমানে এলাকায় নেই, তবে ঘটনাগুলো জানেন। গত শনিবার হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে হামলায় আহত হন চারজন। আহত ফাতেমা বেগম অভিযোগ করেন, তাদের ওপর পঙ্কজ সমর্থক সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বরের অনুসারীরা হামলা করেছে।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার জানান, তিনি হামলার কথা শুনেছেন। আওয়ামী লীগ নেতা দীপু সিকদার (পঙ্কজবিরোধী) ঝামেলা করেছেন। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এমপিকে গালাগাল করা হয়। তিনি দাবি করেন, গোটা উপজেলায় কোনো মাছঘাট দখলের ঘটনা ঘটেনি। এ ছাড়া ২৫ জানুয়ারি মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় বাসায় ঢুকে সৌরভ দাস নামে পঙ্কজবিরোধী কর্মীকে পাইপ দিয়ে পেটানো হয়।

সোমবার মেহেন্দীগঞ্জে মতবিনিময় সভা প্রসঙ্গে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোববার পর্যন্ত হিজলা ও মেহেন্দীগঞ্জে ১৫টি মামলা হয়েছে। বরিশালের অপর আট উপজেলা মিলিয়েও এত মামলা হয়নি। দুই উপজেলায় কিছু মানুষ খুব হিংস্র। তারা ঘটনাকে অতিরঞ্জিত করে সহিংসতা ছড়ায়। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এমপি পঙ্কজ নাথ বলেন, গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন মেঘনাতীরে ২৪টি মাছঘাট স্থাপন করে মেঘনা নিয়ন্ত্রণ করছেন। জাটকা নিধন করে মৎস্যসম্পদ ধ্বংস করছেন। অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি কেটে বিক্রি করছেন। এসব কাজে বাধা দিলে বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চালান। যা ঘটেছে সব নাটক।

মেহেন্দীগঞ্জ ও হিজলার চারপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদী ইলিশের অভয়াশ্রম। তীরে গড়ে ওঠা মাছঘাটে কোটি কোটি টাকার বাণিজ্য হয়। চরে আছে নানামুখী বাণিজ্য। স্থানীয় নেতাকর্মীরা মাছঘাট ও চরের বাণিজ্যের নিয়ন্ত্রক হন। এভাবে অর্থের জোরে হন জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতা। রাজনৈতিক ছত্রছায়ায় এসব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। পঙ্কজবিরোধী অংশটি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অনুসারী হিসেবে পরিচিত।




বরিশালের নির্বাচনে যাচ্ছে না বিএনপি

৯ উপজেলায় নির্বাচনী হাওয়া

বরিশাল অফিস :: বরিশালের ৯ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার তিন চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা, কে প্রার্থী হচ্ছেন, কার জনসমর্থন কতটুকু। আলোচনায় ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক না দেয়ার বিষয়টি। বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দেবে কিনা, তা নিয়ে চলছে বিশ্লেষন।

নির্বাচন কমিশন ঈদের পর ভোট করার বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বরিশাল জেলা নির্বাচন অফিসে কোন নির্দেশনাও আসেনি।

তারপরেও চলছে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে সম্ভাব্য প্রার্থীদের চলছে কর্মকান্ড। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতাই বেশি। এছাড়াও শরীক দলের কয়েকজন নেতাও নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থী হিসেবে প্রচার করছে।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, নির্বাচন করার কথা বলেছে নির্বাচন কমিশন। কিন্তু এখনো তফসিল ঘোষনা করা হয়নি। তবে নির্বাচন করার সকল প্রস্তুতি রয়েছে। নির্দেশনা পেলে কাজ শুরু করা হবে।

বরিশাল জেলার ১০ উপজেলা রয়েছে। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম দফার ভোট হবে না। নয়টি উপজেলা হলো-সদর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা, উজিরপুর, বানারীপাড়া ও বাকেরগঞ্জ। বরিশালের ৯ উপজেলায় ৪০ আওয়ামী লীগের নেতা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাইরে ৯ উপজেলায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত শুধুমাত্র উজিরপুর উপজেলায় জাসদ’র (আম্বিয়া) এক প্রার্থী নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। তিনি হলে-সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজ। এছাড়া স্বতন্ত্র বা অন্য কোন দলের নেতা প্রার্থীতা জানান দেয়ার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি নির্বাচনে যাবে না। কোন নেতাও যাবে না। এটাই আমাদের সিদ্বান্ত।




বরগুনায় অবৈধ ৪৫টি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট

বরিশাল অফিস :: বরগুনায় অবৈধ ৪৫টি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল ও চিংড়ি জাল জব্দ করে পুড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জেলা মৎস্য অফিসের তথ্য মতে, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল‌ ১১টা পর্যন্ত বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি রাক্ষুসে বেহুন্দি জাল এবং তিনটি অবৈধ চিংড়ি জাল এবং আনুমানিক ২০ মণ অবৈধ ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত দড়ি ও কাছি আটক করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানসহ, বরগুনা সদর থানার পুলিশ ফোর্স এবং বরগুনার জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান, বরগুনার নির্দেশে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী জাল, চিংড়ি জালসহ দড়ি কাছি পুড়িয়ে বিনষ্ট করা হয়।




বরিশাল সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক এপ “সাইবার উন্মেষ” এর উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশালের প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সোমবার (২৯ জানুয়ারি) বিকালে সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক এপ “সাইবার উন্মেষ” এর উদ্বোধন করবেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই,বরিশাল ইউনিসেফের প্রতিনিধি, সহকারী কমিশনার বৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্য ও সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন অতিথিরা।

শুরুতে অতিথিরা সাইবার সিকিউরিটি এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম “সাইবার উন্মেষ” এপ এর শুভ উদ্বোধন করেন।




৭০ বছরে লক্ষাধিক গাছ লাগানোর দাবি গলাচিপার সিরাজুলের

মো: আল-আমিন (পটুয়াখালী): শুধু নিজের বাড়িতেই নয় অন্যের বাড়িতে, সড়কের পাশে, মূলত খালি জায়গা পেলেই সেখানে গাছ লাগিয়ে আসেন এবং পরে তা পরিচর্যাও করেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বআটখালী গ্রামের সিরাজুল ইসলাম। গ্রামে অনেকেই তাকে গাছ পাগল নামে ডাকেন। ৭০ বছর ধরে লক্ষাধিক গাছ লাগিয়েছেন বলে দাবি করেন সিরাজুল।

সিরাজুলের সঙ্গে কথা বলে জানা যায়, ৮০ বছর বয়সী সিরাজুল ১৯৮৬ সালে কামিল পাস করে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন। এর আগেই ১০ থেকে ১১ বছর বয়সে গাছ লাগানোর প্রতি তার ঝোঁক ছিল এবং সেই থেকে গাছ লাগাতে থাকেন। ইতোমধ্যে লক্ষাধিক গাছ লাগিয়েছেন বলে দাবি করেন সিরাজুল ইসলাম। এর মধ্যে ফলজ হিসেবে নারকেল, সুপারি, পেয়ারা, জাম্বুরা, গাবগাছ ছাড়াও তালগাছ, মেহগনি, চাম্বল, সুন্দরী গাছও লাগিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম জানান, শুধু নিজের বাড়িতেই নয় অন্যের বাড়িতে, সড়কের পাশে, মূলত খালি জায়গা পেলেই সেখানে গাছ লাগিয়ে আসেন। পরে তা পরিচর্যাও করেন তিনি। শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের অন্তত ১০ গ্রামজুড়ে আছে তার লাগানো নানান প্রজাতির গাছ।

গাছ লাগানোর ভাবনা কীভাবে এলো জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘আসলে অনেক কারণেই গাছ লাগানোর ভাবনা আসে। যেমন হাদিস শরীফে আছে গাছ লাগানো সুন্নত, ছদকায়ে জারিয়া। সড়কের পাশে গাছ লাগিয়েছি পথিকের ছায়া দেয়ার জন্য। এ ছাড়াও সরকারের নির্দেশনা রয়েছে পতিত জায়গা রাখা যাবে না। এসব বিষয় চিন্তা করেই বেশি করে গাছ লাগাতে শুরু করেছি। মূলত গাছ লাগানো সুন্নত, গাছে অক্সিজেন দেয় এমন ধারণা থেকেই গাছ লাগানোর প্রথম ভাবনা।’
বর্তমানে নানা অসুখে ভুগছেন সিরাজুল ইসলাম। টাকার অভাবে উন্নত চিকিৎসা না করাতে পারাসহ আছে অনেক আক্ষেপ। আর্থিক সহযোগিতা চাওয়ার পাশাপাশি সিরাজুলের শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার।

সিরাজুল ইসলাম আরো জানান, অর্থের প্রয়োজনে তিনি গাছ বিক্রিও করেন, তবে যাদের জায়গায় গাছ লাগিয়েছিলেন তাকেও বিক্রির অর্ধেক ভাগ দিচ্ছেন তিনি। বাকি টাকা দিয়ে বাড়িতে চারা উৎপাদনে ব্যয় করছেন। এক সময় বাজার থেকে চারা কিনে রোপণ করলেও এখন অর্থের অভাবে তা পারছেন না সিরাজুল। সম্পত্তি বলতে রয়েছে, তার ৬০ শতাংশ জমি। এতে তার তিন মাসের সংসার চলে। বাকি নয় মাস মেয়েদের সাহায্যে চলতে হয় তাকে। গাছের চারা কিনতে না পারায় এখন বাড়িতেই চারা উৎপাদন করছেন তিনি।
স্থানীয়রা সিরাজুলের গাছ লাগানোকে সমর্থন করছেন। তার দেখাদেখি সমাজের আরও মানুষ উদ্বুদ্ধ হচ্ছে বৃক্ষরোপণে।

বাড়ির পাশে সিরাজুলের ভাইয়ের ছেলে দেলোয়ার হাওলাদার বলেন, ‘আমার বৃদ্ধ চাচার এই গাছ লাগানো নেশায় পরিণত হয়েছে। সারাদিন গাছ লাগানোয় ব্যস্ত থাকবে, আবার রাত হলে কলস ভর্তি পানি নিয়ে গাছের গোড়ায় ঢালবে। অন্যের বাড়িতে গাছ লাগানোর পর দিনরাত গাছের পরিচর্যা করার সময় অনেকে বিরক্ত হলেও চাচার হাসিতে সবাই চুপ হয়ে যায়। অনেকে তো চাচাকে গাছ পাগল বলে ডাকে।
তিনি আরও বলেন, ‘আমাদের এলাকায় বিদ্যুতের লাইন টানার সময় চাচার কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছিল। গাছগুলো রক্ষা করতে না পেরে তখন আমার চাচা কেঁদেছিলেন। আমার চাচা এখন নানা অসুখে ভুগছেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না।’

একই গ্রামের মুদি দোকানদার মনির হোসেন বলেন, ‘গাছ লাগানো যেন তার নেশা আর পেশায় পরিণত হয়েছে। আমাদেরও ভাল লাগছে তার গাছ লাগানোর অবস্থা দেখে। আগে যেহানে খালি জায়গা ছিল এহন হেইআনে ওনার লাগানো গাছ অনেক বড় অইছে।’

ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, ‘আমি মুগ্ধ হয়েছি সিরাজুল ইসলামের গাছ লাগানোর দৃশ্য দেখে। আমার ইউনিয়নের এই গ্রামটির চেহারাই পাল্টিয়ে দিয়েছেন তিনি, শুধু গাছ লাগিয়ে। এখন সবুজে সমারোহ।’

তিনি আরো বলেন, ‘বন বিভাগ থেকে সরকারিভাবে ইউনিয়ন পরিষদে গাছের কিছু চারা বরাদ্দ দেয়া হয় সেখান থেকে কিছু চারা আমরা সিরাজুল ইসলামকে দেয়ার ব্যবস্থা করব। যাতে তার একটু সুবিধা হয়।’

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল হেলাল বলেন, ‘নিজ উদ্যোগে গাছ লাগানোর বিষয়টি জানা আছে তার। এটি একটি ব্যতিক্রম বিরল ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। যদি সে চায়, তাহলে তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা, বীজ, সার, কিটনাশকসহ যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হবে।’




ভোলার মেঘনায় ট্রলারডুবি, ৮ দিন পর লাশ উদ্ধার

বরিশাল অফিস :: ভোলার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার ৮ দিন পর রাজ্জাক সরদারের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে তার ছেলে পারভেজ সরদার এখনো নিখোঁজ।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর তুলাতলি পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

ভোলা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীর তীরে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে স্থানীয়রা ফোন দিয়ে জানায়। পরে নৌ পুলিশ খবর পেয়ে তুলাতুলি এলাকা থেকে লাশটি উদ্ধার করলে ট্রলার ডুবিতে নিখোঁজ রাজ্জাক সরদারের স্বজনরা গিয়ে শনাক্ত করে।

প্রসঙ্গত, মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া মালবাহী ট্রলারটি ইলিশার জোরখাল পয়েন্টে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ভাঙারি মালামালসহ ৭ জন শ্রমিক ছিলেন।

ট্রলারটি ডুবে যাওয়ার সময় ৫ জন শ্রমিক সাঁতরে জেলে ট্রলারের সহায়তায় উপরে উঠে আসতে পারলেও আব্দুল রাজ্জাক ও তার ছেলে পারভেজ সরদার ইঞ্জিনরুমে থাকায় তারা বেরোতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ট্রলারটি ডুবে যায়।




অস্থিতিশীলতায় আক্রান্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতি

বরিশাল অফিস :: গত ৭ জানুয়ারি বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর রাজীব হোসেনের অফিসে হামলা করে প্রতিপক্ষরা। রাজীব সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত ৫ পাঁচ বছরে শহরজুড়ে রাজীবের প্রভাব ছিল চোখে পড়ার মতো। সদর রোডে শপিংমল টপ টেনে হামলা, লুটপাটে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। তবে ক্ষমতার পট পরিবর্তনে সেই রাজীবের অফিসে এবার হামলার অভিযোগ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারীদের বিরুদ্ধে।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিব আহসান খান বলেন, ‘আমার মিছিলে অনেক লোকজন হয়। হয়তো রাজনৈতিকভাবে আমার এতো জনপ্রিয়তা তারা নিতে পারেনি। তাই আমার অফিসে হামলা করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।’

৮ জানুয়ারি। মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুলের পোর্টরোড অফিসে হামলা চালায় প্রতিপক্ষ খান হাবিব ও তার সমর্থকরা। টুটুল সাবেক মেয়র সাদিকের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। বরিশালের সবচে বড় মাছের মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র দখল, পাল্টা দখলের দামামায় থমথমে অবস্থা সেখানে।

বরিশাল মৎস্য আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর সিকদার বলেন, ‘খান হাবিব ও তার সমর্থকরা পোর্টরোডে কিছুটা হট্টগল করেছে। পরে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। জানি না কখন কি হয়।’

১০ জানুয়ারি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন ওরফে ভিপি আনোয়ারকে বেদম পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতা আরিফুর রহমান অপু ও আজিমসহ প্রতিপক্ষের বিরুদ্ধে। সরস্বতী স্কুল, ল কলেজ, বিকাশ মাল্টিপারপাসের অর্থলোপাটসহ নানা অভিযোগে বিতর্কিত আনোয়ার সবশেষ সাবেক মেয়র সাদিকের ছায়ায় ছিলেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমার ওপর হামলাটা রাজনৈতিক কারণে হয়েছে। মামলা হয়েছে। আইন অপরাধীদের বিচার করবে। সরস্বতী স্কুল, ল কলেজ, বিকাশ মাল্টিপারপাসের অর্থলোপাটের যেসব অভিযোগ তোলা হচ্ছে এসব ভিত্তিহীন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হলেও স্থানীয় নেতাদের দাবি, রাজনৈতিক নয়, ব্যক্তিগত দ্বন্দ্বে কেউ কেউ বিশৃঙ্খলা করছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কোনো ব্যক্তির ভুলের দায়ভার দল নিবে না। তবে যেসব ঘটনা বরিশালে ঘটেছে তা দুঃখজনক। অনেক ঘটনায় মামলা হয়েছে। নিজেদের অভ্যন্তরীণ বিষয় এসব ঘটনা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য আনিস উদ্দিন আহমেদ সহিদ বলেন, ‘অধিকাংশ ঘটনাই ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ঘটেছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘এরইমধ্যে বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

বরিশাল সদর-৫ আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী হয়েছেন জাহিদ ফারুক শামীম। তার সঙ্গে একজোটে নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তবে সিটি মেয়রের চেয়ার হারালেও দলের মহানগরের সাধারণ সম্পাদক আছেন সাদিক আব্দুল্লাহ।