দ্বাদশ জাতীয় সংসদের ঘটনাবহুল প্রথম দিন

অনলাইন ডেস্ক : বিদায়ী সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী এই প্রস্তাব সমর্থন করেন। আর কোনো প্রার্থী না থাকায় শিরীন শারমিন চৌধুরীকে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন স্পিকারের আসনে থাকা শামসুল হক টুকু।

এরপর অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এ সময় সংসদ ভবনের ৭ তলায় রাষ্ট্রপতির কক্ষে স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হয়। স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদে বক্তব্য দেন সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডা. দীপু মনি এবং বিরোধী দলীয় নেতা জিএম কাদের।

পরে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদের নির্বাচন হয়। বিদায়ী সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক এবারও এই পদে নির্বাচিত হয়েছেন। সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম ডেপুটি স্পিকার পদে শামসুল হকের নাম প্রস্তাব করেন। সরকারি দলের মকবুল হোসেন ওই প্রস্তাব সমর্থন করেন। অন্য কোনো মনোনীত প্রার্থী না থাকায় স্পিকার কণ্ঠভোটে টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

এরপরে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যদের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। তাঁরা হলেন—এবি তাজুল ইসলাম, মোহাম্মদ সাহাবুদ্দিন, আ ফ ম রুহুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, উম্মে কুলসুম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করবেন।

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পেশ করেন। শোক প্রস্তাবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ড. মো. আকরাম হোসেন চৌধুরীসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পরে সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষণের পর সংসদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়। দেশের বিশিষ্টজন ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়ে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।




পৌরসভা নির্বাচন: পটুয়াখালীতে সাবেক ও বর্তমান মেয়রের লড়াই

বরিশাল অফিস :: এখনো রেশ রয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। তার মধ্যে ২৪ জানুয়ারি বিভিন্ন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ঘোষণার পরপরই পটুয়াখালী পৌরসভার মেয়র পদপ্রত্যাশীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচন এই এলাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও পৌরসভায় তা হবে। বর্তমান ও সাবেক দুই মেয়রের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিকে আন্দোলনে থাকা বিএনপি কোনো পর্যায়ের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড়।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্তমান ও সাবেক মেয়র ছাড়া আরও দুজন মেয়র প্রার্থী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জানান দেওয়ার পাশাপাশি গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

পটুয়াখালী পৌরসভার বর্তমান মেয়র শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য। ২০১৯ সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেই সময় দল থেকে বহিষ্কার করলেও নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে বিপুল ভোটে হারিয়ে তিনি মেয়র হন। তফসিল ঘোষণার পরপরই দ্বিতীয়বারের মতো মেয়র হওয়ার লক্ষ্যে মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন তিনি।

এ বিষয়ে মহিউদ্দিন বলেন, ‘গত ৫ বছরে আমি নিরলসভাবে কাজ করেছি। বাংলাদেশের কোনো পৌরসভায় এত কাজ হয়নি; মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আশা করি, আগামী ৯ মার্চ আমাকে সাধারণ মানুষ ভোট দেবেন।’

মহিউদ্দিনকে ঠেকাতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। ২০১১ সালে বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নামলেও শেষ পর্যায়ে কাজী আলমগীরকে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়ান।

শফিকুল বলেন, ‘বর্তমান পৌরসভার উন্নয়নের অধিকাংশই আমার সময়ে রেখে যাওয়া কাজ। বর্তমান মেয়র আসার পরে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ নানা জায়গায় অভিযোগ দিয়েছে। কিন্তু কোনো সত্যতা পায়নি। আগের ভুল শুধরে কাজ করতে চাই। এবং মানুষ আমাকে চাইছে।’

ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী মো. এনায়েত হোসেন।

স্থানীয়রা জানান, এবার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হলে এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকলে মহিউদ্দিন আবারও মেয়র হবেন। তবে ক্ষমতাসীন দল যদি কাউকে সমর্থন করে, সে ক্ষেত্রে তাঁকে ঠেকাতে জেলা আওয়ামী লীগের এক পক্ষ ঐক্যবদ্ধভাবে নামতে পারে। তখন শফিকুল বাড়তি সুবিধা পাবেন। তবে দলীয়ভাবে কাউকে সমর্থন না দিলে অধিকাংশ নেতা-কর্মী মহিউদ্দিনের সঙ্গে থাকবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, ‘আমরা দলীয়ভাবে এখন পর্যন্ত কাউকে সমর্থন জানানোর নির্দেশনা পাইনি। যদি কেন্দ্র থেকে নির্দেশ দেয় তাহলে জানাব।’

ভোটের বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশ সরকার কুট্টি বলেন, ‘আমরা এখনো এক দফা আন্দোলনে আছি। দাবি না মানা পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।’




পটুয়াখালীতে এনজিওর নামে কয়েক লাখ টাকা নিয়ে লাপাত্তা

বরিশাল অফিস :: পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার নামে প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা পল্লী উন্নয়ন সংস্থা (পিইউএস) নামের একটি এনজিও। চলতি মাসের ১৯ জানুয়ারি পৌর শহরে একটি ভাড়া বাসায় কার্যক্রম শুরু করার সাত দিনের মাথায় লাপাত্তা হয়ে যায় কথিত এই এনজিও সংস্থার কর্মীরা।

বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রাহকরা ঋণের টাকা নিতে ওই অফিসের সামনে এসে জড়ো হচ্ছেন, যদিও অফিসটি তালাবদ্ধ।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি পৌর শহরের টি অ্যান্ড টি সড়কে আবুল হোসেন হাজীর ভবনে অফিস ভাড়া নেয় পল্লী উন্নয়ন সংস্থা নামের এনজিও। গত ১৯ জানুয়ারি থেকে ওই ভবনে এনজিওর অফিস চালু করা হয়। মাঠপর্যায়ে গ্রাহক সংগ্রহ করার জন্য স্থানীয় এক নারী মাঠকর্মীও নিয়োগ দেয় তারা। পরে সহজ কিস্তি ও স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঋণ বিতরণ করার সময় দেয় এনজিও সংশ্লিষ্টরা। তবে ওই দিন ঋণ নিতে এসে অফিস তালাবদ্ধ দেখতে পান গ্রাহকরা। এরপর থেকে অফিস তালাবদ্ধ রয়েছে। লাপাত্তা হয়ে গেছেন এক নারীসহ ওই দুই ব্যক্তি।

সোমবার (২৯ জানুয়ারি) সরেজমিনে পৌর শহরের টি অ্যান্ড টি সড়কে আবুল হোসেন হাজীর ভবনে গিয়ে দেখা যায় ভবনের দ্বিতীয় তলায় পল্লী উন্নয়ন সংস্থা নামে সাইনবোর্ড টানানো রয়েছে। তালাবদ্ধ অফিস কক্ষের সামনে একাধিক ভুক্তভোগী দাঁড়িয়ে আছেন।

কোটি টাকা নিয়ে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা উধাও
মো. আকাশ হাওলাদার নামের এক ভুক্তভোগী বলেন, আমি চায়ের দোকান করি। দোকানের সামনে এনজিও অফিস। তারা আমার দোকানে এসে ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। আমি ব্যবসার জন্য এক লাখ টাকার ঋণ নিতে চাই। ঋণ পেতে তারা আমার কাছ থেকে ১০ হাজার টাকা জামানত হিসেবে নেন। গত বৃহস্পতিবার ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন থেকেই দেখি অফিসে তালা।

রুজিনা নামের আরেক ভুক্তভোগী বলেন, স্বামীর জন্য রিকশা কিনতে ৪০ হাজার টাকা লোন নিতে চার হাজার টাকা জমা দিয়েছি। রোববার লোন দেওয়ার কথা। কিন্তু এসে দেখি অফিস বন্ধ। তাদের ফোনও বন্ধ। আমার মতো প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই এনজিওর কর্মীরা।

এনজিও অফিসের ভবনের মালিক আবুল হোসেন হাজীর সঙ্গেও প্রতারণা করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ জানুয়ারি আমার বাসায় এনজিও অফিস ভাড়া নিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. শাহিন নামের এক ব্যক্তি যোগাযোগ করেন। চার হাজার টাকায় ভাড়া চূড়ান্ত করা হয়। ওই দিনই তারা বাসায় উঠেন। পহেলা ফেব্রুয়ারি প্রয়োজনীয় তথ্য দিয়ে চুক্তিপত্র করার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাস আসার আগেই নিখোঁজ হয়ে যান ওই শাহিন।

মাঠ থেকে গ্রাহক সংগ্রহ করার জন্য মাসিক বেতনে পৌর শহরের দাশপাড়া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মোসা. রুবিনা বেগমকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দেয় কথিত পল্লী উন্নয়ন সংস্থাটি। এ ছাড়া কয়েকজন দালালও গ্রাহক সংগ্রহে মাঠপর্যায়ে কাজ করেন।

টাকা হারিয়ে তালাবদ্ধ ব্যাংকের গেটে কাঁদছেন গ্রাহকরা খোঁজ নিয়ে জানা যায়, এনজিও প্রধান শাহিন ও তার সহযোগী হিসেবে পটুয়াখালী শহরের বাসিন্দা পরিচয় দেওয়া পারভীন গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া, পৌর শহরের ৯নং ওয়ার্ড, দাশপাড়ার কাঁঠালবাড়িয়া, কালাইয়া ও বড় ডালিমাসহ ৬ স্থানে অস্থায়ী কেন্দ্র বানিয়ে প্রায় দুই শতাধিক গ্রাহক সংগ্রহ করেন তারা। সর্বনিম্ন ১০ হাজার টাকা ও সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেন। ঋণ নিতে দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় পাঁচ লাখ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে মাঠকর্মী মোসা. রুবিনা বেগম বলেন, আমাকে ১২ হাজার টাকা মাসিক বেতনে নিয়োগ দেন। আমি আমার এলাকার কিছু মানুষের কাছে ঋণ নেওয়ার প্রস্তাব দিই। সদস্য ফরমের জন্য ১০০ টাকা করে নিয়েছি। আর ঋণ নেওয়ার জন্য টাকা নিয়েছেন এনজিও প্রধান শাহিন ও তার সহযোগী পারভীন।

শাহিন ও পারভীনের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে তারুণ্যের মেলায় একই মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি

বরিশাল অফিস :: বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশ গ্রহনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের মেলা। আমিও জিততে চাই” ক্যাম্পেইনের আওতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “তারুণ্যের মেলা” আয়োজন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)।

” ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তরুণদের নাগরিক প্রত্যাশা তুলে ধরে তাদেরকে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে এই প্রয়াস।

মেলায় রয়েছে বক্তৃতা ভিডিও প্রতিযোগিতা, মঞ্চ অভিনয়, কুইজ প্রতিযোগিতা, সেলফি বুথ, সেলফি ভিডিও ৩৬০ ডিগ্রি, সেরা ফেসবুক পোস্ট ও সেরা প্রোফাইল ফটো বিজয়ীদের জন্য শুভেচ্ছা স্মারক ইত্যাদি।

মেলায় বক্তব্য রাখেন, এমএএফ পটুয়াখালীর সভাপতি ও জেলা আওয়ামী লীগ-এর সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান; এমএএফ পটুয়াখালীর সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান টোটন; এমএএফ পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাবু; ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান সহ অন্যান্য। আয়োজনের উপস্থাপনায় ছিলেন এমএএফ পটুয়াখালীর যুগ্ম সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স।

ভিপি আব্দুল মান্নান বলেন,“ডিআইকে অনেক ধন্যবাদ। তরুণদের নিয়ে যে কার্যক্রম, তা আগামী দিনেও নিলে, তরুণ সমাজ ভালো পথে চলবে। তরুণদের বলছি, আপনারা আজকের সব কার্যক্রমে অংশ নেবেন যাতে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হতে পারে।”

মো. মজিবুর রহমান টোটন বলেন, “রাজনৈতিক দলের অংশগ্রহণে হলেও, এমএএফ অরাজনৈতিক সংগঠন। আমরা পটুয়াখালীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করছি। আমরা ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে অ্যাডভোকেসির কাজ শুরু করেছি। এছাড়া, সিভিল সার্জন অফিসের সামনের পুকুরটা এমএএফ এর সংশ্লিষ্টতায় পরিষ্কার করা হয়েছে। জনদূর্ভোগ রোধে জনসম্পৃক্ততা তৈরিতে আমরা কাজ করে চলেছি।”

সালাউদ্দিন আহমেদ বাবু বলেন, “তরুণদের মাঝে রাজনৈতিক দল সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এ কার্যক্রমের মধ্য দিয়ে।”

পটুয়াখালী জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে এডভোকেসি করার লক্ষ্যে গঠিত হয় এমএএফ। এমএএফ পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে চলেছে।




ভোলায় যুবকের হাতবাধা লাশ উদ্বার

বরিশাল অফিস :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগান থেকে এক যুবকের হাত বাধা ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগানের মধ্যে উঁচু গাছের ডালে মো.আরিফ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা,এটি হত্যা নাকি আত্বহত্যা তা বলতে পারছে না কেউ। এদিকে নিহত আরিফের খালাতো ভাই হেলাল জানান

রাতে সে ঢাকা থেকে বাড়ীতে আসে, বাড়ীতে এসে তার মায়ের সাথে দেখা করে রাতের খাবার না খেয়েই রাত আনুমানিক ১টায় বাসা থেকে বেড়িয়ে যায়। সারারাত আর সে বাসায় ফিরেনি,পরে আজ ভোর বেলা আমার খালা (নিহতের মা) ফজরের নামাজ পরে বাড়ীর পাশে গেলে সুপারি বাগানে সৃষ্টি গাছের উপরে ঝুলন্ত অবস্থায় আরিফের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে হাত-পা বাঁধা অবস্থায় আরিফের লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।

হেলাল আরো জানান এটি আত্মহত্যা হতে পারে না, আমরা সন্দেহ করছি এটি একটি হত্যাকাণ্ড তাই আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মৃত মো.আরিফ কুতবা ১নং ওয়ার্ডের গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর ছেলে। নিহত আরিফ ঢাকায় লাইটিং হাউজে কাজ করতো বলে জানায় তার মা হোসনেয়ারা বেগম। মা ভাই বোন সহ ৫ সদস্যের পরিবার তাদের। তারা ৪ ভাই ও এক বোন সে পরিবারের ছোট ছেলে।

এ বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. শাহিন ফকির আমার সংবাদ কে জানান খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বরিশাল অফিস :: পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে (৫৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মদদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলের ক্রীড়ানুষ্ঠানে অতিথি হওয়াকে কেন্দ্র করে মতবিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

এ ঘটনায় স্বাধীন হালদার নামে একজনকে আটকের খবর নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার। তিনি বলেন, ‌‘ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে মতবিরোধ ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও নিহত সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের মধ্যে কোন্দল ছিল। বিগত ইউপি নির্বাচনের সময় থেকেই এই কোন্দল শুরু হয়। আটক স্বাধীন হালদারকে জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, নিহত শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় কুড়িয়ার বাজারের রাস্তায় একদল যুবক শেখরের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেদম মারধর করে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলটির ক্রীড়ানুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজ ও বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন। এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।




বরিশালে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসাতে যাওয়ায় গ্রেফতার ২

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় অস্ত্র ও মাদক দিয়ে শাকিল নামের এক যুবককে ফাঁসাতে গিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম ফেঁসে গেছেন। একটি বিদেশী রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিলসহ শীর্ষ ওই মাদক ব্যবসায়ীর সহযোগী শামিম হাওলাদারকে (২২) গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) ভোর ৫টার দিকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শামিম হাওলাদার ফোন করে তাদেরকে জানায়,বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে আফসার হাওলাদারের ছেলে বালু শ্রমিক শাকিলের বাড়ির রান্না ঘরের চালার মধ্যে অস্ত্র ও ফেন্সিডিল রয়েছে। এ খবর পেয়ে বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল, উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবির ও সহকারি উপ-পরিদর্শক রাজিব পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ভোর ৫টার দিকে বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়।

এসময় শাকিলদের রান্না ঘরের চালার মধ্যে একটি রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিল তাদের দেখিয়ে দেয় শামিম। এতে তাদের সন্দেহ হলে তারা ইনফরমার শামিমকে আটক করেন । জিঙ্গাসাবাদের এক পর্যায়ে শামিম অকপটে স্বীকার করে, মহিষাপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে বানারীপাড়ার শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল একই গ্রামের শাকিলকে ফাঁসাতে তাকে দিয়ে ওই রিভলবার ও ফেন্সিডিল রাখিয়েছে। এর বিনিময়ে তাকে ৫শত টাকা দেওয়া হয়েছে।

এ ব্যপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো.মাহমুদুল জানান, শামিমের স্বীকারোক্তি অনুযায়ী তাৎক্ষণিক ল্যাংডা সোহেলের বাাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছয়দফা বেদি সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত আলী বলেন, “খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। খেলাধুলাসহ যেকোনো সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনের খোরাক জোগায়। এগুলো শিক্ষার্থীদের মনের শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে।

এসময় প্রধান অতিথি খেলাধুলাসহ যেকোনো প্রয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর।

শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধানসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ইংরেজি ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এবারের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ২২টি বিভাগ অংশগ্রহণ করবে। আগামী ৪ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 




বরিশালে ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

বরিশাল অফিস :: পুলিশের কঠোর অবস্থানের কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় পূর্ব ঘোষিত দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেননি।

বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের পূর্বে মঙ্গলবার ভোর থেকে দলীয় কার্যালয় ও তার পাশ্ববর্তী এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এমনকি তাদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ফলে গ্রেপ্তার এড়াতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোঃ ফজলুল করিম জানান, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।




বরিশালে ৪ দোকান আগুন পুড়ে ছাই, ঘুমিয়ে থাকা কর্মচারীর মৃত্যু

বরিশাল অফিস :: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে এ সময় ঘুমিয়ে থাকা সজীব জমাদার নামের এক কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

দগ্ধ কর্মচারী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার( ২৯) জানুয়ারী নতুল্লাবাদ দিয়া সড়কে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুইটি ফার্নিচার, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ও একটি গ্যারেজ রয়েছে। রাত সাড়ে ৩টার দিকে আমরা ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পাই। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে।’

তিনি বলেন,ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন তার মৃত্যু হয়েছে। এখন সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়েছে।’