ভোলায় তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা

বরিশাল অফিস :: জেলায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪৬১ হেক্টর বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে।

জেলার সাত উপজেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১৮ হাজার ৫০০ হেক্টর। বিপরীতে আবাদ সম্পন্ন হয়েছে ১৮ হাজার ৯৬১ হেক্টর। শেষ পর্যন্ত আবহাওয়া অনকূলে থাকলে জেলায় তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ।

জেলায় প্রতিবছরই তরমুজের ব্যাপক আকারে আবাদ হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে বরিশাল-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোলার তরমুজ যায়। আর গত কয়েক বছর ধরে তরমুজ’র দাম ভালো পাওয়ায় অনেক কৃষকই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ সেবা। বর্তমানে মাঠে তরমুজের অবস্থাও বেশ ভালো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. হুমায়ন কবির বলেন, জেলায় তরমুজ আবাদের মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছে ১ হাজার ৭০০ হেক্টর, দৌলতখানে ২২০ হেক্টর, বোরহানউদ্দিনে দেড় হাজার হেক্টর, তজুমদ্দিনে ১৩০, লালমোহনে ৩৫০, চরফ্যাশনে ১৫ হাজার হেক্টর ও মনপুরায় ৬১ হেক্টর জমিতে তরমুজ আবাদ সপন্ন হয়েছে।

তিনি বলেন, এসব তরমুজের মধ্যে গ্লরী, এসইআই সুপার, ড্রাগন, হানি কুইন, পাকিজা, লেনফাই, সুইট এমপিআর জাত বেশি আবাদ হয়েছে। সাধারণত আমাদের বিভিন্ন চরাঞ্চলগুলোতে তরমুজের চাষ বেশি হয়।

উপজেলা সদরের মাঝের চরের তরমুজ চাষি খলিল, সাহেব আলী ও তৈয়ব আলী জানান, ডিসেম্বরের শুরু থেকেই এখানে তরমুজের চাষ শুরু হয়। গত কয়েক বছর ধরে রোজার মধ্যে তরমুজের সিজন থাকে। এতে দাম ভালো পওয়া যায়। এবারো আশা করছেন প্রথম দিকের কিছু তরমুজ রোজায় বিক্রি হবে। চাষিরা হবে লাভবান।

অপর চাষি মমিন ও রহিম উদ্দিন বলেন, তারা ৪ একর জমিতে তরমুজের চাষ করেছেন। বর্তমানে মাঠে তরমুজের অবস্থাও বেশ ভালো রয়েছে। আশা করছেন মার্চে তরমুজ বিক্রি করতে পারবেন। বড় ধরনের বিপর্যয় না হলে তারা লাভবান হবেন বলে আশা করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর জানান, জেলায় চলতি বছর তরমুজের ব্যাপক আবাদ হয়েছে। রোগ-বালাইরও তেমন আক্রমণ নেই। যদি শিলা বৃষ্টি না হয় তাহলে কৃষকরা লাভবান হবেন। বিশেষ করে প্রথম দিকে যারা তরমুজের আবাদ করেছে তারা বেশি দাম পাবে। গত কয়েক বছর ধরে ভোলায় তরমুজের চাহিদা বাড়ায় অনেক কৃষকরাই উদ্বুদ্ধ হচ্ছে তরমুজ চাষে।

তিনি জানান, এখানকার রসালো মিষ্টি তরমুজ খেতে বেশ চমৎকার। এসব তরমুজ এক-দুই কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আগামী এক মাস পর থেকেই তরমুজ বাজারে উঠতে শুরু করবে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।




বরিশালে স্বাস্থ্য সচেতনতায় গানের কনটেন্ট তৈরি করবে সিরাক

বরিশাল অফিস :: কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে বরিশালের আঞ্চলিক ভাষায় জারিগানে কনটেন্ট নির্মাণ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশ।

এ লক্ষ্যে বরিশাল নগরীর বটতলা এরিয়ার হোটেল ‘রোজ ইন’ এর মিলনায়তন কক্ষে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সাড়ে দশটায় ‘কনটেন্ট ভ্যালিডেশন’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ইউএসআইডির অর্থায়নে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় ‘নলেজ সাকসেস’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্ব পরিচালনা করেন, সিরাক বাংলাদেশের উপ-পরিচালক মো.সেলিম মিয়া। বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন সিরাক বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা।

প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনার বরিশাল বিভাগীয় পরিচালক মো. নিয়াজুর রহমান বলেন, সরকার সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এটি খুবই জরুরি একটি বিষয়। আর সচেতনতা তৈরির মাধ্যম হিসেবে বক্তব্য ও সাধারণ কথার চেয়ে আঞ্চলিক ভাষায় নির্মিত জারিগান, পথ নাটক বা পুঁথিপাঠ প্রভাবশালী মাধ্যম।

তিনি আরও বলেন, এসব কনটেন্টের মাধ্যমে সহজেই সহজ ভাষায় কৈশোর ও প্রজনন স্বাস্থ্য বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থাপন করা যাবে। সিরাক-বাংলাদেশ আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে যে প্রকল্পের উদ্যোগ নিয়েছে তা সকল অঞ্চলের কিশোর-কিশোরীদের তথ্য প্রাপ্তির মাধ্যমে সচেতনতা সৃষ্টিকে আরো ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার বরিশাল জেলা এর সহকারী পরিচালক মো. নকিবুল হাসান ও মো. সাইদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার, বরিশাল জেলা প্রশাসকের সহকারী কমিশনার দেবজামিকর, সভাপতির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উপপরিচালক মো: মিজানুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত সমাপনী বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে সব মানুষের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি এই উন্নয়ন পরিকল্পনা আরো ত্বরান্বিত করতে দেশের ৫ জেলায় (বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী) কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অডিও এবং ভিডিও কনটেন্ট তৈরিতে কাজ করছে। তবে এবার আঞ্চলিক ভাষায় (জারি, গম্ভীরা, পালা, ধামাইল, গীতিনাট্য) গানে কনটেন্ট তৈরিতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাক-বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মো. নাঈম হোসেন খান, এবং বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সিরাক-বাংলাদেশ ১৯৯১ সালে এর প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবাধিকার, বাল্যবিবাহ ও যৌন সহিংসতা রোধ, নারী, শিশু ও তরুণদের দক্ষতা বৃদ্ধি, গণতান্ত্রিক সচেতনতা, কর্মমুখী শিক্ষা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য অধিকার, নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সারাদেশে সুনামের সাথে বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

এছাড়াও জাতিসংঘের ইসিওএসওসির সাথে বিশেষ পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তরুণদের নীতি ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সিরাক বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি সংস্থা।




পটুয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল অফিস :: পটুয়াখালীতে মনোয়ারা সুফি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গত রবিবার (২৮ জানুয়ারি) থেকে মনোয়ারা সুফি ফাউন্ডেশনের পক্ষে শামীমা নাসরিন শিল্পী স্ব-শরীরে প্রতেকটি স্কুলে গিয়ে গিয়ে নিজ হাতে কোমলমতি শিশুদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মনোয়ারা সুফি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মর্তুজা রেজা হায়দার, নির্বাহী সদস্য মোঃ ইশরাত হোসেন লিটন , গ্রীণ টিভি’র জেলা প্রতিনিধি সুমন মাহমুদ এবং হাসান কম্পিউটারস্ এর স্বাধিকারী হাসান কায়েস প্রমুখ।

পটুয়াখালী সদর উপজেলার কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাউন উচ্চ বিদ্যালয়, ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোনাবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রীণগার্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদুৎ উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেহাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দুমকী উপজেলার আরো ০৫ (পাঁচ টি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ৬ টি কলম, ২ টি পেন্সিল, ৬ টি খাতা, ২ টি রাবার, ১টি পানির পট ও ১ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, এ ফাউন্ডেশন ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়ে ১ম ধাপে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং ২য় ধাপে কচিকাঁচা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।




বাউফলে বাস কাউন্টার দখলে হামলা, আহত ১

বরিশাল অফিস :: পটুয়াখালীর বাউফলে বাস কাউন্টার দখলে নিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাস কাউন্টার পরিচালক ফিরোজ খান নামে একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার নাওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আকবর খানের ছেলে ফিরোজ খান বাবুর বাজারে ঢাকা রুটের মুন ও তেঁতুলিয়া পরিবাহন নামের দুই বাসের টিকেট কাউন্টার পরিচালনা করেন। একই এলাকার মান্নান মৃধার ছেলে আবু বকর ওই কাউন্টার দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। তারা উভয়ই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে আবু বকর ৬ থেকে ৭ জনের একটি দল নিয়ে কাউন্টার দখল করতে যায়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ফিরোজকে ছুরি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন আবু বকর ও তার লোকজন। স্থানীয়রা আহত ফিরোজকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, তার পেটে ছুরির আঘাতের ক্ষত রয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে শীতে ভোগান্তি বাড়িয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরিশাল অফিস :: পটুয়াখালীতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের মধ্যে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। দুশ্চিন্তায় আছেন তরমুজ ও সবজি চাষিরাও। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে বড় ক্ষতির শঙ্কা করছেন তারা।

পটুয়াখালী পৌর শহরের ভ্যানচালক পারভেজ মিয়া বলেন, সকালে ভ্যান নিয়ে বের হয়েছিলাম। তবে ৯টার পরে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টির কারণে ভ্যান চালানো বন্ধ রাখতে হয়েছে। বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। সেই সঙ্গে তীব্র শীত অনুভূত হচ্ছে।

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, সকাল ৯টার দিকে রাস্তায় বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাজারে মানুষের যাতায়াত কম। তাই আয়ও আজ কম। অসময়ের বৃষ্টিতে ভোগান্তির শেষ থাকে না।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকালও উপকূলের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তবে শীতের তীব্রতা কিছুটা কমবে।




বরিশালের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল অফিস :: বরিশালের সঙ্গে রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ঢাকায় অবস্থানরত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাহিদ ফারুক বলেন, ‘যখন আমি এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করি, তখন তিনি আমাকে বলেন যে, আগের পরিকল্পনায় কিছু সমস্যা ও ত্রুটি শনাক্ত করা হয়েছে। বিশেষ করে এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের জন্য মাটির অবস্থা এবং সরকার এই প্রকল্প বাস্তবায়নে উপযোগী বিকল্প রুট খুঁজছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালের সঙ্গে ছয় লেন হাইওয়ে নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য দ্রুতগতিতে কাজ এগুচ্ছে। আর এটি হবে দক্ষিণবঙ্গের জনগণের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক উন্নয়ন। এই রেলওয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও ছয় লেন হাইওয়ে নির্মাণের পর উপকূলীয় পশ্চাৎপদ জনগোষ্ঠীসহ দক্ষিণাঞ্চলের শতাব্দী প্রাচীন যোগাযোগ সমস্যার সমাধান হবে।’

প্রতিমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন এবং এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির (বিবিএসএস) এর সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মামুন আবেদীন (ভারপ্রাপ্ত), সহ-সভাপতি হেমায়েত হোসেন, আসাদুজ্জামান সম্রাট, কিশোর সরকার, শেখ জামাল এবং হরলাল রায় সাগর।’




ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক

খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪- ২৫ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।

মোট নয়টি পদে একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রদিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম ও ওবায়দুর রহমান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ইলিয়ান হোসেন (দৈনিক দেশ জনপদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা) কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল (আমার সংবাদ), এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহরাব হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল) মাসুদ রানা (ঢাকা টাইমস) মো. মেহেদী হাসান
(বিডিএন ৭১)।

নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।




বরিশালে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদার সঞ্চালনায় বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা।

শুরুতে ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। বরিশাল জেলায় মোট ৯৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ২০৮০২ জন, ছাত্রী সংখ্যা ২০৫৮৮ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৩৯০ জন।




আগুনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক

বরিশাল অফিস :: বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় সোমবার( ৩০ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা সজীব জমাদ্দার নিহত হন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় অফিস কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সজিবের বাবা আবুল কালাম জমাদ্দার কে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, ইউনিয়ন চেয়ারম্যান।

সজিব ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি পার্সের দোকানে ম্যানেজার হিসেবে চাকুরি করতেন বলে জানা যায়।




ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

চন্দ্রদীপ ডেস্ক : অনলাইনে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ে মার্কিন কংগ্রেসের শুনানির সময় ক্ষতিগ্রস্ত বাবা-মায়েদের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়ে মারা যাওয়া সন্তানদের ছবি নিয়ে সিনেট ফ্লোরে এসেছিলেন বাবা-মায়েরা।

জাকারবার্গ বলেন, আপনারা যা কিছুর মধ্য দিয়ে গেছেন, এ জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবার যে ক্ষতির শিকার হয়েছে, এ রকম হওয়া উচিত নয়। আর এ কারণে আমরা এত বিনিয়োগ করি। যেন এমনটি যেন আর কারও সঙ্গে না হয়। আর এ জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। খবর দ্য গার্ডিয়ান।

বুধবার কংগ্রেসে ‘বিগ টেক অ্যান্ড দ্য অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ক্রাইসিস’ শীর্ষক শুনানিতে যে পাঁচজন নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের একজন জাকারবার্গ। এতে আরও উপস্থিত ছিলেন- এক্স-এর লিন্ডা ইয়াকারিনো, টিকটকের শো জি চিউ, স্ন্যাপের ইভান স্পিগেল এবং ডিসকর্ডের জেসন সিট্রন।

মার্কিন জনপ্রতিনিধিদের অভিযোগ, বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনলাইনে যৌন হয়রানি থেকে শিশুদের রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তারা আরও কঠোর আইন চান। একই সঙ্গে এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপ বিষয়ে নির্বাহীদের কাছ থেকে ব্যাখ্যা চান মার্কিন জনপ্রতিনিধিরা।

মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির এক বিবৃতিতে বলা হয়, অনলাইনে শিশু যৌন নিপীড়ন বা হয়রানির অভিযোগ  তদন্তের জন্য এ শুনানি ডাকা হয়েছে।