প্রথমবার সমাবর্তন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অফিস : প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। চলতি বছরেই এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য। গতকাল বেলা ১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সমাবর্তনের আমন্ত্রণ পাওয়া উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

তিনি বলেন, ‘২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছরই প্রথম সমাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী পাস করেছে তারা এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাবর্তনে আগ্রহ প্রকাশ করেছেন।

 

 




বরিশালে শিশুপার্কের জমিতে আ’লীগ নেতার অবৈধ বাজার

বরিশাল অফিস :: এ বারের সংসদ নির্বাচনের পর বরিশাল মহানগর ও সদর উপজেলায় আধিপত্য হারিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর সঙ্গে অবৈধ আয়ের ক্ষেত্রগুলোরও হাতবদল হয়েছে। সাদিক অনুসারীদের হটিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির অনুসারীরা।

এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর অনুসারীরা নগরীসংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের জন্য নির্ধারিত জমিতে অবৈধ মাছ বাজার ও স্পিডবোট ঘাট স্থাপন করেছে। সেখান থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি টাকা চাঁদা তোলা হচ্ছে। জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ দখলে নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, তালতলী বাজারে গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন ৯ একরের বেশি জমি বেদখল ছিল। কয়েক বছর আগে নদীর তীরঘেঁষা ওই জমির ওপর মাছ বাজার স্থাপন করা হয়। শেড করে সেখানে মাছের পাইকারি বেচাকেনা হয়। এটি উপজেলা পরিষদের তালিকাভুক্ত বাজার নয়। সাদিক আবদুল্লাহর সহযোগী মহানগর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বাজারটি নিয়ন্ত্রণ করতেন। দুই বছর আগে গণপূর্ত বিভাগ জমি দখলমুক্ত করলে মাছ বাজারও উচ্ছেদ হয়। এর পর টুটুল লামছড়ি গ্রামগামী পাকা সড়কের পাশে মাছ বাজার বসিয়েছিলেন।

নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সাদিক আবদুল্লাহ আধিপত্য হারালে তালতলী বাজারের ওপরও নিয়ন্ত্রণ হারান তাঁর অনুসারী টুটুল। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদের নেতৃত্বে প্রতিমন্ত্রীর অনুসারীরা এটি দখলে নিয়েছেন। নির্বাচনের কয়েক দিন আগে তারা পাশেই শেখ রাসেল শিশু পার্কের জন্য নির্ধারিত জমির প্রাচীরের মধ্যে বাজার স্থানান্তর করেন। তালতলী থেকে মেহেন্দীগঞ্জগামী অনুমোদহীন স্পিটবোটের ঘাটও স্থানান্তর করা হয় সেখানে।

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি জানান, নদীর তীর ঘেঁষে চার একর জমিতে শেখ রাসেল শিশু পার্ক করার জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সড়কের পাশে থাকা মাছ বাজারটি মাসখানেক আগে পার্কের সীমানা প্রাচীরের মধ্যে স্থানান্তর করা হয়। আগে স্পিডবোট ভেড়ানো হতো তালতলীর বাজারসংলগ্ন পাকা ঘাটে। এখন পার্কের জমিতে ঘাট স্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাজরের মাছ ব্যবসায়ী কালু সিকদার জানান, আগে টুটুলের পক্ষে তিনিসহ কয়েকজন প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতেন। মাসখানেক আগে শহিদুল ইসলাম দলবলসহ এসে বাজারের নিয়ন্ত্রণ নেন। এখন তারা নিজেরাই টাকা তুলছেন।

স্পিডবোট ব্যবসায়ী মো. আলী হোসেন জানান, পাঁচ বছর ধরে মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দর পর্যন্ত স্পিডবোট চলছে। কয়েকদিন আগে জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম তাঁকে ফোনে জানিয়েছেন, এ ঘাটের চাঁদার টাকা এখন তাঁকে দিতে হবে।

এ বিষয়ে শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে ইউনিয়নের বাইরের লোকেরা মাছ বাজার থেকে টাকা তুলত। এখন ইউনিয়ন আওয়ামী লীগ টাকা তুলছে। অবৈধ বাজারটি শেখ রাসেল শিশু পার্কের জমিতে করা ঠিক হয়েছে কিনা– জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তালতলী মাছ বাজার পরিষদের তালিকাভুক্ত নয়। বাজাটি শিশু পার্কের মধ্যে স্থাপন করা হয়েছে বলে তিনি জেনেছেন। এটিকে তালিকাভুক্ত করে অন্যত্র স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির মোবাইলে ফোন দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়গুলো জানিয়ে তার হ্যোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও তিনি সাড়া দেননি।




বরগুনার গুরুত্বপূর্ণ ব্রিজে জনদুর্ভোগ বাড়ছে

বরিশাল অফিস :: বরগুনার গুরুত্বপূর্ণ ব্রিজে প্রতিদিন জটলা, জনদুর্ভোগ বাড়ছে বরগুনার গুরুত্বপূর্ণ ব্রিজে প্রতিদিন জটলা থাকায় জনদুর্ভোগ বাড়ছে। পথচারীরা এ ব্রিজটি দিয়ে ঠিকভাবে চলাচল করতে পারছেন না। সবজি ব্যবসায়ী ও হকারদের সামনে কয়েকজন ক্রেতা দাঁড়ালেই ব্রিজটিতে পুরো জটলা বেঁধে যাওয়ার দশা হয়। বিগত সময়ে এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেও সফল হয়নি। ঘুরে-ফিরে সেই আগের অবস্থায় ফিরেছে ব্রিজের পরিস্থিতি।

সম্প্রতি বরগুনা শহরের মাছ বাজার- লাকুরতলার পথচারীদের পারাপারের জন্য ব্যবহৃত ‘ডিসি ব্রিজ’ ঘুরে দেখা যায়, ব্রিজটির দু’পাশে অবৈধভাবে দখল করে বসেছে অনেকগুলো হকার দোকান ও কাঁচা বাজারের সবজি ব্যবসায়ীরা। সেখানে ওজন মাপার যন্ত্র, নামাজ পড়ার টুপি, আতর, তসবি থেকে শুরু করে মোজা-গেঞ্জি, শার্ট, ব্রাশ, এমনকি শাক- সবজি, ডিম, খেজুর, খেজুরের গুড়সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসেছেন হকাররা। এসব দোকানের কারণে পথচারীরা ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, সহজে হাঁটতেই পারছেন না।

এই ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াত করা স্থানীয় বাসিন্দারা বলেন, একদম সকাল ও দুপুরে ব্রিজটি দিয়ে একটু হাঁটা যায়। কিন্তু বিকেল, সন্ধ্যা ও রাতে ভ্রাম্যমাণ দোকান ও হকারের ভিড়ের জন্য এখান দিয়ে একদমই হাঁটা যায় না। একটি মহল এখানে দোকান বসিয়ে হকারদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে এবং অবৈধ এ ব্যবসা পরিচালনা করছে।

এ বিষয়ে স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বলেন, এতো পুরোনো গল্প! আমরা বহুবার এ বিষয়ে নিউজ করেছি। ডিসি ব্রিজটি অনেক সুন্দর, অথচ কতো নোংরা বানিয়ে রাখা হচ্ছে এর দু’পাশে। সবজি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও তারা এখানে এসে বসবেই! আমি মনে করি যে বরগুনা শহরে চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে ব্রিজটির দু’পাশ থেকে হকার, সবজি ব্যবসায়ী ও রিক্সাস্ট্যান্ড সরাতে ব্যবস্থা নেওয়া উচিত কর্তৃপক্ষের।

পুলিশ ইন্সপেক্টর (ট্রাফিক বিভাগ) মো. মিজানুর রহমান বলেন, আমরা প্রতিদিনই ওদেরকে ধাওয়া দেই, তবুও তারা এখানে এসে বসে। আজকে আবারও ব্যবস্থা নিব। আমরা সব সময় বরগুনা শহরকে সুন্দর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।

বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, বরগুনা মাছ বাজার সংলগ্ন লাকুরতলা ডিসি ব্রিজটি ঠিকভাবে চলমান রাখতে প্রশাসনকে বারবার বলা হচ্ছে। তারাই ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পৌরসভা থেকে লোক দেওয়া আছে পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে। আমরা সবাই মিলে এই ব্রিজে চলাচলের সঠিক পরিবেশ ফিরিয়ে আনব ইনশাল্লাহ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, আমি বরগুনায় জয়েন করার পরেই এই জায়গাটিতে কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছি। তবুও তারা কথা শুনছে না। এখন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের পিছনে যদি কোনো কুচক্রী মহল কাজ করে থাকে, তাহলে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ওই যাতায়াতের পথটির সঠিক পরিবেশ ফিরিয়ে আনব।




বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের মৃত্যু: চিকিৎসক কারাগারে

বরিশাল অফিস :: বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় করা জোড়া খুনের মামলার প্রধান আসামি চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছেন।

রোববার বামনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাসেল মজুমদার ওই চিকিৎসকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম জানান।

এর আগে বামনা উপজেলার ডৌয়াতলার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড হাসপাতালের চিকিৎসক সবুজ কুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ার তন্দুল সীমান্ত এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে শনিবার রাতে বরগুনায় আনে।

ভারতে পালানোর সময় ওই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি, মামলার তদন্তকারী কর্মকর্তার।

মামলার নথির বরাতে ওসি বশির আলম জানান, গত ১৫ জানুয়ারি বামনা উপজেলার ডৌয়াতলার সুন্দরবন ক্লিনিক অ্যান্ড হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসায় প্রসূতি মোসা. মেঘলা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর থেকেই ওই ক্লিনিকের চিকিৎসক সবুজ কুমার দাসসহ অন্যরা আত্মগোপনে চলে যান।

ঘটনার একদিন পর প্রসূতি মেঘলার বাবা ছগির হাওলাদার আটজনের বিরুদ্ধে বামনা থানায় জোড়া খুনের মামলা করেন। পরে আদালতের মাধ্যমে গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্তভার নেয়।




‘ভাইরাল ম্যানিয়া’ ৫ লাখ টাকার বাইকে আগুন, আয় মাত্র ২০০ ডলার

চন্দ্রদীপ ডেস্ক: রাজধানীর বাড্ডায় আফতাব নগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘অন্যায়ভাবে মামলা দিয়েছে’ অভিযোগ তুলে নিজের ৫ লাখ টাকার বাইক আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ নামে এক তরুণ। এ ঘটনা ভিডিও ধারণ করে তিনি সামাজিকমাধ্যমে পোস্টও দেন।

সেখান থেকে আয় করেন মাত্র ২০০ ডলার।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ফেসবুকসহ সামাজিকমাধ্যমে ‘ভাইরাল হিরো’ হতে রাসেল এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন।

ডিবি দাবি করেছে, রাসেলের বিরুদ্ধে মামলা করার কোনো ঘটনা ঘটেনি। বরং তার এক বন্ধু ট্রাফিক আইন ভাঙায় তাকে মামলা করা হয়। রাসেল সেই মামলার স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের বাইকে আগুন দেন। সেটি ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করে আয় করেন মাত্র ২০০ ডলার।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বর্তমানে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বাইকারের ভিডিও দেখতে পাই। তাদের মধ্যে ছেলে-মেয়ে উভয়ই মূলত ইউটিউবার। তারা একটা গ্রুপ নিয়ে নিয়মিত দ্রুত গতিতে বাইক চালায়। এমনই একজন রাসেল নিজেকে জুনিয়র টাইগার পরিচয় দিতেন। সম্প্রতি রাসেল তার পাঁচ লাখ টাকা দামের একটি মোটরসাইকেলে আগুন দেন।

পরবর্তীতে আমরা তার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি ভিডিওতে যে মামলার তথ্য দিয়েছে আসলে এমন কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। ফুয়াদ নামে তার এক বন্ধুর মামলার কপি দেখান তিনি। বিপদজনকভাবে মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য করা এবং অবৈধ উচ্চ শব্দের যন্ত্র সংযোজনের দায়ে ফুয়াদকে মামলা দেওয়া হয়েছিল।

প্রধান বলেন, মানিকগঞ্জের দৌলতপুর এলাকার প্রবাসী বাবা-মায়ের সন্তান রাসেল মিয়া। যিনি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দিত। এই নামে তিনি ফেসবুক ও ইউটিউবে অন্যের বানানো নানা ধরনের কনটেন্ট পোস্ট করত যার অধিকাংশই অর্থহীন, অশালীন ও দেশের আইন বিরোধী।

রাসেলকে ‘বখে যাওয়া তরুণ’ মন্তব্য করে হারুন আরও বলেন, তিনি ২০২০ সালে এইচএসসি পাশ করার পরে আর পড়াশোনা করেনি। মাঝে কিছু সময় ইন্ডিয়ায় মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে নিজেকে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দিত। সে মোটরসাইকেল স্পিডিং স্টান্ডিংসহ বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ত। এতে তার সামান্য আয় হতো। আয় বাড়াতে বাইকে আগুন দেওয়ার কাজটি করে রাসেল।

রাসেলকে গ্রেপ্তারের পর জানা যায় তারা বাবা-মা বিদেশে থাকে। রাসেল প্রতিদিন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড, মাওয়া আফতাব নগর এলাকায় বিকট শব্দের বাইক রেইস, হাই স্পিডিং, বাইক স্ট্যান্ট চালিয়ে আসছিল। তার আর কিছু ভিডিও মিলিয়ন ভিউ হলে সে জুয়ার সাইট প্রমোট করতে পারত। যদিও ইতোমধ্যে নিয়মিত জুয়ার সাইট প্রমোট করত রাসেল।




পটুয়াখালীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বরিশাল অফিস :: পটুয়াখালীর দশমিনায় ৩য় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভাল গ্রামে শিশুটির বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ভিটা থেকে শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাত ও গলায় ওড়না প্যাঁচানোর চিহ্ন ছিল।

নিহত মরিয়ম রামভাল্লব গ্রামের মো. মকবুল মৃধার মেয়ে। সে রামভল্লব অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত মরিয়মের মা রিনা বেগম বলেন, ‘দুই বছর ধরে রাজ্জাক মৃধা, হারুন মৃধা, বারেক মৃধা, আবুল মৃধা, শাহজাহান মৃধা ও জাকির মৃধার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে আমাদের। সন্ধ্যার সময় হারুন মৃধা, আবুল মৃধা, শাহজাহান মৃধা ও জাকির মৃধার ছেলেদের আমার ঘরের সামনে ঘুরতে দেখি। জমিজমার বিরোধের কারণে ওরাই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

নিহত মরিয়মের বাবা মকবুল মৃধা বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের কারণে রাজ্জাক, হারুন, বারেক, আবুল, শাহজাহান ও জাকির বহুবার আমাকে মারধর করেছে। কয়েকদিন আগে মেরে ফেলার হুমকি দেয়। ওরাই আমার মেয়েকে ভিটায় এনে হত্যা করেছে।

এ বিষয়ে বেতাগি সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, ‘এটা একটি নৃশংস হত্যাকাণ্ড। সত্য উদ্ঘাটনে তদন্ত করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।

এ বিষয়ে দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, এটা একটি হত্যাকাণ্ড প্রাথমিকভাবে শিশু মরিয়মের মাথায় কোপ ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন দেখা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।




ব‌রিশা‌লে চার কে‌জি গাঁজাসহ আটক ২

বরিশাল অফিস :: বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বরগুনার বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের লিটন মুসল্লী (৩৫) এবং একই ইউনিয়নের বাইন সমের্থ গ্রামের মো. রাকিব (১৯)।

আজ রবিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী বাস টার্মিনালের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। আটক দুইজনকে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 




ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর মামাকে মারধর, বখাটে গ্রেপ্তার

বরিশাল অফিস :: অস্টম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় বখাটে ও তার সহযোগিরা হামলা চালিয়ে স্কুল ছাত্রীর মামাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর রবিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বখাটে কাজল খলিফাকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার কালনা গ্রামের। উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন কালনা গ্রামের জাকারিয়া খন্দকার অভিযোগ করে বলেন, তার অস্টম শ্রেনীতে পড়ুয়াভাগ্নিকে দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের উত্যক্তসহ যৌণ হয়রানী করে আসছিলো একই গ্রামের বখাটে কাজল খলিফা। শনিবার সন্ধ্যায় তিনি (জাকারিয়া) কাজল খলিফার কাছে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে বখাটে কাজল ও তার সহযোগিরা হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।

জাকারিয়া খন্দকার আরও জানান, পুরো ঘটনা উল্লেখ করে ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে থানার এএসআই আল-আমিন অভিযান চালিয়ে বখাটে কাজল খলিফাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর বখাটেকে ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল নানা তদবির শুরু করেছে বলেও জাকারিয়া অভিযোগ করেন।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আল-আমিন।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস তালা দিল ছাত্রলীগ

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবি নিয়ে প্রক্টর অফিসে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। রবিবার দুপুর দেড়টার দিকে তালা দেন তারা।

ছাত্রলীগের একাংশের দাবি, মিথ্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে তাদের। তাদের এক কর্মীকে আজকে জামিন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। প্রশাসনের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।

এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইয়ুম বলেন, আজকে তামজিদ হাসান মঞ্জুকে জামিন দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে জামিন না দেওয়ায় তারা প্রক্টর অফিসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন।

তামজিদ হাসান মঞ্জু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে ছাত্রলীগের একাংশের নেতা মাহমুদুল হাসান তমাল বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। কিন্তু প্রক্টর এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই দাবিতে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি পূরণ নাহলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। প্রশাসন তাদের পেছন থেকে মদদ দিচ্ছে। আমরা প্রক্টরের পদত্যাগে প্রয়োজনে আরও বড় কর্মসূচি পালন করব।




গভীর রাতে ধান কাটার মেশিনে আগুন দিল দুর্বৃত্তরা

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার পুড়িয়ে দিয়েছে। উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামে গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে দশ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হারভেস্টারের মালিক ফাতেমা খাতুনের।

এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা তাদের। হারভেস্টারের মালিক ফাতেমা জানান, ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা তার আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। মেটাল এগ্রিটেক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক নাসির উদ্দিন বলেন, গ্রাহক যাতে ক্ষতিপূরণ পান সে ব্যাপারে সহযোগিতার চেষ্টা করা হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।